নারী-স্বাধীনতা
শেষ অংশআরেক মৌলবাদী নারীবাদের বক্তব্য, নারী-পুরুষজনিত পার্থক্য আমাদের জন্মের—জিনসের কারণে। যে নারীর ‘শত্রুর’ সঙ্গে সহবাস করে, সে সন্দেহজনক ব্যক্তি। নরবিমুক্ত পন্থায় নারীর যৌন সন্তুষ্টির পথ আবিষ্কার করতে পারাই নারীবিপ্লবের মূল কথা। যতক্ষণ পর্যন্ত সব নারী নারী-সমকামী না হচ্ছে, তত দিন পর্যন্ত, সত্যিকারের রাজনৈতিক বিপ্লব অর্জিত হবে না।সাম্যবাদ ও নারীবাদ তত্ত্বের সমন্বয় সাধন করা সম্ভব হয়নি। ঐক্য বা সংহতির বাস্তবজগতে শ্রেণীবৈষম্যের মধ্যে নারীদের ঐক্য বা সংহতির অবকাশ নেই। যেমন অবকাশ নেই লিঙ্গনিরপেক্ষ সর্বাহারাদের ঐক্য বা সংহতি অর্জনের। তবে দুনিয়ার মজদুর এক হোক বলা গেলেও, দুনিয়ার নারী এক হোক স্লোগানের অবকাশ আছে কি?১৯৭০ দশকের সাংস্কৃতিক নারীবাদ পুরুষের লোভ-লালসা, আগ্রাসন ও আত্মম্ভরিতার বিপক্ষে নারীর যত্ন, সেবা, উষ্ণ আবেগ ও অংশ নেওয়ার মূল্যবোধের ওপর জোর দেয়। নারীর কীর্তি পুরুষের ইতিহাসে শুধু উপেক্ষিত নয়, অপহূতও। নারীর মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ, অবকাশ বা স্বীকৃতি পাওয়া যায় না। ইতিহাসে নারীর অনুল্লেখ নারীর দুঃখযন্ত্রণা এবং শোষণ-নিপীড়নকে খেলো করে দেখেছে।সাম্যবাদীদের মতে, নারী-পুরুষ বৈষম্যের অবসানকল্পে পূর্ণ সাফল্য অর্জন করা রাষ্ট্রের পুঁজিবাদী কাঠামোয় সম্ভব নয়। উৎপাদনের মাধ্যম হিসেবে যত দিন ব্যক্তিগত সম্পত্তি এবং বিশেষ অধিকার ও অসাম্য বিরাজ করবে, তত দিন অন্যান্য সামাজিক নিপীড়নের মতো নারীর নিপীড়ন বন্ধ করা যাবে না। আপাতদৃষ্টিতে মনে হয় লিঙ্গভিত্তিক নয়, রাজনীতিভিত্তিক প্রয়াসই নারীর মঙ্গলার্থে ফলপ্রসূ হতে পারে। জন্মশাসন, গর্ভপাত, স্বাস্থ্যসেবা, শিশুসেবা, চাকরি-বাকরির ক্ষেত্রে নারীর যেসব অভিষ্ট সাধন হয়েছে, তার সবই রাজনৈতিক কারণে এবং আইনপ্রণয়নে। আইনের পক্ষে সমান আশ্রয় পাওয়াই নারীবাদের সম্ভাব্য সাফল্য অর্জনের প্রধানতম উপায়। ১২ ডিসেম্বর ১৮৬৮ সালে লুডভিগ কুগেলকে লেখা এক পত্রে কার্ল মার্কস বলেন, ‘যে কেউ ইতিহাসে কিছু জানলে সে জানবে যে নারীজাগরণ ছাড়া কোনো বড় সামাজিক বিপ্লব সম্ভব নয়।’জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষ ভেদের মধ্যে নারী-পুরুষ প্রশ্নটি অতি সাম্প্রতিককালের। এখনো অনেক বিষয় বিতর্কিত। মানবসমাজের সর্বত্র নারী ভোটাধিকার পায়নি। কোনো কোনো দেশে একা চলার ক্ষেত্রে বিধি-নিষেধ রয়েছে; মোটরগাড়ি চালানো একেবারে নিষিদ্ধ। গর্ভপাতের ক্ষেত্রে নারীর কোনো অধিকার স্বীকার করা হয় না। সমকামীদের মধ্যে বিবাহ বা সমকামীদের দত্তক গ্রহণের প্রশ্নটি অত্যন্ত বিতর্কিত। ইসলাম ধর্মে দত্তক গ্রহণ সিদ্ধ নয়। হিন্দুধর্মে কন্যাশিশু দত্তক নেওয়া যায় না।জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষ-নির্বিশেষে সবাই আইনের সমক্ষে সমান আশ্রয় পাওয়ার অধিকারী—এই নীতি আজ বহু দেশে সাদামাটাভাবে স্বীকৃত, কিন্তু জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষবিশেষে যে ভেদ রয়েছে, তা এখনো অনেক দেশে আইনি স্বীকৃতি না পেলেও সমাজে বেশ চল রয়েছে। সাম্যের অভিমুখে মানবসমাজ অনেক এগিয়েছে। সাধারণভাবে সাম্য সবার কাম্য হলেও, তার অবধি ইয়ত্তা সীমা ও শ্রেণীবিভাগ নিয়ে বিতর্কের শেষ নেই।মানবসমাজে বিরাজমান অবস্থায় অসাম্য এমন এক বাস্তবতা, যার পরিবর্তনে কল্যাণকামী মানুষ সাম্যের কথা বলছে। সাম্য প্রতিষ্ঠায় যে আমূল পরিবর্তনের আশঙ্কা রয়েছে, সেইভাবে স্বার্থপর মানুষ দুশ্চিন্তাও করে। বঙ্কিমচন্দ্র সাম্যের ওপর যে বই লিখেছিলেন, তা পরে তিনি প্রত্যাহার করে নেন। নজরুলের মতো দ্ব্যর্থহীন কণ্ঠে বলা সহজ নয়, ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের সব নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ২৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী: রাষ্ট্রধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা বা শর্তের সম্মুখীন হতে হবে না এবং যেকোনো অনগ্রসর এলাকার নারী বা শিশু অথবা নাগরিকদের উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী: রাষ্ট্রের কর্মে নিয়োগের ব্যাপারে সব নাগরিকের সমান সুযোগ থাকবে এবং কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক রাষ্ট্রের কর্মে নিয়োগ বা কর্মলাভের অযোগ্য বলে বিবেচিত হবেন না অথবা তাঁর প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। যে আইনের বিধান বা পরিণতি চ্যালেঞ্জ করা হচ্ছে, তা অন্যায্য এবং অযৌক্তিক হলে সংবিধানের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বৈষম্যের কারণ অবশ্যই আশু ও প্রত্যক্ষ হতে হবে। ডালিয়া পারভীন বনাম বাংলাদেশ বিমান ৪৮ ডিএলআর ১৩২ ও রাবেয়া বসরি আইরিন বনাম বাংলাদেশ ৫২ ডিএলআর ৩০৮—দুই মামলায় ফ্লাইট স্টুয়ার্ডদের অবসরের ক্ষেত্রে নারীদের জন্য ৩৫ এবং পুরুষদের জন্য ৪৪ বছর পরিষ্কার বৈষম্যমূলক। শামীমা সুলতানা সীমা বনাম বাংলাদেশ ৫৭ ডিএলআর ২০১ মামলায় হাইকোর্ট সিদ্ধান্ত দেন, সাধারণ আসনে নির্বাচিত কমিশনার ও নারীদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত কমিশনারের ভেতর মহানগর পৌর করপোরেশন আইনে কোনো বৈষম্য করা চলবে না।৪ এপ্রিল ২০০২ বাংলাদেশ মহিলা পরিষদের দশম সম্মেলনে আমি বলি, নারীর ‘মুক্ত বিহঙ্গের বক্তব্য হতে পারে, আমি একাই এক শ। আমি অর্ধেকে বিশ্বাস করিনি। আমি পুরুষের উপগ্রহ নই। আমি তার গলগ্রহও হতে চাই না। আকাশ আমার, পৃথিবী আমার, জীবন-জরায়ু আমার। এই সব আমার সম্পত্তি। এর মধ্যে কেউ ভাগ চাইলে তাকে গলবস্ত্র হয়ে বিনীতভাবে যা সে পাওয়ার যোগ্য, তা চাইতে হবে। পরে আমি ভেবে দেখব, তার কোনো হক আছে কি না। আলাই-বালাই পুরুষের না-হক পীড়াপীড়ি থেকে দূরে থাকার জন্য আমি শুধু স্বয়ম্ভর নই, আমি আত্মনির্ভরশীলও বটে। আমি কারাতে ও যুযুৎসু দুটোই জুতসই শিখে নিয়েছি।’৮ মার্চ ২০০৮-এ যে জাতীয় নারী উন্নয়ননীতি ঘোষিত হয়, সেখানে স্থাবর-অস্থাবর সম্পত্তিতে নারীর সমান অধিকার, নারীদের জন্য সংসদের এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ এবং প্রত্যক্ষ ভোটের জন্য সুপারিশ করা হয়। এই নীতির বিরুদ্ধে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। ২৭ মার্চ ২০০৮ ওই মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদকে সভাপতি করে সরকার ২০ সদস্যের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে। ওই কমিটি নারীনীতির পাঁচটি অনুচ্ছেদ বিলোপ, ১২টি সংশোধন ও দুটি অনুচ্ছেদের সংশোধন সুপারিশ করেন। সম-অধিকারের পরিবর্তে ন্যায্য অধিকার প্রতিস্থাপিত হতে হবে। ওই কমিটিতে কোনো নারীসদস্য ছিলেন না, বিধায় নারীপক্ষ ওই সুপারিশ গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করে। ১৮ এপ্রিল ২০০৮ দেশের প্রতিটি মসজিদে ১৮৮ জন ইমাম, ওই সব সুপারিশের পক্ষে মন্তব্য করেন। সরকারের কথা, কোরআন-সুন্নার পরিপন্থী কোনো আইন হবে না। ২২ এপ্রিল ২০০৮ ‘জাতীয় নারী উন্নয়ন নীতি’ শীর্ষক এক আলোচনায় প্রথমবারের মতো আলেমদের একাংশ বলেন, ‘কোরআনবিরোধী কোনো ধারা নারীনীতিতে নেই।’ মাওলানা জিয়াউল হাসান বলেন, সম্পত্তিতে নারীর উত্তরাধিকার অর্ধেকের কথা বলা হলেও তার অধিক দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। প্রশ্ন হচ্ছে, বর্তমান জগতে অত্যাধুনিক প্রযুক্তির বদৌলতে যখন নারী-পুরুষের মতো সমান দক্ষতায় তার কর্তব্যকর্ম সমাধান করতে পারছে, তখন কোনো মুখে পুরুষ তার এক কাঠি অতিরিক্ত কর্তৃত্বের কথা দাবি করবে?আমাদের দেশের হিন্দুধর্মে দুই প্রধান দেবী দুর্গা ও কালী ছাড়াও একাধিক মাতৃকাদেবী চোখে পড়ে। মধ্যযুগে শ্রীলঙ্কার এক তীর্থযাত্রী এত মাতৃকাদেবীর পূজা লক্ষ করে মন্তব্য করেন, সব পান্ডাদের কড়ি-উপার্জন করার। আমাদের দেশের রাজনীতিতে নারীর প্রভাব অসামান্য। দুই প্রধান নেত্রী দুই প্রধান রাজনৈতিক দলকে এতিম অবস্থায় পেয়ে অঞ্চলে আশ্রয় দিয়েছিলেন। দেশের সাধারণ লোক বরাবরই দুজনকে একসঙ্গে দেখতে চায়।আমাদের দেশের ইতিহাসে এবার পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ার ঘটনা ঘটেছে। ছবিওয়ালা ভোটার তালিকার বিরুদ্ধে ভুয়া ভোটার তালিকাভুক্তির কোনো অভিযোগ নেই। নারীরা ভোটার হতে নিবন্ধনকেন্দ্রে আসবে না, সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।পাশ্চাত্য ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাবে সমাজে নারীর অবস্থার পরিবর্তন ঘটে। খ্রিষ্টান মিশনারির ধর্মপ্রচার সহজ করার জন্য দেশীয় আইনে পরিবর্তন আনা হয়, ধর্মত্যাগের জন্য দণ্ডদান বা ভোগান্তি প্রায় তিরোহিত হয়। ধর্মবিধানে যে-নারী যে-পুরুষকে বিয়ে করতে পারত না, তা আজ আদালতি বিবাহে সিদ্ধ। ধর্মীয় নেতাদের ফতোয়া দিয়ে শাস্তিবিধান আইনবিরুদ্ধ বলে সর্বোচ্চ আদালত ঘোষণা দিলেও প্রত্যন্ত ও গ্রামীণ আবহাওয়ায় দোররা মারার সংবাদ আমরা এখনো পাই।জন্মনিরোধ পদ্ধতির জন্য নারীর স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে, স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে নারী-পুরুষের কর্মক্ষেত্রে বিভাজন অনেক দূর হয়েছে। সারা পৃথিবীতে অবশ্য জাতিসংঘের বৈষম্য বিলুপ্ত-সম্পর্কিত কনভেনশন এখনো সম্পূর্ণভাবে গৃহীত হয়নি। ধর্মান্ধতা, ধর্মীয় সন্ত্রাস এবং আইনশৃঙ্খলার অবনতিতে পুরুষের চেয়ে নারী বেশি ক্ষতিগ্রস্ত ও প্রতিকারহীন হয়ে পড়ে।আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সরকারি সংসদীয় দলের নেত্রী ও উপনেতা এক মাহেন্দ্রকামিনীযোগে যে সাফল্য অর্জন করেছেন, তাতে লোকে আশা করতেই পারে যে দেশে মা-বোনদের অবস্থার উন্নতি হবে। কিন্তু পরিতাপের বিষয়, কেবল আইনশৃঙ্খলার অবনতির কারণে অ্যাসিড-নিক্ষেপ ও নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইভ টিজিংয়ের মতো অসদাচরণ হত্যা ও আত্মহত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূক্ষ্ম বাঁধন-কষনে ব্রিটিশ শাসকেরা অপরাধসংহিতা এবং ফৌজদারি কার্যবিধির দ্বারা একসময় দক্ষিণ এশিয়ায় তাদের সব উপনিবেশে শান্তি রক্ষা করেছিলেন। এখন সেই অপরাধসংহিতা সংশোধন করে আমরা কূল পাচ্ছি না, কীভাবে আমরা নারী নির্যাতন বন্ধ করতে পারি। নারী নির্যাতন রোধ আইনের সুযোগে দেশে এক দিনে বহু মিথ্যা মামলা হচ্ছে। অন্যদিকে, সত্য মামলা সঠিক তদন্তের অভাবে এবং আইনের মারপ্যাঁচে ডিসমিস হয়ে যাচ্ছে। এ অবস্থায় শুধু নারীর নয়, নারী-পুরুষ-নির্বিশেষে সবাই এক নির্যাতনমূলক নৈরাজ্যের দুর্ভাবনায় দিশেহারা। সুষ্ঠু আইনের শাসন ছাড়া আমাদের গত্যন্তর নেই।৩০ এপ্রিল ২০০৮ কর্মজীবী নারী আহূত এক জাতীয় সম্মেলনে আমি যে কথা বলেছিলাম, তার পুনরুল্লেখ করে এখানে আমার বক্তব্য আমি শেষ করছি: ‘নারী-পুরুষ সম্পর্কে শেষ কথা এখনই কি বলা যাবে? আমাদের চেতনার কাঠামো ও ভাবাদর্শে আমরা কি নতুন কিছু নির্মাণ করতে পারব? নাকি পশ্চিম থেকে নতুন ভাবধারার অপেক্ষায় থাকব? আজ বিশ্বায়নের যুগে আমরা যেমন দিশাহারা তেমনি নতুন দিশার প্রত্যাশী। পশ্চিম সভ্যতার মুখোমুখি প্রাচ্য কেমন করে তা মোকাবিলা করবে সেটা আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়। আমাদের সাফল্য নির্ভর করবে বহু জিনিসের ওপরে। নারীদের নিজেদের মুক্তির সঙ্গে দেশের অন্যান্য বঞ্চিত-অবহেলিত সব গোষ্ঠীর মুক্তির কথা ভাবতে হবে। নারীর পুরুষ সঙ্গী তো তার মিত্র হতে পারে। এবং নারী-পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার ওপর সব বঞ্চিত-অবহেলিতদের মুক্তি নির্ভর করছে।’[সেলিনা বাহার জামান স্মারক পঞ্চম বক্তৃতা, ৩ ডিসেম্বর ২০১০, সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর]