নারীজীবনের ঋতুবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈয়বা বেগেমর শিল্পকর্ম ‘গোপনীয়-২’
তৈয়বা বেগেমর শিল্পকর্ম ‘গোপনীয়-২’

তৈয়বা বেগম, লিপি নামে যিনি সবার কাছে পরিচিত—একজন বহুমাত্রিক শিল্পী ও সংগঠক। শিল্পের নানা মাধ্যমে তাঁর বুদ্ধিদীপ্ত পদচারণ আমাদের নজর কাড়ে। তাঁর বিকাশের নানা স্তর আমরা দেখছি সেই নব্বইয়ের দশক থেকে। নারীসত্তার অন্তর্নিহিত বিচিত্র রসায়ন নিয়ে কাজ করছেন ২০০০ সাল থেকে। বাংলাদেশ যেবার প্রথম ভেনিস দ্বিবার্ষিকে যায় সেবার তিনি ছিলেন আমাদের প্রতিনিধি। তাঁর কাজ বিশ্বখ্যাত গুগেনহাইম জাদুঘরে সমকালীন শিল্প সংগ্রহের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু দেশের মাটিতে লিপির একক প্রদর্শনী আমরা সহসা দেখিনি।
২০১১ সালে বাংলাদেশে তাঁর প্রথম একক প্রদর্শনীর পর বেঙ্গল লাউঞ্জে চলমান প্রদর্শনীটি এ শিল্পীর দ্বিতীয় একক। ভেনিস দ্বিবার্ষিকে লিপির শিল্পকর্মে আমরা যে ধাতব ব্লেড ও সেফটিপিনের ব্যবহার লক্ষ করি, সেই ধারাবাহিকতা আছে এবারের প্রদর্শনীতেও। এই ধারারই একটি কাজ ‘লাভবেড’—স্থান পেয়েছে গুগেনহাইমের সংগ্রহে। লিপির এবারের প্রদর্শনীতে দেখতে পাই তিন ধরনের কাজ, যা বিষয় বিবেচনায় একীভূত হয়েছে ‘নো ওয়ান হোম’ বা ‘ঘরে কেউ নেই’ শিরোনামে। তিনটি ভাগের মধ্যে আছে ভাস্কর্য স্থাপনা, পেনসিল স্কেচ ও ভিডিও। সব মিলিয়ে এ তিন মাধ্যম যুগপৎভাবে রচনা করেছে নারীজীবনের বিভিন্ন অধ্যায়ের দ্বন্দ্ব-সংঘাত আর বেদনাকে। উঁচুমানের শিল্পের যে সরল বুদ্ধিদীপ্ত প্রকাশ থাকে তার প্রকাশই আমরা এসব কাজে পাই।
প্রথমে আসি লিপির পেনসিল স্কেচ প্রসঙ্গে। এখানে তিনি ‘ওমেন’ বা ‘নারী’ শব্দটি লিখেছেন কতগুলো নিভে যাওয়া দেশলাইয়ের কাঠি দিয়ে। তবে চিত্রটি দেখে মনে হয়, কোনো গ্রাফিক পোস্টার। এরপর কোনো কোনো চিত্রে কোঁচকানো চামড়ার ভাঁজ, কোনোটিতে চিরুনির সঙ্গে উঠে আসা চুল, কোথাও আবার পেটের নিচের ভাঁজ, পড়ে থাকা বোতাম, দলা পাকানো সুতা, পেরেক—এসব দেখে বোঝা যায়, কোনো স্বপ্নের মৃত্যু হয়েছে যেন।
নারী তার ঋতুবদল উপলব্ধি করে শরীর, মন ও সমাজের মাধ্যমে। শৈশব থেকে বয়ঃসন্ধি, যৌবন, গর্ভধারণ থেকে মেনোপজ—একজন নারী প্রতিটি স্তরই অতিক্রম করে সমাজবাস্তবতার ধাক্কা আর মনোজাগতিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। যদিও আপাতদৃষ্টে অনেক ক্ষেত্রে বিষয়টি চকচকে ও বর্ণিল, তবু তাকে যেতে হয় ধারালো ধাতব ব্লেডের ওপর দিয়ে—তৈয়বা বেগম লিপির ভাস্কর্য স্থাপনাগুলো এ রকম উপলব্ধিরই ফসল, বলে নারীদেরই একান্ত গল্প। তাঁর ভাস্কর্যে যে অবয়বে হাজির হয়েছে নারী, সেখানে হয়তো সে পিন ফোটানোর যন্ত্রণায় কাতর অথবা ধারালো ব্লেডের আঘাতে রক্তাক্ত। তাই তার অন্তর্বাস, বিকিনি ব্লাউজ, ব্যাগ ও জুতা থেকে শুরু করে পরম আরামের বাথট্যাবটি পর্যন্ত তৈরি হয়েছে ক্ষুরধার ব্লেড বা সেফটিপিন দিয়ে। এ ক্ষেত্রে স্টেইনলেস স্টিল ব্লেডকে শিল্পী প্রতীকায়ন করেছেন নির্দিষ্ট অর্থে। লিঙ্গকল্পে নারীর চোখে পুরুষের ব্যবহার্য সামগ্রির প্রতীক হিসেবে এসেছে ধাতব ব্লেড, যা আহত করে মসৃণভাবে।

তৈয়বা বেগেমর শিল্পকর্ম  ‘হাই হিল’
তৈয়বা বেগেমর শিল্পকর্ম ‘হাই হিল’

প্রদর্শনীতে যে সোনালি চকচকে অন্তর্বাস ও বিকিনি আছে, তা এমনিতেই নজরকাড়া। তবে এ বস্তুগুলোর কাছে গেলে দেখা যায়, এগুলো বোনা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র সেফটিপিন দিয়ে।
‘গোপনীয়-২’ শিরোনামের কাজটি একটি ভ্যানিটি ব্যাগ, বোনা হয়েছে ব্লেড দিয়ে। পাশে আছে আরও একটি ভ্যানিটি ব্যাগ, যার শিরোনাম ‘ভ্যানিটি ব্যাগ’। দুটিই বেশ পেটমোটা ও চকচকে, নকশার দিক দিয়েও আকর্ষণীয়—‘সেক্সি’। কিন্তু কী আছে ব্লেডে গড়া এ দুই ব্যাগের ভেতরে? এটা একটা প্রশ্ন বটে, উত্তরটি যে যার মতো ভেবে নিতে পারেন। কারণ, ক্ষুরধার ব্লেড ভেদ করে ব্যাগের ভেতরে প্রবেশ তো অসাধ্য। তাঁর আরেকটি কাজ ‘আমি এদের পরিধান করি না’। এখানে দেখা যায়, ব্লেড দিয়ে তৈরি করা হয়েছে একটি বিকিনি। কাজটি দেখতে অনেকটা গম্বুজাকৃতির। এ ভাস্কর্য স্থাপনাটিও আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে।
বিভিন্ন কাজের মধ্য দিয়ে বারবার প্রশ্ন ছুড়ে দেন লিপি আর সেসব প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে আমরা যখন ক্লান্ত, তখনো যেন ব্লেড দিয়ে তৈরি করা নারীর ব্যবহার্য দ্রব্যাদি, শিল্পীর ভাস্কর্য স্থাপনাগুলো তাকিয়ে থাকে আমাদের দিকে। আমরা ভাবতে থাকি, লিপি আমাদের আসলে কী দেখাতে চান? এই যে এক স্থানে রেখে দিয়েছেন একটি সেলাই মেশিন ও একটি কাঁচি। ‘রোমন্থন’ শীর্ষক এই কাজটিও তো একই উপাদানে তৈরি, বলছে নারীজীবনের না-বলা কথাগুলো।
অন্যদিকে তিনটি ডিডিওতে নিজেই পারফর্ম করছেন লিপি। একটি ভিডিওতে দেখলাম, একই চরিত্র—ফ্রক পরে যেমন ছড়া পড়ছে, তেমনি পর্দাপ্রথা অনুসরণ করে পড়ছে আরবিও। বস্তুত এ চিত্রসহ অন্য দুই ভিডিও চিত্রেও ফুটে উঠেছে নারীর নানামুখী সমাজবাস্তবতা।
ভাস্কর্য স্থাপনা, পেনসিল স্কেচ ও ভিডিও—প্রদর্শনীতে উপস্থাপিত লিপির তিন মাধ্যমের ৩৬টি শিল্পকর্মের একদিকে রয়েছে স্থানিকতা, অন্যদিকে আন্তর্জাতিকতা। বেঙ্গল লাউঞ্জে ৫ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।