নিজেকে দেখার ঝোঁক

তোমার মধ্যে আমি আমাকে দেখতে পাই—এই হচ্ছে প্রেম!
আয়নার সামনে দাঁড়ালেও আমি আমাকে দেখতে পাই
কিন্তু কাচের সঙ্গে আমার কোনো প্রেম হয় না
হাসলে, আয়নার মধ্যে আমি আমার হাসি দেখতে পাই
কাঁদলে, আয়নার মধ্যে আমি আমার কান্না শুনতে পাই না
আয়নার ভেতর থেকে কোনো শব্দই আসে না
আয়নার মধ্যে বরং এক অমানবিক পৃথিবীর ছবি দেখা যায়—
তাকালেই, আমার বাম চোখ আয়নার মধ্যে ডান চোখ হয়ে যায়
বাম হাত ডান হাত হয়ে যায়, বাম পা ডান পা হয়ে যায়
আমি সরে গেলেই, আয়না থেকে আমার সব সরে যায়
আলো ছাড়া আয়না নিজেই উধাও, অন্ধকার আমাকে দেখাবে কী!
তাই কাচের সঙ্গে কোনো প্রেম হয় না, তোমার সঙ্গে হয়
তোমার মধ্যে আমি আমাকে দেখতে পাই, অন্ধকারেও পাই
আমি হাসলে তুমিও হাসো, তুমিও কাঁদো, শব্দ শুনতে পাই
আমার ডান-বাম সব সময় তোমার কাছে ডান-বামই থেকে যায়
আমি সরে গেলে আয়নায় প্রতিবিম্বিত আমিও সরে যায়
শুধু পারদ লাগানো, বস্তুত ফ্রেমে বাঁধানো কাচ পড়ে থাকে
অথচ সামনে থেকে সরে গেলেও তোমার মধ্যে আমি থেকে যাই
তুমি কেমন তাকিয়ে থাকো—আমি কখন ফিরব সেই অপেক্ষায়!
এই লোডশেডিং বেচাকেনাকালে তোমাকে আমার আলো মনে হয়
আয়নার মধ্যে নিজেকে দেখা আমার শ্বাস-প্রশ্বাস শোনা যায় না
আর তোমার মধ্যে আমার বুকের ধ্বনিসমগ্র কী রকম আছড়ে পড়ে
সে আমি নিজেই শুনেছি বলে আয়নার সঙ্গে আমার ভাব হতে পারে না
তোমার সঙ্গে হয়, তোমার সঙ্গেই দ্যাখো কেমন অটোমেটিক বিনিময়
আমার জ্বর হলে তোমার শরীরেও একটু গরম-গরম ভাব জমা হয়!