কাজী জহিরুল ইসলাম বয়সে নবীন, কিন্তু লেখক হিসেবে পরিণত। তাঁর কবিতার বই ছয়টি। এই ছয়টি বই এবং এর সঙ্গে কিছু অগ্রন্থিত কবিতা নিয়েই তাঁর কবিতাসমগ্র।
প্রথম কাব্যগ্রন্থের ‘বন্দি’ নামের কবিতা থেকে শেষ কবিতা-বইয়ের ‘সুবাস’—সর্বত্রই আছে প্রেম-নারী নামক রহস্যের গ্রন্থি উদ্ধারে কবির নিরন্তর অন্বেষণ, যদিও এই প্রেম কেবল নারী-পুরুষে সীমাবদ্ধ নয়। তবে প্রেম থেকেই কবি খুঁজে পান জাতপাতের বিভেদ সূত্র, সমরায়োজনের গোপন মন্ত্রণা, ঘৃণার ধিকিধিকি আগুনের লেলিহান শিখা। উদাহরণ হিসেবে ‘লাল স্কার্ট’ কবিতাটির কথা ভাবা যাক। কবিতাটি এমন একসময়ের, যখন বলকান পুড়ছে জাতিগত আত্মহননে। একটি সার্ব-বালিকা ও একজন কসোভা যুবক সেই বিভেদকে অস্বীকার করে ভালোবাসে একে অপরকে। দুটি দেহ, দুটি আত্মা নিকটবর্তী হয়, কিন্তু ঘৃণার আগুনে পুড়ছে যে দেশ, জাতপাতের বিভেদই তার কাছে একমাত্র সত্য। যাদের প্রেম জন্মেই মৃত, এ কবিতায় জহির তাদের আখ্যান নির্মাণ করেছেন প্যারাবলের ভাষায়—‘আর বিরহী সার্ব-সুন্দরীর লাল স্কার্ট/প্রেমিকের রক্ত মেখে ক্রমশ আরও লাল হয়ে/ছড়িয়ে পড়ল সমস্ত বলকান আকাশে/সেই থেকে বলকানে আগুন, যুদ্ধ ও রক্তের খেলা’।

কবিতাসমগ্র
কাজী জহিরুল ইসলাম
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: বাংলাপ্রকাশ, ২০১৫
৩৫১ পৃষ্ঠা
দাম: ৫০০ টাকা।
জহিরের কবিতার একটি বৈশিষ্ট্য সহমর্মিতা, যা অনায়াসে দেশ ও জাতির বিভাজন রেখা অতিক্রম করে যায়। এই বোধটি তিনি অর্জন করেছেন ক্রমান্বয়ে। শুরুতে যা ছিল একটি অনুচ্চ চিন্তা, ক্রমেই তা হয়ে ওঠে তাঁর চিন্তাজগতের কেন্দ্রবিন্দু। এর একটি কারণ এই যে বিশ্বের একাধিক মানব সভ্যতা কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন কবি এবং তা থেকে এই স্থির-বিশ্বাসে উপনীত হয়েছেন, অন্তর্গতভাবে মানুষ সর্বত্রই অভিন্ন—‘তোমাকে চিনতে হবে মানুষের ভেতরের মানুষগুলো/বৃক্ষের ভেতরের বৃক্ষগুলো/অরণ্যের ভেতরের অরণ্যগুলো/নদীর ভেতরের ছায়াগুলো/এরপর বৃত্ত ভাঙতে হবে।’ (একটি বৃত্তের গল্প)।
তবে জহির কবিতায় সব সময় যে এই কাব্যিক সংহতি অর্জন করেছেন, তা বলা যাবে না। কাব্যিক ভাষায় কবির দক্ষতা সত্ত্বেও কখনো কখনো অতি-সরলীকৃত ‘স্টেটমেন্ট’ নির্মাণের প্রবণতা ক্ষতিগ্রস্ত করেছে তাঁর কাব্যিক সংহতিকে। তিনি যখন সচেতনভাবে কাব্যের স্থলে ‘গিমিক’কে অগ্রাধিকার দিয়েছেন, কবিতার বাঁধন ক্ষুণ্ন হয়েছে তখনই। এ ক্ষেত্রে ‘একমাত্র’ কবিতাটির কথা বলা যায়—‘আমাদের একমাত্র কষ্টের নাম, শব্দ/আমাদের একমাত্র দুঃখের নাম, কথা/আমাদের একমাত্র বেদনার নাম, উচ্চারণ/আমাদের একমাত্র স্বপ্নের নাম, শব্দ/আমাদের একমাত্র সুখের নাম, কথা/আমাদের একমাত্র আনন্দের নাম, উচ্চারণ।’
এ কবির প্রথম দিকের কবিতায় শোনা যায় উচ্চকিত রাজনৈতিক স্বর, কখনো কখনো যা পরিণত হয় অনুচ্চ ভাষণে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ছে, তাতে অন্য অনেকের মতো মার্কিন সাম্রাজ্যবাদের গোপন অঙ্গুলির হদিস পেয়েছেন কবিও। বস্তুত, এই ভাঙন যে একটি ঐতিহাসিক অনিবার্যততা, এই ইতিহাস বোধ অনুপস্থিত তাঁর মধ্যে। ফলে তিনি বলেন সে কথাই, যা একজন বাঙালি তরুণ কবি বলতে পারেন। আর এই স্বপ্নে তিনি অনুবর্তি হন, যেকোনো একসময়ে আবার তাঁর সাম্যবাদী শিকড়ে প্রত্যাবর্তন করবে সোভিয়েত ইউনিয়ন। ‘লেনিনের ভাষণ’ কবিতার কয়েকটি চরণ—‘আমার উত্তোলিত হাত তোমাদের করছে আশীর্বাদ/হে প্রিয় দেশবাসী, তোমরা আবার কমরেড হও/এবার সত্যিকারের কমরেড।’
অন্তর্গতভাবে প্রেমিক এই কবি তাঁর প্রবজ্যার অন্বেষণের ভেতর দিয়েই ক্রমান্বয়ে অর্জন করেছেন একটি নিজস্ব কণ্ঠস্বর। আমার নিশ্চিত বিশ্বাস, কাব্যভাষার সঙ্গে ইতিমধ্যে পরিচিত এই কবি ভবিষ্যতে প্রোদ্ভিন্ন বহু বিচিত্র ও বর্ণিল অভিজ্ঞতার নৈকটিক বিবরণ জানাবেন। সেই প্রতিশ্রুতি রয়েছে তাঁর এই কবিতাসমগ্র-তে। এই বইয়ে যেমন ধরা পড়েছে কাজী জহিরুল ইসলামের কাব্যভাবনার নানা দিক, তেমনি আছে নানা স্বরের বৈচিত্র্য।