নিখোঁজ পরম আত্মীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের নয় মাস কেমন ছিল বাংলাদেশের মানুষ? নানাভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গ প্রশ্নটার উত্তর দিয়েছিলেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামে একটা দীর্ঘ কবিতা লিখে। গিনসবার্গ লিখছেন,‘ঘরহীন ওরা ঘুম নেই চোখেযুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশমাথার ভিতরে বোমারু বিমানএই কালো রাত কবে হবে শেষ’ এই হলো মুক্তিযুদ্ধ। যুদ্ধে ঘরবাড়ি ছিন্ন হয়েছে। মাথার ওপর ঘুরছে বোমারু বিমান। উৎকণ্ঠিত মানুষ ভাবছে—কালো রাত কখন ফুরাবে?বাঙালি জাতির এই সুদীর্ঘ ঘোর-রাত্রিতে অনেকেই পাশে দাঁড়িয়েছেন। যেমন অ্যালেন গিনসবার্গ। তিনি বাংলাদেশের দুর্দশায় তাড়িত হয়ে কবিতা লিখেছেন। শরণার্থী শিবিরে ঘুরে বেড়িয়েছেন। আগস্ট মাসের এক সন্ধ্যায় নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসন আর রবিশংকরের উদ্যোগে হয়েছে কনসার্ট ফর বাংলাদেশ। এ রকম সুহূদদের অনেককেই তো আমরা চিনি, বিনম্র চিত্তে স্মরণ করি। লি ব্রেননকে কি আমরা চিনব? তিনি যুক্তরাজ্যের লিভারপুলের একজন শিল্পী। গান করেন। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন তাঁর কাঁচা বয়স। এই তরুণ শিল্পী রেস্টুরেন্ট আর পার্কগুলোতে ঘুরে ঘুরে গান করতেন। বাংলাদেশের মানুষের দুঃখ-কষ্টে তাড়িত হয়ে তিনি একটি গানের অ্যালবাম তৈরি করেন। দারুণ খেটেখুটে তৈরি করা এই অ্যালবাম বিক্রির টাকা তিনি জমা দেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সাহায্যার্থে গঠিত তহবিলে। লি ব্রেনন নামজাদা কেউ ছিলেন না। মুক্তিযুদ্ধের আবেগে উদ্বেলিত হয়েই তিনি রেকর্ডটি বের করেছিলেন। পরম যত্নে গানগুলোতে সুর দিয়েছিলেন। এসব গান নিয়ে বাকি ইতিহাস আমরা জানি না। লি ব্রেনন সম্পর্কে আমাদের জানাশোনা অতি সামান্য। যত দূর জানা যায়, বিদেশে জনমত গড়ে তুলতে তখন কাজ করছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। যুক্তরাজ্যে তাঁর নেতৃত্বে একটা স্টিয়ারিং কমিটিও হয়েছিল। লিভারপুলে ছিল বাংলাদেশ অ্যাকশন কমিটি। ধারণা করা হয়, এদের সাহায্যেই লি ব্রেনন তাঁর গানের দলটি নিয়ে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাইতেন, অ্যালবাম বেচতেন। তাঁর গানের দলে ছিলেন ডন, প্যাটি টমাস, জন ব্রাউন ও জিমি সেফটন।লি ব্রেননের সুর বসানো গানের সে রেকর্ডটি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। রেকর্ডের ওপর আবু সাঈদ চৌধুরী লিখে রেখেছেন,‘সত্য ও ন্যায়বিচারের জন্য শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ লড়ে যাবে। আমাদের স্বাধীনতা আসবেই। বাংলাদেশের এ সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষকে সহায়তা করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি লি ব্রেনন, ডন, প্যাটি টমাস, জন ব্রাউন, জিমি সেফটনকে মুক্তিযুদ্ধের পক্ষে তাঁদের এই অসামান্য অবদানের জন্য।’ এই ভাঙা রেকর্ডটির ওপর লিভারপুলে বাংলাদেশ অ্যাকশন কমিটির পক্ষে আরও লেখা হয়েছে,Freedom Fighters are on their way,Mr. Human, won’t you join us!Joy Bangla.‘মুক্তিযোদ্ধারা তাদের মতো এগিয়ে যাচ্ছে,মানব জাতি, তোমরা কী আমাদের সাথে একাত্ম হবে না! জয় বাংলা।’এই রেকর্ডের ওপর আরও একটি মূল্যবান পঙিক্ত লেখা আছে। সেটা হলো লি ব্রেননের গানের একটি লাইন,‘In the name of humanity don’t allow Bangladesh fight alone.Help them in their hour of need.’ ‘মানবতার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে একা লড়তে দিয়ো না, তাদের এই চরম সংকটের মুহূর্তে সাহায্য করো।’এ রেকর্ডটি মুক্তিযুদ্ধ জাদুঘরের হাতে পড়েছে প্রায় ভুতুড়ে উপায়ে। পাঁচ-ছয় বছয় আগে এই অদ্ভুত ঘটনাটা ঘটেছিল—একজন প্রবাসী বাঙালি লি ব্রেননের এই ভাঙা রেকর্ডটি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশ ফটকে রেখে চলে গিয়েছিলেন। তাঁর কোনো খোঁজখবর আর কখনোই পাওয়া যায়নি। গানের রেকর্ডটি বাজানো সম্ভব হয়নি। তাই রেকর্ড বাজিয়ে ব্রেননের গানগুলো উদ্ধারের কোনো উপায় নেই। স্বাধীনতা যুদ্ধের পর লি ব্রেনন কোথায় ছিলেন বা কোন দিকে গিয়েছিলেন এসবের কিছুই আমরা জানি না। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক তাঁর খোঁজখবর করতে চেষ্টা করছেন। তিনি এ বিষয়ে লেখালেখিও করেছেন। তাঁর আত্যন্তিক আশা, লি ব্রেননের খোঁজ মিলবে। এগিয়ে আসবেন সেই প্রবাসীও, যিনি একদিন নিজেকে গোপন রেখে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য রেখে গিয়েছিলেন ভিনদেশি এক তরুণের কীর্তি। বাংলাদেশের এমন একজন পরম আত্মীয় নিখোঁজ হয়ে যেতে পারেন না। এই যোগাযোগের বিশ্বে তাঁর সম্পর্কে দুছত্র সংবাদ মিলবে না, তা কি হয়?