
আলোচ্য এ বইয়ের আলোচনা নারী নেত্রী ও শিক্ষাবিদ মালেকা বেগমের লেখা মুখবন্ধ দিয়েই কথা শুরু করা যাক। এই বইয়ে যে ৪৭ জন নারীর সাক্ষাৎকার স্থান পেয়েছে, তাঁদের সম্পর্কে বলতে গিয়ে তিনি আমাদের জানাচ্ছেন, ‘বর্বরতার শিকার এই নারীদের কয়েকজন অক্ষরজ্ঞানসম্পন্ন। চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন ১৪ জন, এসএসসি থেকে বিএ পাস নারীর সংখ্যা ১২। এমএ পাস দুজন। ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত একজন এমবিবিএস ডাক্তার। অনেকের শিক্ষাগত যোগ্যতার তথ্যও নেই। এঁদের মধ্যে স্বল্পসংখ্যক শ্রমজীবী, নার্স, সমাজসেবী, গৃহকর্মী, চাকরিজীবী, অধিকাংশই গৃহিণী। বয়স, শিক্ষা ও পেশার পার্থক্য সত্ত্বেও তাঁদের মুক্তিযুদ্ধের দিনগুলোর অভিজ্ঞতার বিবরণের মধ্যে আমরা শুনতে পাই এক এবং অভিন্ন প্রতিবাদ-প্রতিরোধের পদধ্বনি। শুধু ‘নারীদের বয়ান’ বলে প্রচলিত সামাজিকীকরণের বলয়ে এই বিবরণগুলোকে ছকবদ্ধ করা যায় না।’
সত্যিই তাই। শুধু বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ কেন, বিশ্বের দেশ থেকে দেশে সুদূর ও অনতি অতীত এবং সাম্প্রতিক কালেও শোষণ, নির্যাতন, অবিচার ও অমানবিকতার বিরুদ্ধে চলমান মুক্তির, প্রতিরোধ বা স্বাধীনতার সার্বিক যুদ্ধে নারীর ভূমিকা পুরুষের তুলনায় কোনো অংশেই কম নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বিচারে পুরুষের চেয়েও আরও উজ্জ্বল তাঁর ভূমিকা।
আমাদের মহান মুক্তিযুদ্ধের কথাই ধরা যাক। যে নারী সম্ভ্রম হারিয়েছেন পাকিস্তানি বাহিনী কিংবা তাদের এ দেশীয় দোসরদের হাতে, তাঁদের সেই আত্মত্যাগ কি মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ নয়? যে নারী স্বামী-সন্তান হারিয়েছেন, হারিয়েছেন সহায়-সম্পদ, বাস্তুচ্যুত হয়ে হয়েছেন শরণার্থী, তিনিও কি মুক্তিযুদ্ধের বাইরের কেউ? আর নির্যাতিত হননি যে নারীরা, কিন্তু নির্ভীক চিত্তে নার্স বা চিকিৎসক হিসেবে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দিয়েছেন, তাঁদের কি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে? যাবে না। তাই এই বই হয়ে উঠেছে নারীদের নিজস্ব বয়ানে নারীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের এমন এক দলিল, যাকে অস্বীকার বা তুচ্ছমূল্য করার অর্থ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সেই মহান যজ্ঞকেই অস্বীকার করা।
>

নারী ১৯৭১: নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার
সম্পাদক: রাশেদুর রহমান
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
অক্টোবর ২০১৫
২৫৬ পৃষ্ঠা
দাম: ৩৫০ টাকা।
মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস প্রকৃত অর্থে আজও অনুদ্ঘাটিত এক অধ্যায়। সেই অধ্যায়ের পূর্ণতা সাধনে যেমন লিখিত, বিবৃত বা শ্রুত বিবরণ ও তথ্য কিংবা ঘটনার সমাহার এর উপাদান হতে পারে, তেমনি দেশব্যাপী পরিচালিত হতে পারে জনে জনে মৌখিক বিবরণ সংগ্রহের এক ব্যাপক অভিযান। বিশ্বের নানা দেশের ইতিহাসবিদেরা যেমন তাদের জাতীয় ইতিহাস লিখতে গিয়ে মৌখিক বিবরণ বা ‘ওরাল হিস্ট্রি’-এর শরণাপন্ন হয়েছেন, লিখিত বিবরণেরও আশ্রয় নিয়েছেন সমভাবে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস রচনার কাজটি এখনো সুসংগঠিতভাবে শুরু করা যায়নি। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে যা কিছু হচ্ছে, তা বিচ্ছিন্ন ঘটনারই নামান্তর, খণ্ডিত সব সত্যের আধার অথবা বিকৃত বয়ানের অংশ।
এ ক্ষেত্রে নারী ১৯৭১: নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ শিরোনামের এই বই তেমনই উপাদানসংবলিত এক অমূল্য আধার, যার ওপর ভর করে লেখা যাবে মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাসের সেই অধ্যায়টি, যে অধ্যায়ে থাকবে নারীদের সার্বিক ভূমিকার কথা। এ বইয়ের ৪৭ জন নারী হয়ে উঠেছেন মুক্তিযুদ্ধকালে নির্যাতিত, মুক্তিযুদ্ধকে নানাভাবে সাহায্যকারী কিংবা সরাসরি মুক্তিযোদ্ধা নারীদের প্রতিনিধি। তাঁদের প্রত্যেকের বয়ান মারফত মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা চোখের সামনে উজ্জ্বল হয়ে ওঠে। কারও কারও সাক্ষাৎকারমূলক বয়ানে ভিজে ওঠে চোখ। সব মিলিয়ে বলা যায়, বইটি সিত্যই তুলনাবিহীন এক সম্পাদনা–কর্ম।
মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের সদস্য পরিচালক মঈদুল হাসানের ভূমিকাটিও সুলিখিত। এমন একটি দরকারি বই সম্পাদনার জন্য রাশেদুর রহমানকে আন্তরিক অভিনন্দন।