অনুবাদ: আন্দালিব রাশদীবহু বছর ধরে নার্গিসের ছবি আমার মধ্যরাত ও দ্বিপ্রহরের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। তিনি তাঁর সৌন্দর্য ও মায়াবী অবয়ব নিয়ে দূরেই রয়ে গেছেন, আমার মতো মরণশীল মর্ত্যমানবের ধরাছোঁয়ার বাইরে। এক সকালে আমার টেলিফোন বেজে উঠল এবং একটি সুমিষ্ট স্বর ঘোষণা করল, ‘আমি নার্গিস দত্ত বলছি। আমি কি ইনগ্রিড বার্গম্যানের সঙ্গে কথা বলতে পারি?’‘জি, আমি বার্গম্যান বলছি। যেভাবেই হোক আপনি কি সেই ফিল্ম স্টার নার্গিস?’‘জি হ্যাঁ।’ ‘মাদার ইন্ডিয়া এবং এ ধরনের।’ ‘জি হ্যাঁ। আমি কি এসে আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’এক ঘণ্টা পর সুবাতাসের মতো তিনি আমার কক্ষে ঢুকলেন। আমার হূদয়ে বন্য আন্দোলন শুরু হয়ে গেল। সুন্দর নিরহংকার এবং সুবান্ধব তিনি। বললেন, ‘আপনার কাছ থেকে একটি ব্যক্তিগত অনুগ্রহ চাইতে এসেছি। আমার বিশ্বাস, কাসাওলিতে আপনার একটি বাড়ি আছে। আমার বাচ্চারা আছে সানাওয়ারে; তাদের স্কুলের সপ্তাহ উদ্যাপন করা হবে। সে সময় ওখানে থাকার মতো কোনো জায়গা পাচ্ছি না। আপনি যদি আপনার সে বাড়িতে থাকার সুযোগ দিতেন...।’ আমি বললাম, ‘অবশ্যই। তবে একটি শর্তে।’ কৌতূহল বাড়াতে আমি একটু দম নিলাম। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিগ্যেস করলেন, ‘কী?’‘তাহলে আমি আপনার কাছে অনুমতি চাই, যাকে ইচ্ছে আমি বলে বেড়াব নার্গিস আমার বিছানায় শুয়েছে।’ তিনি বালিকাদের মতো উচ্চনিনাদী হাসিতে ফেটে পড়ে বললেন, ‘ঠিক আছে।’ দুই হাত একত্র করে বললেন, ‘রাজি, আমি আপনার বাড়িতে থাকব আর আপনি বলবেন আমি আপনার বিছানায় শুয়েছি।’ সামান্যতম বিব্রত না হয়ে নার্গিস বহুবার এই কথার পুনরাবৃত্তি করেছেন। মানুষকে সুখী করার প্রবণতা তাঁর ছিল আর আক্রমণাত্মক রসজ্ঞান। রাজ্যসভার অধিবেশনে যোগ দিতে শেষবার যখন দিল্লিতে ছিলেন, তাঁর স্বাভাবিক উৎফুল্লতার কিছুটা ঘাটতি ছিল। ‘আমার এখানে আসা উচিত হয়নি। ডাক্তার বলেছে আমাকে একধরনের জন্ডিস ছিল। আমি স্থানীয় রোটারিয়ানদের বলে এসেছি আমি ফিরে আসছি—আমি তো কথা নষ্ট করতে পারি না, পারি কি?’ এদিকে বাগানত নিয়ে এখানে বিতর্ক। বিতর্কটা আপনাদের মনে থাকতে পারে—পুলিশের গুলিতে তিনজন নিহত এবং পুলিশ স্টেশনে মায়া তিয়াগির কথিত ধর্ষণ নিয়ে সংসদে বিরোধীদের গালাগাল করা আবেগ-উদ্বেলিত বক্তৃতা। কালো, স্থূল ও ভারী একজন মহিলা সদস্য তাঁর ক্রোধের আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটিয়ে এর লাভা সংস্কারের ওপর ঢেলে দিয়ে বললেন, যদিও সরকারপ্রধান নারী, সেই সরকারই পথ করে দিচ্ছে যেন নারীরা অপমানিত হয়, তাদের সম্ভ্রমহানি ঘটে, তারা ধর্ষণের শিকার হয়। এখানে ধর্ষণ, সেখানে ধর্ষণ। তিনি চিৎকার করে বললেন, সারা দিন আমরা শুনি ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ। আমার পাশে বসে থাকা নার্গিস হঠাৎ উদ্দীপিত হয়ে বলে উঠলেন, ‘আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এখানে কেউ আপনাকে কখনো ধর্ষণ করবে না।’ ঈশ্বর সদয়, আমাদের পাশের অল্প কিছুসংখ্যক সদস্য তাঁর মন্তব্য শুনেছিলেন, তাঁরা আনন্দে হেসে ওঠেন। নার্গিস খুবই অসুস্থ। আমি নিউইয়র্কে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করি। স্লোয়ান কেটারিং হাসপাতালের রিসিপশনিস্ট আমার কথায়—যে আমি অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছি, এতে সন্তুষ্ট না হয়ে আমার পীড়াপীড়িতে অনেকটা মরিয়া হয়ে জিগ্যেস করল, ‘তুমি কি তাঁর স্বামী?’ আমি বললাম, ‘হায় আমি তা নই, আমি তাঁর দূরের বন্ধু এবং একান্ত অনুরাগী।’ নার্গিস আর নেই। স্লোয়ান কেটারিং তাঁকে সম্পূর্ণ সুস্থ বিবেচনা করে অব্যাহতি দিয়েছে, আমি তা বিশ্বাস করিনি। তাদের অভিমত এই ছিল যে আর করার কিছু নেই। কাজেই মৃত্যুর জন্য তিনি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। ‘এখন মৃত্যু তুমি অহংকার করতে পারোতোমার অধিকারে রয়েছে অতুলনীয় এক নারী।’ যেভাবেই বিবেচনা করা হোক, তিনি ছিলেন সুন্দর। শরীরের ধ্রুপদ নির্মাণ আর তার ভেতরে স্বর্ণ হূদয়ের মন্দির—সব সময়ই ছুটে গেছে দরিদ্র, অন্ধ এবং অর্ধাঙ্গ রোগে শয্যাশায়ী মানুষের পেছনে। তাঁর স্মিত হাসি ছিল জাদুকরি আর অট্টহাসি সংক্রামক। তাঁর ছিল অনন্ত যৌবনের সম্ভার। পঞ্চাশের কোঠায় পৌঁছে তিনি যখন মৃত্যুবরণ করলেন, তাঁকে ঠিক তেমনই দেখাচ্ছিল, যেমন তাঁকে দেখাত কৈশোরে। আমার ঔৎসুক্য বাড়িয়েছে তাঁর বিশ্বাস। তিনি কি মুসলমান ছিলেন, নাকি হিন্দু, নাকি দুটোই, নাকি কোনোটাই না। তিনি কপালে ফোঁটা দিতেন, ব্রাহ্মণকে বিয়ে করেছেন, সন্তানদের হিন্দু নাম রেখেছেন—তাঁকে মাঝে মাঝে দেখা যেত গণেশপুরীতে স্বামী মুক্তানন্দের আশ্রমে। তা হোক, ইসলাম ধর্মীয় রীতিনীতি মেনে মুসলমানদের কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাঁর হিন্দু স্বামী সেখানে ফাতেহা পাঠ করেছেন। ‘সর্ব ধর্ম সম্ভব’ এই নীতি মেনে চলা আর একটি ভালো ভারতীয় পরিবারের কথা আমি ভাবতেই পারি না। রাজ্যসভার সদস্য হিসেবে আমার খ্যাতির প্রধান দাবি—আমি নার্গিসের পাশে বসতাম এবং তাই ছিল আমার সাংসদ ভাইদের ঈর্ষার কারণ। গত আগস্ট থেকে ওই আসন শূন্য রয়ে গেছে। কোনো সন্দেহ নেই—মনোনীত অন্য কেউ এসে সেই স্থান পূরণ করবেন। কিন্তু নার্গিস তাঁর লাখো দেশবাসীর মনে যে শূন্যতা সৃষ্টি করে গেলেন, তা তো কখনো পূরণ হওয়ার নয়। [নার্গিস দত্ত: জন্ম ১ জুন ১৯২৯-মৃত্যু ৩ মে ১৯৮১। হিন্দি সিনেমার শ্রেষ্ঠ নায়িকা হিসেবে খ্যাত। মূল নাম ফাতিমা রশিদ, প্রথম ছবি তালাশ-ই-হক (১৯৩৫)। যেসব ছবি তাঁকে খ্যাতি এনে দিয়েছে, তার মধ্যে তকদির (১৯৪৩) নার্গিস (১৯৪৬), মেলা (১৯৪৮), আঞ্জুমান (১৯৪৮), আগ (১৯৪৮), বারসাত (১৯৪৯), আন্দাজ (১৯৪৯), মিনাবাজার (১৯৫০), জান পহচান (১৯৫০), আধি রাত (১৯৫০), আওয়ারা (১৯৫১), দিদার (১৯৫১), শ্রী ৪২০ (১৯৫৫), চোরি চোরি (১৯৫৬)। সবচেয়ে বিখ্যাত ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত মাদার ইন্ডিয়া। নায়ক সুনীল দত্তের সঙ্গে বিয়ে হয় ১১ মার্চ ১৯৫৮। তিন সন্তান সঞ্জয় দত্ত নায়ক, নম্রতা কুমার ও গৌরবের স্ত্রী প্রিয়া ২০০৫ থেকে ভারতীয় লোকসভার সদস্য। নার্গিস অগ্ন্যাশয়ের ক্যানসারে নিউইয়র্কের স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। দেশে ফিরে মুম্বাই বিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। নার্গিস দরিদ্র, দুর্গত ও অসুস্থ মানুষের পাশে বরাবর দাঁড়িয়েছেন।ইনগ্রিড বার্গম্যান: জন্ম ২৯ আগস্ট ১৯১৫-মৃত্যু ২৯ আগস্ট ১৯৮২। সুইডিশ অভিনয় শিল্পী। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত।]