নিছক ছোটদের বই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইটির নাম কথার কথা। তাতে খুবই হালকা চালে কথা বলে গেছেন আনিসুজ্জামান। ওই হালকা চালেই বাংলা ভাষার গলিঘুঁজি ঘুরে বেড়িয়েছেন তিনি। বইটির একের পর এক পাতা ওল্টাতে ওল্টাতে একসময় দেখি, পড়া শেষ। আরে! ছাপ্পান্ন পৃষ্ঠা পড়ার পুরো পথটায় তো একটুও দাঁড়াতে হলো না! অনায়াসে পাড়ি দেওয়া গেল পথটা!

অন্য একটি ভিন্নধরনের শিশুদের উপন্যাসের কথাও মনে পড়ে গেল। ফরাসি সাহিত্যিক অঁতোয়ান দ্য স্যঁাৎ একজ্যুপেরির লিটল প্রিন্স বা বাংলায় ছোট্ট রাজপুত্তুর বইটিও কোথায় যেন এ বইটির মতো। মনে হয়, শিশুদের জন্য লেখা, কিন্তু শুধু তাতেই শেষ নয়। এ এক দর্শনের মহাবিশ্বই যেন! আনিসুজ্জামানের কথার কথাও নিছক ছোটদের বই বলে মনে হবে না।
কী আছে ধ্রুব এষের মনকাড়া অলংকরণে ঋদ্ধ এই বইটিতে? না, ব্যাকরণের শক্ত, জটিল জগতের হদিস দেননি লেখক। তিনি সহজ কথার মধ্য দিয়েই পৌঁছে গেছেন ভাষারহস্যের গভীরে। যেমন, একেবারে শুরুতেই তিনি যখন বলে দেন, ‘অনেক সময় শব্দের অর্থ পাওয়া যায়, কখনো-বা তার আওয়াজ থেকে অর্থটা ধরে নিতে হয়।’ এই বাক্যটি যেন একটা রহস্যের মধ্যে দাঁড় করিয়ে দেয় আমাদের। এরপর যখন ‘কুচকুচে কালো’, ‘কনকনে ঠান্ডা’, ‘ধবধবে সাদা’, ‘গনগনে রোদ’ ইত্যাদি বলে যখন বুঝিয়ে দেন এই ‘কুচকুচে’ বা ‘কনকনে’র কোনো মানে নেই, কিন্তু পাশের ওই শব্দের সঙ্গেই তাকে বসতে হবে, ‘গনগনে ঠান্ডা’ বলা যাবে না; এবং এরপর একগাদা এ রকম শব্দের তালিকা দিয়ে তিনি মজার এক জগতেই নিয়ে যান যেন।
আমাদের ভাষায় এত যে শব্দ, সে শব্দগুলো এল কী করে, কোন পথে তা নিয়েও এমনভাবে বলে যান লেখক, যে কখনো কখনো মনে হয়, আরে! এ কথা তো জানা ছিল না আগে! কত দেশের কত ভাষা থেকে কতভাবেই না কত শব্দ এসেছে আমাদের ভাষায়!

কথার কথা
কথার কথা
কথার কথা
আনিসুজ্জামান
প্রচ্ছদ: ধ্রুব এষ 
প্রকাশক: চন্দ্রাবতী একাডেমি, ঢাকা 
প্রকাশকাল: জুলাই ২০১৬
 ৫৬ পৃষ্ঠা
 দাম: ২৫০ টাকা

বাংলা ভাষা কীভাবে এল, তা বলতে গিয়ে চৌদ্দটি ভাষা-বংশের কথা বলেছেন ঠিকই, কিন্তু তার বিশদ বর্ণনায় না গিয়ে সরাসরি ইন্দো-ইউরোপীয় ভাষা-বংশে ঢুকে গেছেন। শিশু-মনকে জটিলতার দিকে যেতে দেননি। আগে তো নিজ ভাষা-বংশের কথাই পড়ুক শিশুটি, পরে আগ্রহ হলে অন্য তেরোটি ভাষা–বংশের সুলুক সন্ধানেও যাবে তার অনুসন্ধিৎসু মন! আর্য ভাষাই বা কী, সংস্কৃত ভাষা কত দূরের, কী করে প্রাকৃত, অপভ্রংশ হয়ে বাংলা এল, তার মজাদার বর্ণনা বাংলা ভাষার জন্ম-ইতিহাসকে প্রাণবন্ত করে তুলেছে। আর ভাষার সঙ্গে উপভাষা ও অপভাষা নিয়ে যে অধ্যায়টি রয়েছে, তাতেও কৌতূহলী মনের তৃষ্ণা মিটবে।
মোট ১০টি অধ্যায় আছে বইটিতে। একটির চেয়ে আরেকটি বেশি মজাদার। বইটির কোথাও কোথাও পুনরাবৃত্তি আছে, লেখক সেটা স্বীকার করে নিয়েছেন ভূমিকায়। বিভিন্ন জায়গায় ছাপা হওয়া রচনার সংকলন বলেই সেটা হয়েছে। তাতে কিছু যায়-আসে না। তৎসম, তদ্ভব একবারের জায়গায় দুবার পড়লে এমন কিছু ক্ষতি হবে না কারও।
শেষে বলি, আফসোস! আনিসুজ্জামান ছোটদের জন্য কেন বেশি লেখেন না। এ রকম স্বাদু গদ্য খুব কম লেখকের কলম থেকেই বেরোয়।