নিউইয়র্ক টাইমস বেস্টসেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.

আ বেটার ম্যান

লেখক: লুইস পেনি

প্রকাশক: মিনোতাউর বুকস

লুইস পেনির জনপ্রিয় সিরিজ ‘গামাচ’–এর ১৫তম বই এটি। নিখোঁজ হওয়া এক বালিকার গল্প নিয়ে এগিয়েছে এই উপন্যাস। বানের জলে ভাসতে ভাসতে ওই বালিকা জেগে উঠেছিল অচেনা এক প্রদেশে। কিন্তু কেন, কীভাবে এই প্রদেশে এল সে, সেই রহস্যের সমাধান করতে নামে পুলিশের প্রধান পরিদর্শক গামাচে।

২.

হয়্যার দ্য ক্রোড্যাডস সিং

লেখক: ডেলিয়া ওনস

প্রকাশক: জি পি পুটন্যামস সন্স

৫১ সপ্তাহ ধরে বেস্টসেলার তালিকায় থাকা এই বই এখনো রয়েছে বেস্টসেলার তালিকায়। কে ক্লার্ক জীবনযুদ্ধে সংগ্রামী এক তরুণী, যাকে সন্দেহ করা হয় খুনি হিসেবে। তরুণীটি হারিয়ে গিয়েছিল নর্থ ক্যারোলাইনার এক শহরে। অনেক অনেক দিন পরে পাওয়া যায় এক মৃতদেহ। এই মৃতদেহই কি সেই খুনি তরুণীর? জট পাকে রহস্য। 

৩.

দ্য গার্ল হু লিভড টোয়াইস

লেখক: ডেভিড লাগার্সরেন্টজ

প্রকাশক: নফ

লিসবেথ সালানডার এক অপ্রতিরোধ্য নারীর নাম। সে বাস করত স্টকহোমের এক বাড়িতে। কিন্তু একদিন বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হয় সে। এরপর খুব নীরব হয়ে যায় সদাচটপটে, হাস্যোজ্জ্বল লিসবেথ। কারও সঙ্গেই তেমন কথাবার্তা বলে না। কিন্তু কেন? কী হয়েছে তার? লিসবেথের রয়েছে এক যমজ বোন। তার নাম ক্যামিলা। এসব নিয়েই গড়ে উঠেছে উপন্যাসটির কাহিনি।

৪.

দ্য ডার্ক সাইড

লেখক: ড্যানিয়েল স্টিল

প্রকাশক: ডেল

দুর্বিষহ এক শৈশবের স্মৃতিগাথা নিয়ে এই উপন্যাস। স্মৃতিরোমন্থনকারীর নাম জোয়ে মর্গান। তার ছিল একটি ছোট বোন। সে প্রায়ই অসুস্থ থাকত। তাকে কেন্দ্র করে মা-বাবার সংগ্রামের সঙ্গে যুক্ত হতে হয় ছোট্ট মর্গানকেও। পরিণত বয়সে এসে মর্গান নামের চরিত্রটি সেসব দুঃখ-জাগানিয়া স্মৃতিই বর্ণনা করেছ এই উপন্যাসে।

৫.

শেপিয়ার ফেমস

লেখক: ইলোনা অ্যান্ড্রুজ

প্রকাশক: অ্যাভন

এটা এমন এক গল্প, যেখানে জাদুবিদ্যাই সম্পদ ও ক্ষমতার উৎস। ক্যাটালিনা বেলর একজন প্রখ্যাত জাদুকর। তার মধ্যে রয়েছে এক অবিশ্বাস্য জাদুকরি ক্ষমতা। সবাই চায়, ক্যাটালিনা তার জাদুকরি ক্ষমতা ব্যবহার করে অসীম সম্পদের মালিক হোক। কিন্তু ক্যাটালিনার সব সময় ভয় করে তার এই ক্ষমতা প্রয়োগ করতে। কেন? সেই রহস্যেরই সমাধান মিলবে এই উপন্যাসে।