নিজস্ব ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সব সময় এমন ছবি আঁকতে চেয়েছি, যেন আমার ছবি সব ধরনের মানুষ বোঝে, তাদের পছন্দ হয়।’ এ কথাটি বাংলাদেশের চিত্রশিল্পের একজন গুরুত্বপূর্ণ শিল্পী নাজলী লায়লা মনসুরের। শিল্পাঙ্গনে তাঁর ব্যতিক্রমী শিল্পধারার জন্য তিনি অত্যন্ত সুপরিচিতি একজন ব্যক্তিত্ব।প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষার পর বহুদিন তিনি ছবি আঁকেননি। এরপর তাঁর ছেলেদের ছবি আঁকা দেখে তিনি নতুন করে ছবি আঁকতে অনুপ্রাণিত হন এবং ছবি আঁকতে শুরু করেন। ‘প্রথম দিকে আমার চারপাশে যা ছিল বা আমি যা দেখতাম, তাই ছিল আমার ছবির বিষয়। পরে আস্তে আস্তে সমাজের অসংগতিগুলো আমার ছবিতে কখনো প্রকাশ্যে কখনো স্যাটায়ার করে প্রকাশ করতে শুরু করি।’নাজলী লায়লা মনুসর তাঁর পারিপার্শ্বিক অবস্থা ও প্রকৃতিকে নিবিড়ভাবে দেখেন। বিশেষ করে বাংলাদেশকে, এর চারিত্রিক বৈশিষ্ট্যকে তিনি তাঁর ছবিতে তুলে ধরেছেন। বাংলাদেশের চিত্রশিল্পের যে প্রথাগত ধারা তার সঙ্গে পপুলার কালচারের অনুষঙ্গকে (রিকশা পেইন্টিং, ট্রাক পেইন্টিং) ফিউশন ঘটিয়ে এক নতুন শিল্পধারা সৃষ্টি করেছেন তিনি। সামাজিক প্রেক্ষাপটে তিনি তাঁর নিজস্ব অবস্থানকেও তুলে ধরেন তাঁর পেইন্টিংয়ে। তাঁর ছবিতে প্রায়ই দেখা যায় ব্যান্ডেজে মোড়ানো একটি ফিগার। প্রতীকীভাবে শিল্পী এখানে নিজের অবস্থানকেই তুলে ধরেন।‘সমাজে এত অসংগতি অথচ আমি কিছুই করছি না। কিন্তু আমার ইচ্ছা আছে। যেন আমি একটা পাতলা কাপড়ের ব্যান্ডেজের ভেতর আবদ্ধ। চাইলেই আমি এখান থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু তা করছি না। আসলে এই ব্যান্ডেজে মোড়ানো এই ফিগারের মাধ্যমে আমি নিজেকেই স্যাটায়ার করেছি।’তাঁর ছবির নির্লিপ্ত ফিগারগুলোয় কড়া রঙের ব্যবহার খুব বেশি, কিন্তু তারা যেন ছায়ার মতো ছবিতে উপস্থিত থাকে। এক অদ্ভুত নিঃসঙ্গতা আর বিষণ্নতা ভরে থাকে ক্যানভাসে। এই নিঃসঙ্গতার অনুভূতি শিল্পীর নিজস্ব দর্শনের প্রকাশ। ‘আসলে আমরা প্রত্যেকেই খুব একা। অনেকের সঙ্গে সম্পর্কিত হই আমরা, কারও সঙ্গে বেশি বা কম। কিন্তু মানুষের ভেতর সেই নিঃসঙ্গতা থেকেই যায়।’নাজলী লায়লার একটি শিল্পকর্ম ‘ইন রিমেমব্রানস অব রেমব্রান্ট’। ছবিটি তিনি তাঁর পছন্দের শিল্প রেমব্রান্টের ৪০০তম জন্মবার্ষিক উপলক্ষে এঁকেছিলেন। ছবিটি রেমব্রান্টের ‘ফ্লোরা’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে আঁকা। ফ্লোরা ছবিতে একটি মেয়ে মাথায় ফুলেল সজ্জায় গাউন পরে দাঁড়িয়ে আছে। নাজলী লায়লার ছবিতে মেয়েটির মাথায় ফুলের বদলে অনেক কাক। মাথার কাকগুলো আমাদের গ্রিক দেবী মেডুসার কথা মনে করিয়ে দেয়, যার মাথাভর্তি কিলবিল করা সাপ। মেয়েটি গর্ভবতী। তার হাতে একটি মগ ও গামছা, যেন সে স্নান করতে যাচ্ছে। শিল্পী এখানে কাকের মাধ্যমে একটি গর্ভবতী মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে আপেক্ষিকভাবে ক্ষুদ্র ফলের ভারে দাঁড়িয়ে থাকা একটি নিঃসঙ্গ কাঁঠালগাছ গর্ভবতী মেয়েটির অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।নাজলী লায়লা মনুসর সব সময় চেয়েছেন, তাঁর ছবির মাধ্যমে দেশকে রিপ্রেজেন্ট করতে। মোগল মিনিয়েচারের ডিটেইল কাজ, অজান্তা গুহাচিত্রের কম্পোজিশনের ছাপ তাঁর ছবিতে আছে। কল্পনার জগতে তিনি বিচরণ করতে ভালোবাসেন। তাঁর মতে, ছবি আঁকার একটি বড় অনুষঙ্গ হলো কল্পনাশক্তি। তাঁর ছবি তাই মনে হয় কল্পালোকের গল্প, কিন্তু তা বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি।[নাজলী লায়লা মনুসর ১৯৫২ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে এমএ করেন। পরবর্তী সময়ে চিটাগং বিশ্ববিদ্যালয়ে ১৯৭৭-২০০৯ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।]