নিক্রোপলিসের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোঁড়া ভিখারির মতো দিন,
রঘু ডাকাতের মতো রাত
আমরা পেরিয়ে যাই,
যেতে যেতে গলে যাই বরফের মতো,
ঝরে যাই
দলছুট বৃষ্টি হয়ে;

যাই, ড্রাগ-মিউলের মতো
অনুপস্থিতির কালো চোখের ভেতর দিয়ে
নিঃশব্দ, সতর্ক পায়ে;
যাই, জেলঘুঘুদের মতো
যাদেরকে ঘিরে রাখে না-ফুরানো এক সন্ধ্যাবেলা;
যাই, শেষরাতে নিহত বন্দীর মতো
হঠাৎ নির্ভার হয়ে যারা ঢুকে পড়ে
দিন কিংবা রাতের শরীরে,
নীল চোখ, সবুজ যাদের গা
কিংবা যারা কালো মেঘ, ভেসে যাচ্ছে শৈশবের দিকে।

যেতে যেতে গলে যাই বরফের মতো,
ঘাসের সবুজ চোখ দিয়ে
দেখি, সূর্য থেকে
নামছে সবুজ স্রোত;
ছাতিম ফুলের গন্ধ থেকে
বাইরে উঁকি দিয়ে
দেখি বইছে অর্ধস্ফুট গান, শরতের;
আকন্দ ফুলের ঘুমে স্বপ্ন হয়ে
অনুভব করি শীতকাল।