নিরাভরণ প্রকাশের দিকে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের দীর্ঘ ক্যানভাসে কত না ঘটনা ঘটে। পেছন ফিরে তাকিয়ে আজ মনে হয় জীবনের বড় একটা অংশ তো পার করে দিলাম এই পৃথিবীর ধুলো-কাদা গায়ে মেখে। অভিজ্ঞতাও তো কম হলো না—সকল স্মৃতি-বিস্মৃতি মিলিয়ে-মিশিয়ে অভিজ্ঞতার আয়নায় মাঝে মাঝেই নিজের দিকে তাকাই এখন। দেখতে পাই, আধুনিক জীবনের আষ্টেপৃষ্ঠে কীভাবেই না জড়িয়ে গেছি আমরা। এবার আমার যে বইটি প্রকাশিত হবে, ওই বইয়ের কবিতাগুলোর অভিমুখ আমাদের প্রতিদিনকার আধুনিক জীবন যাপনের জটিলতার আবর্তের দিকে ঘোরানো।এই বাস্তুপৃথিবীতে কবি কী করতে পারে? সে বরং তার চারপাশ দেখেশুনে লিখে যায় নিজের অসহায়ত্বের বেদনা। হয়তো বা আমি এখন সেই বেদনার ধারাভাষ্যকার। এই সমাজে মানবিক আবেদনগুলো যেন ফিকে হয়ে যাচ্ছে। সকল সম্পর্কের অটুট বন্ধনের মধ্যে কত না ঘুর রাস্তা, কত না জটিলতা—মানুষ কি তার কহতব্য কথাটি বলতে পারছে আজ? এসব নানা প্রশ্ন, নানা ভাবনার খোঁজখবর হয়তো মিলে যাবে প্রকাশিতব্য বইটির কবিতার ছত্রে ছত্রে। যদিও এখন অবধি বইটির কোনো নাম দিতে পারিনি। কবিতাগুলোর বিষয়ের মধ্যে একটি ঐক্য আছে। তাই বইটির নামকরণ কোনো নির্দিষ্ট কবিতার নামে হবে না।আমার সর্বশেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল ২০০৮ সালে মৌলভির মন ভালো নেই। এরপর লেখা কবিতাগুলো নিয়ে এ বইটি সাজানো। মনে হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাষার প্রকাশ পরিবর্তিত হয়—আমার ক্ষেত্রেও অনুরূপ ঘটেছে। অলংকার হ্রাস পেয়েছে, কথাও যেন কমে গেছে খানিকটা। বলতে পারি, এ শুধু স্পষ্ট নিরাভরণ প্রকাশের দিকে যাত্রা। ‘আমার সকল কথা ছেড়েছে সকল অলংকার।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এমন ভাবনার সহযাত্রী হয়ে এখন হাঁটছি আমি ও আমার কবিতা।প্রথম বই অসম্ভবের পায়েতে ভাষা মাধুর্যের দিকে আলায়িত ছিল মন। কবিতায় সে সময় আবেগের প্রাবল্য ছিল, এখন তা অভিজ্ঞতায় পূর্ণ। প্রতিদিন চারপাশে এই যে বৃক্ষনিধন, নদীদূষণ আর পারমাণবিক অস্ত্রের ঘাইয়ে পৃথিবীকে ভোঁতা করে দেওয়ার চেষ্টা—এর পেছনে মানুষ হিসেবে আমারও তো দায় আছে। একদিন জগতের অমল-ধবল সৌন্দর্যের পানে চেয়ে মুগ্ধ হয়েছি। এখন নিরুপম সেই সৌন্দর্যের বিলোপে হাহাকার করে লেখা না-লেখা আমার কবিতাগুলো। রাত গভীর হলে যখন লিখতে বসি, আমার ভাষা ও প্রকাশে কেবল উঠে আসতে চায় এসব বেদনাবোধ। বিস্তর অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে কত অল্প কথায় আমি তা প্রকাশ করতে পারি!অনুলিখন: নির্লিপ্ত নয়ন