শামসুর রাহমান ও বন্ধুত্ব এই শিরোনামটি দেখে জিল্লুর রহমান সিদ্দিকী রচিত এ বইয়ের ভেতরে ঢুকলেই দেখা যাবে এতে একা কবি শামসুর রাহমান সম্পর্কে রয়েছে পাঁচ-পাঁচটি লেখা। কোনোটির কলেবর মোটামুটি দীর্ঘ। কোনোটি নাতিদীর্ঘ। এ ছাড়া আছে আরও ১৪টি লেখা, যেগুলোর বিষয়বস্তুর বৃত্তে আছে জিল্লুর রহমান সিদ্দিকীর পরিচিত বন্ধু, অগ্রজ কবি-সাহিত্যিকের স্মৃতিকথা ও মূল্যায়ন। আছে একটি স্মারক বক্তৃতা, একটি সমাবর্তন ভাষণ ও একটি নিটোল প্রবন্ধ। কিন্তু এর অর্থ এই নয় যে, জিল্লুর রহমান সিদ্দিকী তাঁর বিশ্ববিদ্যালয়-জীবনের সহপাঠী, ঘনিষ্ঠ বন্ধুর সাহিত্যজীবনকে গুরুত্ব দিয়ে লিখলেও গ্রন্থভুক্ত অন্যদের সম্পর্কে তাঁর লেখা প্রবন্ধগুলো অনুল্লেখ্য-গোছের কিছু। মোটেও তা নয়। শামসুর রাহমান ও বন্ধুত্ব বইয়ের ভূমিকায় আবুল হাসনাত বলেছেন, ‘জিল্লুর ও শামসুর এই দুজন বিশ্ববিদ্যালয়ে পাঠগ্রহণকালে অভিন্নহৃদয় বন্ধু হয়ে উঠেছিলেন। পরবর্তীকালে জিল্লুর রহমান সিদ্দিকী হয়ে উঠেছিলেন শামসুর রাহমানের কবিতার মুগ্ধ পাঠক ও বিশ্লেষক। তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও সাহিত্যবোধ এবং রুচি তাঁদের সখ্যকে আরও দৃঢ় ও আনন্দময় করে তুলেছিল।’ আবুল হাসনাতের এই উচ্চারণ-অনুষঙ্গই আমাদের বলে দেয়, কেন বইটির নাম দেওয়া হয়েছে শামসুর রাহমান ও বন্ধুত্ব।
>

শামসুর রাহমান ও বন্ধুত্ব
জিল্লুর রহমান সিদ্দিকী
প্রচ্ছদ: রফিকুন নবী
প্রকাশক: বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেড, ঢাকা
প্রকাশকাল: ডিসেম্বর ২০১৪
১৬০ পৃষ্ঠা
দাম: ২৭৫ টাকা।
‘শামসুর রাহমান: জীবন ও কবিতা’ শিরোনামের প্রবন্ধে শামসুর রাহমানের জীবন ও কাব্যিক-প্রয়াসের সূচনা থেকে তাঁর অন্তিমকালের বিবরণ ধরা আছে। এই প্রবন্ধ এতটাই অনুপুঙ্খ তথ্যে ঠাসা যে, রাহমান সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে তাঁর জন্য প্রবন্ধটি অবশ্য পাঠ্য। যেমন, জিল্লুর রহমান সিদ্দিকী প্রবন্ধ মারফত যখন আমাদের এ তথ্য দেন যে, ‘প্রথম কাব্য প্রকাশে বিলম্ব ঘটেছিল, কিন্তু তার পূর্বেই যে শামসুর রাহমান পূর্ব ও পশ্চিম বাংলায় নতুন কবিকণ্ঠ হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন এর প্রমাণ ১৯৫৩ সালে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে অনুষ্ঠিত সাহিত্যমেলায় পূর্ববঙ্গের প্রতিনিধিত্বকারী পাঁচ সদস্যের দলে তাঁর অন্তর্ভুক্তি’, তখন শামসুর রাহমানের গুরুত্ব আমাদের চোখের সামনে আরও গভীর হয়ে ওঠে। গ্রন্থভুক্ত ‘শামসুর রাহমানের কবিকৃতি: খণ্ডিত সংবাদ’, ‘শামসুর রাহমানের দুটি উপন্যাস’, ‘পরিচয়ের পঞ্চাশ বৎসর’ ও ‘শামসুর রাহমান, বিদায়ের বৎসরান্তে’ শিরোনামের অন্যান্য প্রবন্ধের সুবাদে আমরা তাঁর কবিকৃতি, কাব্য-সাহিত্যের দর্শন ও শৈলী, তাঁর উপন্যাসের মূল্যায়ন এবং শেষত কবি হিসেবে তাঁর উচ্চতার পরিমাপে জিল্লুর রহমান সিদ্দিকী যতটা বিস্তারিত আলোচনা করেছেন, সেটা সম্ভব হয়েছে কেবল দুজনের দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্কগত গভীরতার কারণেই। তাই জিল্লুর রহমান যখন অকপটে উচ্চারণ করেন, ‘তাঁর কবিতার প্রকৃত শক্তি, আমার বিবেচনায় এই তীক্ষ্ণ ও শিকড়-সন্ধানী অন্তর্মুখীনতায়। এখানেই তিনি জীবনানন্দের স্বগোত্রীয় এবং আইরিশ কবি ইয়েটসেরও’, তখন তাকে অতিশয়োক্তি বলে মনে হয় না। মনে হয় যথার্থ উচ্চারণ।
এ বইয়ের ‘বন্ধুর প্রয়াণে’ শীর্ষক প্রবন্ধটি বিচারপতি হাবিবুর রহমানের মৃত্যুর অব্যবহিত পরে তাঁর স্মরণে লেখা। প্রবন্ধটি শুধু হৃদয়স্পর্শী নয়, প্রয়াত মানুষটির মহৎ হৃদয়ের সন্ধানও আমাদের দেয়।
বইয়ের ‘সৈয়দ আলী কবীর, আমার বন্ধু, আমাদের বন্ধু’, ‘শ্রদ্ধাঞ্জলি: আবদুল হকের প্রতি’, ‘চোখের দেখা প্রাণের কথা: পশ্চাদ্দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’, ‘নজরুল ইসলাম, কবিতায়, সমগ্রতায়, বিশিষ্টতায়’, ‘রোকেয়া—তাঁর উত্তরাধিকার’, ‘বাংলাদেশে নজরুল ইসলাম’, ‘আবুল ফজলের চট্টগ্রাম, চট্টগ্রামের আবুল ফজল’, ‘আমার বন্ধুরা’, ‘আহমদুল কবির’, ‘জনাব কামরুজ্জামানকে অভিনন্দন’, ‘বাংলাদেশের নাগরিক সমাজ’, ‘তোষামোদের ভাষা’ ও ‘সমাবর্তন বক্তৃতা’ শিরোনামের প্রবন্ধগুলোর ছয়টি বাদে সবগুলোই স্মৃতিকথানির্ভর। বেশির ভাগই উল্লিখিত ব্যক্তিবর্গের প্রয়াণ-পরবর্তীকালে রচিত। প্রতিটি প্রবন্ধের পাঠ বিরল অভিজ্ঞতার সম্মুখীন করে। অনুপুঙ্খতার দিকে জিল্লুর রহমান সিদ্দিকীর যে প্রবণতা, এ বইয়ের প্রবন্ধগুলোতে সেটি প্রতিফলিত।