কত রকমের ব্যবহার এই সেফটিপিনের। সেফটিপিনের সঙ্গে মূলত কাপড়ের যোগটাই প্রধান। মেয়েরা শাড়ি পরে আঁচল পরিপাটি করে আটকে রাখতে, কামিজের সঙ্গে ওড়না আটকে রাখাসহ আরও নানান কাজে ব্যবহার করে সেফটিপিন। ছোটবেলায় কত অবাঞ্ছিত ‘দুর্ঘটনা’র পর এই সেফটিপিনই হয়েছে আমাদের ভরসার কেন্দ্র। এমনই আরও কত শত ব্যবহার এই ছোট্ট এবং আপাত নিরীহদর্শন এই বস্তুটির।প্রতিদিনের জীবনের এই মহামূল্যবান বস্তুটির উদ্ভব কিন্তু হয়েছিল অনেক দূরের দেশ আমেরিকায়। ওয়াল্টার হান্ট নামের এক আমেরিকান নিজের ১৫ ডলারের ঋণ শোধ করার অভিপ্রায়ে তৈরি করেছিলেন এই সেফটিপিন। হাতে দুটি তামার তার নিয়ে এদিক-ওদিক করতে করতেই হান্ট বানিয়ে ফেলেছিলেন আধুনিক সভ্যতার অন্যতম দারুণ প্রয়োজনীয় এই বস্তুটি। পরে তিনি তাঁর উদ্ভাবিত ‘সেফটিপিন’-এর পেটেন্ট বিক্রি করেছিলেন ৪০০ ডলার মূল্যে। পেটেন্টটি কিনেছিল ডব্লিউ আর গ্রেস অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। হান্ট সেফটিপিনের পেটেন্ট বিক্রি করে হাতে যে টাকা পেয়েছিলেন, তা থেকে তিনি শোধ করেছিলেন ওই ১৫ ডলারের ঋণ। সেফটিপিন তৈরি করে হান্ট অবশ্য খুশি ছিলেন বন্ধুর ঋণ শোধ করতে পেরেই। কিন্তু তিনি তখন ভাবেননি যে ডব্লিউ আর গ্রেস কোম্পানি তাঁর সেফটিপিনের পেটেন্ট কিনে পরবর্তী সময়ে কামিয়ে নিবে লাখ লাখ ডলার। ওয়েবসাইট অবলম্বনে নাইর ইকবাল