নানা শিল্পীর নানা ধরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে ১০টি বিশেষ প্রদর্শনীর আয়োজন রেখেছেন তাঁরা। এর চতুর্থ প্রদর্শনী এখন চলছে। ‘সৃজনে ও শেকড়ে ৪’ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ১০ জন শিল্পী। পঞ্চাশ ও ষাটের দশকে জন্মগ্রহণকারী এই শিল্পীরা বিকশিত হয়েছেন স্বাধীন বাংলাদেশে। সত্তর থেকে নব্বইয়ের দশকে তাঁদের কর্মপ্রয়াস ও উত্থান। শিল্পীরা হলেন—মনসুর উল করিম, চন্দ্রশেখর দে, অলকেশ ঘোষ, কে এম এ কাইয়ুম, এ কে এম আলমগীর হক, মোস্তাফিজুল হক, খালিদ মাহমুদ মিঠু, দিলারা বেগম জলি, শেখ আফজাল হোসেন ও মাহবুবুর রহমান।মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী দুই প্রজন্মের এ শিল্পীদল প্রত্যক্ষ করেছেন যুদ্ধবিধ্বস্ত দেশ, রাজনৈতিক হানাহানি আবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। তাঁদের চিত্রে স্থান পেয়েছে ঐতিহ্য, শেকড় সন্ধান, মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা। ১০ জন শিল্পীর কাজে বিভিন্ন ধরনের প্রবণতা। প্রত্যক্ষ বাস্তবতা, বিমূর্ত ও আধাবিমূর্ত শিল্পরীতিতে লক্ষ্যে পৌঁছাতে চেয়েছেন এই শিল্পীরা।এই দলটির অগ্রজ শিল্পী মনসুর উল করিম। বিগত শতকের নব্বইয়ের দশকে তাঁর চিত্র সাধনায় বাঁক বদল ঘটে। বাংলার ফসলের মাঠের খেটে খাওয়া প্রান্তিক কৃষকের অস্থিচর্মসার শরীর আর তার ভাঙচুর পরম মমতায় চিত্রপটে উত্থাপন করে তিনি শিল্পবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন। মানব সভ্যতার উৎস সন্ধান করে মানুষের শ্রমনিষ্ঠতাকে তিনি তুলে আনেন। সেই কর্ষণকারী কৃষক, সেই শ্রমনিষ্ঠ শ্রমিক এখনো তাঁর চিত্রপটজুড়ে। তবে তাঁর পরিবেশনার ধরন বদলেছে। দিগন্তজুড়ে থাকা আদি মানুষকে তিনি বেঁধেছেন ত্রিভুজ জ্যামিতিতে।শিল্পী চন্দ্রশেখর দে বহুমাত্রিক শিল্পী। কাজ করেন নানা রীতিতে, নানা মাধ্যমে। তাঁর ইদানীংকার কালি ও কলমের কাজগুলো শ্রমসাধ্য ও উচ্চমানের ক্রাফটসম্যানশিপ সমৃদ্ধ। এ প্রদর্শনীর কাজ ‘ভিন্ন পৃথিবী’ ও ‘আকর্ষণ’-এর উজ্জ্বল উদাহরণ। কালি ও কলমে আঁকা হলেও এর উপস্থাপনা এচিং ছাপচিত্রের মতো। ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা ‘পণ্ড’ শিল্পীর আরেকটি শ্রমসাধ্য দৃষ্টিনন্দন কাজ।কে এম এ কাইয়ুম পরিণত হয়েছেন প্রকৃতিবাদী শিল্পী হিসেবে। গাছ, গাছের বাকল, শেকড়কে তিনি পরতে পরতে বাঁধেন জ্যামিতিক নকশায়, দৃষ্টিনন্দন বর্ণপ্রলেপে। বাস্তবতাকে অতিক্রম করা এসব চিত্র আর তার করণ-কৌশল আকর্ষণীয় ও নন্দিত অবয়ব পেয়ে যায়। কানাডা প্রবাসী শিল্পী আলমগীর হকের এচিং অ্যাকুয়াটিন্ট ছাপাই উচ্চমানের টেকনিকসমৃদ্ধ। অলকেশ ঘোষ বৃষ্টিস্নাত ঢাকা মহানগরের মানবযান রিকশা এঁকেছেন দারুণ দক্ষতায়। শেখ আফজাল এঁকেছেন শৈশব স্মৃতিতাড়িত জীবন বাস্তবানুগভাবে। রাখাল বালিকা, পরিবার, গাঁয়ের পথ ধরে নাইয়র যাওয়া গ্রামীণ জনপদের এসব চিত্র তিনি এঁকেছেন নিজের দেখা অভিজ্ঞতার সঙ্গে সমকালীন শিল্পদক্ষতার মিশ্রণে। মোস্তাফিজুল হক এঁকেছেন বাস্তব আর বাস্তবতার কাছাকাছি ফর্মে। খালিদ মাহমুদ মিঠুও তদ্রূপ। তবে তাঁর গঠন শক্তিমান। দিলারা বেগম চলমান সময়ের অন্ধকার দিক উন্মোচন করেছেন তাঁর জানা-অজানা অনুশীলনে। মাহবুবুর রহমান এই শিল্পী দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। তাঁর উপস্থাপনা আমাদের চিন্তাকে তীব্র নাড়া দেয়। ছোট্ট সাম্রাজ্য তাঁর বলিষ্ঠ প্রকাশ। প্লাস্টিকের পুতুল নিয়ে এমন গঠন আমাদের আলোড়িত করে।এ প্রদর্শনী শেষ হচ্ছে আগামীকাল ২৫ সেপ্টেম্বর।