মানবীর নিঃশঙ্ক মন—সুলতানা কামাল \ প্রকাশক: আইন ও সালিশ কেন্দ্র \ প্রকাশকাল: ডিসেম্বর ২০১১ \ প্রচ্ছদ: দৃক \ প্রচ্ছদের আলোকচিত্র: ড. শহিদুল আলম \ মুদ্রক: সাহিত্য প্রকাশ \ মূল্য: ২০০ টাকাপুরুষের ইচ্ছার কাছে সবসময় দলিত হয়েছে নারীর মানবিক অধিকার আর প্রবণতাগুলো। আধুনিক সমাজব্যবস্থা নারীকে ভোগের সামগ্রী হিসেবে নির্মাণ করেছে। সময়ের বিভিন্ন পর্বে আমরা নারীকে বদলে যেতে দেখি বিভিন্নভাবে। নারীর এ পরিবর্তন কখনো কখনো আশান্বিত করে। তবু নারীর এই ‘বিবর্তন’ বা বদলে যাওয়ায় তার নিজের ভূমিকা কতটুকু? সে কি নিজের ইচ্ছামতো বদলাতে পেরেছে নিজেকে, নাকি পুরুষ যেভাবে দেখতে চায়, সেই ছাঁচেই তাকে বাধ্যতামূলক পাল্টে যেতে হয়েছে? উত্তরটা সবারই জানা। পণ্য সভ্যতা নারীকে ‘পণ্যে’র চেয়ে বেশি অধিকার দেয়নি। নারী এখনো পর্যন্ত তার কাঙ্ক্ষিত অধিকার আদায় করে নিতে পারেনি। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক—সব ক্ষেত্রেই নারীরা বৈষম্যের শিকার। এই বৈষম্যের রকম আবার আলাদা আলাদা। প্রথম বিশ্বে একজন নারী যে বৈষম্যের শিকার, তৃতীয় বিশ্বে নিশ্চয়ই সে রকম নয়। এ রকম বৈষম্যের মাত্রা ও পরিমাণগত পার্থক্য রয়েছে। উচ্চবিত্ত একজন নারীর বৈষম্যের বা নিপীড়নের যে প্রকার তা নিম্নবিত্ত পরিবারের নারীর মতো নয়। আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা মুসলমান নারীর নিপীড়নের কাঠামো ও প্রকার এক নয়। কমবেশি যা-ই হোক না কেন, নারীরা এখন পর্যন্ত তাদের মানবিক অধিকারগুলো আদায় করতে পারেনি।আমাদের মতো তৃতীয় বিশ্বে নারী নির্যাতন ও বৈষম্যের হার সবচেয়ে বেশি। সামাজিক আন্দোলনের ফলে নারীর প্রতি সহিংসতা হালে কিছুটা কমে এলেও তা মোটেই আশানুরূপ কিছু নয়। সমস্যা হলো নারীর অধিকার সম্পর্কে নারী নিজেই যথেষ্ট পরিমাণ জ্ঞাত নয়। ফলে সে জানে না কোনটা তার ন্যায্য অধিকার। নারীর অজ্ঞানতাকে পুঁজি করে পুরুষ সর্বদা তাকে শোষণ করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা, এনজিও এবং সরকারি সংগঠন ও গণমাধ্যমগুলো নারীকে তার অধিকারের বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে কাজ করছে। পরিস্থিতি আগের চেয়ে ভালো হলেও তা প্রকৃত লক্ষ্যের চেয়ে যোজন যোজন দূরে। পুরুষতন্ত্র এমনকি নারীর চিন্তাকাঠামোকেও বদলে দিয়েছে। নারীরা এখনো তার নিজস্ব চিন্তাপদ্ধতি খুঁজে পায়নি। সমাজের একটি অংশ পশ্চাৎপদ থাকলে সমগ্র সমাজের উন্নয়নই বাধাগ্রস্ত হয়। ফলে নারীর অধিকার এবং নারীকে শুধু নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার চর্চাই এই বৈষম্য কাটিয়ে ওঠার অন্যতম উপায় হিসেবে বিবেচিত হতে পারে।আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত সুলতানা কামালের মানবীর নিঃশঙ্ক মন প্রকৃতপক্ষে উইমেন লিভিং আন্ডার মুসলিম লজ-এর নারী আইন ও প্রকল্পের বাংলাদেশ অঞ্চলের জাতীয় প্রতিবেদন। এশিয়া ও আফ্রিকা মহাদেশের ২৬টি দেশে মুসলিম আইনের আওতাধীন নারীদের মধ্যে ১৯৯২ সাল থেকে এই গবেষণা কার্যক্রম শুরু করা হয়েছিল। সুলতানা কামাল বাংলাদেশ অঞ্চলের জাতীয় সমন্বয়ক হিসেবে মূল প্রতিবেদনটিকে বই আকারে গ্রন্থনার দায়িত্ব পালন করেন। এটি প্রথম প্রকাশ পায় ১৯৯৫ সালে। দ্রুত এর প্রথম সংস্করণ শেষ হয়ে গেলেও প্রায় ১৬ বছর পর বের করা হয় দ্বিতীয় সংস্করণ। ডিসেম্বর ২০১১ সালে এর দ্বিতীয় সংস্করণ বাজারে আসে। ফলে অনেক তথ্য হালনাগাদ করা হয়েছে এখানে। গবেষণাকর্ম হিসেবে বইটি বেশ গোছানো। ফলে আগ্রহী পাঠকের জন্য দরকারি বিবেচিত হবে এটি। প্রথমে এখানে একটি পরিচয় তুলে ধরা হয়েছে মূল সংগঠনটির, যাঁরা গবেষণাকর্মটি করিয়েছেন। এবং কেন এমন গবেষণা তারও ফিরিস্তি রয়েছে। ‘মুসলিম বিশ্বের নারী ও আইন প্রকল্প’ অধ্যায়ে বিভিন্ন মুসলিম দেশের নারীবিষয়ক আইনের সাদৃশ্য ও পার্থক্য দেখানো হয়েছে। বইয়ের সব প্রবন্ধেই বস্তুনিষ্ঠ গবেষণার ছাপ লক্ষণীয়। বাংলাদেশের নারীর ক্ষেত্রে কী কী আইন প্রয়োগ হয় এবং তার ঐতিহাসিক রূপরেখাটি কেমন, তার বিস্তারিত তথ্য-উপাত্ত খুবই গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এখানে। পারিবারিক আইনে নারীর অবস্থানকে দেখা হয়েছে নিরপেক্ষ চোখ দিয়ে। নারী এসব আইন সম্পর্কে জ্ঞাত কি না এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার অবস্থান কোথায়, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। নারীর সাংবিধানিক অধিকার তার রাজনৈতিকতা, ধর্মীয় অবস্থান এসব মিলিয়ে নারীকে তার সমস্ত পরিপার্শ্বের সঙ্গে যুক্ত করে দেখার চেষ্টা করা হয়েছে এ বইটিতে। নারী বিষয়ে বিশেষজ্ঞ জনের সাক্ষাৎকার বইটিকে আরও সমৃদ্ধ করে তুলেছে। কঠোর শ্রমসাধ্য এ বইটি যেমন আগামী দিনের গবেষকদের কাজে লাগবে, তেমনি ভাষার সহজবোধ্যতার কারণে এটি সাধারণ পাঠকের জানার আকাঙ্ক্ষাকেও পূরণ করতে সক্ষম হবে।