নাগিসা ওশিমার প্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, নাগিসা ওশিমা সম্ভবত তাঁদের শেষ প্রতিনিধি। ইয়াসুজিরো ওজু, কেনজি মিজোগুচি আর আকিরা কুরোসাওয়ার পরবর্তী প্রজন্মের এই পরিচালক শোহেই ইমামুরার সমসাময়িক এবং ফরাসি চলচ্চিত্রের নবতরঙ্গের ধারায় প্রভাবিত। ওশিমা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, সৃজনশীল উৎকর্ষে বিকশিত হয়ে ওঠার মধ্য দিয়ে দর্শকদের মনে গভীর রেখাপাত করাই কেবল ছায়াছবির একমাত্র উদ্দেশ্য নয়। সমাজের প্রচলিত ধারণার সীমাবদ্ধতা সম্পর্কে ভাবিয়ে তোলাও চলচ্চিত্রের দায়িত্ব। ফলে ওশিমাকে নিরীক্ষাধর্মী এমন অনেক ছবি তৈরিতে নিয়োজিত হয়েছেন, যা অনেক বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে।দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১৫ জানুয়ারি অন্তিমযাত্রার পথে পা রাখলেন নাগিসা ওশিমা। ১৯৯৯ সালে তিনি শেষ ছবি পরিচালনা করেছেন। এর পর কয়েক দফা মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার পর বাকি সময় প্রায় স্থায়ীভাবেই তাঁকে শয্যাশায়ী থাকতে হয়। ফলে চলচ্চিত্রের সঙ্গে কার্যত বিশ শতকেই তাঁর সম্পর্কের সমাপ্তি।নাগিসা ওশিমার জন্ম ১৯৩২ সালে এক সামুরাই পরিবারে। পিতা একটি মৎস্য গবেষণাকেন্দ্রে কাজ করতেন। ওশিমার ছয় বছর বয়সে পিতার মৃত্যু হলে সংসারের হাল ধরতে মা কিওতো শহরে গিয়ে কাজ করতে শুরু করেন। তখন থেকে কিওতোই হয়ে ওঠে ওশিমার নিবাস। অনেক বছর পর ১৯৯১ সালে কিওতো শহর ও মায়ের প্রতি গভীর শ্রদ্ধা তুলে ধরার প্রয়াস হিসেবে তিনি তৈরি করেছিলেন প্রামাণ্য ছবি কিওতো—আমার মায়ের শহর।আকিরা কুরোসাওয়ার ১৯৪৬ সালের ছবি যৌবনের জন্য কোনো অনুতাপ আমাদের নেই দেখার পর অনুপ্রাণিত হয়ে কিওতো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওশিমা। ধারণা করা হচ্ছিল, কুরোসাওয়া তাঁর যুদ্ধ-পরবর্তী প্রথম ছবিটি তৈরি করেছিলেন কিওতো বিশ্ববিদ্যালয়ের আইনের সাহসী অধ্যাপক ইয়ুকিতোকি তাকিকাওয়াকে নিয়ে। কিওতো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অধ্যাপক তাকিকাওয়া ওশিমার জীবনকে কতটা প্রভাবিত করেছিল, তা স্পষ্ট নয়। তবে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রেরণা তিনি হয়তো অধ্যাপক তাকিকাওয়ার কাছেই পেয়ে থাকবেন।আইন নিয়ে পড়লেও প্রথম যে চাকরি ওশিমা শুরু করেছিলেন, তা ছিল ছায়াছবি নির্মাণের সঙ্গে সম্পর্কিত। ছায়াছবিকে তিনি নিজের ভাবনাচিন্তা বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে যাওয়ার সবচেয়ে জুতসই মাধ্যম হিসেবে দেখতে শুরু করেছিলেন। ১৯৫৪ সালে শোচিকু স্টুডিওতে সহকারী পরিচালক হিসেবে তিনি কাজ শুরু করেন। ১৯৫৯ সালে শোচিকু তাঁকে প্রথমবারের মতো ছবি পরিচালনার দায়িত্ব দেন। তাঁর প্রথম দুটি ছবি ছিল স্টুডিও প্রযোজনার নিয়মে আবদ্ধ।তৃতীয় ছবি জাপানের রাত্রি ও কুয়াশায় প্রথমবারের মতো বলিষ্ঠ রাজনৈতিক বক্তব্য নিয়ে হাজির হন ওশিমা। সেটা ছিল ১৯৬০ সাল। মার্কিনবিরোধী আন্দোলনের জ্বরে জাপান তখন কম্পমান। সে বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির মেয়াদ বাড়ানো হলে তার প্রতিবাদে জাপানের ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিল। এ ছবিতে ওশিমা জাপানের বাম রাজনীতির বিভ্রান্তি এবং বিপ্লবী চেতনার প্রতি জাপানের কমিউনিস্ট পার্টির বিশ্বাসঘাতকতার দিকগুলো তুলে ধরেন। তবে মুক্তি পাওয়ার মাত্র তিন দিন পর শোচিকু স্টুডিও হল থেকে সেটা তুলে নিলে পরিচালক ওশিমা স্টুডিওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। অবশেষে চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন পরিচালক হিসেবে আবির্ভূত হন। তিনি আর কখনো স্টুডিওর শরণাপন্ন হননি।১৯৬০-এর দশক ওশিমার জীবনের সবচেয়ে ফলপ্রসূ সময়। ১৯৬১ সালে মুক্তি পায় তাঁর প্রযোজিত প্রথম ছবি শিকার। শিকার ছবিতে প্রথমবারের মতো ফুটে ওঠে পরিচালক হিসেবে তাঁর স্বকীয়তা। এ ছবিতে তিনি তুলে ধরেছেন ছোট এক প্রান্তিক গ্রামে আটকা পড়ে যাওয়া কৃষ্ণাঙ্গ এক মার্কিন যুদ্ধবন্দীকে নিয়ে মানুষের পাশবিকতার কাহিনি।ওশিমার অনেক ছবির পেছনেই আছে বাস্তব কোনো ঘটনা। এভাবে ১৯৬৬ সালে তৈরি মধ্য দুপুরের সহিংসতায় আছে উপর্যুপরি ধর্ষণ করে যাওয়া এক পুরুষ ও তাঁকে আশ্রয় দেওয়া দুই রমণীর ত্রিভুজ প্রেম; ১৯৬৮ সালের তৈরি ফাঁসিতে মৃত্যু হচ্ছে ধর্ষণ ও খুনের অভিযোগে কোরীয় বংশোদ্ভূত এক জাপানির প্রহসনমূলক বিচার এবং ১৯৬৯ সালে তৈরি বালক-এর পেছনেও আছে তেমন এক ঘটনা।সত্তরের দশকে এসে ওশিমার তাঁর ছবিতে খোলামেলা যৌনতা তুলে ধরতে শুরু করেন। ১৯৭৬ সালে তৈরি চেতনার রাজত্ব সেই ধারার সবচেয়ে সাড়া জাগানো ছবি। ওশিমা এ ছবিতে যৌনতার সঙ্গে মৃত্যুর যোগ তুলে ধরতে চেয়েছেন। ওশিমাকে অবশ্য অশ্লীলতার অভিযোগে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। ওশিমা আদালতে বলেছিলেন, ‘যা খোলামেলাভাবে দেখানো হয় তার কিছুই অশ্লীল নয়। অশ্লীল হচ্ছে তা-ই, যা কিনা লুকিয়ে রাখা হচ্ছে।’ শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া হয়।১৯৭৮ সালে আবেগের রাজত্ব ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবে ওশিমাকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার দেওয়া হয়। এর কয়েক বছর পর ১৯৮৩ সালে তিনি পরিচালনা করেন বিদেশে তাঁর সবচেয়ে নন্দিত ইংরেজি ছবি মেরি ক্রিসমাস মিস্টার লরেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে জাপানি বন্দিশিবিরে আটক ব্রিটিশ সেনাদের প্রতি জাপানি সেনাদের আচরণ এবং যুদ্ধোত্তর জাপানে ভাগ্যের পরিবর্তন এ ছবির মূল কাহিনি। এর পর ওশিমা আরও কিছু ছবি তৈরি করলেও তেমন সাড়া জাগাতে পারেননি।মাঝে ওশিমা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে মেতেছিলেন। জাপানি চলচ্চিত্রের শতবর্ষের ইতিহাস নিয়ে ১৯৯৫ সালে তৈরি ছবিটি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। এই বছরই তিনি মস্তিষ্কের রক্তক্ষরণে ভুগে প্রায় চার বছরের জন্য শয্যাশায়ী হয়ে পড়েন। সুস্থ হয়ে ১৯৯৯ সালে শেষবারের মতো ছবি তৈরির কাজে ফিরে এসে তৈরি করেন নিষিদ্ধ। সেটিই ছিল তাঁর জীবনের শেষ ছবি। এরপর আবার মস্তিষ্কে রক্তক্ষরণের পর শয্যাশায়ী হন। সে অবস্থা থেকেই এ বছরের ১৫ জানুয়ারিতে চিরবিদায় নেন জাপানের দুঃসাহসী এই চিত্রপরিচালক।ওশিমা ঘটনাচক্রে ১৯৭২ সালে বাংলাদেশে এসেছিলেন। জাপানের একটি টেলিভিশন চ্যানেলের হয়ে বানিয়েছিলেন সদ্যস্বাধীন এই দেশ নিয়ে জয় বাংলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা শেখ মুজিব ছবি দুটি। সেটিই সম্ভবত বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বের খ্যাতিমান কোনো চিত্রপরিচালকের তৈরি করা একমাত্র ছবি। সেদিক থেকে ওশিমা ছিলেন বাংলাদেশেরও খুব কাছের একজন মানুষ।