নিউ গীতশ্রী সুরভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি কোলে তুলে নিয়েছিলে সেতার, মিড় দিলে নিষ্ঠুর করে— ছিন্ন যবে হলো তার ফেলে গেলে ভূমি-’পরে।’কলকাতা থেকে নতুন পাঁচটা সেতার আনালেন এবার রজত গিরি গুপ্ত। তাঁর ছোটখাটো দোকানটির বাঁ দিকের কাচের শেলফে পাঁচটি সেতারই পাশাপাশি সাজানো। এখনো একটিও বিক্রি হয়নি। অথচ তিন সপ্তাহ আগেই ঢাকার দুজন আর চট্টগ্রামের একজন সেতারের জন্য তাঁকে পাগল করে দিয়েছিল। পাঁচটি সেতার আনাতে গুনে গুনে মাথাপিছু ১৩ হাজার করে মোট ৬৫ হাজার টাকা খরচ হলো। এখন দেখি ক্রেতাদের খবর নেই। আর কি ধুলা পড়ে রে বাবা! দুই-তিন দিন অন্তর অন্তর কাচের শেলফে ধুলা জমে যায়! মৃত্যুঞ্জয় ছেলেটা ফাঁকিবাজ। বেশি কাজ করে না। ইদানীং ছোকরার নতুন রোগ হয়েছে শাহবাগ। সন্ধ্যা ছয়টা থেকেই তার এই সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ যাওয়ার জন্য ছটফটানি শুরু হয়। লাখ লাখ মানুষ দিন নেই রাত নেই, শুধু স্লোগান দিচ্ছে। এই ছেলেমেয়েরা বরং সন্ধ্যাবেলাটা ধূপ-ধূনা জ্বালিয়ে তানপুরা হারমোনিয়াম কি সেতার-তবলা নিয়ে শুদ্ধ সংগীতের চর্চা করলে তো পারে! মৃত্যুঞ্জয়কে আজ চোখে চোখে রাখেননি। ঠিক ছয়টা না বাজতেই দিয়েছে ছুট। তাঁর এই ছোট্ট দোকানে তাঁরা তিনজন মাত্র মানুষ। তিনি, তাঁর কাকাতো ভাই কাম ম্যানেজার সুসেন গুপ্ত আর বরিশালের ছোকরা মৃত্যুঞ্জয় ফুট-ফরমাশ খাটে। দোকান কুড়ায়, বাদ্যযন্ত্র সাজানো কাচের ডালাগুলো পরিষ্কার করে, সকাল-সন্ধ্যা বাদ্যযন্ত্রগুলোর সামনে ধূপকাঠি জ্বালায়। এ তো ঠিক ব্যবসা নয়, মা সরস্বতীরই সেবা প্রকারান্তরে। সংসারের নানা চাপে না হয় গায়ক হতে পারেননি রজত গিরি। তাই বলে বীণাপাণির সেবা একটু করবেন না? নাহ্, রজত গিরি না হোক...রোদেলা তো গায়িকা হয়েছে! দেশের নামী গায়িকা! সবাই এক নামে তাকে চেনে।কয়টা বাজে? সাতটা ষোলো। মৃত্যুঞ্জয় ফাঁকি দিয়ে শাহবাগ তো গেছেই। সুসেনও বউকে নিয়ে একটু আগেই আজ বেরিয়েছে ডেন্টিস্টের চেম্বারে। তিনি একা শুধু তাঁর সুরের দোকানে। ছোটখাটো দোকান। পাশেই ‘মিউজিক্যাল রিদম’ সায়েন্স ল্যাবরেটরির এই বাদ্যযন্ত্রের মার্কেটের...তিনি বলেন, ‘সুরের বাজার’... সবচেয়ে বড় দোকান। মাসে প্রায় কোটি টাকার মুনাফা হয় না বিদ্যুৎ বরণ সাহার? তাঁর প্রফিট মাসে এক কি দেড় লাখের বেশি নয়। এতেই তিনি সুখী।‘আঙ্কেল...’‘কী?’চেহারা থেকেই বুঝলেন, বড়লোকের উনিশ-কুড়ির তিন-চারটা ছেলে। ওরা একটা ব্যান্ড গ্রুপ খুলতে চাইছে। কয়েক সপ্তাহ ধরেই টুকটাক কিছু ইন্সট্রুমেন্ট কিনল ওরা। একটা কি-বোর্ড, দুটো বেজ গিটার, একটা ড্রাম। ম্যালা টাকা এদের!‘আঙ্কেল...গত সপ্তাহে কি-বোর্ডের হাফ পেমেন্ট করে গেছিলাম!’‘ওহ্’...ঈষৎ প্রসন্ন মনে ৯০ হাজার টাকার চেকটা নিলেন তিনি। কাল সকালেই ব্যাংকে জমা দেবেন তিনি। ছেলেগুলো চলে যাওয়ার পর একটু বিরক্তও বোধ হলো। এদের বাবা-মায়েরা এদের গানের জন্য এক লাখ ৮০ হাজার টাকার ইয়ামাহা কি-বোর্ড কিনে দেয়? শুধু টাকার শ্রাদ্ধ! পারবে এরা শুদ্ধ স্বরে পঞ্চম, ধৈবৎ আর নিষাদ লাগাতে? কোমল গান্ধার আর কড়ি মধ্যম? পারবে না। কি-বোর্ড টিপে রেওয়াজ না করা গলায় বাংলিশ উচ্চারণে গাইবে, ‘ও আমার মুনিয়া-থুমি খেনো আশো না (তুমি কেন আসো না)?’ টিভিতে আজ রোদেলার একক সংগীতানুষ্ঠান আছে। সন্ধ্যা সাড়ে সাতটায়। পঞ্চভাষ্করের গান। রবীন্দ্র-অতুল-দ্বিজেন-নজরুল-রজনীকান্ত। এক ঘণ্টা ধরে দেখাবে দেশ টিভিতে। এখন আর কোনো ক্লায়েন্ট এলে পাবে না তাকে। বুকের ভেতর উত্তেজনা হচ্ছে কি? ভালোই হয়েছে, সুসেন আর মৃত্যুঞ্জয় নেই দোকানে। কাঁপা হাতে দোকানের সবচেয়ে বড় আলমারির ওপর তাকে রাখা টিভির সুইচ অন করে কাঁপা হাতে রিমোট টিপতে থাকেন। জি বাংলা, ইনডিপেনডেন্ট, স্পোর্টস ওয়ার্ল্ড, স্টার জলসা—ধ্যত্তেরি, দেশ টিভি আসতে এত দেরি করছে কেন? ওহ্, এই তো দেশ টিভি! যত রাজ্যের বিজ্ঞাপনের আর শেষ নেই।টিভির রিমোট ‘দেশ’-এ রেখে ছোট্ট দোকানের এক পাশে রাখা টেবিলে ফ্লাস্ক থেকে ঠান্ডা হয়ে আসা ঈষৎ গরম জলে চা-পাতা ভিজিয়ে আর এক চামচ গুঁড়ো দুধ গুলিয়ে তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে সিটে বসতে গিয়ে আবার উঠলেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে নতুন আনা সেতারগুলো একটু মোছা দরকার।‘তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।আমার ভাঙল যা তা ধন্য হলো চরণপাতে।’এই গানটা একবার তিনি আর রোদেলা গেয়েছিলেন না দ্বৈত সংগীত হিসেবে, জগন্নাথ কলেজের অনুষ্ঠানে? সালটা ছিল ১৯৭৮। রোদেলার সঙ্গে পরিচয় যেন কীভাবে হয়? রজত গুপ্তর বড় দিদি বীণাপাণির বান্ধবীর ছোট বোন ছিল না? বীণাপাণি গুপ্ত...আজ আয়েশা নাজনীন! সেটুকু হলেও চলত। শুধু ওর শ্বশুরবাড়িটা যদি আর একটু উদার হতো! আজকাল কত হিন্দু মেয়েই তো মুসলমান ছেলে বিয়ে করছে! দিদিকে এখন বোরকাও পরতে হয়। কী অদ্ভুত গলা ছিল! হুট করে অমন রক্ষণশীল একটি পরিবারে বিয়ে না করলে অনেক বড় গায়িকা হতে পারত। বড়দির বান্ধবী সিতারা পারভীন বা সিতারা আপাদের বাড়ি ছিল ওয়ারী র‌্যাঙ্কিন স্ট্রিট। রজত গুপ্তরা থাকত শাঁখারীবাজারে। ১৯৭৩ সালের এক সরস্বতী পূজার দিন সিতারা আপা রোদেলাকে নিয়ে এসেছিলেন। সিতারা পারভীনের ছোট বোন রোদেলা পারভীন।‘বীণা! আমার এই বোনটা খুব গানপাগল। কিন্তু আব্বা গান একদম পছন্দ করে না। ওর গলা খারাপ না। আম্মা অবশ্য চায় ও গান শিখুক। আম্মা লুকিয়ে খরচ দেবে। তোর স্যারের কাছেই যদি যায়?’‘অনিল ঘোষ স্যারকে তো বলতেই পারি! কিন্তু শুধু ক্লাসে শিখলেই তো হবে না। বাসায়ও তো প্র্যাকটিস করা লাগবে।’‘সে হবে। আব্বা ব্যবসার কাজে কত যেন আর বাসায় থাকে? তারপর বিজনেসের কাজে আজ এই শহর কি কাল ওই শহর, আজ এই দেশ কাল ওই দেশ তো আছেই। তুই শুধু আমার বোনটাকে দেখিস!’রজত গুপ্তর বাবা শিবশঙ্কর গুপ্তর একটি ছোটখাটো মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের দোকান ছিল শাঁখারীবাজারেই। তখন এই গোটা মিউজিক মার্কেটই ছিল শাঁখারীবাজারে। বাহাত্তর সালেই অবশ্য মার্কেট চলে এল সায়েন্স ল্যাবে। দোকানও তখন থেকেই সায়েন্স ল্যাবে শিফট। বাবার দোকানের আয়ে দুই বোন আর সে ছোট ভাই...তিন ভাইবোন, মা আর বাবা—পাঁচজনের সংসার ভালোই চলত। বড় দিদি অদ্ভুত গান গায়। জগন্নাথ কলেজে অনার্স ফার্স্ট ইয়ার। মেজো দিদি অঙ্কে খুব ভালো মাথা। ভালো ছাত্রী। গলায় সুর নেই। রজতকে সবাই বলে ‘মেয়েলি সুন্দর’। ফরসা আর কাটা কাটা নাক-চোখ। তারও গানের গলা ভালো। তারা দুই ভাইবোনই অনিল ঘোষ স্যারের বাসায় ক্লাস করতে যায় প্রতি রোববার আর বৃহস্পতিবার সন্ধ্যায়। ধীরে ধীরে তাদের প্রতি সপ্তাহের দুই সন্ধ্যার ক্লাসে ঢুকে গেল রোদেলা পারভীন। সন্ধ্যার ক্লাস শেষে ১৪ বছরের রোদেলাকে সূত্রাপুর থেকে র‌্যাঙ্কিন স্ট্রিট পৌঁছে দেওয়ার চাকরিও জুটল সতেরোর রজতের। কখনো রিকশায়, কখনো হেঁটে। এই চাকরি চলল পরবর্তী পাঁচ বছর।‘আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে,বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।’আরে...রোদেলা পারভীন আর গান পেল না? সে বেছে বেছে এই গানটা দিয়েই শুরু করল? সে কী করে জানে যে আমি রজত গিরি গুপ্ত, বয়স ৫৭, আজ সারা দিন কলকাতা থেকে আনা সেতারগুলো দেখে থেকে থেকে এই গানটিই গুনগুন করছি?‘তুমি কোলে নিয়েছিলে সেতার, মিড় দিলে নিষ্ঠুর করে—’রোদেলা পারভীন...তোমাকে চুলে এমন পাক ধরলে বুঝি ভালো লাগে? মুখে এমন কড়া মেকআপ? তবে এখনো তেমন মোটা হওনি তুমি। সেই ১৪ বছরের কিশোরীর ত্বকে এমন কুঞ্চন। সেসবও সহ্য হতো। কিন্তু তোমাকে নিয়ে বাজারে এত এত কুৎসিত কথা, ভালো লাগে না আমার! এই রজত গিরি গুপ্তের! উনআশি সালের সেই সন্ধ্যায় তুমি জোর করে আমাকে নিয়ে ছুটলে বুড়িগঙ্গায়...নৌকায় উঠে চৈত্রের হু হু হাওয়ায় আমার হাঁটুতে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে বললে, ‘আম্মা বলছে তোমার শুধু কাগজ-কলমে একবার মুসলিম নাম লিখলেই হবে। আর কিচ্ছু করা লাগবে না। নামাজ-রোজা কিচ্ছু করতে হবে না! আব্বার মেজাজ তো জানো!’আমি থমকে গিয়ে বললাম, ‘বড় দিদির অমন কাণ্ডের পর বাবার প্যারালাইসিস স্ট্রোক আজ দুই বছর। তুমি তো সব জানো, রোদেলা। আমাকে ক্ষমা কোরো! সম্ভব না!’তুমি অনেকক্ষণ কাঁদলে। তারপর চিৎকার করে বললে, ‘ইতর! স্কাউন্ড্রেল...কাওয়ার্ড! লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজা নেবা, বিয়া করবা না? আমি আব্বারে বলব ওই আর্মি অফিসাররেই আমি বিয়া করব!’‘শোনো, আমি মুসলমান হইলেও সম্ভব ছিল না। বাবার এই অবস্থা! দোকানে বসতে হচ্ছে। ব্যবসা করতে গিয়া যা বুঝতেছি, আমার গান হবে না! কিচ্ছু হবে না!’‘ব্যস...এনাফ ইজ এনাফ! আমার আর কিচ্ছু শোনার দরকার নাই!’তারপর? মেজর শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে উনিশে তোমার বিয়ে হলো। বিয়ের কার্ড দিয়ে গেছিলে আর আমার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে, হাসি-হাসি মুখে বলেছিলে, ‘খালাম্মা, দোয়া করবেন।’ মেজদির বিয়ে হয়ে গেল ইন্ডিয়ায়। বড় বোনের সঙ্গে খোঁজখবর নেই। বাবা বিছানায় পড়ে থাকেন। আর আমি...রজত গিরি গুপ্ত অনিল ঘোষ স্যারের ক্লাসে রাগ দুর্গা, আহীর ভৈরব আর হংসধ্বনির মায়া কাটিয়ে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের দোকানে পড়ে থাকি। বিয়ের তিন মাসের মাথায় আমাদের বাসার সাদা-কালো টিভিতে তোমার প্রথম গানের অনুষ্ঠান দেখলাম, ছয় মাসের মাথায় হলুদ খামে পাঠানো একটি চিঠিতে তোমার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ আর তারও ছয় মাস পর সেনাবাহিনীর এক অভ্যুত্থানে তোমার বৈধব্যের খবর।...তারপর দ্বিতীয় বিয়ে। এবারের স্বামী ব্যবসায়ী। চুরাশি সালের কথা। একই সালে আমারও প্রথম ও একমাত্র বিয়ে জনৈকা শেফালিকা করের সঙ্গে। তোমার রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে উত্থান। আরও উত্থান। কিন্তু আজকাল এসব কী শুনি? তোমার ব্যবসায়ী স্বামী আরেক জায়গায় বিয়ে করেছে। তুমি আর এক মেজর জেনারেলের সঙ্গে...স্ত্রী হিসেবে নও...ভগবান, এসব কথা মিথ্যা হোক!এই বসন্তে বৃষ্টি নামবে নাকি? উহু...দীপক রাগাশ্রয়ী রজনীকান্তের এই গানটির আভোগে উঠতে গিয়ে সুরে লাগল না। গলা তোমার খারাপ না। রেওয়াজে ছিলে বরাবর ফাঁকিবাজ। তালে ছিলে একটু কাঁচা। একবার অনিল স্যারের হুকুমে তোমার নীল চুড়ি পরা ফরসা হাতের মুঠি আমাকেই ধরে তাল শেখাতে হয়েছিল। ওস্তাদজি তানপুরায় ধরেছিলেন রাগ দুর্গার বন্দেশ:বাদরবা বরখন লাগে মেহারবাকারী ঘটাঘন বিজুরী চমকবা।আলম পিয়া পরদেশ গমনবাএকা ড্যর পাঁউ ম্যায় নাহি সঙ্গবাজিয়া নাহি মানত কা করুঁ সজনবা।।...তার পরের সকালে তুমিই প্রথম চিঠি দিয়েছিলে আমাকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, রোদেলা। সাবধানে থেকো।