নিরলংকারের চিত্রতল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পীর অন্তর্গত জগতের পটভূমিতে রূপায়িত বীজের বহির্রেখার নান্দনিক প্রকাশপাত্র হলো শিল্প। প্রাত্যহিক জগতের দৈনন্দিন ঘটনার মহাকালিক রূপে আবির্ভূত হয় শিল্পকর্ম। তাই কর্মের ব্যাপ্তিতে ধরা পড়ে মহাকালের ব্যঞ্জনাময় সংগীত। তেমনই শিল্পী ওয়াকিলুর রহমানের সৃষ্টির গড়নের অতলে পাওয়া যায় ধ্যানমগ্ন এক স্রষ্টাকে। ধ্যানী সন্ন্যাসীর মতো শিল্পমগ্ন মানুষ হলেও বর্তমান সভ্যতার মাতাল নৃত্য তাকে ভাবিত করে—এর প্রকাশ দেখা যায় শিল্পী ঢালী আল মামুনের সঙ্গে ‘কাগজের ছায়ায়’ শিরোনামের যৌথ প্রদর্শনীতে। ‘কাগজের বিশ্বায়ন’, ‘কাগজের নৌকা’ বয়ান করে বর্তমান বিশ্বে মিডিয়ার প্রভাব এবং তথ্যমাধ্যম যেমন হতে পারে মুক্তির হাতিয়ার, তেমনিভাবেই শাসক হয়ে আমাদের করে রাখতে পারে মেরুদণ্ডহীন।বিশ্বজুড়েই শিল্পীদের চারুশিল্পের প্রতি ঝোঁক এবং এর ভিন্ন ভিন্ন ফর্মে উপস্থাপন চারুশিল্পের পোক্ত অবস্থান ব্যক্ত করে। উপকরণ ব্যবহারেও তাঁরা হয়ে উঠেছেন নিরীক্ষাপ্রবণ। শিল্পের তথাকথিত গণ্ডিকে পাশ কাটিয়ে উন্মুক্ত অলৌকিকতায় পা বাড়ান। ওয়াকিলুর রহমানও এই একই ধারার ধ্যানী। তিনি বলেন, ‘আমি নিজের নন্দনতাত্ত্বিক ভূমি থেকে প্রথমে একটি কনসেপ্ট ভাবি, তারপর দৃশ্যগতভাবে এটাকে দাঁড় করাই, কিন্তু কখনোই মিডিয়াম নিয়ে চিন্তিত নই।’ কাগজের উপকরণের ক্ষেত্রে বাড়তি অলংকার বর্জন তাঁর শিল্পীসত্তার অন্যতম পরিচায়ক। যেমন, সাধারণ, সহজলভ্য ও বারবার ব্যবহারযোগ্য উপকরণ নিয়েই মেতে ওঠেন সৃষ্টির যাত্রায়। এ সম্পর্কে তাঁর সহজ স্বীকারোক্তি, ‘সাধারণ থেকে নিয়ে অসাধারণ কিছু করাই শিল্প।’ওয়াকিলুর রহমানের কাজের সামগ্রিক ব্যাপ্তিতে ভাষা, টেক্সট ও সংখ্যা—মূলত এই তিনটি বিষয় দৃশ্যত হয়। আবহমান বাঙালি সংস্কৃতির চিরায়ত রূপ ও সৌন্দর্য ভাবনার দার্শনিক প্রকাশ ঘটে ‘ওমিশন’ শীর্ষক কাজগুলোতে। ভারতীয় দর্শনের ‘ত্যাগ’ চিত্রগুলোর মূলভিত্তি। চিত্রগুলোতে সাদা রঙের প্রভাব শিল্পী ব্যাখ্যা করেন, ‘আমরা মৃত্যুর রহস্যময় কোলে শায়িত হই সাদা কাফনে। বাউলও সাদা কাপড়ে তাঁর পবিত্রতা খুঁজে পান কিংবা সাদা মেঘ ও কাশফুলের সম্পর্কের বুনন। তথাপি সাদা রং জড়িয়ে আছে আমাদের সংস্কৃতি ও জীবনাচরণেরশেকড়ে।’ মনস্তাত্ত্বিক টানাপোড়েন প্রবাসজীবনে সহজাত, শিল্পী নিজেও এই চক্রের পথিক, অন্তর্জগতের এই দ্বান্দ্বিক সম্পর্কের সরল উপস্থিতি ‘রিঅ্যারেঞ্জড’ শিল্পকর্মে। প্রদর্শনীর স্থানের ওপর নির্ভর করে ঠিক করেন তাঁর কাজের প্রস্তুতি এবং একটি থিমের দর্পণই প্রতিফলিত হয় সমগ্র প্রদর্শনীতে।আশির দশকের শুরুর দিক থেকে তাঁর কাজের মাধ্যমে সামাজিক বিভিন্ন ইস্যু তুলে ধরেন, বিশেষ করে পেইন্টিং ও ইলাস্ট্রেশনের মাধ্যমে। ওয়াকিলুর রহমান, ঢালী আল মামুন এবং আরও সমসাময়িক শিল্পীরা মিলে গড়ে তোলেন ‘সময়’। এই গ্রুপের শিল্পীরা তাঁদের সৃজনকর্মে ধারণ করতেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমস্যা।১৯৬১ সালে রংপুরে জন্মগ্রহণ করেন এই মেধাবী শিল্পী। ঢাকা আর্ট কলেজ থেকে বিএফএ করেন ১৯৮১ সালে। তিন বছর পর ১৯৮৪ সালে পাড়ি জমান প্রবাসে। ১৯৮৬ সালে চীনের সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস পিকিং থেকে এমএফএ শেষ করেন এবং ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ-জার্মানিতে মিলিয়ে বসবাস শুরু করেন। প্রবাসী জীবন যাপন করেও নিজের সৃজনেরশেকড় খুঁজেছেন আপন বলয়ে, নিজের জন্মভূমিতে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে তাঁর শিল্পকর্ম এবং পেয়েছেন অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার। সৃজনশীল শিল্পী সর্বদা একটি সৃজন-প্রক্রিয়ার আবর্তে ঘূর্ণমান থাকেন। তেমনি সামনের অনেক কাজের ভাবনায় আদ্যোপান্ত ডুবে আছেন ওয়াকিলুর রহমান। বিশেষ করে ‘মাইন্ডস্কেপ’ শিরোনামে ফটোগ্রাফিতে করা চিত্রগুলো ভবিষ্যতে তাঁর কাজে নতুন নিদর্শন হাজির করবে।ওয়াকিলুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক। দেশে ছাড়াও অসংখ্য আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন, পেয়েছেন অসংখ্য পুরস্কার। ১৯৮৮ সাল থেকে জার্মানপ্রবাসী।