নাম যার টাঙ্গুয়ার হাওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাবাড়ী দেখলে মনে হয়, যেন দুনিয়ার শেষ সীমানার একফালি তুচ্ছ গ্রাম। প্রায় থইথই করা পানির ভেতরে শির উঁচু করে আছে সেই গ্রাম। ‘অদিনে শাওনের কাঁঠাল’-এর মতো শীতের দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বর্ষার আমেজ এনে দিলেও তা নৌকার ছইয়ের ওপর বসে পাখি পর্যবেক্ষণ করার কাজে বেশ কিছুটা বাধার সৃষ্টি করল। তবে দূর থেকে ভেসে আসা কুড়ুল বা কুড়ার (প্যালাসেস ফিশ ইগল) কুড়ু রু-ক্রুহো, ক্রুহাউ—দারুণ জোরে গলা ফাটিয়ে করা ইত্যাদি শব্দ আমাদের সতর্ক করিয়ে দিল, আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওরের কাছাকাছি পৌঁছে গেছি। বছরের প্রথম দিনটি ছিল রোদ্দুরে ভরা। তাই ভাবিনি, ওই রাতের শেষ প্রহরে আকাশের মায়াকান্নায় ছোট জেলা শহর সুনামগঞ্জের রাস্তাঘাটে পানি জমবে। অনেকটা কাদা পথ পেরিয়ে যখন সাহেববাড়ীর ঘাটে পৌঁছালাম, তখন সেখানকার দোকানিরা বলল, নদী পারাপারের জন্য ১০ টাকার খেয়া, মানে ইঞ্জিনচালিত ফেরিতে চড়তে। ওটা দুই কিলোমিটার দূরের মণিপুরিঘাটে যাত্রী নামাবে। সেখান থেকে মোটরসাইকেলের পেছনে বসে যেতে হবে ৩৫-৪০ কিলোমিটার। তারপর মিলবে উপজেলা সদর তাহেরপুর। সেখান থেকে টাঙ্গুয়ার হাওর। এর আগে ২০০৭ সালে যখন সেখানে গেছি, তখন সুরমা নদীর পাড় থেকে তাহেরপুর যাওয়ার কোনো রাস্তা ছিল না। খেতখামার বা তার আইল মাড়িয়ে মোটরসাইকেল দুই ঘণ্টায় পৌঁছে যেত। এবার কপাল ভালো ছিল। প্রায় সব রাস্তাই পাকা হয়েছে এবং যাত্রী পারাপারের জন্য ১৪ সিটের হিউম্যান হলার চালু হয়েছে। তবে মোটরসাইকেল যাত্রীরও অভাব নেই।তাহেরপুর থেকে দেড় ঘণ্টা ইঞ্জিনবোটে প্রথমে বৌলাই এবং পরে পটলাই নদী দিয়ে টেকেরহাটের দিকে যাওয়ার সময় একটি শাখা নদী ঢুকে গেছে হাওরে। এই ছোট নদীটির পারের প্রান্ত শেষের গ্রামটিই গোলাবাড়ী। এরপর কূলকিনারহীন বিশাল জলরাশি, নাম যার টাঙ্গুয়ার হাওর। নৌকা গোলাবাড়ী গ্রামে ঢোকার আগেই দেখলাম, বিকট শব্দ করে বিশালাকার ডানা ঝাঁপটিয়ে বেপরোয়া হয়ে কাক ও শঙ্খচিলকে তাড়িয়ে বেড়াচ্ছে এক জোড়া কুড়ুল। পাখির প্রজাতিটি বৈশ্বিকভাবে বিপন্ন। সারা দেশে এর নমুনাসংখ্যা ১০০টি হবে কি না সন্দেহ। সম্ভবত টাঙ্গুয়ার হাওরেই এদের সবচেয়ে বড় দল আছে। এরা শীতকালীন পরিযায়ী পাখি। গোলাবাড়ীসংলগ্ন কবরস্থান মায় দুই হেক্টরের মতো খাসজমির ওপর অযত্নে বেড়ে ওঠা কিছু বরুণাগাছ, হিজল, নলখাগড়া এবং ঝোপঝাড়। সবচেয়ে উঁচু একটি বরুণাগাছে এক যুগ ধরে এক জোড়া কুড়ুল ঘরসংসার পাতছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসায় বাচ্চা নেই, তবে ডিম যে আছে, তা আমি একেবারেই নিশ্চিত। কারণ, মা-বাবার কোনো না কোনো একজন বাসা পাহারা দিচ্ছে এবং অর্বাচীন সব পাখিকে তাড়া করে বেড়াচ্ছে।প্রতিবছর ছবি তুললেও কুড়ুল পাখিদের কর্মচঞ্চলতা ক্যামেরায় না ধরলে যেন চলেই না।সূর্যহীন মেঘযুক্ত ও ইলশেগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নৌকা থেকে পাড়ে নেমে পিচ্ছিল পথ পেরিয়ে বরুণাবাগানে গেলেও কুড়ুল আমাকে কোনো তোয়াক্কাই করল না। আপন মনে সে তাক করে থাকল দুষ্টমতি কাক বা শঙ্খচিলের পথের দিকে, যারা সুযোগ পেলেই কুড়ুলকে হামলা করে। আর কাক কখনো-সখনো কুড়ুলের ডিমও বাচ্চা চুরি করে। একে তো আকাশে আলোর অভাব, তারপর যদি কালো কুক্কুট বা জলচরি কুট (ইউরেশিয়ান কুটের) পাখির বিশাল ঝাঁক পরিযায়ী বৃহৎ চিত্রা ইগলের হামলা থেকে বাঁচার জন্য বিলের পানি থেকে আকাশে উঠে আসে, তখন আকাশের যে কী বেহাল, তা বলা বাহুল্য।এবার আইইউসিএনের দুজন বিজ্ঞানী দীপু ও শাহরিয়ারের সঙ্গে আমাদের দুই দিনের পাখিগণনায় টাঙ্গুয়ার হাওরে যে ২৮-২৯ হাজার পাখি দেখেছি, তা চার ভাগের এক ভাগই ছিল জলকুক্কুট।পটলাইয়ের যে শাখা গোলাবাড়ীর পাশ দিয়ে গেছে, সেটা ধরে একটু এগোতেই পেলাম টাঙ্গুয়ার হাওর, যে দুই ডজন হাওরের সমাহারে গঠিত তার প্রথমটি।ভারতীয় প্রদেশ মেঘালয়ের তুড়া পাহাড়ের পাদদেশের বাংলাদেশ সীমানার প্রায় ১০০ বর্গকিলোমিটার জায়গাজুড়ে তাহেরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর। এখানে পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ গ্রামগঞ্জ ও কৃষিজমি। এখানকার ৭৬টি গ্রামে প্রায় ৫০ হাজার মানুষের বাস। কেবল শীত মৌসুমে যখন পানির স্তর নেমে যায়, তখন যে দুই ডজন বিল বা হাওর আছে, তার সীমানা জেগে ওঠে এবং প্রতিটির পাড় বা কান্দা জেগে ওঠে। কেবল কান্দার ভেতরের অংশেই শীতে আদি বিল থাকে এবং এর পেছনের যে শুকনো জায়গা, সেখানে গ্রামের লোকজন রবিশস্য ও বোরো ধানের চাষ করে। এ সময় এলাকাটি একটি গোচারণ ক্ষেত্রেও পরিণত হয়। আর বর্ষায় সব হাওর এক হয়ে একটি জলসমুদ্রে রূপ নেয়। তখন প্রতিটি বাড়ি বা ছোট ছোট গ্রামকে একেকটি ভাসমান দ্বীপ মনে হয়। কান্দায় ভিড় জমায় হাজারে-বিজারে পরিযায়ী পাখি। ওরা মূলত কালক্ষেপণ করা এবং রোদ পোহানোর জন্য ব্যবহার করে ওসব কান্দা। এখন তো আর কোনো কান্দা নেই। তাই পাখির রোদ পোহানোর জন্য বিভিন্ন এনজিও এবং সরকারি মন্ত্রণালয় মিলে বিভিন্ন হাওরে বাঁশ-কাঠ পুঁতে কিছুটা জাংলামতো বানিয়ে দিয়েছে, যার ওপর বসে পাখিরা ডানা শুকাতে পারে। বিশেষ করে, প্রহরের পর প্রহর ধরে রোদে ডানা মেলে অলসভাবে বসে থাকে ছোট ও বৃহৎ পানকৌড়ির প্রজাতি। আমরা বেশ কয়েকটি হাওরে—চটাইন্নার বিল ও তার খাল, রোয়া বিল, লেচুয়ামারা বিল, রুপাবই বিল, হাতির গাতা বিল, বেরবেরিয়া বিল, বাইল্লার ডুবি, তেকুন্না ও আন্না বিলে ঘুরে বেড়ানো, জলকেলি করা ও আপন মনে খাবার জোগাতে ব্যস্ত প্রায় ৪৭ প্রজাতির জলচরি পাখি বা ওয়াটারফাউলের মোট ২৮ হাজার ৮৭৬টি নমুনা দেখি। এর মধ্যে প্রধান ছিল কুট, মরিচা ভুঁতিহাঁস, পিয়ংহাঁস; সাধারণ ভুঁতিহাঁস, পান্তামুখী বা শোভেলার, লালচে মাথা ভুঁতিহাঁস, লালশির, নীলশির, পাতিহাঁস, বালিহাঁস, লেনজা, ডুবুরি, পানকৌড়ি প্রভৃতি। অভিনব সে দৃশ্য, যা নিজে চোখে না দেখে বিশ্বাস করা যাবে না যে কোটি কোটি মানুষের আমাদের এ দেশে এখনো হাজারে-বিজারে পরিযায়ী পাখি আসে এবং তাদের কলকাকলিতে মাতিয়ে রাখে দেশের বিল, বাঁওড় ও হাওর।দেশের টাঙ্গুয়ার হাওরের এই যে বিশাল পাখিসম্পদ—প্রায় ২৫০ প্রজাতি, মাছের ১৪০টি, ব্যাঙের ডজনের বেশি, সরীসৃপের অর্ধশতাধিক প্রজাতি ও অমেরুদণ্ডী প্রাণীদের সহস্রাধিক প্রজাতির আবাসস্থল—হাওর সংরক্ষণ এবং এসবের কেবল সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমেই এমন মনোরম দৃশ্য, নান্দনিক পরিবেশব্যবস্থা আমরা ধরে রাখতে পারব আমাদের আগামী প্রজন্মের জন্য।  লেখক: বিশিষ্ট বন্য প্রাণী বিশেষজ্ঞ, দুবাই চিড়িয়ািখানা প্রধান