নারীজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘খুব জরুরি কথা আছে, একটু বাসায় আসতে পারবি?’—সকালে তমিমের এসএমএস পেলাম। বিকেলে না বলে-কয়ে চলে গেলাম ওর বাড়িতে। তমিমকে দেখে আমার মনে যে শব্দটি ঘুরপাক খেল, তা হলো—‘সর্বনাশ’।
একটা সুতির ফতুয়া আর পায়জামা পরে দরদর করে ঘামছিল তমিম। ওর ঘরটা যেন অগ্নিগিরির গুহা। ফ্যান তো নয়, যেন ‘লু’ হাওয়া তৈরির কারখানা। ঘড়ঘড় শব্দে এমন বিশ্রীভাবে ঘুরছে যেন অপেক্ষায় আছে নিচে ফেটে পড়ার। আমি ভয়ে ভয়ে ফ্যানের দিকে তাকালাম। তারপর তমিমের আবার মুখের দিকে তাকাতেই ফ্যানের ভয় ছাপিয়ে নতুন ভয় ভর করল মনে। অজান্তে বিড়বিড় করলাম—‘সর্বনাশ’। দুই মাস আগে ওকে শেষবারের মতো দেখেছিলাম। তমিম আগের চেয়ে আরও চুপচাপ, আরও ফরসা, ক্লান্ত, আরও লালচে, আর শীর্ণ—টানা টানা চোখ আরও সুন্দর হয়ে উঠেছে।
ফ্যানটা হঠাৎ হেলিকপ্টারের মতো শব্দ করতে থাকে। আমি সে দিকে তাকিয়ে বললাম, ‘একটা ডানা ত্যাড়াব্যঁাকা মনে হয়?’
সে কথার উত্তর না দিয়ে তমিম বলল, ‘আচ্ছা, মেয়েদের জীবনে বেশি সুবিধা, নাকি ছেলেদের?’
প্রশ্ন শুনে ‘লু’ হাওয়া আমার মাথায় ঢুকে গেল। বললাম, ‘এক শ একটা সুবিধা মেয়েদের পক্ষে, এক শ একটা সুবিধা ছেলেদের পক্ষেও।’
‘আমি ঠিক করেছি মেয়ে হব। হরমোন চেঞ্জ করব। ছেলে হয়ে তো কাটালাম পঁয়ত্রিশটা বছর,’ তমিম হেসে বলল।
আমিও একগাল হেসে বললাম, ‘বেশ। এক জন্মেই দুটো সত্তার স্বাদ পাওয়া তো কম কথা না।’
তমিম গম্ভীর হয়ে বলল, ‘আমি সিরিয়াস।’
বলে কী! আমি ভয়ে ভয়ে একবার সিরিয়াস তমিম আর একবার ত্যাড়াব্যঁাকা ফ্যানের দিকে তাকিয়ে বললাম, ‘ছাদে চল, এখানে বেশিক্ষণ থাকলে আমিও তোর মতো কথা বলতে শুরু করব।’
তমিম আহত হলো। আর কথা না বাড়িয়ে ওদের নারকেলগাছ ঘেরা ছাদে চলে এলাম আমি। একে বোধ হয় বলে জ্যৈষ্ঠের কাঁঠাল পাকা গরম। গাছের একটা পাতাও নড়ছে না নিশ্চুপ বাতাসের ইশারায়। তমিম পাশে এসে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। তারপর ফোঁস করে শ্বাস নিয়ে বলে, ‘তুই ফেসবুক কত দিন ব্যবহার করছিস?’
কিসের মধ্যে কী। ঘিয়ের আলোচনায় পান্তাভাত কেন? আমি সংক্ষেপে বললাম, ‘চার বছর।’
‘এই চার বছরে তোর বন্ধুসংখ্যা কত হলো?’
‘সাড়ে চার শ।’
‘একটা স্ট্যাটাস বা ছবিতে সর্বোচ্চ লাইক পেয়েছিস কয়টা?’
‘মনে নাই। চল্লিশ-পঞ্চাশটা হবে।’
‘এমনকি কখনো হয়েছে যে একটাও লাইক পাস নাই?’
‘অনেক। শুধু তোর ভাবি লাইক দিয়েছে।’
‘লাইক পেতে কেমন লাগে?’
‘প্রথম প্রথম ভালো লাগত। এখন এ নিয়ে আর মাথাব্যথা নাই। ফেসবুক বড় বোরিং। আমার লাক ভালো যে বেশি সময় নষ্ট হওয়ার আগেই ব্যাপারটা ধরতে পেরেছি।’
‘শিয়াল কোথাকার। আঙুর ফল টক?’
‘তাই? আমার তো বরং মনে হয়, ফেসবুকেই অনেকে শেয়ালের মতো আচরণ করে। কারণ, এখানে সবাই নিজের ফুলগাছে ইচ্ছেমতো ফুল ফোটায়, আর সবাইকে ডেকে ডেকে বলে—দেখো দেখো, আমারটাই দেখো।’
‘এতে আপত্তির কী আছে?’
‘না, আপত্তির কিছু নাই। কিন্তু কেউ যখন মনে করে সে নিজেই হামবড়া কেউ, সবাই তার পোস্টে হুমড়ি খেয়ে লাইক দেবে, তার জন্য তখন মায়া হয় খুব। আর এ রকম প্রায় সবাই প্রথম প্রথম ভাবে।’
‘তাতে অন্যায় কী?’
তমিম হঠাৎ সিগারেট ধরাল। কটু গন্ধে আমার মাথা ধরে এল, ‘তোর জরুরি কথাটা বলে শেষ কর ভাই। আমি তাড়াতাড়ি ফিরব, তোর ভাবি টাইম বেঁধে দিয়েছে, দেরি করে ফিরলে রান্নাঘর বাদে আর সব জায়গায় আগুন জ্বলতে শুরু করবে।’
‘একটা ঘটনা শোনানোর জন্য ডেকেছি। অদ্ভুত অভিজ্ঞতা। ঘটনাটা আমার কল্পনাকেও হার মানিয়েছে’, তমিম হাসে।
চুপ করে থাকি আমি। ও বলে, ‘তুই এক দিক থেকে ঠিকই বলেছিস। তুই বড় লাকি। ফেসবুকে লাইক পাওয়ার মতো নেশা আর হয় না। এই নেশা সর্বনাশা। আমি শেষ।’
আমি বললাম, ‘শেষ লাইন আগে বলছিস, প্রথম লাইন থেকে শুরু কর।’
তমিম বলল, ‘কাহিনি মাত্র কয়েক লাইনের। লাইক পাওয়ার আশায় একটা মেয়ের ছদ্মবেশ ধরি। ঘটনাটা ছয় মাস আগের। নাম রাখি পুষ্পিতা পুত্রী।’ তমিম হাসে, ‘পুষ্পিতা পুত্রী নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর প্রথম বন্ধু বানাই তোর বউকে। ভাবি আমার সিলুয়েট প্রোফাইল ছবি দেখে ইনবক্সে লিখেছিল—“আপনি কে? বিস্তারিত না জেনে আমি কাউকে বন্ধু করি না।”’
আমি চোখ বড় বড় করি। তমিম বলে, ‘তোর বউকে পটিয়ে বন্ধু বানাই।’
‘দাঁড়া দাঁড়া। সিলুয়েট ছবি কী জিনিস?’
‘শরীরটা ছায়া-ছায়া অন্ধকারে ঢাকা থাকবে, পেছনটা থাকবে আলোকিত। তাতে কারও শরীরী আদল বোঝা যেতে পারে, কিন্তু চেনা যাবে না।’ তমিম সিগারেটে লম্বা সুখটান দেয়।
আমি নাক কুচকে বলি, ‘তারপর?’
‘তারপর ভাবির ফ্রেন্ডলিস্ট ধরে বেছে বেছে কবিদের কাছে রিকোয়েস্ট পাঠাই। তাঁরা কেউ বাংলাদেশের, কেউ পশ্চিমবঙ্গের, ত্রিপুরা, আসাম, মেঘালয়েরও অনেকে। সেই সঙ্গে টাইমলাইনে এযাবৎ আমার লেখা সবচেয়ে সুন্দর দুটো কবিতা পোস্ট করি। পুষ্পিতার পরিচয় দিই এমনভাবে যাতে সব কবি এবং গল্পকারেরা আকৃষ্ট হয়। বিশেষ করে ছেলেরা। প্রথম দিন বন্ধুত্বের অনুরোধ পাঠাই নব্বইজনকে। গ্রহণ করে একষট্টিজন। কিন্তু সপ্তাহ শেষে সেই সংখ্যা দাঁড়ায় সাড়ে নয় শ! এক মাস পর আড়াই হাজার!’
‘আমি বললাম, তুই আজকাল সব সিগারেটেই গাঁজা ভরে রাখিস নাকি রে?’
তমিম আহত স্বরে বলে, ‘তুই গাঁজার গন্ধ চিনিস না? পুরোটা না শুনে তুই কী করে সিদ্ধান্তে পৌঁছাস? আমি এগিয়েছি মানুষের মনস্তত্ত্ব বুঝে বুঝে।’
‘একটু বেশি হয়ে যাচ্ছে না?’
তমিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘কী কঠিন নিষ্ঠা আর পরিশ্রম যে করতে হয়েছে! নতুন নতুন কবিতা-ছড়া-অণুগল্প লিখতে শুরু করি। এমনভাবে লিখি, যাতে মানুষ একদম ভিন্ন ধরনের স্বাদ পায়। এক হাজারের কাছাকাছি বন্ধুসংখ্যার সময় একটা পোস্ট দিলে লাইক পেতাম দেড় শ থেকে দু শ। মাত্র আড়াই মাসে আমার বন্ধুসংখ্যা দাঁড়ায় চার হাজার ৯৯০! ফলোয়ারের সংখ্যা দুই হাজারের বেশি। এখন সারা বিশ্বের প্রায় পঞ্চাশটা দেশে আমার বন্ধুসংখ্যা চার হাজার ৯৯৯। অনুসরণ করছে সাত হাজার। তার মানে আমি একটা পোস্ট দিলে প্রায় ১২ হাজার মানুষের কাছে সেটা পৌঁছে যায়! আমি এখন একটা সাধারণ লেখা পোস্ট করলেও লাইক পড়ে কমপক্ষে এক হাজার। লেখাটা একটু চিন্তা করে ঘুরিয়ে-পেঁচিয়ে লিখলে দুই-তিন হাজারের মতো লাইক পড়ে। আর কমেন্ট হাজারের কাছাকাছি।’
অজান্তেই আমার দুটো ঠোঁট ফাঁক হয়ে সত্যিকারের ‘হা’ হয়ে গেল।
তমিম বলল, ‘শুনতে কত সহজ মনে হলো, তাই না? এই জায়গায় আসতে প্রথম দুই মাস সারা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দিন-রাত খাটতে হয়েছে। নিজের প্রোফাইল বিশ্বাসযোগ্য করতে অনার্স পড়ুয়া আমার সুন্দরী মামাতো বোনকে মডেল বানিয়ে নানা স্টাইলে সিলুয়েট ছবি তুলে সেগুলো আপলোড করতে হয়েছে। ফেসবুকে যারা গুরুত্বপূর্ণ, তাদের পোস্টে গিয়ে সুচতুর কমেন্ট করি। আতশ কাচ দিয়ে অন্যের ভুল খুঁজে ধরিয়ে দিই সবার কাছে।’
আমি মনে মনে ভাবলাম, অলস মস্তিষ্ক..., তমিম ওর ঘটনা বলতে থাকে, ‘আমি অদ্ভুত সব বিদেশি ঘটনা, অণুগল্প এমনকি কবিতা ভাবানুবাদ করে, বলতে পারিস চুরি করে, একটু ঘুরিয়ে নিজের নামে চালিয়ে দিতাম। আমার টাইমলাইনে একবার চোখ বোলালেই হলো, বন্ধুত্বের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হতো নিশ্চিত। দেড় হাজার বন্ধু হওয়ার পর আমাকে রিকোয়েস্ট পাঠাতে হতো না। প্রতি সপ্তাহ কয়েক শ রিকোয়েস্ট পেতাম। সেখান থেকে বেছে বেছে গ্রহণ করতাম, বাকিরা ফলোয়ার থাকত। আস্তে আস্তে সবাই বুঝতে পারে, পুষ্পিতার মন্তব্য মানেই ওজনদার কিছু। পুষ্পিতার পোস্ট মানেই নড়েচড়ে বসে পড়ে দেখার মতো বিষয়। সেই পোস্ট না পড়লে “মাথার ব্যায়াম” মিস হবে, মুখ দিয়ে “ওয়াও” শব্দ বের হওয়া মিস হবে, চোখ ছোট কিংবা বড় হবে না, ভ্রু বাঁকবে না, কিংবা হাসির দমকে পেট ও চোয়ালের পেশি দুলবে না।’
আমি বললাম, ‘সব বুঝলাম, কিন্তু এ কাজ তো তমিম নাম নিয়েই করতে পারতি।’
তমিম মাথা দোলাল, ‘না, পারতাম না। ফেসবুকে তোর যা অবস্থা, আমারও তা-ই ছিল। হয়তো একটু ভালো। কত ভালো ভালো লেখা পোস্ট করেছি, দেখেছি, কেউ সেখানে গিয়ে হিসি-পটিও করে না, লাইক দেওয়া তো দূরের কথা। খুব কাছের পাঁচ-সাত-দশজন লাইক দেয়, যেন দয়া করে। বন্ধুসংখ্যা বাড়ানোর চেষ্টা করেছি, ধমক খেয়েছি ফেসবুকের, বলেছে অপরিচিতদের এভাবে রিকোয়েস্ট পাঠালে আমাকে ব্লক হতে হবে। মন খারাপ হয়েছে। বুঝেছি এটাই স্বাভাবিক। তখনই মনে হলো, আমি যদি মেয়ে হতাম, তা হলেও কি ফেসবুকের এই ধমক খেতাম? কারণ, একদিন দেখলাম, অল্পবিস্তর লেখালেখি করে এমন একজন তরুণী নিজের প্রোফাইলে নতুন ছবি দিয়েছেন। তার ছবিতে নয় ঘণ্টায় লাইক পড়েছে সাড়ে ছয় শ! আর ঠিক নিচের পোস্টেই ছিল এক নামকরা লেখকের ছবি। অথচ তাঁর ছবিতে ১০ ঘণ্টায় লাইক পড়েছে সাকল্যে ষোলটি।’
আমি বললাম, ‘ওই সাড়ে ছয় শ আর ষোলোটা লাইকের মধ্যে পার্থক্য আছে রে। যারা সাড়ে ছয় শ লাইক দিয়েছে, তাদের মাথার ঘিলু সাড়ে ছয়টা লাইকের মতো। আর অন্য ষোলোটা লাইক হলো ষোল হাজার!’
তমিম হাসল, ‘শোন রে ভাই। ফেসবুক হলো গণতন্ত্রের মতো। সেখানে ভিখারি আর রাজার ভোটের সংখ্যা এক, দামও এক।’
‘তা ঠিক। প্রেমের প্রস্তাব কয়টা পেয়েছিস?’
‘প্রথম তিন মাস অনেকের সঙ্গে গভীর অন্তরঙ্গ চ্যাট করতাম। তাদের অনেকে এতটাই ডাকসাইটে আর নামকরা মানুষ যে নাম শুনলে তোর মাথা ঘুরে যাবে।’
‘কিন্তু ওগুলোও তো ফেক আইডি হতে পারে।’
‘না। ফেক আইডি চেনা যায়। খুব খেটেখুটে আসলের মতো ফেক আইডি তৈরি করা যায় বটে, কিন্তু চ্যাটিংয়ের সময় বিদ্যের দৌড় ঠিক ধরা পড়ে যায়।’
‘সংখ্যাটা বললি না তো। প্রেম-প্রেম খেলতে চেয়েছে কতজন?’
‘প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ! আমি একটু আগ্রহী হলে সংখ্যাটা পাঁচ শও হতে পারত। তারা অনেকেই আমার মুখ থেকে শুধু “তুমি” শুনতে চাইত। আমি কপাট অভিমান করে “আপনি” করে বললে তাদের যেন ঘুম ছুটে যেত। আমি নিজেও জানতাম না, পুরুষেরা কত বিচিত্র হয়। প্রেমিকা হিসেবে আমার দারুণ ডিমান্ড। শুধু তুই আমাকে চিনলি না!’
শেষ লাইনটা কেমন ফিসফিস করে বলল। এ কেমন হেঁয়ালি তমিমের?
তমিম আবার উচ্ছ্বাস নিয়ে বলল, ‘জানিস, কেউ কেউ আমাকে একটিবার দেখতে পাগল হয়ে উঠত। ইনবক্সে ছবি পাঠাতে বলত। আমি এমনভাবে প্রত্যেককে আলাদা আলাদাভাবে সামলাতাম যে নিজেই অবাক হয়ে ভাবি আমার এক অঙ্গে কত রূপ! আর এটাই আমার সর্বনাশ করল।’
‘কী সর্বনাশ?’
‘আমি স্বপ্ন ও জাগরণে সব সময়ের জন্য পুষ্পিতা পুত্রী নামের একটি মেয়ে হয়ে গেলাম। একটি ব্যক্তিত্বময়ী মেয়ের মতো লেখা তৈরি করতে করতে, নারীবাদী শক্ত শক্ত কমেন্ট লিখতে লিখতে কখন যে মনেপ্রাণে সত্যিকারের নারী হয়ে গেলাম!’
‘বুঝলাম, কিন্তু মেয়ে হতে চাইছিস কেন?’
‘ওই যে বললাম, মনে মনে নারী হয়ে উঠেছি। গত সপ্তাহে একটা মানবতাবাদী সংগঠনের তরফ থেকে জেনেভায় একটি কনফারেন্সে যাওয়ার অফার পেয়েছি। গত পাঁচ মাসে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সাহিত্য পত্রিকায় আমার বেশ কিছু কবিতা আর গল্প ছাপা হয়েছে। দুটো বড় বড় লিটলম্যাগ আমাকে বছরের সেরা কবির পুরস্কার দিতে চেয়েছে। দুটো প্রকাশনা সংস্থা আমার, মানে পুষ্পিতা পুত্রীর বই বের করতে যাচ্ছে, সব রেডি। এই সবকিছু তো পুষ্পিতার। তমিমের না।’
এরপর তমিম অনেক ক্ষণ চুপ করে রইল। সূর্য ডুবেছে আগেই। নারকেলগাছের মাথায় মাথায় চাপ চাপ অন্ধকার। সেই আলো-অন্ধকারে তমিমের দাঁড়ানোর ভঙ্গির মধ্যে একধরনের মেয়েলি কোমলতা আবিষ্কার করলাম আমি। সিগারেট ধরায় তমিম। গাঁজার গন্ধে পুরো ছাদ ম-ম হয়ে যায়।
তমিম এবার হো হো করে হেসে ওঠে। হাসির দমকেই গাঁজায় লম্বা টান দিয়ে কাশতে থাকে। তারপর হাসি-কান্না চোখে তাকিয়ে বলে, ‘কেমন বানালাম রে কাহিনিটা?’
‘বানালি মানে?’
‘আরে, একটা গল্পের প্লট মাথায় এল, তোর কাছে বলে ঝালিয়ে নিলাম। প্লটটা নিয়ে তুই একটা গল্প লেখ।’
বলে কী? এত দিন ধরে এই চিনলাম তমিমকে! গাঁজায় সুখটান দিতে দিতে তমিম বলল, ‘আমি তা হলে অভিনয়ও ভালোই করতে পারি, কী বলিস?’
নিঃশব্দে সিঁড়ি ভাঙতে শুরু করলাম আমি। পেছনে শুনলাম তমিমের খিলখিল হাসি—কেমন মেয়েলি। আমার গা কাঁটা দিল।

২.
বাসায় ফিরে মেজাজটা আরও খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো, আরে! এটা নিয়ে তো সত্যিই দারুণ একটা গল্প লেখা যায়! তখনই বসে গেলাম গল্পটা লিখতে। লিখলাম, একটা কাগজে পাঠিয়েও দিলাম ছাপানোর জন্য।
পরের দিন মেইল খুলে দেখি ‘পুষ্পিতা পুত্রী’র নামের একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ও মেসেজ। ভ্রু কুচকে ফেসবুক খুলি। ইনবক্সে ‘পুষ্পিতা পুত্রী’ লিখেছে—মিথ্যা কিছু বলি নাই, ভাই (সঙ্গে বাঁ চোখটেপা হাসির সাইন)।
পুষ্পিতা পুত্রীর প্রোফাইল, বন্ধুসংখ্যা, টাইমলাইন, নোট, ছড়া-কবিতা-অণুগল্প, লাইক, কমেন্ট পড়তে পড়তে আমার মুখ দিয়ে অজান্তে বেরিয়ে এল—সর্বনাশ!


লক্ষ করুন
১৬ মে প্রকাশিত ‘শিল্পসাহিত্য’ পাতায় ‘কোথাও এখনো মায়া রহিয়া গেল’ গল্পে মাসুক হেলালের করা অলংকরণটিতে পটভূমি হিসেবে শিল্পী শোল হাচ্চার একটি ছবি ব্যবহৃত হয়েছে।—বি. স.