নানান বরণ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের মৌসুমে ইন্দোনেশিয়ার জগজাকার্তা শহরে চলছে মেহেদির আলপনা
ঈদের মৌসুমে ইন্দোনেশিয়ার জগজাকার্তা শহরে চলছে মেহেদির আলপনা

ভ্রমণকাহিনিকে রম্যরসে ভরে পরিবেশন করার মুনশিয়ানা এ যুগে খুব কম বাংলা গদ্যলেখকের মধ্যে পাওয়া যায়। মঈনুস সুলতান যে সেই বিলুপ্তপ্রায় শ্রেণির এক উজ্জ্বল প্রতিনিধি, সেটা নিয়ে কোনো তর্ক নেই। তাঁর প্রথম লেখাটি পড়ার পরই মনে হয়েছিল, বাংলা সাহিত্য এত দিনে সৈয়দ মুজতবা আলীর শূন্যতা পূরণের একটা পথ বুঝি খুঁজে পেল। এরপর যতই তাঁর লেখা পড়েছি, বুঝেছি, ভদ্রলোক লেখালেখির ক্ষেত্রে আটঘাট বেঁধেই নেমেছেন। তাঁর শব্দভান্ডারে এমন কিছু জাদু আছে, যা মুজতবা আলীর মতোই লক্ষ্যভেদী। তাই তাঁর লেখা কোনো বই হাতে এলেই একটা আনন্দ হয়।
ঈদের সোনালি ইগল—বইটির নামই বলে দিচ্ছে বিভিন্ন দেশে ঈদ উদ্যাপন নিয়ে দু-মলাটের মধ্যকার কাহিনিগুলো। তাতে পাঠকের মনে আশা জন্মে, কিরগিজস্তান, লাওস, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও গণচীনের ঈদ-ঐতিহ্য নিয়েই বুঝি হবে কাহিনির বিস্তার। পাঠকের সে আশা পূরণ হয়; তার চেয়ে বড় কথা, ঈদের ঐতিহ্য-আচারেই সীমাবদ্ধ থাকে না ঘটনাবলি, বরং এক-একটি গল্পের আস্বাদে সিক্ত হয় মন। তাই, কোনটা বাড়তি পাওয়া, সেটা নিয়েই বিস্ময় জাগে।
মঈনুস সুলতানের রসাল বয়ান আর ভাষার জাদু নিয়ে কথা বলেছিলাম শুরুতেই। উদাহরণ ছাড়া সেটা বোঝানো যাবে না। আমরা বরং কিরগিজস্তানে লেখকের কাটানো ঈদের গল্পটা ছুঁয়ে যাই। সাদিকভ নামের একজন সাহিত্যিকের বাড়িতে পেয়িংগেস্ট হিসেবে ঠাঁই হয়েছিল সুলতানের। সুলতান সাহিত্যপিয়াসী জেনেই এই ব্যবস্থা। সাদিকভের আছে ঘোড়া-প্রীতি, তাই সাদিকভের কথা বলার সময় লেখক বলেন, ‘ঘোড়া-পছন্দ সাহিত্যিক সাদিকভ’। ঈদের দিন সাদিকভের তরুণী স্ত্রী পোলাও রান্না করছিলেন। পোলাওয়ের সঙ্গে ছিল ঘোড়ার মাংস। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় লেখক আবিষ্কার করলেন, তাঁকে যেতে হবে ঘোড়ায় চড়ে। সাহিত্যিক সাদিকভের জন্য ঘোড়ায় চড়া কোনো ব্যাপার নয়। কিন্তু মঈনুস সুলতান! তাঁর এই দশা দেখে সাদিকভের স্ত্রীর মনে দয়া হলো। এরপর লেখকের ভাষায়, ‘তিনি ঘরাং ঘরাং করে গ্যারেজ খুলে খোদ ক্রুশ্চেভের আমলের একটি এক্কা গাড়িতে আমাদের সওয়ার হতে বলেন। আমি বেফায়দা একটা চাবুক হাতে তাতে চাপতেই সাদিকভ পাইপ থেকে মাজুরকা তামাকের অ্যারোমেটিক খোশবু ছড়িয়ে লাগাম আলগা করেন। ...যেতে যেতে সাদিকভ খানিক ইংরেজি ও খানিক রাশান ভাষায় ক্রমাগত বকবক করে চলেন। আমি তাঁর আলাপে অত্যন্ত আমোদ পাচ্ছি—এ রকম ভান করে মাঝেমধ্যে হুঁ-হাঁ বলে হাসাহাসি করি বটে, তবে ঠিক ধরতে পারি না তাঁর আলোচ্য বিষয় হর্স ব্রিডিং, না নমেডিক কবিতার ঐতিহ্যবাহী ফরম্যাট।’ এই কাহিনিতেই কিন্তু আমরা মানাসচি মুরাত বেকের সন্ধান পাই, যিনি এই অঞ্চলের মহাকাব্য মানাস শোনান লেখককে।

ঈদের সোনালি ইগল
ঈদের সোনালি ইগল
ঈদের সোনালি ইগল
মঈনুস সুলতান
প্রচ্ছদ: আশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন, ২০১৫
১৩৬ পৃষ্ঠা
দাম: ২৬০ টাকা।

লাওসের ভিয়েনচান শহরে ঈদ পার্টির গল্প করতে গিয়ে মরক্কোর মেয়ে কাওতারের প্রসঙ্গ আনেন। এ জায়গায় বর্ণনা এ রকম, ‘কাওতার মরক্কো থেকে লাওসে আসা এক সুদর্শন মানবী। এ নারীর জনম হয়েছে ফেজ নগরে, বাতচিতে তার প্রখর তেজ। ...কাওতারের বিয়ে না করা আংরেজ স্বামী বা পার্টনার মি. হেস্টিংস বলছিলেন, “কাওতার প্রতিবছর ঈদ করবেই। কোনো বছর এই পরব বাদ পড়ার কোনো উপায় নেই, এমনকি যে বছর আমি তাকে ইলোপ করলাম, সে বছরও ঈদ বাদ দেয়নি সে।” ইলোপ শব্দটির সরল তরজমা হতে পারে—কোনো নারীকে ভাগিয়ে নিয়ে এসে শাদি কর। এ কাপল বিয়ে না করলেও তাদের জীবনে ইলোপের ব্যাপার ঘটেছিল।’ এ ইতিহাসও লেখক পরে জেনেছেন মি. হেস্টিংসের কাছ থেকে।
ভাষা সমৃদ্ধ করার একটি পথ হচ্ছে ভিনদেশি শব্দ ব্যবহার করে তা নিজ ভাষার শব্দভান্ডারে যোগ করা। সুলতান সে কাজটি করে যাচ্ছেন। এস্তেমাল, তাইশবিশ, ঘুম-নিদ, খুন (সম্পর্ক অর্থে), মর্দ, এলাহি আকার, মাইফেল, এন্তেজাম, জিন্দেগি-বন্দেগি ইত্যাদি শব্দ বাক্যের মধ্যে যেভাবে থাকে, তাতে অর্থ বুঝতে অসুবিধা হয় না।
লেখকের স্বচ্ছন্দ বর্ণনার কারণে বইটি শেষ না করে ওঠার উপায় থাকে না। বিচিত্র এক এক দেশে গিয়ে বিচিত্র সব অভিজ্ঞতাকে রসের ভিয়েন দিয়ে পরিবেশন করেছেন লেখক। এক এক দেশে এক এক আমেজে পালন করেছেন ঈদ। সেই রসভান্ডারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। আমরাও রসসাগরে নিমজ্জিত হয়ে নিজেদের জড়িয়ে নিলাম ভিনদেশি অভিজ্ঞতায়।