নির্জনতার বারো মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (৬ মার্চ ১৯২৭—১৭ এপ্রিল ২০১৪)
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (৬ মার্চ ১৯২৭—১৭ এপ্রিল ২০১৪)

তিনি ছিলেন অন্য গ্রহের মানুষ। ১০০ বছরে এ রকম লেখক কি দুজন আসেন। তিনি আমাদের কালের একজন মহানায়ক, পুরাণস্রষ্টা। তিন দশক আগে ইন্দো-ব্রিটিশ লেখক সালমান রুশদি লন্ডন রিভিউ অব বুকস্-এ তাঁর একটি বই নিয়ে আলোচনায় তাঁর নাম দেন ‘অ্যাঞ্জেল গাব্রিয়েল’।
গত শতকের সাতের দশক থেকে চিরদিনের জন্য লাতিন আমেরিকার সাহিত্য ও সংস্কৃতির চিত্র বদলে দেওয়া গাব্রিয়েল হোসে গার্সিয়া মার্কেস আট মাস মায়ের গর্ভে থাকার পর জন্মেছিলেন ১৯২৭ সালের ৬ মার্চ, বৃষ্টিস্নাত এক সকালে। জন্মলগ্নে নাভিরজ্জুর সমস্যায় প্রায় শ্বাস নিতে পারা এবং একটু পরই খ্রিষ্টীয় দীক্ষাজল ‘রাম’-এর সিঞ্চনে চোখ মেলা সেই নবজাতক যে কি না উত্তর-পশ্চিম কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলের ধূলিধূসর গ্রামের টেলিগ্রাফ অপারেটরের ১১ সন্তানের প্রথমজন—কীভাবে তামাম দুনিয়ার সবচাইতে মশহুর লেখক হয়ে উঠলেন, সেটি এক বিস্ময়। ব্যক্তিগত ও সামষ্টিক স্মৃতিকে রসদ করে ঐন্দ্রজালিক ভাষার সঙ্গে অনুপম ‘বারোক্’ শৈলী মিলিয়ে লিখেছেন তিনি। এর সঙ্গে আছে সিনেমাটিক কায়দা আর সাংবাদিকতায় হাত মকশো করা বয়ানকৌশল—সব মিলিয়ে মার্কেসের লেখা দুর্দান্ত সব আখ্যানের তোড়ে ভেসে যাই আমরা, পড়তে পড়তে ঘোরগ্রস্ত আমরা যেন ভেসে উঠি মাটি থেকে বারো সেন্টিমিটার উচ্চতায়—শূন্যে। দিনের পর দিন মাসের পর মাস খুঁজতে থাকি যথোপযুক্ত বিশেষণ, কিন্তু যা-ই বলি না কেন মনে হয় সবটা বলা হলো না, ধরা গেল না ঠিক; ফলে এই লেখককে কেন্দ্র করে যার যার মতো সবাই-ই দিতে থাকি বয়ান, অমরত্বকে খানিকটা যদি ছোঁয়া যায়!
কাঠবাদামগাছে ছাওয়া রাস্তার পাশে টিনের ছাদ আর সুরকি এবং পাথরের দালান-দেওয়া নানার বাড়িতে বিশ্বাস্য ভঙ্গিতে অবিশ্বাস্য সব গল্প বলা নানি ও অন্যান্য আত্মজন মহিলার সঙ্গে জীবনের প্রথম ১০টি বছর কাটানো গার্সিয়া মার্কেসের বিস্ময়কর জাদুকরি শৈশবই তাঁর কথাসাহিত্যের উৎসভূমি। উত্তর কলম্বিয়ার উপকূলীয় ক্যারিবীয় লোকজ বিশ্বাস, পুরাণ, মুখে মুখে শোনা কিংবদন্তি হলো তাঁর বাস্তবতা, যে বাস্তবতাকে তিনি বুনে দিয়েছেন গল্প-উপন্যাসে, স্মৃতিকথায়।
ক্যারিবীয় রোদের তাপ আর সাগর মার্কেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সাগর থেকে আসা গোলাপের গন্ধ পায় তোবিয়াস, ওই গন্ধটি গুয়াকামাইয়ালের জলে-ডোবা লোকটির মতো, রহস্যময় মৃতদের এই সাগর পাড়ি দেয় ভুতুড়ে জাহাজ, এই সাগর থেকেই ভেসে ওঠে জগতের সবচেয়ে সুন্দর জলে-ডোবা পুরুষ; আবার এই সাগরই মার্কিন গ্রিঙ্গাদের কাছে বেচে দেয় নামহীন এক একনায়ক। ১৯২৮ সালের ৫ ডিসেম্বর সিয়েনাগার রেলস্টেশনে জেনারেল কার্লোস কোর্তেস বার্গাসের নির্দেশে কলাচাষিদের ওপর গুলিবর্ষণ চলে। এখানে নিহত তিন হাজারের বেশি লোককে ১৪১টি মালগাড়ির একটি ট্রেনে ভরে পচা কলার মতো ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল তো এই সাগরেই।
‘পাপালেলো’ নানার হাত ধরে বহু বছর পর মফস্বল শহরে পরিণত হওয়া মাকোন্দো গ্রামে ঘুরতে ঘুরতে হাজির যাযাবর বেদে মেলকিয়াদেস আর তার সঙ্গীদের আনা বরফ দেখার স্মৃতি ভুলতে না পারা ‘কোস্তোনিয়ো’ বা উপকূলের বাসিন্দা গাবো (গার্সিয়া মার্কেস তাঁর ঘনিষ্টজনদের কাছে গাবো নামে পরিচিত।) একদিন নৌযানে মাগদালেনা নদী আর মুখ দিয়ে ধোঁয়া ছাড়া গোটা একটা গ্রামকে টেনে নিয়ে আসা রান্নাঘরসদৃশ ট্রেনে চেপে প্রথমবারের মতো বোগোতা যান এবং দেখতে পান অন্য এক বিশ্ব: ঠান্ডা, অন্ধকার আর সহিংস। সিয়েনাগার গণহত্যার শিকার কলাচাষিদের পক্ষে মামলা চালিয়ে যাওয়া উকিল জনপ্রিয় বামপন্থী লিবারেল নেতা হোর্হে এলিয়েসের গাইতানকে খুন করার পর যে সহিংসতা শুরু হয়, সেই ‘বোগোতাসো’ পর্ব প্রত্যক্ষ-করা বিশ্ববিদ্যালয়পড়ুয়া ২০-২১ বছরের গার্সিয়া মার্কেস তখন সবে ফ্রান্স কাফকার দ্য মেটামরফসিস পাঠ করে লিখতে আরম্ভ করেছেন গল্প।
এরপর কেটে যাবে আরও ৩৮ বছর। তারপর একদিন স্ত্রী আর দুই ছেলেকে সঙ্গে নিয়ে ওপেল গাড়িতে চেপে ছুটি কাটাতে মেহিকোর প্রশান্ত মহাসাগরীয় সৈকতশহর আকাপুলকোয় যাওয়ার সময় অপ্রতিরোধ্য এক দৈবজাদুতে তাঁর মাথায় চেপে বসবে ১৮ বছর ধরে সংকল্প-করা উপন্যাসটির প্রথম বাক্য: ‘বহু বছর পর, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার মনে পড়ল সেই সুদূর এক অপরাহ্নের কথা, যেদিন তার বাবা তাকে বরফ চেনাতে নিয়ে গিয়েছিলেন।’ অতঃপর আকাপুলকো না গিয়ে গাড়ি ঘুরিয়ে মার্কেস ফিরে আসবেন মেহিকো শহরে নিজেদের ডেরায়, ঢুকে পড়বেন নিজের স্টুডিও ‘কুয়েবা দে লা মাফিয়া’ বা মাফিয়ার গুহায়। এখানেই ১৮ মাস নির্জনতায় ডুবে থাকা—নিবিষ্ট জাদুময় বয়ানে লেখা হলো হিস্পানি সভ্যতা ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন সিয়েন আনিয়োস দে সোলেদাদ বা নির্জনতার ১০০ বছর।
তাঁর মৃত্যুর ৩৫৮ দিন পরে লিখতে বসে এসব কথাই কেবল মনে পড়ছে। তাঁর সম্মোহন, কাব্যিক ভাষার জাদুকরি স্বচ্ছতা, বহু কোণ থেকে জীবনকে দেখার বিশেষ কায়দা, জাদু আর বিস্ময়ে ভরপুর এক শৈশব, তাঁর সৃষ্ট হাসিকান্নার হুল্লোড়তোলা শাশ্বত মাকোন্দো; সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক আঙিনায় তাঁর পদচারণ—সব মিলিয়ে মার্কেসের যে ইমেজ তা এককথায় পৌরাণিক ও মহাকাব্যিক। ধ্রুপদি হয়েও সব দেশের সব সমাজের সব শ্রেণির পাঠক-হৃদয় জয় করা তাঁর সহজপাঠ্য গল্প-উপন্যাসগুলো আমাদের মনে করিয়ে দেয় হাজার এক আরব্য রজনী, গালিভারের সফরনামা প্রভৃতি বইয়ের কথা। শেহেরজাদের মতো আমাদের কিস্সা শুনিয়ে বিমোহিত করেছেন গার্সিয়া মার্কেসও। আর এই কিস্সাগুলো নিবিড়ভাবে মুখে মুখে গল্প বলার লোকজসংস্কৃতির ঐতিহ্য।
সংহতির বিপরীতে নির্জনতা, যে নির্জনতায় পর্যবসিত বুয়েন্দিয়া পরিবার এবং তাদের মাকোন্দো গ্রাম—রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ আর নিয়তির শিকার একটি ক্ষয়িষ্ণু জনপদ ও মহাদেশের বাস্তবতার রূপক। প্রেমের অক্ষমতা থেকেই নিঃসঙ্গতা। ভ্রাতৃত্ববোধের অভাব থেকেই ব্যক্তিজীবনে বিচ্ছিন্নতা। যুদ্ধের স্মৃতি, প্রেম, উন্মত্ততা, হিংস্রতা, কষ্ট ভুলে থাকার জন্য এল পার্তিদো লিবেরাল বা উদারপন্থী দলের পক্ষে ৩২টি সশস্ত্র বিদ্রোহ সংঘটিত করে সবগুলোতেই হেরে যাওয়া কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া জীবনের একপর্যায়ে এসে একাকী আপনমনে নিজের কর্মশালায় গলিত সোনা দিয়ে বানাতে থাকেন ছোট ছোট সোনালি মাছ। জীবন আর যুদ্ধের অসারতা বুঝতে পেরে নির্জনতায় খোঁজেন মুক্তি।
১০০ বছরের জন্য দণ্ডপ্রাপ্ত এক জনপদের মানুষের জন্য দুনিয়ায় দ্বিতীয়বার বাঁচার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন গার্সিয়া মার্কেস, তাঁর নোবেল বক্তৃতায়। ফ্লোরেন্তিনো আরিসার প্রেমের মতো কেবল ভালোবাসাই তৈরি করে দিতে পারে সেই সুযোগ, আমাদের অসমাপ্ত লড়াইয়ে এনে দিতে পারে জয়। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে জীর্ণ-শীর্ণ বর্তমান এই দুনিয়ায় না-উচ্চারিত ইতিহাসের সাক্ষ্য বহনকারী গার্সিয়া মার্কেসের রচনা আমাদের শক্তি জোগায়, লড়াই করতে শেখায় দুঃসহ স্মৃতির বিপরীতে।
আমাদের স্বপ্ন দেখার শব্দরাজি দিয়ে তিনি চলে গেছেন অন্য এক ভুবনে। বসে আছেন দান্তে, রবীন্দ্রনাথ, গ্যোয়েটে, শেক্সপিয়ার, তলস্তয়, সের্বান্তেস, প্রুস্ত, দস্তয়েভস্কি, জয়েস, কাফকা, নেরুদা, ফকনারের সঙ্গে সভা উজ্জ্বল করে। আমরা এখনো মুগ্ধ হয়ে কৃতজ্ঞতায় তাকিয়ে আছি তাঁর দিকে। আর কিস্সাটা তিনি শুনিয়েই যাচ্ছেন:
‘দরজার তলা দিয়ে রক্তের একটা ধারা বেরিয়ে আসে, পার হয়ে যায় বসার ঘর, বেরিয়ে আসে রাস্তায়, একটা সরলরেখায় চলতে থাকে অসমান হাঁটার পথটা ধরে, নেমে যায় সিঁড়ি দিয়ে এবং উঠে পড়ে পাঁচিলের ওপর, তুর্কি সড়ক ধরে এগিয়ে চলে, এক কোনায় গিয়ে প্রথমে ডান দিকে এরপর বাঁ দিকে মোড় নেয়, বুয়েন্দিয়াদের বাড়ির সামনে এসে একটা সমকোণে ঘুরে, বন্ধ দরজার নিচ দিয়ে ঢুকে পড়ে, বৈঠকখানা পেরিয়ে যায় দেয়াল ঘেঁষে—যেন গালিচায় দাগ না লাগে, অন্য বৈঠকখানায় চলে যায়, একটা বড় বাঁকে খাবারঘরের টেবিলটা এড়িয়ে যায়, বেগোনিয়া-ভরা করিডরটা ধরে এগিয়ে চলে এবং অগোচরে আউরেলিয়ানো হোসেকে পাটিগণিত শেখানোয় ব্যস্ত আমারান্তার চেয়ারের নিচ দিয়ে গড়িয়ে যায়, আর গোলাঘরে ঢুকে বেরিয়ে আসে রান্নাঘরে, যেখানে উরসুলা রুটি বানানোর জন্য ৩২টি ডিম ভাঙার প্রস্তুতি নিচ্ছিল।’

নির্জনতার ১০০ বছর উপন্যাসের সপ্তম অধ্যায়ে বর্ণিত বুয়েন্দিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান হোসে আর্কাদিয়োর রহস্যময় মৃত্যুপর্ব।