নারী-স্বাধীনতা
আমাদের মৌখিক ঐতিহ্য প্রবাদ-প্রবচনে নারী প্রসঙ্গে দুটো কথা আছে। একটি শ্রদ্ধার—নারী মায়ের জাত। আর একটি অনুকম্পার—নারী পরের ভাগ্যে খায়। যেখানে নারী নিজের ভাগ্যে খায় আর পুরুষ নারীর ভাগ্যে বা তার অর্জনে খায়, সেখানে কেবল পুরুষতন্ত্রের মহিমায় কোনো পুরুষ কি ঊর্ধ্বতন মর্যাদা দাবি করতে পারবে?বিলীয়মান সামান্য কিছু মাতৃতান্ত্রিক সমাজ ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্র পুরুষতন্ত্র বিরাজ করে এসেছে। দেশভেদে তারতম্য থাকলেও পুরুষদের ধারণা দেওয়া হয় যে তারা নারীদের ঊর্ধ্বতন এবং নারী তাদের অধস্তন ব্যক্তি।পাশা খেলায় পণ, যুদ্ধে লব্ধ গানিমা বা পণ্য, সন্ধিবিগ্রহের উপাচার বা বিজয়ীর বরমাল্য হিসেবে নারীর মূল্য ছিল আকর্ষণীয় ও লোভনীয় বস্তু। পুরুষ শাস্ত্রকারকদের চিরন্তন অধস্তনতার বিধানে নারী আমৃত্যু পিতা, স্বামী ও পুত্রের অধীন অভিভাবকত্বে থাকবে। এমন অবস্থা শুধু হিন্দু সমাজে নয়, পৃথিবীর প্রায় সব পিতৃতান্ত্রিক সমাজে প্রচলিত ছিল। একসময় জার্মানদের মধ্যে কুকেন, কিন্টের ও কির্চে—রন্ধন, শিশু রক্ষণাবেক্ষণ ও ধর্মপালনে নারীর কর্মকাণ্ড নির্দিষ্টভাবে সীমিত ছিল। এখনো মানবসমাজের বৃহদংশে কন্যার চেয়ে পুত্রশিশুর মর্যাদা বেশি। ভারতে ভয়াবহভাবে কন্যা ভ্রূণ বিনষ্ট করা হচ্ছে। ভারতে অবশ্য বিবাহ ও উত্তরাধিকার আইন পাস করে হিন্দু আইনে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে। বাংলাদেশে এ ব্যাপারে হিন্দুদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই, বরং আশঙ্কা রয়েছে, উত্তরাধিকারের ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য তিরোহিত হলে এবং হিন্দু নারী যদি অহিন্দুকে বিয়ে করে, তবে অবিভক্ত হিন্দু পরিবারের ধারণা ভেঙে চুরমার হয়ে যাবে। বাংলাদেশের হিন্দু দায়ভাগ আইনে মহিলাদের উত্তরাধিকার-অধিকার বাংলাদেশের বাইরে হিন্দুদের মিতাক্ষরার চেয়ে তুলনামূলক ভালো ছিল।দক্ষিণ এশিয়ায় মুসলমান পারিবারিক আইনের সংস্কার হয়েছিল পাকিস্তানে এবং সামরিক শাসনের আওতায়। নির্বাচিত সরকারের সময় এমন সংস্কার সুকঠিন ছিল।ইসলাম ধর্মে নারীর অবস্থান তুলনামূলক ভালোই। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাদের ওপর পুরুষদের। পুরুষ যা অর্জন করবে তা তার প্রাপ্য, নারী যা অর্জন করবে তা তার প্রাপ্য। বিশ্বাসী হয়ে সৎকাজ করলে নারী ও পুরুষ উভয়েই জান্নাত লাভ করবে। পুরুষ নারীর কর্তা, তাদের এককে অপরের ওপর বিশিষ্টতা দান করা হয়েছে, আর তা এ জন্য যে পুরুষ তাদের জন্য ধনসম্পদ ব্যয় করে।মাওলানা মুহিউদ্দীন খান কর্তৃক অনূদিত তফসীরে মাআরেফুল-কোরআন-এর ৯৯৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ‘সহীহ্ বোখারীতে হযরত ইবনে আব্বাস (রা.) মতে বর্ণিত আছে, পারস্যবাসীরা তাদের সম্রাটের মৃত্যুর পর তাঁর কন্যাকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করেছিল। রসুলুল্লাহ (সা.) এই সংবাদ জানার পর মন্তব্য করেছিলেন, [...] যে জাতি তাদের শাসনক্ষমতা একজন নারীর হাতে সমর্পণ করেছে, তারা কখনও সাফল্য লাভ করতে পারবে না। এ কারণেই আলেমগণ এ বিষয়ে একমত যে, কোনো নারীকে শাসনকর্তৃত্ব, খেলাফত অথবা রাজত্ব সমর্পণ করা যায় না, বরং নামাযের ইমামতির ন্যায় বৃহৎ ইমামতি অর্থাৎ শাসনকর্তৃত্বও একমাত্র পুরুষের জন্য উপযুক্ত।’৪ সেপ্টেম্বর ২০০১ টাঙ্গাইলের সিঙ্গুরিয়ার এক নির্বাচনী পথসভায় কাদের সিদ্দিকী বলেন, ‘শূকর খাওয়া যেমন হারাম, নারী নেতৃত্বও তেমনি হারাম।’ নারী নেতৃত্ব সম্পর্কে ৮ সেপ্টেম্বর ২০০১ সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘রওশনকে প্রধানমন্ত্রী করা হলেও আমি নারী নেতৃত্ব মানব না।’ ওই দিন চরমোনাইয়ের পীর বলেন, তাঁর আন্দোলন নারী নেতৃত্বের বিরুদ্ধে।২৯ মার্চ ২০০২ রাজধানীর মুক্তাঙ্গনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা ফজলুল করীম বলেন, ‘১০ বছর ছয় মাস দেশে নারীর শাসন। হাদিসে উল্লেখ আছে, যে জাতির নেতৃত্ব দেয় নারী, তাদের কল্যাণ হতে পারে না।’ ২ নভেম্বর ২০০২ পিরোজপুরের এক ছাত্রসম্মেলনে চরমোনাইয়ের পীর বলেন, ‘নারী নেতৃত্বের বিরোধী জামায়াতের সেক্রেটারি পূজামণ্ডপে গিয়ে মেয়েদের হাতে গলায় মালা পরেন। আওয়ামী লীগ ইসলামের প্রকাশ্য শত্রু আর বিএনপি গোপন শত্রু। আওয়ামী লীগ মাদ্রাসায় হামলা চালিয়েছে এবং বিএনপি চালিয়েছে মসজিদে। এরশাদ ইসলাম ও আমার নেতৃত্ব মেনে নিয়েছেন। আমি কোনো দিন এরশাদের নেতৃত্ব মেনে নিইনি।’বর্তমানে দেশে বিবিধ কর্মকাণ্ডে নারী উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। কয়েক বছর আগে এক ঢাকা-চট্টগ্রাম বিমান ফ্লাইট নারী বৈমানিক ও ক্রুদের দ্বারা পরিচালিত হয়েছে। ১ জানুয়ারি ২০০৩ চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮৩তম বিশেষ কোর্সের এবং ৪৭তম লং কোর্সের জেন্টলম্যান ক্যাডেটদের কমিশনের সময় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ১২০ জন পুরুষ ক্যাডেটের পাশাপাশি ২০ জন মহিলা ক্যাডেট সাফল্যের সঙ্গে কমিশন পান। ১৬ জানুয়ারি ২০০৩ ডা. সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।নারী অধিকার প্রশ্নে মুসলিম জগতের কিছু নারী ব্যক্তিত্বের বক্তব্য উল্লেখ করা যাক। রশিদ ঘানুসির মতে, শ্রমিক শ্রেণীর স্বার্থসংরক্ষণ এবং নারী সম্প্রদায়ের অবনতি রোধে ইসলামি আন্দোলনের রয়েছে দুটো বড় ব্যর্থতা। নারী ও পুরুষের যে সমতা ইসলামে স্বীকৃত, তা বাস্তবে অবজ্ঞা করা হয়েছে। সমাজে পুরুষের সঙ্গে নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যাপারে অংশগ্রহণ করা বিধেয়। ইসলামের নিজের স্বারূপ্য ব্যতীত অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির স্বাধীনতা।আমিনা ওয়াদুদ একজন আফ্রিকান-আমেরিকান মুসলমান। তিনি মালয়েশিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর অধ্যাপনা করেন এবং কোরআন পাঠ ও তার বোধগম্যতার একটি নিজস্ব পদ্ধতিমালা সৃষ্টি করেছেন। তিনি বলেন, ‘আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, “আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি” (২:৩০) তার অর্থ হচ্ছে এই গ্রহে খিলাফা প্রতিটি মানুষের কর্তব্য। কোরআনের দৃষ্টিতে এই কর্তব্য পালন করা, মানুষের অস্তিত্বের কারণ। সুতরাং নারীরাও যে পূর্ণাঙ্গরূপে মানুষ, এটা অস্বীকার করা সমগ্র মানবতার প্রতি মৌলিক কর্তব্য পালনের ঐশ্বরিক নির্দেশ পালনে নারীর পূর্ণ সামর্থ্য অস্বীকার করার শামিল।’১৮ মার্চ, ২০০৫ আমিনা ওয়াদুদ নিউইয়র্কের ক্যাথিড্রাল অব সেন্ট জন দ্য ডিভাইনের সিনড হাউসে প্রায় ১০০ জন মুসল্লির সঙ্গে জুমার নামাজে ইমামতি করেন। মুসল্লিদের মধ্যে অর্ধেক ছিলেন নারী আর অর্ধেক পুরুষ। নামাজ শুরু করার আগে তিনি বলেন, ‘এই নামাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই একটা কাজ ইসলামের মধ্যকার সম্ভাবনার প্রতীক। আমি চাই ইসলামের পক্ষে যতটা ভালো হওয়া সম্ভব, ততটা হোক। আর নিজের ক্ষেত্রে আমি চাই, আমি যতটা ভালো মুসলমান হওয়ার সামর্থ্য রাখি, ততটা হই। আমার কাছে যা কিছু তথ্য আছে, তার ভিত্তিতে “মুখ বন্ধ করে বসে থাকতে হবে”, আমি এই তরিকায় ইসলাম পালন করতে রাজি নই। আমার মনের ভেতরে কী আছে, সে ব্যাপারে আমার সৎ থাকতে হবে, তা না হলে আমি তো একজন খিলাফা হতে পারব না।’ তাঁর মতে, ‘সপ্তম শতকের আরব সমাজের হিজাবের “সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে নির্ধারিত শালীনতা প্রদর্শন”কে বিশ্বজনীন করে তোলা হয়েছে। এটি বাস্তবে কোরআনের শিক্ষাকে পরিসীমিত করে এই অর্থে যে সব সংস্কৃতির শালীনতার ধারণা এক রকম নয়।’ ওয়াদুদের কথা হচ্ছে, ‘কোরআন আমাদের “শালীনতার” নীতির ব্যাপারে শিক্ষাদান করে...বোরখা পরা বা পর্দার অন্তরালে থাকার ব্যাপারে নয়, যা ছিল বিশেষ পরিপ্রেক্ষিতে [আরব সমাজে] নির্দিষ্ট।’ইন্দোনেশিয়ার এক অগ্রণী মানবাধিকারকর্মী লিলি জাকারিয়া মুনির বলেন, ‘আমাদের দেশের বহু পণ্ডিত গতানুগতিক ধারাতেই চলতে থাকেন। যেমন, তাঁরা বলবেন আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হচ্ছে জাকাত আদায় কিংবা সুদ নিষিদ্ধ করা, যদিও সেটা বৈশ্বিক অর্থনীতির সমস্যার সমাধানের জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয়।’‘রেডিক্যাল ইসলামি দলগুলোর এজেন্ডায় তাদের জন্য ইসলামের প্রতীক হচ্ছে হিজাব, পুরুষের দাড়ি নয়। এ কারণে তারা দাবি করে, মহিলারা হিজাব পরবে; কিন্তু পুরুষদের জিনস এবং টি-শার্ট পরার ব্যাপারে তারা চুপচাপ, এটাকে তারা ইসলামের জন্য ঝুঁকিপূর্ণ জিনিস হিসেবে দেখে না। আমি নিজে হিজাব পরি, কিন্তু যেভাবে কিছু মুসলমান দল এটাকে একটি অর্থহীন প্রতীকে দাঁড় করিয়েছে, তাতে আমি বিরক্ত বোধ করি।’মালয়েশিয়ার কেবাসবান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খালিজা মোহাম্মদ সাল্লেহ বলেন, ঐতিহ্যগতভাবে মুসলমান নারীদের স্ত্রী ও মা হিসেবেই দেখা যায়। জাতিগঠনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথম দরকার শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ। অন্যদিকে নারী-পুরুষ সম্পর্কে পরিবর্তন আনতে হবে। নারীকে পুরুষের অধস্তন না ভেবে শরিক হিসেবে গণ্য করলে নারী-পুরুষ উভয়ই উপকৃত হবে। এ পরিবর্তনে পুরুষকে পরিবারের গার্হস্থ্য দায়িত্ব পালনের ভাগিদার হতে হবে।ইহুদি বংশোদ্ভূত ধর্মান্তরিত মারইয়াম জামিলাহ মুসলিম দেশগুলোর সংস্কারগুলোকে শরিয়ার অঙ্গহানি বলে বর্ণনা করেছেন। পশ্চিমা মূল্যবোধের প্রতি একটা মানসিক দাসত্বের ফলে কেউ কেউ অযথা ইসলাম ধর্মের সংস্কারে অবতীর্ণ হয়েছেন। পর্দাপ্রথার অবসান ঘটিয়ে, সহশিক্ষা, নারীর ভোটাধিকার, ঘরের বাইরে পেশা গ্রহণ এবং দেশের প্রকাশ্য কর্মকাণ্ডে পুরুষের সঙ্গে অংশগ্রহণের তিনি তীব্র বিরোধিতা করেন। তাঁর মতে, নারীর ভূমিকা ভোটাধিকার নয়, গৃহে অবস্থান ও পরিবার সংরক্ষণ। ম্যাক্স লেরনারের সঙ্গে মতৈক্য পোষণ করে জামিলাহ বলেন, ‘আমরা ব্যাবিলনীয় সমাজে বাস করছি।’ তাঁর মতে, ‘নারীমুক্তির প্রত্যক্ষ ফল হচ্ছে সমাজে অপরাধের প্রাদুর্ভাব, অবৈধতা এবং অবৈধ যৌনাচারে অবাধ অংশগ্রহণ এবং পরিবারের সম্পূর্ণ ভাঙন।’ রক্ষণশীল মহলে বহু গ্রন্থের প্রণেতা জামিলাহর যথেষ্ট প্রভাব রয়েছে।তুরাবির মতে, পাশ্চাত্যকরণের প্রবক্তাদের হাতে ইসলামের সংস্কার ছেড়ে দেওয়া যায় না। নারী ও পুরুষ উভয়ের মুক্তির জন্য, ইতিহাস ও প্রথা থেকে মুক্তির জন্য আমাদের সচেষ্ট হতে হবে।নারী-স্বাধীনতা সম্পর্কে রোকেয়া (১৮৮০-১৯৩২) বিংশ শতাব্দীর প্রথমার্ধে বলেন, ‘স্বাধীনতার অর্থ পুরুষের ন্যায় উন্নত অবস্থা বুঝিতে হইবে।...পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয়, তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করিলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে আমরা লেডি-কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি-ম্যাজিস্ট্রেট, লেডি-ব্যারিস্টার, লেডি-জজ সবই হইব, পঞ্চাশ বৎসর পর লেডি Viceroy হইয়া এ দেশের সমস্ত নারীকে “রানী” করিয়া ফেলিব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, না বুদ্ধি নাই? কী নাই? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিব না?...আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব। ভারতে বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন, কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজেরা অন্নবস্ত্র ও উপার্জন করুক।’পাকিস্তানে নিখিল মহিলা সমিতির (এপিডব্লিউএ) তৎপরতা সমাজসেবায় কেন্দ্রীভূত ছিল। ১৯৭০ সালে তৎকালীন আন্দোলনমুখর অবস্থায় ৪ এপ্রিল ১৯৭০ পূর্ব পাকিস্তান মহিলা পরিষদ গঠিত হয়। বেগম সুফিয়া কামাল ও মালেকা বেগম যথাক্রমে সভাপতি ও সম্পাদক ছিলেন। ওই প্রতিষ্ঠান স্বাধীনতার পর বাংলাদেশ মহিলা পরিষদ হিসেবে অভিহিত হয়।সাম্যবাদী আন্দোলনের সঙ্গে দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে না পারলেও একাধিক নারী কারাবাসের দুঃখ-যন্ত্রণা ভোগ করে নারীর অগ্রসরতার পরিচয় দেন। সমাজে কিছুটা সুস্থ প্রভাব পড়ে। তাঁদের মধ্যে রয়েছেন সিলেটের লীলা রায়, সুহাসিনী দাস, হেনা দাস, অনিতা, সুষমা, অপর্ণা পাল চৌধুরী, বরিশালের মনোরমা বসু, পুতুল দাশগুপ্তা, সুজাতা দাশগুপ্তা, ভোলার ছবি বসু, ময়মনসিংহের অংশমণি হাজরা, ভদ্রমণি হাজং, পাবনার লিপি চক্রবর্তী, নওগাঁর রেখা চৌধুরী, ঢাকার রানু মুখার্জি, খুলনার ভানু দেবী, গাইবান্ধার দৌলতন্নেছা খাতুন প্রমুখ। প্রগতিবাদী দুই নারী সুফিয়া কামাল ও জাহানারা ইমাম নারী জাগরণের দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তি। নর ও নারীর সম্পর্ক প্রসঙ্গে মার্কস বলেন, ‘এই সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করে পুরুষ মানুষ কোন মুহূর্তে নিজেকে মানবজাতির সামগ্রিক সত্তা হিসেবে বিবেচনা করে। নর ও নারীর সম্পর্ক একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সবচেয়ে স্বাভাবিক সম্পর্ক। তাই এর দ্বারা দেখানো হয় কোন মুহূর্তে পুরুষের স্বাভাবিক আচরণ মানবিক হয়েছে বা কোন মুহূর্তে মানবসত্তা তার স্বাভাবিক সত্তা লাভ করেছে, কোন পর্যন্ত তার মানবিক স্বভাব তার স্বভাবে পরিণত হয়েছে।’১৮৮৪ সালে ফেডারিক এঙ্গেল্স্ তাঁর দ্য ওরিজিন অব দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট গ্রন্থে বলেন, শিকার ও খাদ্য সংগ্রহের ভিত্তিতে যেসব সমাজ প্রতিষ্ঠিত, যেখানে জনজাতির সবাই শ্রম দান করে এবং সব সম্পত্তি সমপ্রদায়ের মালিকানাভুক্ত, সেখানে নারী কোনো দ্বিতীয় স্থান ভোগ করত না। তিনি উল্লেখ করেন, ‘নারীর অধস্তনতার অভ্যুদয় ঘটে ব্যক্তিগত সম্পত্তির ওপর ভিত্তি করে যখন নির্দিষ্ট শ্রেণীসমাজ গড়ে ওঠে। এঙ্গেল্স্ এই মত, পোষণ করেন যে পুরুষ প্রাধান্য কম-বেশি বিশ্বের বিভিন্ন সভ্যতায় পরিলক্ষিত হয়, তা দুই লিঙ্গের মধ্যে কোনো দেহগত বৈশিষ্ট্যের জন্য নয়, বরং কালক্রমে তা ঐতিহাসিকভাবে নির্ধারিত হয়ে গেছে। শ্রেণীবিভক্ত সমাজে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পুরুষের ওপর বর্তালে নারীর অধস্তনতা বিকাশ লাভ করে।’যখন এঙ্গেল্স্ ওই সব মতামত প্রকাশ করেন, তখন নৃতত্ত্বের শৈশাবস্থা। গত কয়েক দশকে যেসব নৃতাত্ত্বিক গবেষণা হয়েছে তাতে দেখা যায়, কয়েক লাখ বছর ধরে যে শিকারি ও খাদ্য-সংগ্রাহকদের সমাজ টিকে থাকে, সেসব সমাজ ছিল মূলতই লিঙ্গবৈষম্যবিহীন। দৃষ্টান্তস্বরূপ, আমরা নিউগিনির দক্ষিণ-পূর্বস্থ এক জনবিরল দ্বীপ ভানাতিয়ালের কথা উল্লেখ করতে পারি। ড. মারিয়া লেপোস্কি তাঁর ফ্রুট অব মাদারল্যান্ড গ্রন্থে বলেন যে জনবিরল ভানাতিয়াল দ্বীপে নারীর ওপর পুরুষের প্রাধান্য বা পুরুষের বাধ্যবাধকতা আরোপের কোনো অবকাশ নেই। পুরুষ ও নারী উভয়ই তাদের স্ব স্ব ক্ষেত্রের কর্মকাণ্ডে সম্মানের সঙ্গে সবার স্বার্থে কাজ করে। নারীরা মূল্যবান দ্রব্যের উৎপাদন ও বিতরণ নিয়ন্ত্রণ করে এবং সম্পত্তির উত্তরাধিকারী হয়। উৎসবে, পরামর্শসভায় নারী ও পুরুষ উভয়েই সমানভাবে অংশ নেয়। বরং নারী জাদুবিদ্যা ও ‘পূর্বপুরুষদের প্রথা’র ব্যাখ্যার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। পুরুষদের শিশুসেবার ভার নিতে দেখা যায়। তাদের ভাষায় কোনো লিঙ্গবৈষম্য নেই। নারী ও পুরুষ নির্দেশ করতে সর্বনাম পদে কোনো পার্থক্য করা হয় না। ওই দৃষ্টান্ত থেকে এটা পরিষ্কার, পুরুষের কাছে নারীর অধস্তনতা সর্বজনীন মানবিক ব্যাপার নয় এবং তা অবশ্যম্ভাবীও নয়।নারী অধিকার প্রশ্নে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এক মনীষীর কিছু কথা। ডেভিড বারস্ মিয়ানের সঙ্গে আলাপচারিতায় নোয়াম চমস্কি বলেন, ‘আপনি যদি আমার ঠাকুরমাকে জিজ্ঞাসা করতেন তিনি নিপীড়িত কিনা, আপনি কী বলছেন তিনি সে কথা বুঝতে পারতেন না। আপনি যদি আমার মাকে জিজ্ঞাসা করতেন, তিনি জানতেন যে তিনি নিপীড়িত এবং তিনি ক্ষুব্ধ, কিন্তু প্রকাশ্যে এ নিয়ে প্রশ্ন করতেন না। তিনি আমার বাবা ও আমাকে রান্নাঘরে যেতে দিতেন না, কারণ সেটা আমাদের কাজ ছিল না। আমাদের কাছ থেকে আশা করা হতো লেখাপড়ার মতো গুরুত্বপূর্ণ কাজ। তিনি অন্য সব কাজ করবেন। এখন আপনি আমার কন্যাদের জিজ্ঞাসা করুন যে তারা নিপীড়িত কি না, তারা কোনো আলাপ করবে না। তারা সোজা বাড়ি থেকে আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। সম্প্রতি বিশেষভাবে উল্লেখযোগ্য পরিবর্তন চেতনার এবং সামাজিক আচরণে একটা নাটকীয় পরিবর্তন ঘটে গেছে।‘আজ আপনি এমআইটি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলাফেরা করুন। চল্লিশ বছর আগে আপনি কেবল দেখতেন সুসজ্জিত শ্বেতকায় মানুষ, যাঁরা তাঁদের বয়োজ্যেষ্ঠদের সমীহ করতেন ইত্যাদি। আজ সেই হলে আপনি গেলে দেখবেন তাঁদের মধ্যে অর্ধেক নারী, এক-তৃতীয়াংশ সংখ্যালঘু, লোকে অনানুষ্ঠিক পোশাক পরিহিত। এগুলো তাৎপর্যহীন পরিবর্তন নয়। আর এমন পরিবর্তন ঘটেছে সমাজের সর্বত্র।‘আমাদের ঠাকুরমা বা মায়ের মতো মেয়েদের যদি এখন বাস করতে না হয়, মর্যাদা-পরম্পরা ভেঙে গেছে। যেমন আমি সম্প্রতি জানলাম, ম্যাসাচুসেট্স শহরে, যেখানে আমি বাস করি—একটা পেশাদার মধ্যবিত্তদের শহর—আইনজীবী, ডাক্তার ইত্যাদি সব,—পুলিশ বিভাগের একটা বিশেষ শাখা রয়েছে, যা শুধু ৯১১ টেলিফোনে গার্হস্থ্য সন্ত্রাসের সংবাদাদি গ্রহণ করে থাকে। এমন কোনো জিনিস কী ত্রিশ বছর বা এমন কী বিশ বছর আগে ছিল। এ ছিল অকল্পনীয়। এটা কারও কোনো বিষয়ই ছিল না যদি কেউ তার স্ত্রীকে মারপিট করেছে। এটি মর্যাদা-পরম্পরায় পরিবর্তন। অবশ্যই। আর, এটি একটি সামান্য এক অংশ সামাজিক পরিবর্তনের বিশাল পটভূমিতে।‘কীভাবে এই পরিবর্তন এলো? নিজেকে জিজ্ঞাসা করুন, কীভাবে পরিবর্তন এলো আমার ঠাকুরমার কাছ থেকে মায়ে এবং মায়ের কাছ থেকে আমার কন্যাদের মাঝে? কোনো মহানুভব শাসকের পুণ্য নয় যিনি নারীদের অধিকার প্রদানের আইন প্রণয়ন করেন। এর বেশির ভাগ প্রজ্জ্বলিত হয় তরুণদের সক্রিয় আন্দোলন এবং নারীদের বাম আন্দোলন থেকে।‘এক পর্যায়ে লোকে বুঝতে পারে ক্ষমতা ও আধিপত্যের কাঠামো কী এবং এ সম্পর্কে কিছু করতে চায়। সেই জন্য ইতিহাসে পরিবর্তন এসেছে। কেমনভাবে ঘটেছে, আমি বলতে পারবো না। তবে আমাদের সকলেরই তা করার ক্ষমতা রয়েছে।‘আমার দরিদ্র পরিবারের ঠাকুরমার সাত সন্তান—তখনকার দিনে শিশুরা বাঁচতো না। যারা বেঁচেছিল তাদের প্রথম ছয়জন মেয়ে, সপ্তমটি একটা ছেলে। মেয়েরা নয়, ছেলে বলে কলেজে যায়। আমার মা চৌকষ হলেও তাকে কলেজে নয়, কেবল নর্মাল স্কুলে যেতে দেওয়া হয়। আর তার চারদিকে ছিল সব পিএইচডি ভদ্রলোক, আমার বাবার বন্ধুরা—আর তিনি এ নিয়ে বড় বিরক্তি বোধ করতেন। একটা কথা তিনি জানতেন তিনি তাঁদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী। বস্তুত, আমি যখন বাচ্চা, যখন বাসায় কোনো আপ্যায়ন হতো, পুরুষরা সব লিভিং রুমে যেত। মেয়েরা খাবার ঘরে জড়ো হয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলতেন। বাচ্চা হিসেবে আমি মেয়েদের কাছে যেতাম, কারণ তাঁর আকর্ষণীয় বিষয়ে কথা বলতেন। তাঁরা ছিলেন প্রাণবান। আকর্ষণীয়, বুদ্ধিমান, রাজনৈতিক। পুরুষরা সবাই পিএইচডি, বড় অধ্যাপক বা পুরোহিত, বেশির ভাগ সময় বাজে কথা বলতেন। আমার মা এসব জানতেন এবং বড় অপছন্দ করতেন। কিন্তু এ নিয়ে যে কিছু করা যায় তা নিয়ে তিনি ভাবেননি।‘গম্ভীর আন্দোলন অনেক সময় সত্যিকারের নিপীড়িতদের মধ্য থেকে আসে। আবার অন্য সময় আসে বিশেষ অধিকারভোগীদের মধ্য থেকে।’জাতিসংঘের এক সমীক্ষা অনুযায়ী নারী পৃথিবীর দুই-তৃতীয়াংশ কর্ম সমাধা করে থাকে এবং ৪৫ ভাগ খাদ্য উৎপাদন করলেও তারা আয়ের শতকরা ১০ ভাগ এবং সম্পত্তির শতকরা এক ভাগ মালিকানা ভোগ করে। সাম্যবাদ সূচনালগ্ন থেকে নারীমুক্তির কথা বলে আসছে এবং সে সঙ্গে এও বলেছে যে পুঁজিবাদী সমাজ নির্মূল না হলে নারী-অধস্তনতা দূর করা যাবে না। নারীবাদ ও সাম্যবাদের মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও দুই মতবাদের বিশ্বধারণা দুই রকম। এ ক্ষেত্রে মানবসমাজ লিঙ্গভেদে স্বতন্ত্র ও পৃথক, অন্য ক্ষেত্রে পার্থক্য বৈষম্য সামাজিক শ্রেণীবন্ধতার কারণে। নারীবাদ তার আন্দোলন স্বতন্ত্র রাখতে চায়। তার আশঙ্কা সাম্যবাদ পুরুষতন্ত্রের আরেক রূপ।প্রথম মহাযুদ্ধের পূর্বে নারীবাদের প্রথম তরঙ্গ উচ্চশিক্ষা, সম্পত্তি ও ভোটাধিকার অর্জনের লক্ষ্যে চালিত হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের পর নারীবাদের দ্বিতীয় তরঙ্গ ধাবিত হয় সমাজের মূল স্রোতে পূর্ণ অংশগ্রহণের দাবিতে। ১৯৬০-এর দশকের শেষ দিকে নারী আন্দোলন পুনরুজ্জীবিত হওয়ার আগে নারী-পুরুষের মধ্যকার বৈষম্য বিষয়টি উদারপন্থী বা সাম্যবাদীদের তেমন দৃষ্টি আকর্ষণ করেনি। আন্তর্জাতিক ক্ষেত্রে আফ্রিকার নারী লিঙ্গে শৈলাঘাত, এশিয়ার কন্যাশিশুর হত্যা এবং মুসলিম বিশ্বের বোরকা বা হিজাব প্রশ্নের অবতারণা করা হয়। পুরুষতন্ত্রের মধ্যে যে অন্তর্নিহিত শ্রেণীপ্রাধান্য বিরাজ করে সে-সম্পর্কে কোনো গভীর আলোচনা হয়নি। সাম্যবাদ মনে করে শ্রেণী-বিরোধ ইতিহাসের মূল চালিকাশক্তি এবং নারী-পুরুষের পার্থক্য অসন্ধের বা পরাহত নয়। তবে অস্বীকার করার উপায় নেই প্রত্যেক সমাজে নারী নির্যাতনের প্রধান দায়ক পুরুষই।র্যাডিক্যাল নারীবাদের কথা, নারী-পুরুষ বৈষম্য দেহগত এবং সামাজিক ইতিহাস-প্রসূত নয়। নারী মুক্তির জন্য প্রয়োজন প্রযুক্তিগত পরিবর্তন, অধিকতর গর্ভনিরোধ এবং চূড়ান্ত সমাধান গর্ভের বাইরে গর্ভধারণ। মৌলবাদী এই নারীবাদের সঙ্গে মতৈক্য পোষণ না করেও ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রেড স্টকিংস ম্যানিফেস্টো লালমোজার ইশতেহার এক সদৃশ উপসংহারে পৌঁছায় যে নারী একটি শ্রেণী এবং নিপীড়িত শ্রেণী আর সেই নিপীড়নের দায়ক হচ্ছে পুরুষ। পুরুষ-প্রাধান্য সর্বপেক্ষা প্রাচীন নিপীড়ন ব্যবস্থা এবং অন্যান্য শোষণ বা নিপীড়ন তা বর্ণবৈষম্য, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, যা-ই রূপ ধারণ করুক না কেন তা সেই পুরুষ আধিপত্যবাদের রকমফের।[সেলিনা বাহার জামান স্মারক পঞ্চম বক্তৃতা, ৩ ডিসেম্বর ২০১০, সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর] [আগামী সংখ্যায় সমাপ্য]