নারীর অবমাননার বিরুদ্ধে আজন্ম যোদ্ধা লেখকেরা

নারীর প্রতি অবমাননা নিয়ে সোচ্চার লেখক–সাহিত্যিকদের অনেকেই। তাঁদের মধ্য থেকে শীর্ষ তিনজনের কথা জানাচ্ছেন মারুফ ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাইলা আবদুলালি

সোহাইলা আবদুলালি

সোহাইলা আবদুলালির জন্ম ভারতের মুম্বাইয়ে। প্রিয় জন্মশহর মুম্বাইয়েই মাত্র ১৭ বছর বয়সে গণধর্ষণের শিকার হন তিনি। সেই দুঃসহ দুর্ঘটনা আজও বয়ে বেড়াচ্ছেন। ওই একটি ঘটনা তাঁর সারা জীবন ওলটপালট করে দেয়। ওই দুর্ঘটনার পর সপরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সোহাইলা আবদুলালি। শুরু করেন লেখালেখি। সোহাইলাকে বলা হয় প্রথম ভারতীয় লেখক, যিনি তাঁর ধর্ষণের কথা প্রকাশ্যে বলেছেন। ওই কিশোরী বয়সেই ভারতীয় সাময়িকী মানসীতে তিনি লিখেছিলেন সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা। আজ অব্দি লিখে যাচ্ছেন ধর্ষণের বিরুদ্ধে। ২০১৬ সালে যখন বিশ্বব্যাপী মি টু আন্দোলন শুরু হয়, সে সময় তিনি লিখতে শুরু করেন হোয়াট উই টক অ্যাবাউট হোয়েন উই টক অ্যাবাউট রেপ নামের বই। বইটি দ্য নিউ প্রেস থেকে প্রকাশিত হয় ২০১৮ সালের নভেম্বরে। প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী এলিজাবেথ এ আর্মস্ট্রং বলেন, এটি একটি অবশ্যপাঠ্য বই।

সুশান ব্রাউনমিলার

সুশান ব্রাউনমিলার

মার্কিন লেখক ও সাংবাদিক সুশান ব্রাউনমিলারের অ্যাগেইনস্ট আওয়ার উইল: মেন উইমেন অ্যান্ড রেপ নামের একটি বই বদলে দিয়েছে সারা পৃথিবীতে ধর্ষণকে দেখার দৃষ্টিভঙ্গি। ১৯৭৫ সালে প্রকাশিত এ বই লেখার আগে দীর্ঘ চার বছর ধরে গবেষণা করেন তিনি। ১৯৭১ সালে নিউইয়র্কে করেন ধর্ষণবিরোধী সম্মেলন। সুশানের বইটি প্রকাশের আগ পর্যন্ত ধর্ষণকে দেখা হতো স্রেফ একটি দুর্ঘটনা হিসেবে। দুর্ঘটনাটি হয় নারী ঘটিয়েছে, নয়তো পুরুষ—সবার দৃষ্টিভঙ্গি ছিল এমন। সুশানই প্রথম বলেন, ধর্ষণের সঙ্গে শুধু নারী ও পুরুষ জড়িত নয়, এর সঙ্গে জড়িত সমাজকাঠামো, ক্ষমতা, রাষ্ট্র ইত্যাদি। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি বইটিকে বিংশ শতাব্দীর ১০০টি গুরুত্বপূর্ণ বইয়ের একটি হিসেবে নির্বাচিত করেছে। এখনো ধর্ষণবিরোধী আন্দোলন করে যাচ্ছেন সুশান।

নাওমি উলফ

নাওমি উলফ

ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই যৌন নির্যাতনের শিকার হন মার্কিন লেখক ও নারী অধিকারকর্মী নাওমি উলফ। সেই থেকে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার তিনি। তাঁর লেখার বিষয় গর্ভপাত, পর্নোগ্রাফি, যৌন সহিংসতা ইত্যাদি। তাঁর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের নাম দ্য বিউটি মিথ। এ ছাড়া তাঁর আরও উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে আউটরেজ: সেক্স, কনজরশিপ অ্যান্ড দ্য ক্রিমিনালাইজেশন অব লাভ, ভ্যাজাইনা: আ নিউ বায়োগ্রাফি, আ সিক্রেট হিস্টোরি অব ফিমেল ডিজায়ার, ফায়ার ইউথ ফায়ার: দ্য নিউ ফিমেল পাওয়ার অ্যান্ড হাউ টু ইউজ ইট ইত্যাদি।

সূত্র: টাইম ম্যাগাজিন, স্ক্রল ও ভোকাল মিডিয়া