নান্দনিক এক শিল্পপত্র
সাহিত্যপত্র-এর সম্পাদক হিসেবে খ্যাতিমান আবুল হাসনাতের সম্পাদনায় প্রকাশিত মাসিক কালি ও কলম পত্রিকাটি ইতিমধ্যে আদৃত হয়েছে দেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যানুরাগী মহলের কাছে। তাঁরই সম্পাদনায়, একই প্রতিষ্ঠান আইস মিডিয়া থেকে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে শিল্প ও শিল্পী নামে চিত্রকলা ও সংস্কৃতিবিষয়ক আরেকটি পত্রিকা। গত মাসে বেরিয়েছে এই নতুন ত্রৈমাসিকের প্রথম সংখ্যা। কালি ও কলম পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতির পদটি অলংকৃত করে আছেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। নতুন এই ত্রৈমাসিকের সম্পাদকমণ্ডলীর সভাপতির পদটি দীপ্ত করেছেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।আমরা জানি, নিবিড়ভাবে যুক্ত থেকে একটি পত্রিকার প্রকাশনাকে কত বিচিত্রভাবে সমৃদ্ধ করা যায়, সে ব্যাপারে কাইয়ুম চৌধুরীর রয়েছে সীমাহীন আগ্রহ ও উদ্যম। গত ৫০ বছরের অধিকাল তিনি যেসব পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বা এখনো আছেন, সেগুলোর উচ্চতর শিল্পমান ও রুচিশীলতার কথা কখনো বিস্মৃত হতে পারেন না পাঠক। একই সঙ্গে স্মরণীয় যে অর্ধশতকেরও বেশি কাল ধরে এ দেশের প্রচ্ছদশিল্পে তিনি যে অবদান রেখেছেন, তা অনন্য ও অতুলনীয়। নতুন এই ত্রৈমাসিকের প্রচ্ছদেও তিনি ক্যালিগ্রাফির ক্ষেত্রে নান্দনিক সৌকর্যের যে স্বাক্ষর রেখেছেন, তার সার্থকতা অনস্বীকার্য। এর প্রচ্ছদ-পরিকল্পনায়ও রয়েছে অভিনবত্ব। প্রচ্ছদে শিল্পী আমিনুল ইসলামের পুরো চিত্রটির পরিবর্তে ব্যবহূত হয়েছে চিত্রের একটি ক্ষুদ্র সুন্দরতর অংশের বিস্তৃত বা সম্প্রসারিত রূপ। ফলে তা অর্জন করেছে ভিন্নতর মাত্রা। চিত্রকলাবিষয়ক পত্রিকার যথার্থ বৈশিষ্ট্য হিসেবে সমগ্র পত্রিকায় ছবির জন্য অধিকতর পরিসর ব্যবহূত হওয়ায় বৃদ্ধি পেয়েছে এর দৃশ্যগুণ। এ ক্ষেত্রে সহায়ক হয়েছে পত্রিকার রাজসিক আকারটিও। দামি কাগজ ও সর্বাধুনিক মুদ্রণশৈলীর সঙ্গে পত্রিকার সুপরিকল্পিত সাজসজ্জা ও পারিপাট্য যুক্ত হয়ে নিশ্চিত করেছে এর উন্নত মর্যাদা ও রুচিস্নিগ্ধতা। নতুন এই পত্রিকার লেখার মান, বিষয়বৈচিত্র্য ও বিস্তারের দিকে দৃষ্টি দিলে এ কথা অনস্বীকার্য যে এটি সমর্থ হয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমগ্র বাংলাভাষী পাঠকের জন্য প্রথম সারির একটি মানসম্পন্ন শিল্পবিষয়ক পত্রিকার অভাব পূরণে। বাংলা ভাষার খ্যাতিমান শিল্প-সমালোচকদের রচনা এতে মুদ্রিত হওয়ায় এর মান বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এর ভবিষ্যৎ সম্ভাবনা। শিল্প-সমালোচকদের তালিকায় আছেন: বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, প্রণবরঞ্জন রায়, শিল্পী যোগেন চৌধুরী, আবুল মনসুর, সৈয়দ মনজুরুল ইসলাম, সুশোভন অধিকারী প্রমুখ। বিশ্লেষিত হয়েছে যেসব শিল্পীর শিল্পকর্ম, তাঁদের তালিকায় আছেন: চার্লস ড’য়লি, রবীন্দ্রনাথ ঠাকুর, মকবুল ফিদা হুসেন, জয়নুল আবেদিন, সোমনাথ হোর, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, কণ্ঠশিল্পী কমলা ঝরিয়া, স্থপতি মাজহারুল ইসলাম প্রমুখ। এ ছাড়া পত্রিকায় আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে: শিল্পকলার আধুনিকতা, ভেনিস বিয়েনাল, কান চলচ্চিত্র উৎসব, বছরব্যাপী বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত ‘সৃজনে শেকড়ে’ শীর্ষক শতশিল্পীর দশ প্রদর্শনী, আন্তর্জাতিক নাট্যোৎসব প্রভৃতি।এটি তাৎপর্যপূর্ণ যে বিষয় নির্বাচনে গুরুত্ব আরোপিত হয়েছে সাম্প্রতিকতার ওপর। তবে সাম্প্রতিককালের ঘটনার সূত্র ধরেই পাঠক পরিভ্রমণ করতে পারেন ইতিহাসের বিস্তৃত জগতে। স্বাভাবিকভাবে চারুশিল্প অধিকতর গুরুত্ব পেলেও অনাদরনীয় থাকেনি সংস্কৃতির অন্যান্য বিষয়; যেমন—সংগীত, চলচ্চিত্র, নাটক, স্থাপত্য প্রভৃতি। ঘটনার বিবরণ ও বিশ্লেষণ দুই-ই গুরুত্ব লাভ করায় উপকৃত হবেন পাঠক। মুদ্রিত হয়েছে গবেষণামূলক রচনাও; যেমন—আবুল আহসান চৌধুরীর ‘কমলা ঝরিয়া: স্মৃতি-বিস্মৃতির আলোছায়ায়’। প্রতিটি রচনাই বিপুলভাবে চিত্রসমর্থিত হওয়ায় বৃদ্ধি পেয়েছে এর ওজোগুণ। চিত্র নিজেই ধারণ ও প্রকাশ করে এমন অনেক সত্য, যা বর্ণনায় পরস্ফুিট করা অসম্ভব। চিত্র কখনো কখনো ইতিহাসেরও নির্ভরযোগ্য সাক্ষ্য। সব মিলিয়ে পত্রিকাটি ধারণ করেছে এক উন্নত অভিরুচির আভিজাত্য। এমন একটি উচ্চমানের নান্দনিক প্রকাশনা দেখে মনে জাগে একই সঙ্গে আনন্দ ও অনিশ্চয়তার দুই ধরনের অনুভূতি। অনিশ্চয়তা এ জন্য যে আমাদের জাতীয় জীবনের নানামুখী দীনতার মধ্যে এমন ব্যয়বহুল একটি পত্রিকার নিয়মিত প্রকাশ অব্যাহত রাখা যে সুকঠিন, অতীতের অনেক অভিজ্ঞতাই তার নীরব সাক্ষী। তবে শিল্পানুরাগী প্রকাশক আবুল খায়ের এই কঠিন দায়িত্ব পালনে পাঠকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন—এটুকুই ভরসা। পত্রিকাটির প্রকাশ অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।