নানা মাত্রায় জসীমউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটি ও মানুষের কবি জসীমউদ্্দীন
মাটি ও মানুষের কবি জসীমউদ্্দীন

মাটি ও মানুষের কবি জসীমউদ্্দীন

সম্পাদক: নাসির আলী মামুন

প্রচ্ছদ: মাসুক হেলাল

প্রকাশক: আদর্শ

দাম: ১৫০০ টাকা

গেল মার্চে কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকীতে প্রকাশিত হলো নাসির আলী মামুন সম্পাদিত এই বই। জসীমউদ্দীনকে নিয়ে ইতিমধ্যে স্মৃতিকথন ও মূল্যায়নধর্মী বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হলেও এ বইটির তাৎপর্য ভিন্নমাত্রিক। প্রায় ৯০০ পৃষ্ঠার মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন ধারণ করেছে এযাবৎকালে রচিত ও প্রকাশিত জসীমউদ্দীনবিষয়ক উল্লেখযোগ্য রচনাসকল, কিছু নতুন লেখা; সেই সঙ্গে কবির অপ্রকাশিত রচনা, প্রামাণ্য জীবনবৃত্তান্ত, বিস্তারিত গ্রন্থপঞ্জি ও দুর্লভ আলোকচিত্রমালা।‘সম্পাদকের নিবেদন’-এ নাসির আলী মামুন বলছেন—মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন আমাদের ভাষা ও সাহিত্যের এক অনিবার্য রূপকার। এ বছর তাঁর জন্মের ১১০ বছর অতিবাহিত হলো। কিন্তু তাঁর সাহিত্যের মূল্যায়ন বা সৃষ্টকর্মের ওপর ভিত্তি করে নিবিড় গবেষণা এখনো হয়নি। এ ক্ষেত্রে আমার মনে হয়েছে, দুই বাংলায় জসীমউদ্দীনকে নিয়ে যত প্রকাশিত লেখা আছে, তা বাছাই করে একটি গ্রন্থে অন্তর্ভুক্ত করা, যাতে ভবিষ্যতে গবেষকরা এখান থেকে তথ্য-উপাত্ত কাজে লাগাতে পারেন।’ জসীমউদ্্দীন-এর সাহিত্য বিচার’, ‘স্মৃতিকথন’ ও ‘বিবিধ প্রসঙ্গ’ শিরোনামে তিন পর্বে বিন্যস্ত এই গ্রন্থ পর্যালোচনায় আমরা দেখব সম্পাদক জসীমউদ্্দীনের একটা পূর্ণাঙ্গ স্বরূপ অঙ্কনের প্রয়াস চালিয়েছেন। তাই দীনেশচন্দ্র সেন, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শিবনারায়ণ রায়, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সন্্জীদা খাতুন, শামসুজ্জামান খান, আবদুল মান্নান সৈয়দ, নির্মলেন্দু গুণ, সৈয়দ আবুল মকসুদ, সলিমুল্লাহ খান, কৃষ্ণা বসু, হুমায়ুন আজাদ, মুহম্মদ নূরুল হুদা, বীতশোক ভট্টাচার্য, বিশ্বজিৎ ঘোষ, রহমান হাবিব, তপন বাগচী, মোহাম্মদ আজম, মাসুদ রহমান প্রমুখের অন্তর্ভেদী বিশ্লেষণের পাশাপাশি মাহ্বুব-উল-আলম, কবিয়াল বিজয় সরকার, মহিন শাহ, নীলিমা ইব্রাহিম, বেগম মমতাজ জসীমউদ্্দীন, মৃণাল সেন, আবু ইসহাক, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, জামাল আনোয়ার, আসাদ চৌধুরী, হাসনা জসীমউদ্দীন মওদুদ, আহমদ ছফা, আবুল আহসান চৌধুরীর স্মৃতিতর্পণের বর্ণিল সমাবেশ ঘটেছে এখানে। কবির মৃত্যুর অব্যবহিত পর আলোচ্য গ্রন্থের সম্পাদক তাঁর অটোগ্রাফ খাতায় জসীমউদ্্দীন সম্পর্কে ২০ জন বিশিষ্ট লেখকের চকিত মূল্যায়ন লিখে রাখেন। এই গ্রন্থের পরিশিষ্টাংশে প্রথমবারের মতো সেগুলো প্রকাশিত হলো, যার ঐতিহাসিক-সাহিত্যিক মূল্য সামান্য নয়। অটোগ্রাফ খাতার লেখক-তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন ইব্রাহীম খাঁ, আবদুল কাদির, মাহমুদা খাতুন সিদ্দিকা, মুহম্মদ এনামুল হক, আবু জাফর শামসুদ্দীন, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন, সুফিয়া কামাল, আহসান হাবীব, সৈয়দ মুর্তাজা আলী। কবি আহসান হাবীবের তাৎক্ষণিক মন্তব্যে যেন ধরা পড়েছে জসীমউদ্্দীনের সারসত্তা—‘ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীমউদ্্দীনের। জসীমউদ্্দীন তাঁর কাব্যাদর্শে আজীবন অটল ছিলেন এবং গ্রাম্যতা পরিহার করেও গ্রামীণ ভাবাবহে তিনি প্লাবিত করে রেখে গেছেন নগরাক্রান্ত চিত্ত।’

গ্রন্থভুক্ত ১১৩টি রচনায় প্রসঙ্গ-অনুষঙ্গে প্রতিভাসিত হয়েছে জসীমউদ্্দীনের কবিতাপৃথিবীর বিষয় ও বৈশিষ্ট্য, তাঁর গদ্যচর্চা-গ্রামীণগীতিকা সংগ্রহ, সমসাময়িক কল্লোল যুগ, আধুনিকতা ও বিশ্বের বিভিন্ন সাহিত্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে জসীম-বিবেচনা, লোকজীবন ও লোকমানস-সাধনা, তাঁর প্রগাঢ় জাতীয়তাবোধ ও আন্তর্জাতিকতা, জসীমউদ্দীন ও জাতীয় সাহিত্য, মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু ও জসীমউদ্্দীন। এ ছাড়া কয়েকজন লেখক লালন-হাসন রাজা-রবীন্দ্রনাথ-নজরুল ও আব্বাসউদ্দীনের সঙ্গে জসীমউদ্্দীনের তুলনামূলক আলোচনায় প্রবৃত্ত হয়েছেন।

এই সংকলনে এমন অনেকের মূল্যবান লেখার সন্ধান পাই আমাদের সাহিত্যিক পরিসরে, যাঁদের নাম বহুশ্রুত নয়। লেখার গুরুত্বে সম্পাদক দুই বাংলার বহু আপাত-অবজ্ঞাত সূত্র থেকে সেসব লেখা সংগ্রহপূর্বক এক মলাটে বন্দী করে জসীমউদ্দীন সম্পর্কিত এক অনন্য গ্রন্থ উপহার দিয়েছেন। সেই সঙ্গে বাংলা সাহিত্যের খ্যাতকীর্তি সমালোচকদের পাশাপাশি সাম্প্রতিক তরুণদের রচনা গ্রন্থবদ্ধ করে মাটি ও মানুষের কবি জসীমউদ্্দীন-চর্চার নতুন অভিমুখ তৈরি করেছেন।