কাজী নজরুল ইসলামের নাটকে জীবনের হুবহু অনুকরণ ঘটেনি, তা হয়েছে জীবনের ব্যাখ্যা। এই ব্যাখ্যা কাব্যের অনুপম ব্যঞ্জনায় সমৃদ্ধ হয়ে জীবনকেই তুলে ধরেছে। নজরুল বাংলা নাট্যরচনার ধারায় হাজার বছরের বাংলানাট্যের সংগীতময়তাকে আধুনিককালের প্রেক্ষাপটে দাঁড় করাতে পেরেছেন। কারণ নজরুলের নাটকের ভাষা কাব্যগন্ধী এবং গীতায়ন গীত ও কাব্যের বঙ্গীয় রূপটি নজরুল সর্বশেষে স্পর্শ করতে চেয়েছেন বলে হয়তো তাঁর ভেতরের গীত সুধারসের ধারায় তা প্লাবিত হয়ে গেছে। সুরের এই প্লাবন হয়তো অনেকের কাছেই তাঁকে সার্থক নাট্যকার হিসেবে চিহ্নিত হতে দেয়নি। সে ত্রুটি কবির নয়, তা ঔপনিবেশিক শিল্পভাবনাপুষ্ট সমালোচকদের। কারণ তাঁরা যে বাংলাদেশের হাজার বছরের গেয়মূলক পরিবেশনার খোঁজ রাখতে চান না।কাজী নজরুল ইসলাম জীবনের শুরুতে জীবিকার তাগিদে যোগ দিয়েছিলেন গ্রাম্য লেটো গানের দলে। লেটো গানের মধ্যে পাচনা পালা এবং লোকজীবনের সঙ্গে অঙ্গীকৃত সব ভাবনার মহৎ প্রকাশ ঘটে। ফলে বালক নজরুলের মধ্যে সেই যে বাংলাদেশের প্রাণের সুরধারা প্রতিষ্ঠা পেল তা সারাটা জীবন তাঁকে তাড়িয়ে নিয়েছে নতুন নতুন সৃষ্টিশীলতায়। লেটো গানে পালা রচনার মধ্য দিয়ে নজরুলের নাট্য-প্রতিভার যাত্রা ঘটেছে বলেই সুর ও কাব্য তাঁর পরিণত জীবনে লেখা নাট্য থেকে বিসর্জিত হয়নি। এই ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথের সাক্ষাৎ উত্তরসূরি তাঁকে বলতে পারি এ জন্য যে রবীন্দ্রনাথের মতোই সুর ও কাব্যময়তাকে বাঙালির শিল্পভাবনার উেসর কাছে ফিরিয়ে দিয়েছেন নজরুল। বালক কবির হাতে রচিত লেটো গানের পালার আধুনিক রূপায়ণ ঘটেছে আলেয়া, ঝিলিমিলি, শিল্পী, সেতুবন্ধ, মধুমালা প্রভৃতি নাটকে।কবি-জীবনের শুরুতে নজরুল দর্শকপ্রিয়তাকে মূল বিবেচনায় রেখে রচনা করেছিলেন দাতা কর্ণ, শকুনি বধ, চাষার সং, মেঘনাদবধ, কবি কালিদাস, আকবর বাদশা প্রভৃতি নাট্যপালা। পালাগানগুলো তিনি আসরে সুর, সংলাপ ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতেন। জীবনের নানা বাঁকে কত যন্ত্রণা সয়েছেন, কত মানুষই তাঁকে ছেড়ে গেছে, কিন্তু সুর তাঁকে ছাড়েনি। তা আরও পরিণত হয়ে উঠেছে। নতুন নতুন নিরীক্ষার মধ্য দিয়ে কবি তাঁর নাট্যভাবনাকে পরিণতির দিকে নিয়ে গেছেন। এর একটি উদাহরণ ১৯২৮ সালে গ্রামোফোন কোম্পানির জন্য একাঙ্কিকা ও রেকর্ড-নাট্য রচনার প্রচেষ্টা। একেবারেই বৈষয়িক প্রয়োজনে কবি নাটিকাগুলো রচনা করেছিলেন, তাতে সুরের মধ্য দিয়ে শ্রোতার সামনে বহু চিত্রকল্পের সমাহার ঘটেছে। এভাবে তাঁর গাননির্ভর নাট্যও সেই বালক নজরুলের ঐতিহ্যমনস্ক কবির বিচিত্র ভুবনের মধ্য দিয়েই বেড়ে উঠতে থাকে। কবির এ পর্যায়ের রচনাগুলো অপ্রধান হলেও উল্লেখের দাবি রাখে। আজ পর্যন্ত প্রাপ্ত একাঙ্কিকা ও রেকর্ড-নাট্যের মধ্যে রয়েছে ছিনিমিনি খেলা, খুকী ও কাঠবেড়ালী, জুজুবুড়ির ভয়, পুতুলের বিয়ে, শ্রীমন্ত, আল্লার রহম, কবির লড়াই, কলির কেষ্ট, কানামাছি ভোঁ ভোঁ, বনের বেদে। সময়টি নজরুলের নাট্যরচনার প্রক্রিয়াকাল।নজরুলের নাট্যরচনার পরিণতি ও সমৃদ্ধি ঘটেছে নাট্যমঞ্চের সঙ্গে কবির সরাসরি সম্পর্কের মধ্য দিয়ে। তিনি এ সময় উপলব্ধি করেছেন, মঞ্চ ছাড়া নাটকের প্রায়োগিক শৈলী কখনোই শরীরী হয়ে ওঠে না। এভাবে তাঁর নাটক বাংলা নাট্যের হাজার বছরের রূপটি অঙ্গীকরণপূর্বক আধুনিক ও পূর্ণাঙ্গ হয়ে উঠেছে। সংস্কৃত নাট্যের দৃশ্যকাব্য কথাটি হয়তো নজরুলের বিবেচনাকে ঋদ্ধ করেছিল। তিনি মঞ্চায়নের বিষয়টিকে শুধু বড় করে দেখেননি, নাটকের পাঠযোগ্যতাকেও বিবেচনায় রেখেছেন। দেখা ও শোনার এই অদ্বৈত রূপটি গড়ে উঠেছে বাংলা নাটকের হাজার বছরের সংগীতময়তাকে কেন্দ্রে রেখে। এখানেই নজরুলের স্বাতন্ত্র্য এবং শিল্পসিদ্ধি। বাংলা নাট্যের বিকাশ ও বিবর্তনে নাট্যকার হিসেবে নজরুলের অবস্থানকে চিহ্নিত করতে গেলে এই শিল্পবোধের পুনঃপাঠ প্রয়োজন।কাজী নজরুল ইসলাম যে সময়ে নাটক রচনায় হাত দিয়েছেন তাঁর অব্যবহিত পূর্বকালেই রবীন্দ্রনাট্যের জয়যাত্রা শুরু হয়েছে। ইউরোপীয় শিল্পরীতির আলোয় পরিস্নাত দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য-প্রতিভার স্ফুরণ ঘটেছে। ইউরোপমনস্ক সমালোচকেরা যেমন করে রবীন্দ্রনাট্যের রূপক-সংকেত বিশ্লেষণ করেন, সেই দৃষ্টিভঙ্গির ধোঁয়ায় নজরুলের নাটকের স্বতন্ত্র রীতিটি হারিয়ে যেতে বসেছে। অথচ রবীন্দ্রনাথ কিংবা নজরুল ইউরোপীয় রূপক-সাংকেতিকতার আদলে কোনো নাটক রচনা করেননি। রূপক কিংবা সাংকেতিকতা তাঁদের নাটকের মূল অবলম্বন নয়, মূল শিল্পভাবনার বিচ্ছুরণ মাত্র। রবীন্দ্রনাথ কিংবা নজরুলের নাটক বিচারের ক্ষেত্রে আমরা বরং একেবারেই প্রাচ্য ঘরানার শিল্পতত্ত্বের উত্থান লক্ষ করি। রূপক-সাংকেতিকতার ভাবনাটি ইউরোপীয় শিল্পতত্ত্ব থেকে আলাদা হয়ে আমাদের শিল্পভাবনার সঙ্গে অঙ্গীকৃত হয়েছে। নজরুলের আলেয়া সেকালে অত্যন্ত জনপ্রিয় ছিল। গ্রামীণ জনপদের বিরান প্রান্তরে, বিলের ধারে হঠাৎ জ্বলেই আবার হারিয়ে আলেয়া। মানুষের মনেও হঠাৎ প্রেমের শিখা জ্বলে ওঠে এবং তা অনির্দেশ্য কোনো বেলাভূমিতে আবার হারিয়ে যায়। এসব বিবেচনায় এটিকে প্রতীকী নাটক হিসেবে গণ্য করা হয়। এই মতটির সঙ্গে আমাদের খুব বেশি বিরোধিতা নেই। কিন্তু গীতিপ্রাবল্যের কারণে এই নাটককে গীতিনাট্য নামে অভিহিত করলেই আমাদের মধ্যে শিল্পবিচারের মাপকাঠি নিয়ে মতদ্বৈধ তৈরি হয়। গীতের আধিক্য গীতিনাট্য হলে বাংলাদেশের হাজার বছরের আসরে পরিবেশনামূলক গেয় কাব্যের অভিনয়রূপটি মিছে হয়ে যায়। কারণ হাজার বছরের বাংলানাট্যের প্রাণটি লুকিয়ে রয়েছে গীতের শরীরে। তাই গীতিনাটক নয় তা বাঙালির হাজার বছরের নাট্যরীতি। এই বিচারে নজরুলের আলেয়া গীতিনাটক নয়, পরিপূর্ণ নাটক। গীত তার অবলম্বন, যেমন শরীরকে অবলম্বন করে থাকে আত্মা। নাটকের গঠনকাঠামোর মধ্যেই আলেয়া নাটকের সংগীত প্রোথিত বলে তা নাট্যের বৈশিষ্ট্যে উজ্জ্বল।আলেয়া নাটক প্রেমের আখ্যানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই নাটকের নায়িকা জয়ন্তীর প্রেম ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা শেষ পর্যন্ত নাট্যঘটনায় ট্র্যাজিক আবর্ত তৈরি করেছে। জয়ন্তী, মীনকেতু এবং উগ্রাদিত্যের ত্রিভুজ প্রণয়কাহিনি নাটকের আখ্যানকে পরিণামমুখী করেছে। কিন্তু জয়ন্তী আসলে কাকে ভালোবাসে তা নিরূপিত নয়। এ যেন রবীন্দ্রনাথের মায়ার খেলা নাটকের প্রতিচ্ছবি। তবে গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতির কারণে এটি স্বতন্ত্র ও অনবদ্য হয়ে ওঠে। আলেয়া নাটকের সংলাপ রচিত হয়েছে গীত ও কাব্যের দ্বৈত বন্ধনে।বাস্তবতা ও কল্পনার মিশেলে লেখা নজরুলের আরেকটি নাটক ঝিলিমিলি। বাস্তবজীবনের প্রেম ও বিরহকে কেন্দ্র করে এটি লেখা। নজরুল যতই রোমান্টিক কিংবা বাস্তববুদ্ধিবিবর্জিত হোন না কেন ঝিলিমিলি নাটকের প্রেম হেরে গেছে বাস্তবের কাছে। এ নাটককে রূপক বলা যেতে পারে এই অর্থে যে তা প্রাচ্য শিল্পভাবনাজাত জীবন ও প্রেমের নবতর ব্যাখ্যা, ঘটনার অন্ধ অনুকরণ নয়। এই কথিত রূপক সাংকেতিক ধারার আর একটি নাটক সেতুবন্ধ।সেতুবন্ধ তিন দৃশ্যের একটি একাঙ্কিকা। আমরা এই নাটকে দেখি প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি কীভাবে প্রতিবাদী হয়ে ওঠে। অনেকেই রবীন্দ্রনাথের মুক্তধারার সঙ্গে এর সাদৃশ্য খুঁজতে পারেন। কিন্তু এই নাটকে নজরুল ইসলাম মানব জীবনের সংগ্রামী উত্থানকে ভিন্নতর দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। নদীর ওপরে সেতু নির্মাণ করে নদী শাসন করাকে কেন্দ্র করে এই নাটকের গল্প রচিত হয়েছে। নাটকের শেষে এভাবে প্রকৃতির বিজয় ঘোষিত হয়েছে। পদ্মা যন্ত্রকে বলেছে, ‘জানি যন্ত্ররাজ। তুমি বারে বারে আসবে, কিন্তু প্রতিবারেই তোমায় এমনি লাঞ্ছনার মৃত্যুদণ্ড নিয়ে ফিরে যেতে হবে।’নজরুলমানসের একবারেই ভিন্নরূপ দেখি মধুমালায়। নজরুল রূপকথার মধুমালা-মদনকুমার, কাঞ্চনমালার গল্প নিয়ে মধুমালা নাটক রচনা করেছেন। রূপকথার অনিবার্য সংগীতময়তাকে মূল বিবেচনায় রেখে এই নাটকে নজরুল বহুসংখ্যক গানের সম্মিলন ঘটিয়েছেন। শুধু তা-ই নয়, নাটকটির গদ্য সংলাপও সুর ও কাব্যের মিলমিশে অগ্রসর হয়েছে। এই নাটকের চরিত্রগুলো বাস্তবতার ঘাত-প্রতিঘাতে বেড়ে উঠেছে। রূপকথার চরিত্রগুলো পার্থিব সংসারের মধ্যে স্বপ্নের আবহ তৈরি করেছে। স্বপ্নে দেখা অপরূপা রাজকন্যা মধুমালার সন্ধানে অজানার উদ্দেশে বের হয় মদনকুমার। পথে আরেক রাজকন্যা কাঞ্চনমালার সঙ্গে পরিচয় ও প্রণয়। তারপর কাঞ্চনমালাকে রেখে আবার মধুমালার সন্ধানে চলে যায় মদনকুমার। অবশেষে মধুমালার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। মধুমালা ও মদনকুমার সমুদ্রপাড়ে বেড়াতে গিয়ে বিষণ্ন যোগিনী কাঞ্চনমালাকে দেখে। মধুমালা কাঞ্চনমালার পরিচয় পেয়ে উপলব্ধি করে ক্লিন্ন বাস্তব সংসারে তার এবং মদনকুমারের প্রেম সার্থক হবে না। মধুমালা সাগরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।নজরুল শিল্পবোধের কালোচিত ব্যাখ্যার মাধ্যমে রূপকথার একটি যৌক্তিক পরম্পরা তৈরি করেছেন। কারণ শাশ্বত এবং আদ্য সৌন্দর্য কারও ভোগ্য হতে পারে না। এ যেন পৌরাণিক নারী উর্বশী, যে কারও স্ত্রী, কন্যা বা মা নয়। আদ্য সৌন্দর্যের প্রতীক মধুমালা তাই সাগর জলে হারিয়ে যায়। এই নাটকের সংলাপ সুরেলা ও কাব্যময়। এ যেন আবহমান রূপকথার আধুনিক রূপ। নাটকটিতে রূপকথার আবেদন রয়েছে, কল্পনার চরিত্রগুলোর বিকৃতি ঘটেনি। যাঁরা বাংলানাট্যের মূল প্রণোদনাকে উপলব্ধি না করে মধুমালা নাটককেও গীতিনাট্য বলতে চান তাঁদের ঔপনিবেশিক মানসিকতাপুষ্ট শিল্পবিচারকে বড়জোর করুণা করা যায়, প্রশংসা নয়। নজরুলের মধুমালা দৃশ্য ও কাব্যের সংমিশ্রণে গঠিত বলে এটি সত্যিকার অর্থেই দৃশ্যকাব্য। গীত ও সংলাপের মধ্য দিয়ে এই নাটকের চরিত্রগুলো ক্রমাগত গঠিত হয়েছে। রূপকথা কিংবা ঐতিহ্যের ভেতরে থেকেই নাট্যচরিত্র ও নাট্যঘটনা বিনির্মিত হয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যের আধুনিক ও বিশ্বাসযোগ্য নাট্য নির্মিতি।নজরুলের নাটক বিচার করতে হবে হাজার বছরের নৃত্যগীত ও কাব্যময় বাংলা নাট্যের প্রেক্ষাপটে। উনিশ শতকের ইউরোপীয় ক্লিশে নাট্যধারার অনুকৃতির বদলে বাংলা নাটকের শাশ্বতকালের সুরধর্মিতা অঙ্গীকরণের ফলে নজরুলের নাটকের সচেতন গীতবহুলতা তাঁকে স্বতন্ত্র করেছে। সে ক্ষেত্রে বাংলা নাট্যধারায় কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি। নজরুল হাজার বছরের আখ্যানধর্মী বাংলা নাট্যের সুর ও কাব্যভাষাকেই অন্বিষ্ট ভেবেছেন ঐতিহ্যের অনুপ্রেরণায়। কাজী নজরুল ইসলামের নাটক বিশ্লেষণে এই শিল্পবিবেচনাটি আজকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনার দাবি রাখে।