নানা শহর ঘুরে ঢাকায়
নরওয়ের সমকালীন শিল্পীদের গ্লাস ও সিরামিকস প্রদর্শনী চলছে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে। ২০০০ সাল থেকে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংগ্রহ করা এসব শিল্পকর্মের প্রদর্শনী হচ্ছে নানা দেশে। ইতিমধ্যে নিউইয়র্ক, টোকিও, বেইজিং, সিডনি, সিঙ্গাপুর ও বার্লিনসহ আরও কত শহরে এ প্রদর্শনী হয়ে গেছে। এবার এল আমাদের ঢাকায়।নয়জন শিল্পীর অংশগ্রহণে এ প্রদর্শনী—উলা-মারি ব্রান্টেনবার্গ, মায়ুদ জারুলসেন বুগে, ওলফ ফইনাম, কারি হাকনসেন, আরনে জন জুটরেম, ক্যারেন ক্লিম, ক্যাথরিন মাসকে, ইভা পারনাইল লসেন ও জারাস্ট জোহানসেন। তাঁরা সবাই নরওয়ের সমকালীন শিল্পকলা অঙ্গনে প্রতিষ্ঠিত গ্লাস ও সিরামিকসশিল্পী।মানুষ গ্লাসের ব্যবহার শিখেছে চার হাজার বছর আগে। নরওয়েতে গ্লাসসামগ্রীর উত্পাদন শুরু হয় ১৭৪১ সালে, নমট্রেন টানজেন গ্লাস ওয়ার্কস প্রতিষ্ঠা থেকে। তাদের তৈরি মদপাত্র, গবলেটস আর ক্রিস্টাল ঝাড়বাতির সুনাম আছে বিশ্বব্যাপী। ১৭৬২ সালে প্রতিষ্ঠিত হ্যাডেল্যান্ড গ্লাস ওয়ার্কসে ১৯৫০ সালের পর কয়েকজন শিক্ষিত গ্লাস ডিজাইনার যোগ দেন। তাঁরা গ্লাসের শিল্পসামগ্রী তৈরি শুরু করেন। গত শতকের সত্তরের দশকে তরুণ কয়েকজন শিল্পী নিজস্ব স্টুডিওতে গ্লাস দিয়ে শিল্পকর্ম রচনায় প্রবৃত্ত হন এবং তাঁরা তাঁদের কাজের জন্য সমাদৃত হন দেশে-বিদেশে।এ প্রদর্শনীর শিল্পী আরনে জন জুটরেম তাঁদেরই একজন। ১৯৫৪ সালের মিলানো ট্রিয়েনাল প্রদর্শনীতে তিনি স্বর্ণপদক পান গ্লাসের শিল্পকর্মের জন্য। এ প্রদর্শনীতে তাঁর গড়া ক্রিস্টাল ভিস (১৯৯৭) স্থান পেয়েছে।উলা-মারি ব্রান্টেনবার্গ গড়েছেন লম্বা গড়নের ফুল ও তার নিচে এক পানপাত্র। মায়ুদ গড়েছেন বরফের গড়নের স্বচ্ছ পাত্র। স্বচ্ছ কাচপাত্রের ভেতর হাত ও কানের ড্রয়িং করেছেন ক্যাথরিন মাসকে। কারি হাকনসেন গড়েছেন পাখির বাসা।গ্লাসে করা এ কাজগুলো অন্য রকম। আমাদের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা। এই আধুনিক মাধ্যমটি এখানে চর্চা প্রায় হয় না বললেই চলে।গ্লাসের কাজের পাশাপাশি যাঁদের সিরামিকসও এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পীদের মধ্যে রয়েছেন মনিকা মারসেলা কে আসকিম, মারি ব্রাথেন, লিপা ডালেন, টর আলেক্স এরিকসন, আনা লিজ জনসেন, হেলেন কর্টনার, লিন্ডা জানসেন মার্টিন, অ্যান হেলেন মিডল্যান্ড প্রমুখ।তাঁদের সিরামিকস বেশ উন্নত ও পরিচ্ছন্ন। এ প্রদর্শনী চলবে ২০ আগস্ট পর্যন্ত।