নিরক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি নিরক্ষর, মাঝেমধ্যে তাঁকে বাংলা পত্রিকা পড়ে শোনাই।
তাঁর কাছে চিঠি এলে তা-ও পড়ি আমি, কখনো আবার উত্তর লিখে দিই।
তাঁকে প্রায়ই অক্ষর-জ্ঞান দিতে চাই কিন্তু তিনি শিখতে নারাজ।
তাঁর কাছে বাংলা অক্ষরগুলোকে দুর্বোধ্য ছবি মনে হয়। তিনি বলেন,
নবীজি নিরক্ষর ছিলেন। ফকির লালন জানতেন না পড়তে।
তাঁর কথায় আমি হাসি। এর মধ্যে এক জাপানি কবির সঙ্গে পরিচয় হয়।
কবি আমার জন্য জাপানি পত্রিকা পাঠান, পত্রিকা ভরা কেবল জাপানি বর্ণমালা।
পত্রিকাটি মেলে ধরে তাকিয়ে থাকি—আমার কাছে জাপানি অক্ষরগুলোকে
ছবি মনে হয়।
তিনি আমার পাশে এসে দাঁড়ান। পত্রিকাটির দিকে তাকিয়ে বলেন, ‘সুন্দর’।
আমিও বলি ‘সুন্দর’। অনুভব করি, এবার আমার আর তাঁর মধ্যে কোনো
পার্থক্য নেই। জাপানি বর্ণমালার সামনে আমরা দুজনই নিরক্ষর।
শিশুরা জন্মায় ওহে নিরক্ষর হয়ে, মানুষ মূলত ফুল-পাখি-গাছের মতো নিরক্ষর!