
তোমাকে না পাওয়ার কবিতা
আনিসুল হক
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রথমা প্রকাশন
পৃষ্ঠা: ৫৬। দাম: ১৩০ টাকা
জীবনের মৌলিক এক অনুভূতি প্রেম। প্রেম ছাড়া জীবনের দাম কানাকড়িও নয়। প্রেমে পড়ে কেউ ব্যর্থ হয়, কিংবা মাতাল; তবে কবি হয়ে ওঠেন জীবনের অনবদ্য রূপকার। কবিতা অন্তরের শুভ্র সুন্দরতম অভিব্যক্তি। কিন্তু মননের সংবেদী অনুভব আর অভিনিবেশ ছাড়া কবিতা হয়, হতে পারে? কথাগুলো আসছে আনিসুল হকের সাম্প্রতিক কবিতার বই তোমাকে না পাওয়ার কবিতা পড়ার পর। আনিসুল হক গদ্যেও ভীষণ পারঙ্গম। তবে তাঁর শুরুটা তো কবিতা দিয়েই। ফলে তাঁর গদ্যে যেমন দেখা মেলে কবিতার, তেমনি কবিতার শরীরেও লুকিয়ে থাকে গদ্যের আভা।
তাঁর কবিতায় আছে স্বতঃস্ফূর্ত প্রাণের কলকাকলি; পাঠকের বোধ ও তৃষ্ণায় নিজের অভিব্যক্তিকে অনায়াসে, আনন্দময় সৌরভে মিশিয়ে দেন এ কবি। পড়ে পাঠক পুলকিত হন, খুঁজে পান নিজেকে।
ক্ষীণকায় ও দীর্ঘ, দীর্ঘতর কবিতাসহ ২৬টি কবিতার এই বই। এই বইয়ে আনিসের কবিতাগুলোকে ফ্যান্টাসি, বল্গাহীন আর টুকরো অনুভবের রেখাচিত্র মনে হতে পারে। কিংবা উদ্ভটও। কিন্তু শিল্পীর মনের মাধুরী মেশানো চিন্তনকণা ও শৈল্পিক উন্মেষটুকু কোনোভাবেই বাস্তব অভিজ্ঞতাহীন নয়। বাস্তবতা কখনো কল্পনার অতীত হয়েও কি দেখা দেয় না জীবনের দোকানে? বইয়ের প্রায় প্রতিটি কবিতার ছত্রে ছত্রে প্রেমিকহৃদয়ের তৃষ্ণা, বাসনা, না-পাওয়ার আর্তি ও হাহাকার তীব্র হয়ে উঠেছে। আছে প্রেমের জন্য প্রতীক্ষার সৌন্দর্য এবং অভিঘাতও। আর প্রেমময় কবিতাগুলো ভীষণভাবে তুমিময়, তুইময়ও—‘তোমাকে মৃত্যুর কাছে নিয়ে যাব।/ সব দেখা হয়ে গেছে?’ (মৃত্যু ও নারী); ‘সে তোমাকে ঠিক বলতে এসেছে: ভালোবাসি।’ (কৈশোরক); ‘ছোট্ট নদী তুই, আইওয়া বলে লোকে, অশ্রু তুই কি গো/ আদিমবাসিনীর?’ (আইওয়া, তোকে বোন বলে ডাকি)। এ ছাড়া লিমনের ডব্লুএমডি, একশিশি চোখের জল, চুম্বনগুচ্ছ এবং পাঠককে নিয়েও আছে অভিনব গল্প।
কবিতার সৌন্দর্য ও শক্তি এই যে, বাস্তব-অবাস্তব আর যাপিত জীবনে যে দরজায় উঁকি দেওয়া বা ঘা মারা নিষিদ্ধ, প্রশ্নবিদ্ধ—কবিতার ভেতর দিয়ে সেই বিষয়টিই আলোর মতো ঠিকরে বেরিয়ে আসে অবলীলায়। অন্ধকার ঘরের মধ্যে ফুটো টিনের বাড়ির ছাদ থেকে যেভাবে তীব্র আলোর ফলা ঢুকে পড়ে, তেমনই। আনিসের কবিতায় সেই আভাস ও উন্মেষ হরহামেশা দেখা যায়। তাঁর কবিতার সঙ্গে যাঁদের পরিচয় আছে, তাঁরা হয়তো বিষয়টি জানেন।
‘নারীসুন্দরী নিয়া কবিতা’র কথাই ধরা যাক, কবি লিখছেন, ‘তারেক মাসুদ একটা সিনেমা বানাইছেন, নরসুন্দর।/ আজকাল বিউটি পারলারে অনেক নারীশ্রমিক উদয়াস্ত শ্রম/ করেন, তাদেরকে কী বলব? মানে নরসুন্দরের স্ত্রীলিঙ্গ কী/ .../ নারীসুন্দর, নরসুন্দরী, নারীসুন্দরী—শব্দগুলানের দিকে আমি আড়চোখে তাকাই, আমার লজ্জা লজ্জা লাগে—’। ‘আমার হারিয়ে যাওয়া প্রেমগুলো’, ‘গোপনতা’, ‘তেইশ বছর আগের প্রেমিকার জন্যে’ ইত্যাদি কবিতায়ও উল্লেখিত কথার সাজুয্য মিলবে।
তোমাকে না পাওয়ার কবিতায় কেবল হৃদয়ের আকুল অভীপ্সা আর প্রেমের হারিয়ে যাওয়াই নয়, স্কাইপি ও ফেসবুকের সময়ে মানুষ কতভাবে হৃদয়ের ভাব-ভাষা-ভালোবাসা-জিঘাংসা বিনিময় করে, ধরা আছে সেসবও। সৌরভছড়ানো শব্দ ও উপমায় রয়েছে দিনযাপনের দায় ও সুখ কিংবা প্রতীক্ষার ব্যঞ্জনা। আছে নারীর প্রতি প্রবল টান, দুর্দম ছুটে চলাও। কিন্তু এই যে রক্তময় ক্রিয়াময় গতিময় প্রেম, তবু এখানে যেন মধুর কোনো প্রেম নেই! কী আছে তাহলে? আছে প্রেম না-হয়ে ওঠার গল্প ও দীর্ঘশ্বাস।
আনিসুল হকের কবিতার বৈশিষ্ট্য এই যে, কবিতার মাধ্যমে একান্ত গূঢ় কথা বলতে বলতে নিজের সঙ্গে তিনি রসিকতা করেন, বিদ্রূপ করার চেষ্টা করেন। তাতে যেমন উইট থাকে, থাকে বুদ্ধির খেলা। আর কবির এ কৌশলে সাধারণ কথাগুলোও তখন আর সাধারণ থাকে না, অসামান্য দ্যুতিতে হয়ে ওঠে বিমূর্ত; এবং শেষ বিচারে সেটি হয়ে ওঠে কবিতাই।