নিউইয়র্কের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক যেন বাঙালি সংস্কৃতিতে ঘেরা এক তিলোত্তমা নগর। আটলান্টিকের পারের এই বাঙালিদের বিনোদনের যেন কোনো শেষ নেই। নাটক, সংগীত, আবৃত্তি, কাব্য জলসা, গুরুগম্ভীর সেমিনার, আউল-বাউল সন্ধ্যা, বইমেলা সবই হচ্ছে এখানে। আর সে কারণেই বাংলাদেশ থেকে হাজার মাইল ব্যবধানে নিউইয়র্কের এই কঠিন ব্যস্ত শহরেও বাঙালির বোধ আর মননে এই বাংলা আর বাংলাদেশ অনেক আদর, ভালোবাসায় নিত্যই আদৃত হয়ে আসছে। এই ‘বাংলাদেশ’ নামক ছোট্ট শব্দটি বাঙালি তার ধমনিতে অনেক আদর আর ভালোবাসায় ঠাঁই দিয়েছে বলেই এই নিউইয়র্কে বাংলা সংস্কৃতির একটা উর্বর ভূমি তৈরি হয়েছে। নিজের গাঁটের পয়সা খরচ করে, নাওয়াখাওয়া ভুলে গিয়ে এই সংস্কৃতি-পাগল বাঙালিরা দিবানিশি যেন বাংলার পুজো দিতেই ব্যস্ত। সত্যি বলতে, নিউইয়র্কে যাঁরা বাংলা সংস্কৃতির এই চাষ-বাস করছেন, সেই সব কৃষকের আনন্দমাখা মুখটা দেখলে অহংকারে বুকটা ভরে ওঠে। এখানকার পাথুরে মাটি খুঁড়ে খুঁড়ে সংস্কৃতির চাষ-বাস আর সেই সঙ্গে এর ফসল ঘরে তোলা, সত্যিই কি এত সহজ কথা? কিন্তু সেই কঠিন কাজটিই বাঙালিরা করছে তাদের ভালোবাসায় মাখা দুটো হাত দিয়ে। কুড়ি বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন এবং এর কর্ণধার বিশ্বজিত সাহা নিউইয়র্কে বইমেলা করে আসছেন। গুনে গুনে কুড়িটা বছর! আর এই কুড়ি বছর ধরে তিনি নিউইয়র্কে বাংলা বইমেলা করে আসছেন শুধু প্রাণের তাগিদেই, বাংলাকে ভালোবাসেন বলেই। আর শুধুই কি বইমেলা? এই বইমেলাকে ঘিরে থাকছে বাঙালির চিরায়ত সেই আদি অকৃত্রিম মেলার স্বাদ। বাংলাদেশ, কলকাতা তো বটেই, পৃথিবীর নানা প্রান্ত থেকে বাঙালিরা উপচে পড়ে এই নিউইয়র্কের বইমেলায় অংশ নিতে। লেখক-পাঠকের হই-হুল্লোড় তো বটেই, পাশাপাশি সেই মেলার কোলজুড়ে বসছে কলকাতা, বাংলাদেশ থেকে আগত বিভিন্ন প্রকাশনীর মনোহারী বই আর সেই সঙ্গে বিভিন্ন স্বাদের বইয়ের স্টল। নিউইয়র্কের বইমেলার অন্যতম বৈশিষ্ট্য হলো—প্রতিবছর এই মেলা উদ্বোধন করানো হয় বিশিষ্ট কোনো লেখকের হাত দিয়ে। ইতিমধ্যেই এই মেলা অলংকৃত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, সমরেশ মজুমদার, তপন রায় চৌধুরী, জ্যোতিপ্রকাশ দত্ত, শহীদ কাদরী, হাসান আজিজুল হক, আনিসুল হক, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, আবদুল গাফ্ফার চৌধুরী, গোলাম মুরশিদ, অধ্যাপক আনিসুজ্জামানসহ নামকরা অনেক জনপ্রিয় লেখকের হাত দিয়ে। বলতে দ্বিধা নেই, নিউইয়র্কের এই বইমেলা যেন ধীরে ধীরে সমগ্র পৃথিবীর বাঙালির বইমেলায় রূপ নিয়েছে।নিউইয়র্কে বাঙালিদের বইমেলা বা বাংলা উৎসব মানেই যে মুক্তধারা আয়োজিত বইমেলা, তা আর বলার অপেক্ষা রাখে না। আগেই বলেছি, ২০ বছর ধরে এই উত্তর আমেরিকায় মুক্তধারা ফাউন্ডেশন বইমেলার আয়োজন করে আসছে। এ বছর বইমেলার তারিখ ফেলা হয়েছে জুনের ২৯ ও ৩০ এবং ১ জুলাই। মেলার দিনক্ষণ যতই কাছে আসতে থাকে, ততই যেন অবদমিত বুকের ভেতর টানটান উত্তেজনা নাড়াচাড়া দিয়ে ওঠে। দুষ্প্রাপ্য আর লোভনীয় বইয়ের পাশাপাশি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ থেকে আসা একঝাঁক লেখক আর প্রকাশকের গা ছুঁয়ে দেখার এই তো সুবর্ণ সুযোগ! একদিকে নতুন বইয়ের ঘ্রাণ, অন্যদিকে লেখকদের সান্নিধ্য পাওয়া। যাঁদের বই পড়ে আমরা বড় হয়েছি, কল্পনায় লেখকের সামনাসামনি নিজেকে দাঁড় করিয়েছি, সেই লেখক যখন স্বয়ং হাসিমুখে রক্তমাংসের শরীর নিয়ে আমাদের সামনে উপস্থিত হন, তখন জীবনে এর চেয়ে অসাধারণ ঘটনা আর কী হতে পারে? বিশ্বজিৎ সাহা জানালেন, এ বছর পশ্চিমবঙ্গ থেকে আমন্ত্রিত লেখক শঙ্খ ঘোষ, সমরেশ মজুমদার এবং বাংলাদেশ থেকে কথাসাহিত্যিক শওকত আলী, কবি রফিক আজাদ, ছড়াকার আমিরুল ইসলাম, প্রাবন্ধিক আতিউর রহমান, ফরিদুর রেজা সাগরসহ অনেকেই। সেই সঙ্গে থাকছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ থেকে আসা নামকরা কিছু প্রকাশকও। প্রকাশনার তালিকায় রয়েছে আগামী, সময়, অনন্যা, অন্য প্রকাশ, প্রথমা, সাহিত্য প্রকাশ, মাওলা ব্রাদার্স, পাঠক সমাবেশ, বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, নওরোজ কিতাবিস্তান, অন্বেষা, গ্যালাক্সি, জুপিটার, আকাশ পাবলিকেশন, ইত্যাদি, কথা ও কাজল ব্রাদার্স। যদি বলি নিউইয়র্কের এই বইমেলা শুধুই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের লেখকদের মিলনমেলা তাহলে কিন্তু বড্ড ভুল বলা হবে। বইমেলা উপলক্ষে নিউইয়র্ক এবং এর বাইরে বিভিন্ন রাজ্য থেকে আগত শিল্প-সাহিত্যিকদের পদধূলি নিউইয়র্কের বইমেলা এবং বাংলা উৎসবের আরেক প্রধান অলংকার। বিশ্বজিৎ সাহা জানালেন, প্রতিবছরের মতো এবারের আসন্ন বইমেলাতেও উত্তর আমেরিকায় অবস্থিত কিছু লেখক-সাহিত্যিকের পদচারণে মুখরিত হয়ে উঠবে। এঁদের মধ্যে জ্যোতিপ্রকাশ দত্ত, মমতাজউদ্দীন আহমেদ, জ্যোতির্ময় দত্ত, হাসান ফেরদৌস, ড. পূরবী বসু, দিলারা হাশেম, মীনাক্ষী দত্ত, সেজান মাহমুদ, আলোলিকা মুখোপাধ্যায়, ড. সুগতা বসুসহ আছেন আরও অনেকে। আগেই বলে রাখি, এবারের নিউইয়র্কের বইমেলার আরেক অন্যতম আকর্ষণ, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আঁকা একটি চিত্র প্রদর্শনী। হুমায়ূন আহমেদ নিউইয়র্কে চিকিৎসাকালীন অবসর সময়ে এই ছবিগুলো এঁকেছিলেন। বলার অপেক্ষা রাখে না যে হুমায়ূন আহমেদের আঁকা প্রথম এই চিত্রপ্রদর্শনীটি হবে এবারের বইমেলার আরেক বাড়তি অহংকার।বইমেলার নাম শুনলেই প্রাণটা কেমন জানি আনচান করতে শুরু করে। কখন হবে সেই মেলা? কখন লেখক, পাঠক আর প্রকাশকদের নিবিড় সান্নিধ্যে নিজেকে বিলিয়ে দেবে সেই তপস্যায় যেন শুধু দিন কাটে। আর মেলাকে কেন্দ্র করে চারদিক বই আর বইয়ের স্তূপ দেখে মনে হয় যেন এক চাঁদের হাট বসেছে। কত রকমের বই? কত মেজাজের বই? আহা! এই বইয়ের আঁচলে যদি আজীবন লেপ্টে থাকা যেত! অথবা বইয়ের পোকা হলে কেমন হয়? সারাক্ষণ শুধু বই নিয়েই কাটাকাটি, মারামারি আর খুনাখুনি। কিন্তু এ তো শুধুই কল্পনা। জুন মাসে বইমেলা বসছে বলে আগে থেকেই ছুটিছাটা নিয়ে বসে আছি। এখন শুধুই প্রিয় বইমেলায় ঘুরে বেড়ানো।নিউইয়র্ক থেকে