

একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, জৈবিক, মনস্তাত্ত্বিক ইত্যাদি বিষয়ের গতিবিধি সহজেই বোঝা সম্ভব দলবদ্ধ চিত্রশিল্প বা দৃশ্যশিল্প প্রদর্শনী পাঠ ও উপভোগের মাধ্যমে। সম্প্রতি সাদিয়া রহমানের উদ্যোগে ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিনক্ট’-এ পাঁচ তরুণ শিল্পীর শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে ‘ওনলি কানেক্ট-এডিশন ওয়ান’ শিরোনামের দলবদ্ধ প্রদর্শনী। এই দলে রয়েছে একজন আলোকচিত্রী, এক ভাস্কর ও তিন চিত্রশিল্পীর শিল্পকর্ম।
আলোকচিত্রী আরফুন আহমেদ তাঁর কাজে তুলে ধরেছেন উত্তর-পূর্ব নেপালে ইন্দ্রবতী নদী এবং তাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবী এক ক্ষুদ্র জনগোষ্ঠীর নিত্যদিনের জীবনাচার; সঙ্গে তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতাও। ইন্দ্রবতী নদী ঘিরে পাথরভাঙাশিল্প গড়ে ওঠায় নদীতে বসবাসকারী প্রাণী ও তাদের সঙ্গে সম্পৃক্ত মানুষের জীবন এখন বিপন্ন। আরফুনের কাজের মধ্যে আছে তার প্রতিচ্ছবি।
ইমরান সোহেলের বেড়ে ওঠা শহরেই। তাঁর শিল্পকর্মে পাওয়া যায় শহুরে জীবনের স্পর্শ। শিল্পী হিসেবে তিনি বেশ নিরীক্ষাপ্রবণ। ‘আনটাইটেলড-৭’ ও ‘আনটাইটেলড-৮’ শিরোনামে ছবি দুটির সারফেসের বস্তু হিসেবে সোহেল ব্যবহার করেছেন সিমেন্টের ব্যাগ। তাঁর ছবিতে খুব মিনিমাল রং ও জ্যামিতিক রেখার মাপজোকে সিঁড়ি দেয়াল বা যেসব চতুর্ভুজ ফর্মের দেখা মেলে, তার পরতে পরতে রয়েছে শিল্পীর নতুন ভাবনার পরিচয়।
চাল পুড়িয়ে গুঁড়া করে তার সঙ্গে রং, চারকোল ইত্যাদি ব্যবহারের মাধ্যমে বিশাল বলিষ্ঠ গাছ ও শাখা-প্রশাখার স্বাধীনভাবে বেড়ে ওঠার ছবি এঁকেছেন মানিক বণিক। গাছের বলিষ্ঠতা ও শাখা-প্রশাখার স্বাধীনভাবে বেড়ে ওঠার ভেতরে তিনি দেখতে পান জীবনবোধ। মানিকের ড্রয়িংয়ের বলিষ্ঠতা ও স্বাধীনতা লক্ষ করার মতো।
নিজের ভাস্কর্যগুলোতে শহুরে জীবনের যান্ত্রিকতার নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেছেন সৈয়দ তারেক রহমান। ভাস্কর্য তৈরিতে তিনি ব্যবহার করেছেন লোহার তার, তামা, রেজিন প্রভৃতি। তাঁর ‘আরবান হুইল ৪’-এ দেখা যায়, ঠেলাগাড়ির তিন চাকার মতো একটি গাড়ির কঙ্কাল ফর্মের ওপরে যেন একটি ল্যাম্পপোস্ট বা পিলারের ওপর কিছু মানুষ যেন নানা ভঙ্গিতে বসে আছে। লোহার তারগুলোর গতিবিধি ঘুরিয়ে-পেঁচিয়ে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ফলে প্রথম দেখায় মনে হতে পারে, এটি কোনো ডুডল ড্রয়িং।
পারভেজ হাসানের কাজে আছে মানুষের অন্তর্হিত শক্তি আর সম্ভাবনার কথা। বিশাল ক্যানভাসে পারভেজ নানা ভঙ্গিতে এঁকেছেন মানুষের ছবি। তাঁর ছবিতে একাডেমিক দক্ষতা ও ইউরোপীয় ধ্রুপদি চিত্রকলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ আলোর বিন্যাস লক্ষণীয়।
সব মিলিয়ে এই পাঁচ শিল্পীর শিল্পকর্মে দেখা মেলে শিল্পীদের নাগরিক জীবনের দৈনন্দিন অভিজ্ঞতা ও নিরীক্ষা; একই সঙ্গে তাঁদের সৃজনশীলতার আঁচও পাওয়া যায় এসব কাজে। এ প্রদর্শনীর একটি উদ্দেশ্য আছে—নবীন শিল্পীদের কাজকে সবার সামনে তুলে ধরা। প্রদর্শনী চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।