নিজেদের ছুড়ে দিলাম ঘরের অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বিশ্বাস করি না

হে প্রিয়,

তোমার মৃত্যুকে যদি আসতেই হয়,

তবে তা আসুক যক্ষ্মার রূপ ধরে

কিংবা তীব্র নিউমোনিয়ারূপে,

কিন্তু মোটেও আত্মঘাতী বোমার বেশে নয়।

তুমি যেন কিছুটা সময় পাও

নিজের স্মৃতিগুলো মনে করার,

নিজের শরীরকে অনুভব করার,

পরিকল্পনা করতে পার আসন্ন প্রস্থান ঘিরে।

পায়ে ভর দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেয়ো না তুমি,

আর বাজারে কেবল তোমার জুতা জোড়ার সন্ধান মেলে;

কখনোই খুঁজে পাই না তোমার হাত কিংবা হাসি,

জানতে পারি না কোথায় তোমার চোখ।

নিজের চোখে তোমার মরণের সাক্ষী হতে চাই আমি,

তোমার শেষ নিশ্বাসের,

নিজের আঙুলে বন্ধ করে দিতে চাই তোমার চোখের পাতা।

এ ছাড়া কেউ সেটা বিশ্বাস করতে চাইবে না,

এমনকি আমিও।

কান্দাহারের পথে

শক্ত করে নিজেদের জড়িয়ে ধরলাম আমরা

আর বিচ্ছিন্ন হলাম দ্রুতই,

দেখা হবে না আর কোনো দিন—এই ভেবে কাঁদলাম,

‘শিগগিরই দেখা হবে।’

হেসে উঠলেন মা:

আলবত, এটা তো কান্দাহারের পথ নয়?

আর হাসলাম আমরা, হাসলাম ব্যথায়, বেদনার হাসি।

তারপর

শিস দিয়ে উঠল ট্রেন, শোকাকুল হয়ে

ওপাশ থেকে হাত নেড়ে উঠল হাজারো ব্যাকুল যাত্রী,

এপাশ থেকে হাত নেড়ে উঠল হাজারো ব্যাকুল পরিজন

বাড়ি ফিরলাম আমরা,

আর নিজেদের ছুড়ে দিলাম ঘরের অন্ধকারে;

বারান্দায় হাত-পা ছুড়ে দিলেন মা,

তাকালেন একবার বাগানের ফুলগুলোর দিকে,

আর ফুঁপিয়ে উঠলেন জোরে জোরে...!

আমরা মরি, যাতে...

আমরা মরি, যাতে

রুগ্​ণ কবিরা কবিতা লিখতে পারে,

আমরা মরি—এ এক দারুণ খেলা

যখন মায়েরা কোনো তরুণ অফিসারের

বুট জোড়া চেটে দিতে থাকে,

তখন পত্রিকায় ছাপা হয় বাবাদের ছবি,

দাঁড়িয়ে থাকা হোমরাচোমরাদের পাশে

প্রতি সন্ধ্যায় হাজারবার বধূ সাজে এক কিশোরী মেয়ে,

আর হাজারবার আর্তনাদ করে বোনেরা আমার,

হাজারবার—এ এক দারুণ খেলা!

‘রাত ১১টায় টিভির সামনে উত্তেজিত শ্রমিকেরা’

আর আগামীকাল রাস্তায় নেমে যাবে তারা

টুকরা টুকরা করবে রঙিন ব্যানার,

গাইবে তারা

নাচবে তারা

আর অবশ্যই দেবে স্লোগান

আমরা মরি,

যাতে টাইম পত্রিকার আলোকচিত্রী ইনাম জিততে পারে

ইলিয়াস আলাভি

কবি ও চিত্রকর ইলিয়াস আলাভির জন্ম আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে ১৯৮২ সালে। সোভিয়েত দখলদারির আমলে যুদ্ধের মুখে শৈশবেই দেশ ছেড়ে আশ্রয় নেন ইরানে। ২০০৭ সালে ঝুঁকিতে থাকা শরণার্থী হিসেবে ঠাঁই নেন অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে। পরে লন্ডনে পাড়ি জমান ২০১৯ সালে। ২০০৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ আই অ্যাম আ ডে ড্রিমার উলফ প্রকাশের পর বইটি দারুণ সাড়া ফেলে এবং একাধিক সম্মাননা লাভ করে। পরে সাম উন্ডস ও ফ্রন্টিয়ার্স নামে তাঁর আরও দুটি কবিতার বই বের হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য, বিশেষত আফগানিস্তান ও দেশ হারানো শরণার্থীদের হাহাকার আলাভির কবিতার প্রধান উপজীব্য। এখানে অনূদিত কবিতাগুলোতেও সেই ছাপ স্পষ্ট। এসব কবিতা বর্তমান আফগানিস্তানের অস্থির পরিস্থিতির সঙ্গেও মিলে যায়। ‘আমি বিশ্বাস করি না’ শিরোনামের কবিতাটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওকলাহোমার শিল্প–সাহিত্যবিষয়ক ম্যাগাজিন ওয়ার্ল্ড লিটারেচার টুডের স্প্রিং-২০২০ সংখ্যায় প্রকাশিত। আর বাকিগুলো ২০২০ সালে প্রকাশিত সুইডেনের গোথেনবার্গভিত্তিক আন্তর্জাতিক জার্নাল পারসের দশম সংখ্যা থেকে নেওয়া।