নাটোরের শাঁখারীপল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় মায়ের শাঁখা পরা হাত দেখে তাঁরও মন চাইত দুই হাতে সাদা শাঁখা পরতে। কিন্তু বিয়ের আগে শাঁখা পরার নিয়ম না থাকায় তাঁর সে শখ আর পূরণ হয় না। একদিন সেই সময় আসে। ধর্মীয় রীতি অনুসারে দুই হাতে এক জোড়া সাদা শাঁখা পরে তিনি স্বামীর ঘরে আসেন, সংসারের হাল ধরেন। কোনো দিন তিনি হয়তো ভাবতে পারেননি সাধ করে যে শাঁখা পরে তিনি স্বামীর ঘরে এলেন, সেই শাঁখা তৈরি করেই তাঁকে কাটাতে হবে সারা জীবন।এখন তাঁর বয়স প্রায় ৪৫। আর এই দীর্ঘ সময়ে তিনি তৈরি করেছেন হাজার হাজার জোড়া শাঁখা। কেবল তৈরি নয়, নতুন প্রজন্মের অনেককে শাঁখা তৈরির কাজও শিখিয়েছেন। তাঁর বানানো শাঁখা পরেই অসংখ্য নববধূ স্বামীর ঘরে যান নতুন সংসার গড়তে, কিংবা নতুন স্বপ্ন বুনতে। কিন্তু কেউ হয়তো খোঁজ নেন না যুগল বাঁধার এই শাঁখা তৈরির কারিগর কে, তাঁর বাড়ি কোথায় কিংবা কেমন আছেন তিনি। তিনি স্বপ্না রানী। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দুই নম্বর জামনগর ইউনিয়নের জামনগর গ্রামের শাঁখারীপল্লির একজন শাঁখার কারিগর। ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি শাঁখা তৈরির কাজ করে আসছেন। কেবল তিনি একা নন, শাঁখা তৈরির এই পল্লি বা পাড়ায় তাঁর মতো আরও শতাধিক পরিবারের পাঁচ শতাধিক নারী-পুরুষ আছেন, যাঁরা ঘরে বসে শাঁখা তৈরির কাজ করছেন।এখানকার শাঁখারীপল্লি গড়ে ওঠার ঐতিহ্য প্রায় ২০০ বছরের। এমন কথাই জানালেন শাঁখারীপল্লির বাচ্চু কুমার দাশ। তাঁর মতে, বাংলাদেশের বিভিন্ন স্থানে শাঁখা দিয়ে নানা সামগ্রী তৈরির যেসব পল্লি বা পাড়া আছে, তার মধ্যে এটি অন্যতম বৃহত্ একটি পল্লি। একসময় এই পল্লির ঐতিহ্যও ছিল। কিন্তু আজ অনেকটা হারিয়ে গেছে। এর কারণ হলো পেশা ছেড়ে দেওয়া, অন্য পেশায় কাজ করা এবং তুলনামূলকভাবে শাঁখার বাজারে মন্দা ভাব, কারিগরদের ন্যায্য মজুরি না দেওয়া।এখন যাঁরা এখানে শাঁখা তৈরির কাজ করছেন, তাঁরা মূলত তাঁদের পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই কাজ করছেন। ‘যে পরিমাণ শ্রম, মেধা ও সময় দিয়ে আমরা শাঁখা তৈরির কাজ করি, সে অনুযায়ী পারিশ্রমিক আমাদের দেওয়া হয় না।’ শাঁখা তৈরি করতে করতে কথাগুলো বলছিলেন শাঁখার কারিগর স্বপ্না রানী, ‘শাঁখাশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি তেমন কোনো সহযোগিতা নেই বললেই চলে। অথচ সহযোগিতা পেলে আমাদের এই শিল্পের আরও উন্নতি সম্ভব। তা ছাড়া শাঁখার দামও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এই শিল্প বাঁচাতে তাই সরকারি-বেসরকারি সহায়তা পাওয়া জরুরি।’এখানকার শাঁখাশিল্পের আরেক কারিগর করুণা। তিনি জানালেন, এখানে যেসব শাঁখা তৈরি হয়, তা তাঁরা নিজেরাই গ্রামে-গঞ্জে বা শহরে ঘুরে ঘুরে বিক্রি করেন। আবার অনেক সময় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার কিংবা হকাররা গিয়েও শাঁখা কিনে নিয়ে আসেন। এখানকার শাঁখা বিক্রি হয় প্রতি জোড়া ১০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। দাম অনেকটা নির্ভর করে শাঁখার ভালো-মন্দ ও নকশার ওপর ভিত্তি করে।শাঁখা তৈরির কারিগর সত্য চন্দ্র সেন, সূর্য কুমার ধর, দেবব্রত কুমার সেন জানান, খুলনার ব্যবসায়ীরা শ্রীলঙ্কা থেকে শঙ্খ আমদানি করেন। সেখান থেকে তাঁরা শঙ্খ কিনে নিয়ে আসেন। প্রথমে শঙ্খটি বিভিন্ন মাপে কাটা হয়, কাটার পর শঙ্খ ধুয়ে-মুছে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর নকশা চড়ানো হয়ে গেলে প্যাকেট করে ফেলা হয় বিক্রিবাট্টার জন্য।শাঁখারীপল্লিতে কিন্তু শাঁখা তৈরির কাজই শুধু হয় না। পাশাপাশি হিন্দুদের বিয়ে বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য শাঁখার বিভিন্ন জিনিসপত্র এবং ঘরের সাজসজ্জার নানা উপহারসামগ্রীও তৈরি হয়।