
আমার পক্ষে বলা খুবই দুরূহ আমার প্রিয় চলচ্চিত্র কোনটি। সেই কিশোর বয়স থেকে সিনেমা দেখে আসছি। বাংলা, হিন্দি, ইংরেজি ও অনেক বিদেশি ভাষার ছবি, যে ভাষার ছবি চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে মানুষের মননকে, প্রভাবিত করেছে চিন্তাধারাকে। উপভোগ করেছি ছবি দেখাকে, বাসনাও জাগ্রত হয়েছিল ছবি তৈরির। বাসনা পূরণ হলে হয়তো ডেভিড লিনের মতো বলতে পারতাম, আই স্পেন্ড মাই চাইল্ডহুড ইন এ মুভি হাউস। তাঁর আত্মস্মৃতির শুরুই ছিল এভাবে। চলচ্চিত্রের মতোই মনের পর্দায় ভেসে উঠছে কত ছবির নাম, পরিচালকের নাম, অভিনেতা-অভিনেত্রীর নাম। মুগ্ধ বিস্ময়ে অবলোকন করেছি সেসব ছবি, আলোচনা করেছি বন্ধুবান্ধবের সঙ্গে। বিনিদ্র রজনী কাটিয়েছি, মানসচক্ষে দ্বিতীয়বার দেখেছি সেই ছবি, একটা ঘোরলাগা অবস্থা। তার মধ্য থেকে প্রিয় ছবিটি বের করে আনা—অসম্ভব ব্যাপার। প্রিয় পরিচালক, প্রিয় অভিনেতা-অভিনেত্রী, প্রিয় উপন্যাস, প্রিয় সংগীত পরিচালক—মোহাবিষ্ট ছিলাম এঁদের নিয়ে। নিজস্ব একটা জগৎ গড়ে উঠেছিল আমার। সেই পুরোনো দিনের নায়ক এরল ফ্লিন, যাঁর ছবি দ্য অ্যাডভেঞ্চার্স অব রবিনহুড, ব্ল্যাক সোয়ান, দ্য সান অলসো রাইজেস, স্টুয়ার্ট গ্র্যাঞ্জারের প্রিজনার অব জেন্ডা, ক্লার্ক গেবলের মোগ্যাম্বো, গ্রেগরি পেক আর অদ্রে হেপবার্নের রোমান হলিডে এখনো স্মৃতিকাতর করে তোলে। হেপবার্নের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল এই ঢাকাতেই। ইউনিসেফের দূত হয়ে এসেছিলেন। তাঁর অভিনীত সাবরিনা, ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানি, চিলড্রেনস আওয়ার, লাভ ইন দি আফটার নুন গ্যারি কুপারের সঙ্গে। আর গ্যারি কুপারের হাইনুন, ফর হুম দ্য বেল টোলস, হেমিংওয়ের উপন্যাসের চিত্ররূপ। হেমিংওয়ের ফেয়ার ওয়েল টু আর্মস, স্নোজ অব কিলিমানজারো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি—স্পেন্সার ট্রেসির একক অভিনয় প্রায়, অসাধারণ অভিনয় নৈপুণ্য! কত নাম করব। মার্লন ব্রান্ডোকে দেখেছি ঢাকায়। তাঁর স্ট্রিটকার নেমড ডিজায়ার—টেনেসি উইলিয়ামসের নাটক, ভিভিয়েন লি ছিলেন নায়িকা। ভিভিয়েন লি অভিনয় করেছিলেন তাঁর স্বামীর সঙ্গে দফনে দ্যু মরিয়রের উপন্যাস রেবেকা ছবিতে স্যার লরেন্স অলিভিয়ের, যাঁর হ্যামলেট চলচ্চিত্র ইতিহাসের একটি মাইলফলক। সিনেমা দেখতে গিয়ে শুধু সিনেমাই দেখিনি, তার নির্মাণে যে নান্দনিক কাঠামো থাকে, তাকেও মুগ্ধ বিস্ময়ে অনুধাবন করার চেষ্টা করেছি। ছবির টাইটেল নির্মাণ, পোস্টার ও বিজ্ঞাপন আমাকে দারুণ আকৃষ্ট করত। আমেরিকান গ্রাফিক ডিজাইনার সল বাসের কাজ, যার করা টাইটেল রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ, দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন আর্মস, দ্য প্রাইড অ্যান্ড দ্য প্যাশন—যাতে তিনি গোইয়ার এচিং ব্যবহার করেছিলেন। কারণ, ছবিটির পশ্চাৎপট ছিল স্পেনের সেভিল দুর্গ। লাভ ইন দি আফটার নুন-এর পোস্টার, পিংক প্যান্থার-এর টাইটেল এককথায় অনবদ্য। এই টাইটেলের সঙ্গে আবহ সংগীত ছিল হেনরি মানসিনির। তাঁর মুন রিভার গানটি, যেটি ব্রেকফাস্ট অ্যাট টিফানিতে শুনেছি, অপূর্ব! জনি মার্সারের লিরিক। তাঁর আরও একটি গান ‘ডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস’ মানচিনির সুরে এখনো কানে লেগে আছে।

যে বাংলা সিনেমা দিয়ে ছবি দেখা শুরু, তা দিয়ে তো শুরুই করতে পারলাম না। মনে আছে, নিতান্ত বালক বয়সে পিতা-মাতার কোলে বসে দেখেছিলাম নিউ থিয়েটার্সের জীবনমরণ। কে এল সায়গল আর লীলা দেশাই ছিলেন নায়ক-নায়িকা। পরিণত বয়সে আবারও ছবিটি দেখি। একটা সামাজিক দায়বদ্ধতা থেকে ছবিটি তৈরি করা হয়েছিল। যক্ষ্মা রোগ প্রতিরোধ বিষয়ে। ছবিটিতে রবীন্দ্রনাথের গান ব্যবহার করা হয়েছিল সায়গলের কণ্ঠে। ‘আমি তোমায় যত শুনিয়েছিলেম গান’ এবং ‘তোমার বীণায় গান ছিল’ এখনো শুনি এবং গুনগুন করে গাওয়ার চেষ্টা করি। পঙ্কজ মল্লিকের অর্কেস্ট্রেশন আজও আধুনিকতার চরম পরাকাষ্ঠা। বাংলা ছবির ইতিহাস আজ শতবর্ষের ইতিহাস। কত সৃজনশীল কলাকুশলীর পদচারণ সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্রশিল্পকে। উৎকর্ষের চরম শিখরে আরোহণ যাঁর হাত ধরে, তিনি সত্যজিৎ রায়। তাঁর কথা বারান্তরে।