ঢাকায় বইমেলা বসে ফেব্রুয়ারিতে। আগুনরঙা বসন্তে মাসজুড়ে একুশে বইমেলা, প্রভাতফেরি—সব মিলিয়ে সে এক দারুণ সময়। অথচ সে সময় নিউইয়র্কে প্রচণ্ড শীত। গাছে পাতা নেই, ফুল নেই। কনকনে বাতাসে হাড়ে কাঁপন ধরে যায়। সেই ঠান্ডার মধ্যেও আমরা প্রতীকী শহীদ মিনারে একুশের প্রথম যামে নিভৃত মধ্যরাতে তাজা ফুল দিতে ঠিকই ম্যানহাটনে জড়ো হই।কিন্তু বইমেলার জন্য আমাদের অপেক্ষা করতে হয় গ্রীষ্মের জন্য। খোলা মাঠে, স্কুলের ক্যাফেটেরিয়ায় মেলা। বাতাস না তেতে ওঠা পর্যন্ত মেলার কথা ভাবাই যায় না।এবারে সেই মেলা বসেছিল জুলাইয়ের ২ থেকে ৫ তারিখে। পরপর চার দিন। উদ্যোক্তা নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। এ মেলার বয়স এখন ১৯। বলা যায়, রীতিমতো পরিণত অভিজ্ঞতার তরতাজা যুবক। বইমেলা মানে বই। দুই বাংলা থেকেই প্রকাশকেরা দল বেঁধে এসেছেন। তাঁদের মধ্যে খুব নামীদামিও রয়েছেন কেউ কেউ। যেমন—কলকাতার দে’জ পাবলিশার্স, ঢাকার আগামী। অনেক বই-ই নতুন। কোনোটার বিজ্ঞাপন পত্রিকায় দেখেছি, কোনো কোনোটার পুস্তক আলোচনাও চোখে পড়েছে। দাম কিছুটা চড়া, কিন্তু সব ভালোবাসারই তো কিছু না কিছু খেসারত থাকে। এখানেও তেমনই। কিন্তু এই মেলার আসল মজা হলো দুই বাংলার লেখক-কবিদের কাছ থেকে দেখা, কথা বলা। এত কাছ থেকে যে তাঁদের ছুঁয়েও দেখা যায়, করিডরে কোনো ভূমিকা ছাড়াই পথ আটকে দাঁড়ানো যায় ছবি তোলার অনুরোধ নিয়ে অথবা বইয়ের স্টলে অটোগ্রাফ নিতে গিয়ে জুড়ে দেওয়া যায় তুমুল আড্ডা। লেখকদের মধ্যে কেউ কেউ থাকেন, যাঁদের আমরা প্রবল ভালোবাসি—কারও প্রতি বা আমাদের তীব্র রাগ। চেনা নেই, জানা নেই, তা সত্ত্বেও লেখকদের প্রতি এ রকম একদম ব্যক্তিগত আবেগানুভূতি আমাদের তাড়িত করে। আমার মনে আছে, বছর কয়েক আগে বোস্টন থেকে একটি মেয়ে এসেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের অটোগ্রাফ নেবে বলে। মেলা তখনো শুরু হয়নি; গিয়ে দেখি, বন্ধ দরজার সামনে সিঁড়িতে একগাদা বই বিছিয়ে সে বসে আছে। পুরোনো বই, নিজের বুক শেলফ থেকে তুলে এনেছে। মেয়েটি জানাল, এগুলো তার প্রিয় বই। লেখককে সে কথা সে জানাতে চায়, সঙ্গে সম্ভব হলে একটি বা দুটি অটোগ্রাফ। বছর চারেক আগে হুমায়ূন আহমেদ এসেছিলেন। তাঁর সঙ্গে কথোপকথনের একটি অনুষ্ঠানের সঞ্চালক আমি। কানাডা থেকে আসা এক যুবক এক চিরকুট নিয়ে অনুষ্ঠানের আগে আমাকে চৌদ্দবার অনুরোধ করেছেন, তাঁর প্রশ্নটি যেন হুমায়ূন আহমেদকে অবশ্যই করি। আমি সে প্রশ্ন করিনি, কারণ প্রশ্নটি ছিল নিতান্তই ব্যক্তিগত ও কিছুটা অশালীন।আসলে বই পড়ে লেখকদের বিষয়ে একধরনের আলো-আঁধারি চিত্র মনের মধ্যে নিজ থেকেই গেঁথে যায়। মুখোমুখি দেখা হলে তুলনা করে দেখি, সত্য ও কল্পনায় মিল-অমিল কোথায়। এ বছর যেসব লেখক ও কবি এসেছেন তাঁদের মধ্যে রয়েছেন সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, রশীদ হায়দার ও কামাল চৌধুরী। তাঁরা সবাই এক মঞ্চে বসে পাঠক-দর্শকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন, তর্ক জুড়েছেন, হালকা হাসিঠাট্টাও হয়েছে। হক ভাই এসেই খোঁজ নিয়েছেন শহীদ কাদরীর। তাঁরা দুজন পুরোনো বন্ধু। অনেক স্মৃতি, অনেক ঘটনার নীরব ও সরব সাক্ষী তাঁরা। দেখা হতে না হতেই কথার খই ফুটেছে। আমরা কেউ কেউ সে আড্ডার কৃতজ্ঞ দর্শক হতে পেরে বর্তে গেছি। বস্তুত এবারের মেলার সবচেয়ে বড় পাওয়া একই মঞ্চে পাশাপাশি বসে বাংলা ভাষায় তিন প্রধান কবি—সুনীল গঙ্গোপাধ্যায়, শহীদ কাদরী ও সৈয়দ হকের কবিতা পাঠ। সত্যি, একদম ঐতিহাসিক একটা ঘটনা। হক ভাই নিজেই সে কথা কবুল করলেন। বললেন, ‘আমরা যা পরিনি, তোমরা নিউইয়র্কে তা করে ছাড়লে।’মেলার আরেক আকর্ষণ বাংলা গান। প্রতিবছরই ঢাকা ও কলকাতা থেকে নামীদামি শিল্পী আসেন এ মেলায়। এ বছর এসেছিলেন মিতা হক ও মৌসুমী ভৌমিক। প্রায় মধ্যরাত অবধি দীর্ঘ সময় ধরে তাঁরা গান করেছেন, আমাদের অনুরোধের গানও গেয়ে শুনিয়েছেন। মৌসুমী কী গান গাইবেন, তার একটা ছক কেটে এসেছিলেন; কিন্তু হলভর্তি দর্শকের অনুরোধ, তিনি যেন তাঁর জনপ্রিয় গান ‘আমি শুনেছি সেদিন’ গেয়ে শোনান। সবাইকে নিয়ে সে গান তিনি গেয়ে শোনালেন। তাঁর গলায় আরেকবার শুনলাম গিনসবার্গের লেখা সেই আশ্চর্য কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। হলভর্তি মানুষ মিতা হকের একক সংগীতানুষ্ঠান শুনেছেন গভীর আগ্রহ নিয়ে। খুব বাছাই করে তিনি গান গাইলেন, শুরুতে দেশের গান, আবার শেষেও দেশের গান। মিতার গলায় ‘মাঝে মাঝে তব দেখা পাই’, রবীন্দ্রনাথের এ গানটির ধ্যানমগ্ন পরিবেশনা শুনে আনন্দ ও বিস্ময়ের জোয়ারে ভেসে গেছি।রাজনীতি নিয়েও কথা চালাচালি হয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী এসেছিলেন বিশেষ অতিথি হয়ে। তাঁকে ঘিরে গোলটেবিল আলোচনা বসেছিল। প্রবাসী বুদ্ধিজীবীরা তাঁর কাছে নানা প্রশ্ন করেছেন, কোনো কোনো প্রশ্ন কিঞ্চিৎ বিব্রতকর। সরকারি আমলারা, যাঁরা মন্ত্রীর তদারকিতে গলদঘর্ম হচ্ছিলেন, প্রশ্ন শুনে তাঁদের গায়ে জ্বর আসছিল বলে মনে হয়। মন্ত্রী অবশ্য বিন্দুমাত্র উদ্বিগ্ন হয়েছেন বলে মনে হলো না।এবারের বইমেলার একটা বড় দিক ছিল রবীন্দ্রনাথ। বিশ্বভারতীর ড. সুমনা দাশ এসেছিলেন। তাঁর কাছ থেকে রবীন্দ্রনাথের আধুনিক মূল্যায়ন পাওয়া গেল। বাঙালির জন্য রবীন্দ্রনাথ এখনো কেন গুরুত্বপূর্ণ, সে কথা নিয়েও আলোচনা হলো। যারা এ মেলার দর্শক-শ্রোতা, তারা সবাই কবিগুরুর ব্যাপারে কম-বেশি ‘পারশিয়াল’।তার পরও দু-চারটা ভিন্ন মতের কথা শোনা গেল। হল ঘরে, বইমেলার স্টলে তর্ক জমেছিল। তাতে এমন কথাও শোনা গেল, গানের বাইরে কবিগুরুর বাকি সব কাজ এখন স্কুল-কলেজের বাইরে আর কেউ পড়ে না। পাল্টা কথাও শোনা গেছে। বাঙালিকে এমন স্পষ্ট করে তার মনের কথা—ভালোবাসা, বেদনা ও বিস্ময়ের কথা আর কেউ লিখে যাননি, তাও বললেন কেউ কেউ।প্রতিবছরই নিউইয়র্কের বইমেলায় সাহিত্যিকদের ভেতর থেকে একজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। এবারের সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ শামসুল হক। হক ভাই মধ্য-সত্তরের আশ্চর্য প্রাণবন্ত একজন মানুষ। জীবনকে ভালোবাসেন এবং সে ভালোবাসার কথা সাহিত্যের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন। এ কাজে তাঁর বিন্দুমাত্র ক্লান্তি নেই। জানালেন, দেশভাগ নিয়ে একটি বড় কাজে হাত দিয়েছেন। শেষ হতে আরও বছর দুয়েক লাগবে। নিউইয়র্কে এসেও লেখালেখি থামাননি, সঙ্গে ল্যাপটপ নিয়ে এসেছেন। প্রতি রাতে ঘুমোবার আগে কিছুক্ষণের জন্য হলেও কি-বোর্ডে হাত রাখতে হবে। সম্মাননার অংশ হিসেবে তাঁকে উত্তরীয় পরিয়ে দিলেন জ্যোতিপ্রকাশ দত্ত।নিউইয়র্কে মুক্তধারার আয়োজনে অনুষ্ঠিত বইমেলায় এসে আমার প্রতিবারই মনে হয়েছে, অসংখ্য নদী ও সাগর পাড়ি দিয়ে আসা প্রবাসী বাঙালির বুকের মধ্যে সব সময় বাস করে তার ফেলে আসা বাংলা। সময়ের ব্যবধান যত দীর্ঘ হয়, দেশের জন্য ব্যাকুলতা তত বাড়ে। সেই দেশকে, তার মানুষ ও মাটিকে সবচেয়ে ভালোভাবে পাওয়া যায় এই ভাষার সাহিত্যে ও তার গানে। যাঁরা সে সাহিত্যের নির্মাতা, তাঁদের কাছে আমাদের ঋণ অপরিশোধ্য। যাঁরা সে গান নিজের গলায় তুলে নেন, তাঁদের কাছে আমাদের কৃতজ্ঞতা অপরিসীম। ভালোবাসার চাদর বিছিয়ে সেই লেখক, কবি ও গায়কদের আমরা বরণ করে নিই। এই বইমেলা সে ভালোবাসারই প্রকাশ। অনুষ্ঠানে অব্যবস্থার কমতি ছিল না, অযোগ্যতার চিহ্নও সর্বত্র। কিন্তু কোনো তিক্ততা নয়, কোনো বিরক্তি নয়, শেষ পর্যন্ত যা মনে গাঁথা রয়ে যায়, তা হলো এই ভালোবাসার স্মৃতি।৪ জুলাই ১০১০, নিউইয়র্ক