নির্মোহ মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস: আঙ্গিক বিচারকুদরত-ই-হুদাআদর্শ প্রকাশনী প্রচ্ছদ: মামুন হোসাইন \ দাম: ৩৮০ টাকাবর্তমান সময়ে সাহিত্য-সমালোচনা নিরীহ-নির্মোহ কোনো বিষয় হয়ে নেই; বিশেষ করে এডওয়ার্ড সাঈদের ওরিয়েন্টালিজম প্রকাশের পর থেকে। সাহিত্যেরও যে একটা ‘রাজনীতি’ আছে এবং সাহিত্যিকের চেতনা দ্বারা সেই রাজনীতি যে প্রভাবিত হয়, সমালোচককে সেই বিষয়ে সতর্ক থাকতে হয়। কুদরত-ই-হুদা তাঁর শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস: আঙ্গিক বিচার গ্রন্থে এ ব্যাপারে নিজে সতর্ক থেকে পাঠকের চোখেও তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেষ্টা করেছেন। একই সূত্রে তিনি উদ্ঘাটনের চেষ্টা করেছেন, বাংলা সাহিত্যের ওপর উপনিবেশের আধিপত্য কীভাবে আমাদের উপন্যাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। প্রচলিত সাহিত্য-সমালোচনার ধারা থেকে নিশ্চয় এটি আমাদের জন্য আলাদা অভিজ্ঞতা।লেখক গ্রন্থের ‘অবতরণিকা’য় তুলে ধরেছেন শওকত ওসমান ও সত্যেন সেন—এই দুই ঔপন্যাসিকের গুরুত্ব। ‘পরিপ্রেক্ষিত’ অংশে উপন্যাসের সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন এবং এরই সূত্র ধরে দেখাতে চেয়েছেন কোন আর্থসামাজিক-রাজনৈতিক বাস্তবতায় উপন্যাসের জন্ম হয়েছে। জন্ম-উৎস থেকে এ পর্যন্ত বাংলা উপন্যাস আঙ্গিকগত দিক থেকে পরিবর্তিত বা রূপান্তরিত হয়েছে কোন কোন প্রেক্ষাপটে, তাও তুলে ধরতে চেয়েছেন তিনি।প্রথাগত ধারণামতে, সাহিত্য-সমালোচনা একটি অসৃজনশীল কাজ। কিন্তু এই গ্রন্থ পাঠ করে মনে হয়েছে—বাস্তবিকই তা সৃজনশীলতার পর্যায়ে উন্নীত হতে পারে। কারণ, সমালোচক যখন কোনো লেখককে মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করতে গিয়ে তাঁকে নতুনরূপে নির্মাণ করেন, ওই লেখাকে নিয়ে ডিসকোর্স তৈরি করেন—তখন অবশ্যই তা সৃজনশীলতার স্বাক্ষর বহন করে। কুদরত-ই-হুদার বইয়ে তা আছে।বাংলা উপন্যাসের আঙ্গিকে আলালের ঘরের দুলাল থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত অনেক পালাবদল ঘটে গেছে। বঙ্কিমচন্দ্রের কলাকৌশল রবীন্দ্রনাথের হাতে কতটুকু এগিয়েছে, শরৎচন্দ্র এসে কী মোড় নিয়েছেন আঙ্গিক ও বিষয়গত চেতনায়, মানিক-তারাশঙ্কর-বিভূতিভূষণের হাতে পরিবর্তনের ধরনটি কেমন হয়েছে কিংবা ত্রিশের দশকের পরে ‘আধুনিকতাবাদী’ উপন্যাসের সূচনায় বাংলা উপন্যাসে কী সংযোজন-বিয়োজনের প্রয়াস চলেছে, কুদরত-ই-হুদা তার তত্ত্ব-তালাশ করার চেষ্টা করেছেন।আলালের ঘরের দুলাল কিংবা হুতোম প্যাঁচার নকশা নিশ্চয় উপন্যাসই হয়ে উঠেছিল; কিন্তু ইংরেজি-শিক্ষিত ঔপনিবেশিক বাঙালি উপন্যাসের স্বাদকে আস্বাদন করতে চেয়েছে পশ্চিমা কাঠামোতেই। ফলে বঙ্কিমচন্দ্র তাদের জন্য ‘আস্থা’ হয়ে ওঠে; আর এ দেশীয় ঘরানার উপন্যাস তৈরির সম্ভাবনাগুলো স্তিমিত হয়ে পড়ে। এটা বাংলা উপন্যাসের জন্য ক্ষতি কি শ্রীবৃদ্ধি, সেটা ভিন্ন ব্যাপার; কিন্তু বাস্তবতা এই—আমরা আমাদের মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছি।১৯৪৭-এর দেশ বিভাগের আগ পর্যন্ত বাঙালি মুসলমানের মধ্যে ‘জাতীয় আকাঙ্ক্ষা’র অভাব ছিল। আর এই জাতিগত আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হতে না পারার কারণে মুসলমান ঔপন্যাসিকেরা মহৎ সাহিত্য সৃষ্টি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছেন। দেশ ভাগ হঠাৎ করেই মুসলমান লেখকদের উপন্যাস লেখার প্রেরণা জুগিয়েছে—রাষ্ট্রকে নিজের মতো ভাবতে শিখিয়েছে। শওকত ওসমান ও সত্যেন সেন একেবারে এ দেশের রাজনীতির সঙ্গে সম্পর্কিত। ফলে তাঁদের উপন্যাসের বিষয় ও আঙ্গিকগত মূল্যায়ন কেবল সাহিত্যের নন্দনতত্ত্বে বিচার্য হতে পারে না, এর নন্দনতত্ত্বেও আমাদের পাঠ করতে হয়।‘শওকত ওসমানের উপন্যাসের আঙ্গিক’ শিরোনামের গ্রন্থাকার প্রাসঙ্গিক উপন্যাসগুলোকে আঙ্গিক ও বিষয়-প্রবণতার দিক থেকে তিনটি মূল পর্বে ভাগ করে নিয়ে আলোচনা করেছেন। গ্রামীণ পটভূমির জননী বা বনি আদম থেকে শওকত ওসমান পাকিস্তানের কোন রাজনৈতিক বাস্তবতায় রূপক ও প্রতিরূপকের আশ্রয়ে ষাটের দশকে উপন্যাসচর্চা শুরু করলেন, তার ব্যাখ্যা হাজির করেছেন কুদরত-ই-হুদা। ‘সত্যেন সেনের উপন্যাসের আঙ্গিক’ শিরোনামে তিনি দেখিয়েছেন অভিশপ্ত নগরী ও পাপের সন্তান-এর মতো, বিদ্রোহী কৈবর্ত কিংবা কুমারজীব-এর মতো ঐতিহাসিক উপন্যাস লেখা শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যে যে কারও জন্য আত্মশ্লাঘার বিষয়। সত্যেন সেনকে নিয়ে বিচ্ছিন্নভাবে যে দু-একটা লেখা হয়েছে, তাতে মার্ক্সীয় নন্দনতত্ত্বের ধারণাটি অপ্রযুক্তই থেকেছে। এই গ্রন্থাকার আমাদের দেখিয়েছেন—মার্ক্সীয় চেতনা একজন ঔপন্যাসিকের ভাষার মধ্যে কীভাবে চিহ্ন রেখে যায়, চরিত্রসৃষ্টির পদ্ধতির মধ্যে কীভাবে কিংবা কাহিনিসজ্জার মধ্যে কীভাবে ছায়াপাত করে; অর্থাৎ দাগ কাটে এবং আঙ্গিক পরিগঠনে তার কী ভূমিকা হয়ে দাঁড়ায়।সাহিত্য-সমালোচনার ভাষা সম্পর্কে একটা প্রথাগত ধারণা আছে যে এর ভাষা দুর্বোধ্য হয়, নীরস ও অপ্রাণ হয়। কুদরত-ই-হুদা সমালোচনার ভাষা-সম্পর্কিত একাডেমির ঘেরাটোপ থেকে বহুলাংশে বেরিয়ে এসেছেন। তিনি ভাষার নিজস্ব ভঙ্গি ও সাহিত্যরস উদ্যাপনের জন্য প্রাণ আনতে পেরেছেন। মুখে ব্যবহূত শব্দ, এমনকি আঞ্চলিক বা বিভাষীয় শব্দ ব্যবহারেও দ্বিধা করেননি। সাহিত্য-সমালোচনার জন্য আলুলায়িত অনুপ্রাসযুক্ত কাব্যিক শব্দরাজি নয়, প্রয়োজন ভাব প্রকাশের উপযুক্ত ভাষা। সমালোচনায় অপরিহার্য, বিশ্লেষণধর্মী মনোবৃত্তি এবং দারুণ দার্ঢ্য ভাষা—এ দু-ই কুদরত-ই-হুদার সবচেয়ে বড় দুই শক্তি।