নারীর বিরতিহীন লড়াই

নারীর প্রতি সহিংসতা ও অবমাননায় স্তম্ভিত এখন দেশ। ‘আপনা মাংসে হরিণা বৈরী’, একদা বলেছিলেন চর্যাপদের কবি। সে পরিস্থিতির কি বদল ঘটেছে? তবে প্রতিবাদ হচ্ছে। কথা বলছেন সবাই। কেবল নারী নয়, পুরুষ নয়—মানুষ দাঁড়িয়েছে মানুষের পাশে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৫০ থেকে ১৩০০ সালের দিকে ‘Rape’ শব্দের প্রচলন হয়েছিল। মূল শব্দটা ছিল ‘Rapen’, যার অর্থ জোর করে ভোগদখল বা নিজের আয়ত্তে নিয়ে নেওয়া, মূলত সম্পদসংক্রান্ত কথায় ব্যবহৃত হতো। ইতিহাস বলে, আইন, সম্পত্তি ও নারী ধর্ষণের মধ্যে গভীর সম্পর্ক আছে। অক্সফোর্ড ইংরেজি অভিধানে শব্দটির অর্থ জোরপূর্বক যৌনতা ছাড়াও ‘Spoil’ লেখা থাকে। কালক্রমে সমাজের দৃষ্টিভঙ্গির নিরিখেও ধর্ষণের শিকার নারী ‘নষ্ট’ বলে প্রচার পায়।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ২০১৮-২০১৯ সালে দিনে ১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছে; করোনাকালে ধর্ষণের হার নেমে এসেছে ৬ জনে, তবে থেমে থাকেনি। ২০১৯ সালে এনসিআরবির ভাষ্যে ভারতে ১৯৭১ থেকে ২০০৬ সাল অবধি ধর্ষণ বেড়েছে ৭০০ শতাংশ। দুঃখজনক হলেও সত্য, খোদ আমেরিকায় মাত্র ১৬ শতাংশ ধর্ষণের কথা পুলিশকে জানানো হয়। সুতরাং বাংলাদেশ বা ভারতে ধর্ষণের খবর জনসমক্ষে আসা আর বাস্তবে ঘটার সংখ্যায় বিস্তর পার্থক্য আছে, তা অনুমেয়। ২০১৫ সালে ব্যুরো অব জাস্টিসের তথ্য অনুযায়ী, আমেরিকায় ১৮ শতাংশ নারী জীবনে অন্তত একবার ধর্ষণের শিকার হয়। বাংলাদেশে এ রকম কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। পৃথিবীজুড়ে নারীর প্রতি এই ভয়ানক আক্রোশের কারণ কী?

আমেরিকান নারীবাদী ও লেখক-সাংবাদিক সুজান মিলারের মতে, আদিম মানুষেরা একসময় নারীকে আয়ত্তে রাখতে ধর্ষণ করেছে, কিন্তু তখন তাকে অপরাধ ভাবেনি। যুগে যুগে প্রতীয়মান হয়েছে, ধর্ষণ এমন এক কার্যকলাপ, যার মাধ্যমে পুরুষ প্রাথমিকভাবে নারীকে অধীন হিসেবে নিশ্চিত করতে চায়; একদিকে তার পৌরুষত্বের অহমিকা, অন্যদিকে নারীকে যৌনতা ও বংশবৃদ্ধির উপাদান মনে করার মানসিকতা। এরই ধারাবাহিকতায় ‘ধর্ষণ’ এমন এক মডেলে পরিণত হয়, যার সাহায্যে রাষ্ট্রের সব নারীকে আতঙ্কে রাখা যায়। ধর্ষণ নারীর বিরুদ্ধে এমন সন্ত্রাস, যা নারীকে পুরুষের ওপর নির্ভর করতে বাধ্য করে। প্রাথমিকভাবে ধর্ষণ নারীকে নিয়ন্ত্রণ ও শাসনের উপায় হিসেবে ব্যবহৃত হলেও সমাজে তার মনস্তাত্ত্বিক ও বাস্তব ভয়াবহতা ছড়িয়ে পড়ে যখন ধর্ষকের রাজনৈতিক পৃষ্ঠপোষক মিলে যায়।

পরিবারের সংস্কৃতি, মূল্যবোধের কথা সচরাচর আলোচনায় আসে। রাষ্ট্র মূলত একটি পরিবারই, অনেক পরিবারের সমষ্টি। রাষ্ট্রে যে আইন চলে, ক্ষুদ্র একটি পরিবারে সেই আইনই চলে। রাষ্ট্রে যে সংস্কৃতি চলে, ক্ষুদ্র পরিবারটি তাকেই নিজের সংস্কৃতি মনে করে। রাষ্ট্র যদি অবদমনের সংস্কৃতিকে আপন করে নেয়, অবলীলায় তা চেপে বসে পরিবার ও ব্যক্তির ওপর। রাষ্ট্র যখন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মনোভাব লালন করে, পুরুষতান্ত্রিক সমাজের পরিবারপ্রধান—সাধারণত একজন পুরুষ সেই ধারণা থেকে বেরোতে পারেন না। তাঁর কাছে তখন নারীর ওপর ধর্ষণ-সন্ত্রাস পরিচালনা করা যতটা যৌন, তার চেয়ে অনেক বেশি ক্ষমতার দম্ভের বহিঃপ্রকাশ। আর সে কারণেই নারীকে বাড়িতে আত্মীয় বা আপনজন, রাস্তায় অচেনা লোক, দপ্তরে সহকর্মী বা সংশ্লিষ্ট কেউ, স্থান-কালনির্বিশেষে প্রকাশ্যে বা বন্ধুবেশী শত্রু, রাষ্ট্রের পুলিশ বা আইন রক্ষাকারী, ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত মানুষ—যে কেউ ধর্ষণে উদ্যত হয় এবং ধর্ষণ করেও।

অন্যদিকে, সামাজিক শিক্ষা বা দৃষ্টিভঙ্গি নারীকে কোন অবস্থান দেয়? সিনেমায় নারীর ওড়না বা আঁচল টেনে ধরা যায়, কাটপিসে নারীকে করা যায় ধর্ষণের শিকার। আমোদের কৌতুকের সিংহভাগ নারীর প্রতি অবমাননাকর। সমাজে নারীর প্রতি সহিংসতা মেনে নিতে তাই কৈশোরকাল থেকেই আমাদের প্রস্তুত করা হয়। যে কারণে সংবাদমাধ্যমে ধর্ষণের খবর জানলে ততটা প্রতিক্রিয়া হয় না, যতটা হাল আমলে হয়েছে ধর্ষণের ভিডিও দেখার পর। ভিডিও এই সহিংসতায় নতুন সংযোজন বটে।

নারী ধর্ষণের শিকার হলে কী করে? বহু সিনেমা-গল্প-উপন্যাসে দেখানো হয়, নারী তখন আত্মহত্যার পথ বেছে নেয়। কিংবা তার শেষ আশ্রয় হয় পতিতালয়ে। জে এম কোয়েটজি তাঁর ডিসগ্রেস উপন্যাসে পতিতাবৃত্তিকে ‘বাণিজ্যিক যৌন সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন। ‘নষ্ট’ মেয়েরা দিনে কতবার ধর্ষণের শিকার হয়, কিংবা তারা যে ধর্ষণের শিকার হচ্ছে, তা-ই-বা আদৌ কে ভাবে! সমাজের উচ্চশ্রেণি, মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে যেখানে প্রতিদিন ধর্ষণ ঘটে, সেখানে পতিতাদের ধর্ষণ নিয়ে ভাবা অবান্তর। যা হোক, ধর্ষণের পর নারী কী করে? অ্যালিস ওয়াকারের কালার পার্পল উপন্যাসে ১৪ বছর বয়সী কিশোরী দীর্ঘদিন ধরে ‘বাবা’র কাছে ধর্ষণের শিকার হতে হতে ভাবে, কেবল বিধাতাকেই অত্যাচারের কথা খুলে বলা যায়। তাই নিয়মিত ঘটনার বর্ণনা দিয়ে বিধাতাকে চিঠি লেখে, ‘প্রিয়, বিধাতা...।’ বাস্তবে পরিস্থিতি এমনই, নারী তার ওপরে ঘটে যাওয়া সন্ত্রাসের কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে না। তাকে গুমরে গুমরে মরতে হয়; কিন্তু বলে না কেন?

বলে না তার সাজানো সামাজিক-সাংস্কৃতিক ঘেরাটোপের কারণে। সে জানে, তাকেই হেয় করা হবে, প্রশ্নবাণে জর্জরিত করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মহামারি চলাকালীন যেমন প্রশ্ন উঠেছিল, মেয়েটি অসময়ে অজায়গায় কী করছিল? পোশাক আর স্বভাব নিয়ে ওঠে এ রকম হাজারো প্রশ্ন। আরও বলে না, কারণ মামলার নামে হয়রানি এড়াতে চায়, যেখানে তাকে নিজের ধর্ষণের বর্ণনা দিতে হয়, একবার নয়, বহুবার—যতবার আদালত খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান। ঘাঁয়ে উপর্যুপরি আঘাত করে তার মৌখিক বা কাল্পনিক ধর্ষণ চলতে থাকে। বিচার সে পায় না-পায়, এই ধর্ষণ তার জীবৎকালে শেষ হয় না।

তবে নোয়াখালীর বেগমগঞ্জের নারী এ কারণেই ৩২ দিন বিচার চাননি বা বছরখানেক আগের ধর্ষণের কথাও প্রকাশ করেননি, তা নয়। বিষয়টি ভাববার যে একজন মানুষের ওপর ধর্ষণ-সন্ত্রাস ঘটে যাওয়ার পর, প্রতিবেশীরা ধর্ষণ ও নির্যাতনের কথা জানার পরও তিনি আইনের সাহায্য নেওয়ার আপ্রাণ চেষ্টা করেননি কেন? আইনের প্রয়োগ ও বিচারব্যবস্থার প্রতি কতটুকু অনাস্থা এলে স্বাধীন দেশের নাগরিক এমনটা ভাবতে পারেন! তাঁর মাথায় অতীতের শত শত ধর্ষণের বিচারহীনতার স্মৃতি থাকে, ক্ষমতার কাছের লোকদের হুমকি ও আইনের চেয়ে তাদের লম্বা হাতের কথা জানা থাকে, সর্বোপরি থাকে নিজের ও পরিবারের লোকদের জীবনের ভয়। পরিবারের লোকেরাও নারীকে তাঁদের সম্পত্তি মনে করেন, নারী নিজের জন্য বিচার চাইবে কি না, তা-ও পরিবারের লোকেরাই মূলত সিদ্ধান্ত নেন। সোজা কথায়, ধর্ষণ নারীর একার শরীর ও মনের ওপরে ঘটলেও সমাজে শরীর-মনসমেত নারীর নিজস্ব অস্তিত্ব নেই।

নারীর ওপর যাঁদের কর্তৃত্ব থাকে, রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সম্পর্কিত হলে, তাঁদের মূল খুঁটি থাকে বিদ্যমান রাষ্ট্রক্ষমতায়। সে কারণে যখন যে দল ক্ষমতায় থাকে, তার পালিত বাহিনী ও গুন্ডারা মহামারি আকারে ধর্ষণ চালায়। ক্ষমতার অপব্যবহার বরাবর নিপীড়িত জনগোষ্ঠীর নারীর শরীরের দখল চায়। মুক্তিযুদ্ধের সময়ে যেমনটা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে। কিন্তু সেটা ছিল প্রতিপক্ষের অত্যাচার। দুঃখজনক হলেও সত্য, নিজের দেশের বাধ্য নাগরিকের ওপরও ক্ষমতার দম্ভে একই অত্যাচার চলে। আর সে জন্যই ১৯৯৫ সালে রাষ্ট্রীয় বাহিনীর হাতে ইয়াসমিন ধর্ষিত হয়েছিল, ২০০১ সালে নির্বাচন-পরবর্তী আনন্দ-উত্সবে গণধর্ষণের শিকার হয়েছিল পূর্ণিমা; ‘আমার মেয়েটা ছোট, বাবারা, তোমরা একজন করে আসো’, মায়ের সে মিনতি ভোলার নয়। আর আজও সেই একই কারণে সংরক্ষিত এলাকায় তনু ধর্ষিত হয়, ক্ষমতার খুঁটির জোরে গুন্ডারা সিলেটের এমসি কলেজের মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তরুণীকে। এসব ঘটনার পেছনে কারণ একটাই, অপরাধীর ক্ষমতার দৌরাত্ম্য, যা তাকে বিচারহীনতার সংস্কৃতির প্রতি আস্থাশীল করে।

ধর্ষণ ছাড়াও খুন, অর্থ পাচার প্রভৃতি অপরাধ একই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ঘটে থাকে। তাই যে রাষ্ট্রে ক্ষমতার কাছের লোক হলে প্রকাশ্য খুনের বিচার হয় না, দরিদ্র জনগণের তিল তিল করে জমানো টাকা রাতারাতি পাচার হয়ে বিদেশে চলে যায়, স্বল্পোন্নত দেশ হলেও অদ্ভুত উপায়ে ধনীর সম্পদের পরিমাণ বৃদ্ধির হার পৃথিবীর উন্নত দেশের চেয়েও বেশি হয়ে দাঁড়ায়; সেখানে আর সব অপরাধের বিচার থমকে থাকবে, কেবল নারীর বিরুদ্ধে সন্ত্রাস বা ধর্ষণের সুষ্ঠু বিচার হবে—এমনটা কি আশা করা যায়?

ক্ষমতা সংঘবদ্ধ মানুষকে শক্তিশালী করে। তাই তারা সংঘবদ্ধভাবে ধর্ষণে উদ্বুদ্ধ হয়। ব্যক্তিগত ধর্ষণের চেয়ে এর আলাদা মাত্রা আছে। দল হিসেবে ক্ষমতাধর গোষ্ঠী নিপীড়িতের চেয়ে উচ্চ অবস্থানে আছে—এটি প্রমাণের পৈশাচিক আনন্দ তাদের গণধর্ষণে উত্সাহিত করে। তবে আশার কথা হলো, বাংলাদেশের ধর্ষণের শিকার নারীরা এখনো বিচার চায়। বিচারব্যবস্থা প্রকাশ্যে যতটাই ভেঙে পড়ুক, এখনো তারা তার ওপর আস্থা রাখে। এখনো তারা বিচার চেয়ে ফেসবুকের বুকে শোকের রং নিয়ে জমা হয়, রাস্তায় প্রতিবাদে জমায়েত করে। রাষ্ট্রীয় বাহিনীর হাতে লাঞ্ছিত হলেও বিচারের আশায় মুহুর্মুহু চিত্কার তোলে।

মনে মনে তারা বয়স্ক হতে চায়, যেন নির্জন দীর্ঘ পথে নিশ্চিন্তে হেঁটে যেতে পারে, যেন জনশূন্য প্রকৃতিতে বসে আকাশ দেখতে পারে; যেন তাকে পুরুষের কাছ থেকে সুরক্ষার নিশ্চয়তা পেতে একজন পুরুষের ওপরই নির্ভর করতে না হয়। কিন্তু হায়, প্রৌঢ় নারীকেও ক্ষমতার সেই একই দম্ভ দেখতে হয়! ধর্ষণের ভয় সে শরীরের অবিচ্ছেদ্য অঙ্গের মতো মৃত্যু অবধি বয়ে বেড়ায়।

তবে ধর্ষণের বিরুদ্ধে নারীর সংগ্রাম মানবিক পুরুষেরও লড়াই হতে পারে। সুস্থ সমাজের স্বপ্ন যে তাঁরাও দেখেন!