নিরাপদ ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেফ অ্যান্ড সাউন্ড শিরোনামে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজন করেছে বিভিন্ন মাধ্যমের শিল্প প্রদর্শনী, নাটক, সেমিনার, কর্মশালা প্রভৃতি। এ বছর গ্যেটে ইনস্টিটিউট পরিবেশবিষয়ক ইস্যু নিয়ে যতগুলো চিত্র প্রদর্শনী, স্থাপনাশিল্প, আলোকচিত্র প্রদর্শনী ও পারফরমেন্স হয়েছে, সেগুলোকে একসঙ্গে উপস্থাপনের এই আয়োজন। অনুষ্ঠানে অংশীদার হয়েছে ঢাকা আর্ট সেন্টার ও শিল্পাঙ্গন গ্যালারি।গ্যেটে ইনস্টিটিউটে শিল্পী গুলশান হোসেন তাঁর স্থাপনা স্টপ ডিফরেস্টেশনে মৃত গাছের গুঁড়ির সমাবেশ ঘটিয়েছেন। তাঁর কয়েকটি পেইন্টিং আছে, যেখানে তিনি মৃত গাছের গুঁড়িকে চিত্রায়িত করেছেন। তাঁর পেইন্টিং ও ইনস্টলেশনে শুকনো গাছের গুঁড়ির মধ্যে রং, ফর্ম ও টেক্সচারের ব্যবহারে বিপন্নতার পরিবর্তে এক ধরনের সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। সুলেখা চৌধুরীর স্থাপনাশিল্প তৈরি হয়েছে ছোট ছোট প্লাস্টিকের খেলনা, গাড়ি, রিকশা প্রভৃতি যানবাহনের সমাবেশে। কৃত্রিম রাস্তা তৈরি করে শিল্পী এই খেলনা যানবাহন দিয়ে ট্রাফিক জ্যামকে রূপায়িত করেছেন। এর সঙ্গে রয়েছে কিছু পেইন্টং, সেখানেও একই বিষয় প্রাধান্য পেয়েছে। শিল্পী কল্পনায় ট্রাফিক জ্যামের সমাধান খুঁজছেন আকাশে ডানাওয়ালা গাড়ি আঁকার মধ্য দিয়ে। এক ধরনের ফ্যান্টাসি তৈরি হয়েছে তাঁর পেইন্টিংয়ের মধ্যে। আর্ট সেন্টারে শিল্পী মুর্শিদা আরজুর ছয়টি পেইন্টিং স্থান পেয়েছে। ওয়াটার লিলিস অন এ ক্লাউড ডে, নো এনট্রেন্স, ক্রুয়েল রিয়েলিটি, লাভ অন সেইল, ব্ল রিভার্স সং, দ্য লিভিং পাস্ট প্রভৃতি ক্যানভাসে আঁকা তেলরঙের ছবিগুলোতে বাংলাদেশের পরিবেশের বিপর্যস্ত অবস্থা চিত্রায়িত হয়েছে শিল্পীর নিজস্ব ধরনে।সেন্টারের অন্য একটি কক্ষে ১১ জন শিল্পীর মেটাভিডিও প্রদর্শনী হচ্ছে, যা বৃত্ত আয়োজিত কর্মশালায় নির্মিত হয়েছে। মিজানুর রহমানের জিরো এগেইনস্ট জিরো, প্রমথেশ দাসের মোমেন্টটাস, তৈয়বা বেগমের আমাদের ছোট নদী, ইয়াসমিন জাহানের স্যান্ডি, মাহবুবুর রহমানের দি সিটি গেইট, মোল্লাসাগরের গঙ্গা বুড়ি, তরুণ ঘোষের অন দ্য ব্যাংকস অব দ্য বুড়িগঙ্গা, ইমরান হোসেনের ওয়ার অ্যান্ড পিস, নাজমুন নাহারের ফরওয়ার্ড, মোহাম্মদ হাসানুর রহমানের পারাপার, আয়েশা সুলতানার ফ্রম দ্য রাসটেড মেশিনারি অব দি ইনফিনিট প্রভৃতি ভিডিওতে বর্জ্য কীভাবে নদী ও নদীতীরবর্তী অঞ্চল এবং সামগ্রিকভাবে পরিবেশ দূষিত করছে, তার নান্দনিক উপস্থাপন করা হয়েছে। ঘনবসতিপূর্ণ ঢাকা শহর এবং বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে নদীর পানি দূষণের বেশ কয়েকটি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। ঢাকা নগরকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে শিল্পীদের এ আয়োজন। ঢাকা কতভাবে এবং কীভাবে বসবাসের অনুপযোগী হচ্ছে, তার শৈল্পিক উপস্থাপনের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পীরা।