নারীর বয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ম্যাডোনা’, শিল্পী: রোকেয়া সুলতানা
‘ম্যাডোনা’, শিল্পী: রোকেয়া সুলতানা

সভ্যতা নির্মাণে কতটা পথ পাড়ি দিয়েছেন নারী, পৃথিবীতে কতটা পাল্টেছে নারীর জীবনমান—এ রকম নানা প্রসঙ্গের আভাস আছে আলোচ্য প্রদর্শনীর ছবিগুলোয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ প্রদর্শনীটি কেবল নারী শিল্পীদের নিয়ে। এখানে ৪০ জন শিল্পীর কাজে দেখতে পাই নারীজীবনের সুখসংগ্রাম আর স্বপ্নের আভা। তবে শুধু চিত্রকলাই নয়, আয়োজনে রয়েছে কয়েকটি ভাস্কর্য ও ছাপচিত্র। সব মিলিয়ে বাংলাদেশের নারী শিল্পীদের শিল্প-অভিযাত্রা ও অগ্রযাত্রার একটি ছক দেখা যায় প্রদর্শনীতে।
কাজের সামগ্রিক রীতি ও প্রকরণ সম্পর্কে ধারণা পেতে প্রথমেই শিল্পীদের কাজগুলোকে দশক অনুযায়ী আলাদা করে নেওয়া যেতে পারে।
আশির দশকের শিল্পী দিলারা বেগম জলি। অভিব্যক্তিবাদী প্রতীকাশ্রয়ী এ শিল্পীর ক্যানভাস কখনো কখনো হয়ে ওঠে সামাজিক অসামঞ্জস্যতার বিপক্ষে দৃষ্টান্ত। এবারের কাজে নারীর শ্রমের প্রতীককে তিনি এঁকেছেন রেখা ও নির্দিষ্ট রঙের সাহায্যে। কাজটি নিঃসন্দেহে চিন্তার খোরাক জোগায়।

‘গাজা উপত্যকা কাঁদছে’, শিল্পী: আতিয়া ইসলাম এ্যানী
‘গাজা উপত্যকা কাঁদছে’, শিল্পী: আতিয়া ইসলাম এ্যানী

পাহাড়ি জনজীবনের সৌন্দর্য বর্ণনা আছে কনকচাঁপা চাকমার ক্যানভাসে। আবার নাসরীন বেগম ক্যানভাস গড়েছেন প্রাচ্যরীতির চিত্ররচনাপদ্ধতিতে। তাঁর ছবিতে রয়েছে উঠানে শুকাতে দেওয়া ফসল ও তার মধ্যে নারীর কাজের মুহূর্ত।
মা ও শিশুকে প্রধান চরিত্রে রেখে ‘ম্যাডোনা’ শিরোনামে ছবি এঁকেছেন রোকেয়া সুলতানা। তাঁর ছবির চারপাশে পাওয়া যায় লাল রঙের আবহ, যার মাধ্যমে ফুটে ওঠে শিশুর সরলতার ছাপ।
নানা ধরনের ব্যঙ্গাত্মক অভিব্যক্তির মধ্যে দিয়ে আতিয়া ইসলাম এ্যানী দেখান নারীর বন্দিদশা। তাঁর ‘গাজা উপত্যকা কাঁদছে’ শীর্ষক ছবিতে এই ভূখণ্ডের নারীদের যাতনা ও অবরুদ্ধতার চিত্র ফুটে ওঠে বেশ ভালোভাবেই।
অন্যদিকে, প্রাগৈতিহাসিক যুগের রেখা প্রয়োগের মতো করে নারী ও পুরুষের ভঙ্গি এঁকে নকশিকাঁথার ওপর স্থাপন করেছেন নাইমা হক। তাঁর কাজটি বেশ অভিনব।
তৈয়বা বেগম লিপির চিত্রে আছে নিরীক্ষার ছাপ। প্রদর্শনীতে সাদা-কালো রঙে লিপি এঁকেছেন সুতার বান্ডেল, বোতাম। আর এর মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছে বস্ত্রবালিকার জীবনসংগ্রাম—নারীর বয়ান।
চিত্রকলার পাশাপাশি আইভী জামান, লায়লা শারমিন ও ফারেহা জেবার ছাপাচিত্রের কথাও বলতে হবে এখানে। এই তিন শিল্পীর স্পেস ও চিত্ররচনারীতিতে নিরীক্ষা স্পষ্ট।
পক্ষান্তরে, ভাস্কর্যের উপস্থাপনায় মাত্র তিনটি কাজকে তিন প্রজন্মের ধারাবাহিক আয়োজন বলতে পারি আমরা।
বাংলাদেশের চিত্রকলায় নারী শিল্পীদের দর্শক আলাদা করে ভাবেন কি না, বলা মুশকিল। তবে এ দেশের শিল্পকলায় নারী শিল্পীরা কত বহুমাত্রিক ও বুদ্ধিদীপ্ত কাজ করেছেন, প্রদর্শনী থেকে সেটি হয়তো বোঝা যাবে খানিকটা। প্রদর্শনীতে ছবিগুলো স্থাপনের ক্ষেত্রে একটি থেকে আরেকটির কম দূরত্বের কারণে দর্শকের দৃষ্টিতে কখনো কখনো সেগুলো আঘাত করে—ক্ষুণ্ন হয় দৃষ্টি স্বাচ্ছন্দ্য। এ ক্ষেত্রে গ্যালারির দেয়ালে রাখা ছবিগুলোর দূরত্ব বাড়ালে প্রদর্শনীর উচ্চমান নিশ্চিত করা যেত বলেই মনে হয়। গ্যালারি টুয়েন্টি ওয়ানে গত ২৮ মার্চ শুরু হওয়া প্রদর্শনী শেষ হবে ১২ এপ্রিল।