নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ:মাসুক হেলাল
অলংকরণ:মাসুক হেলাল

: আপনি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন?
: সিনিয়র সেক্রেটারি। বছর দেড়েক। ক্যারিয়ারের শেষ দিকে ওই একটা সান্ত্বনা পুরস্কারের মতো অারকি।
: আপনার আমলে একটা পরিপত্র জারি করা হয়। স্মারক নং- ত/ম/উপ/ ৭১৩-১৫-৬ ইং।
: বিষয়টা বলুন।
: ওই পরিপত্রের মাধ্যমে একটা উপন্যাস নিষিদ্ধ করা হয়েছিল।
: কী উপন্যাস?
: অতিথি।
: হবে হয়তো। হতে পারে।
: উপন্যাসটা আপনি পড়েছেন?
: না, পড়িনি।
: সেকি! না পড়েই একটা উপন্যাস নিষিদ্ধ করে দিলেন?
: আমলারা দাপ্তরিক দিক দেখে মাত্র। মন্ত্রীরা সিদ্ধান্ত নেন।
: উপন্যাসটার কাহিনি আপনাকে একটু বলতে চাই।
: পুরাটা? এখন?
: খুব সংক্ষেপে বলব। কয়েক লাইনে। রহস্য উপন্যাস। আপনার খারাপ লাগবে না।
: আমাদের আলাপের সঙ্গে এটার কোনো যোগ আছে?
: আছে।
: ঠিক আছে। বলেন।
: উপন্যাসটা ইরফান কাদির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ঘিরে। লোকটা ভাষাতাত্ত্বিক। বয়স পঞ্চাশের ঘরে। পণ্ডিত হিসেবে যশ আছে, খ্যাতি আছে। সেমিনার থেকে সেমিনারে ছুটে বেড়ান। গুরুগম্ভীর সব বিষয়ে কী-নোট পেপার পড়েন। তারপর সেমিনার শেষে যখন গাড়িতে ওঠেন, তখন ইনভ্যারিয়্যাবলি তাঁর চোখ চলে যায় রাস্তার পাশে বড় বড় হোর্ডিংয়ের দিকে। কোনো না কোনো হোর্ডিংয়ে তিনি তাঁর স্ত্রীর ছবি দেখতে পান। তাঁর স্ত্রী অভিনেত্রী এবং বিজ্ঞাপনের মডেল, অপরূপ সুন্দরী এবং আবেদনময়ী। ছোট পর্দা ছেড়ে অল্প কিছুদিন হলো সিনেমায় নেমেছেন। নেমে সাড়া ফেলে দিয়েছেন। অতিকায় হোর্ডিংয়ে পেশিবহুল সুদর্শন যুবকের বাহুলগ্না স্ত্রীর দিকে তাকিয়ে চোয়াল শক্ত হয়ে যায় অধ্যাপকের। শোনা যায়, খুব ঘনিষ্ঠ মহলে এ নিয়ে তিনি দু-একবার মৃদুস্বরে আক্ষেপ করেছিলেন। তবে ওই পর্যন্তই। ইরফান কাদির ভদ্রলোক মানুষ। ব্যক্তিস্বাতন্ত্র্যে বিশ্বাসী।
: আপনি বলেন তো ভালো। তারপর?
: তারপর একটা স্ক্যান্ডাল রটে। এক নবীন পরিচালককে ঘিরে। সিনেমার জগৎটা তো চেনেন। পঙ্কিল। শত্রু পরিবেষ্টিত। তবে সিতারার ভাগ্য একটু বেশিই খারাপ বলতে হবে। ব্যাড প্রেস সে ম্যানেজ করতে পারেনি।
: সিতারা?
: ওই অভিনেত্রী। ভাষাতাত্ত্বিকের স্ত্রী। খুব বাজে কেলেঙ্কারি হলো, যতটা বাজে হওয়া সম্ভব আরকি।
: ভিডিও ক্লিপ?
: হ্যাঁ।
: কাহিনি তো বেশ রগরগে দেখা যাচ্ছে।
: এর পরপরই একদিন নিজ বেডরুমে মৃত অবস্থায় পাওয়া গেল সিতারাকে। পেপার নাইফ দিয়ে গলায় গভীর ক্ষত তৈরি করা হয়েছে। সুইসাইড হতে পারে না। অধ্যাপক রাতে বাসায় ছিলেন না। মানসিক অবসাদগ্রস্ত বোধ করায় সারা রাত নিজের গাড়িতে ঘুরেছেন শহরের পথঘাট। ভোরে এসে আবিষ্কার করেন, তাঁর বেডরুম একটা ক্রাইম সিন হয়ে আছে। নিজেই পুলিশকে ফোন দিয়ে ডেকে আনেন। অস্ত্রের হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি বটে। কিন্তু অধ্যাপকের কপাল মন্দ।
: কোনো অ্যালিবাই নেই।
: এগজ্যাক্টলি। সুতরাং তিনি গ্রেপ্তার হন। এবং বিচার শেষে তাঁর মৃত্যুদণ্ড হয়।
: কাহিনি এখানেই শেষ?
: না। এটা তো রহস্য উপন্যাস। এত সরল কি হয়!
: তাহলে, তারপর?
: আপনি কি কৌতূহল বোধ করছেন?
: খুব।
: তারপর একটা অ্যালিবাইয়ের আবির্ভাব ঘটল। এক তরুণী।
: সেটা ইরফান সাহেব আগে ক্লেইম করেননি কেন?
: কারণ সেটা আরেক কেলেঙ্কারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী। পরে জানা যাবে, পুরোটাই আসলে মেয়েটার বানানো। সে কোনো অ্যালিবাই নয়।
: কেন বানাবে?
: কেননা সে ওই অধ্যাপকের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। লোকটাকে সে বাঁচাতে চায়।
: বাহ্। টুইস্ট।
: অনেকগুলো টুইস্টের প্রথমটা। মামলার পুনঃশুনানির অনুমোদন মিলল। পুনঃতদন্ত হবে। দায়রা কোর্টে শুনানি যখন চলছে, তখন ইংরাজি সাহিত্যের এই তরুণী নিজের মতো করে তদন্তে নামে। টুকরো টুকরো তথ্য আর ইশারা মিলিয়ে ক্রাইমটা সে একটু একটু করে পুনর্নির্মাণ করতে শুরু করে।
: তাহলে এখানে ডিটেকটিভ এক প্রেমান্ধ অষ্টাদশী তরুণী। দুর্দান্ত।
: আমি বলব ক্লিশে। কিন্তু আসল রহস্যটা তো উপন্যাসের কাহিনির মধ্যে না। আসল রহস্য বরং উপন্যাসটাকে ঘিরে। কিংবা বলতে হবে উপন্যাস প্রকাশের প্রতিক্রিয়াকে ঘিরে। কেননা এটা প্রকাশিত হওয়ার পরপরই নিষিদ্ধ করা হলো। আপনারা নিষিদ্ধ করলেন।
: অ্যালিগেশন কি ছিল? অশ্লীলতা?
: সেটা হলেও না হয় কথা ছিল। যদিও সেই অর্থে এক্সপ্লিসিট কোনো যৌন বিবরণ উপন্যাসে কোথাও নেই। কিন্তু উপন্যাসটা নিষিদ্ধ হলো। এবং খুব অদ্ভুত একটা অভিযোগ আনা হলো এটার বিরুদ্ধে।
: কী সেটা?
: আপনার কিছুই মনে পড়ছে না? আপনার স্বাক্ষরেই তো জারি হয়েছিল সেই পরিপত্র।
: পনেরো-বিশ বছর আগের কথা। আর আমার পারকিনসনস আছে। কিছু মনে থাকে না।
: পরিপত্রে লেখা হলো: কোট—রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র লুকানো আছে এই উপন্যাসের আপাতসরল কাঠামো আর ভাষাভঙ্গির মধ্যে—আনকোট।
: ব্যস! একটাই লাইন?
: আপনারা আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করেননি।
: হুম। ওই সময় সরকারের মধ্যে বেশ বেপরোয়াপনা, বেশ অসহিষ্ণুতা ছিল বটে।
: আমরা খুব অবাক হলাম। বিস্মিত হলাম। কিন্তু কোনো কিনারা করতে পারলাম না। প্রথমে মনে হয়েছিল, কোথাও একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। একটা মামুলি, বাজারি রহস্য উপন্যাসের বিরুদ্ধে কী করে এত বড় একটা অভিযোগ ওঠে। কিন্তু শিগগিরই ভুল ভাঙল। গভার্নমেন্ট ইজ ড্যাম সিরিয়াস। বইয়ের দোকানে দোকানে রেইড দেওয়া হলো। দুদিনের মধ্যে মার্কেট থেকে সব বই সাফ। এবং আরও সন্দেহজনক যেটা, পাঠকের কারও কারও বাড়িতেও হানা দেওয়া হলো। প্রশাসন যেন নিশ্চিত হতে চাইছিল, একটা সিঙ্গেল কপিও যেন বাইরে না থাকে। কাজটা খুব কঠিন হয়নি। বইটা সবে বেরিয়েছে। আর এর লেখক তেমন সুপরিচিত, জনপ্রিয় কেউ ছিলেন না। যা বলছিলাম, তার মানে, আমরা বুঝে গেলাম: দে মেন্ট ইট। দ্য গভার্নমেন্ট মেন্ট হোয়াট দে সেইড অ্যাবাউট দ্য বুক।
: আপনার কাছে একটা কপি থেকে গেছে, অনুমান করছি। আপনি কি সেটা নিয়ে এসেছেন?
: হ্যাঁ। এই যে দেখুন, এই সেই বই। রেইড আমার বাসায়ও দেওয়া হয়েছিল। সামহাউ, দিস কপি সার্ভাইভড। প্রচ্ছদটা ছিঁড়ে ফেলেছি। ফ্লাই লিফটাও। সেফটির জন্য। হাতে নিন। নেড়ে দেখুন। মাত্র দেড় শ পৃষ্ঠার খুব স্লিম একটা উপন্যাস। কি মামুলি, কি আটপৌরে, কি নিষ্পাপ। গত ১৫ বছরে অন্তত সত্তরবার পড়েছি আমি উপন্যাসটা। বোঝার চেষ্টা করেছি, কেন এটা নিষিদ্ধ হলো।
: পেয়েছেন কিছু?
: পেয়েছি বলব না। শুধু বলব, আই হ্যাভ আ হাইপোথিসিস, আ হাঞ্চ। আর সেটা ভেরিফাই করার জন্য আপনার কাছে আসা।
: আমার তো তেমন কিছুই মনে নেই।
: অসুবিধা নাই। আপনার বিস্মৃতিগুলোই আমার বেশি কাজে লাগবে। তার আগে আমি পটভূমিটা আরেকটু বলে নিই, আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, বইটা নিষিদ্ধ হওয়ার ঘটনা ওই সময় খুব সাড়া ফেলেছিল। বেশ কিছু লেখালেখি, প্রতিবাদ। কিন্তু সেগুলো খুব জোরালো হচ্ছিল না। কেননা, সবাই কথা বলছিল এমন একটা বই নিয়ে, যেটা কেউ পড়েনি। এ তো গেল একধরনের ওভারগ্রাউন্ড প্রতিক্রিয়া। আরেক ধরনের প্রতিক্রিয়া দেখা দিল। আন্ডারগ্রাউন্ড। একটা চোরাস্রোত। কিছু লোক বইটা পাঠ করতে শুরু করল।
: কিন্তু আপনিই না বললেন, সব কপি রিকল করা হয়েছিল?
: সব কপি পারা যায়নি। কিছু কিছু কপি থেকে গিয়েছিল। সংখ্যায় কত হবে, বলতে পারব না। কিন্তু খুব নগণ্যও না। সম্ভবত পরে ফটোকপি করে করে বেড়েছে। এরা বইটা পাঠ করতে শুরু করল অনেকটা ধর্মগ্রন্থ পাঠের মতো করে। একটা গুপ্ত সংকেতলিপি পড়ছে যেন। বিটুইন দ্য লাইনস পাঠ। কাব্বালারা যেভাবে পড়ে।
: কেন?
: ওই যে, আপনার জারি করা পরিপত্রে বলা হয়েছে, উপন্যাসের আপাতসরল কাঠামো আর ভাষাভঙ্গির মধ্যে গভীর ষড়যন্ত্র লুকানো আছে। রাষ্ট্রকে বিপন্ন, বিপর্যস্ত করে তোলার ষড়যন্ত্র।
: এরা কথাটাকে এমন লিটারালি নিল?
: শুরুতে নেয়নি। কিন্তু নিতে বাধ্য হলো। সরকারের আচরণ থেকে প্রকাশ পেতে শুরু করল, ব্যাপারটা যত সোজা মনে করা হচ্ছে, অত সোজা না। আমাদের এখানে রাষ্ট্র বলতে তো এরা আসলে রাষ্ট্র বোঝায় না, বোঝায় সরকার। মানে সহজ ভাষায় কথাটার অনুবাদ দাঁড়ায়, সরকার ফেলে দেওয়ার বিস্ফোরক উপকরণ লুকানো আছে উপন্যাসটার ভেতর। এমন কিছু আছে, যাতে সরকার সত্যি সত্যি বিচলিত হয়ে পড়েছে। আবার সেটা যে কী, সরকার খোলাসা করে বলতেও পারছে না।
: বা-বা!
: তো, সরকার যেমন সিরিয়াসলি নিল, তেমনি সিরিয়াসলি নিল আরেকটা পক্ষ।
: যারা সত্যি সত্যি সরকারকে ফেলে দিতে চায়। দ্য অ্যানার্কিস্টস।
: আপনি বুদ্ধিমান। হ্যাঁ, একটা আন্ডারগ্রাউন্ড পাঠকগোষ্ঠী দাঁড়িয়ে গেল উপন্যাসটার। গুপ্ত কাল্ট বা সংঘের মতো। একটা বললে ভুল হবে—বেশ কয়েকটা সংঘ। কেননা, কীভাবে পাঠ করা হবে, এ নিয়ে একাধিক তরিকা, একাধিক ঘরানা গড়ে উঠল। একদল জোর দিচ্ছিল উপন্যাসের কাহিনি বা প্লটের ওপর। চরিত্রগুলোর আন্তসম্পর্ক, সংকটের বিকাশ, একটা নিয়তিশাসিত দুর্ঘটনার অভিমুখে কাহিনির এগিয়ে যাওয়া—এগুলোর মধ্যে ইশারার অনুসন্ধান চলল। আরেক দল তাদের সব মনোযোগ কেন্দ্রীভূত করল উপন্যাসের ভাষায়। এরা বলল, উপন্যাসের মূল চরিত্র যে একজন ভাষাবিজ্ঞানী, এটা কোনো দৈব ঘটনা নয়। সে হিসেবে, উপন্যাসের প্রতিটা শব্দ, প্রতিটা যতিচিহ্ন পূর্বনির্ধারিত। শব্দ, শব্দের অর্থ, সেমিওটিক্স, পোলেমিক্স—সে এক ধুন্ধুমার বুদ্ধিবৃত্তিক কসরত। আমি এ রকমই একটা সংঘের সভ্য ছিলাম।
: ছিলাম? মানে এখন নেই?
: নেই। এই গুপ্ত সংঘগুলোর চর্চা একসময় কাল্টের চৌহদ্দি ডিঙিয়ে পপুলার ইমাজিনেশনের সীমানায় ঢুকে পড়তে শুরু করল। চট্টগ্রামে একটা হেভি মেটাল ব্যান্ড দল গড়ে উঠল, যাদের লিরিকসের মধ্যে দূরবর্তী অনেক ইশারা লুকানো। ঢাকা শহরে কিছু গ্রাফিত্তি আপনার চোখে পড়ে থাকবে—এরা আরেকটা গ্রুপ। এরা স্লোগান লিখছিল অ্যানাগ্রামের মতো করে। দুপাশে পড়া যায়, বাঁ থেকে ডানে, আবার ডান থেকে বাঁয়ে।
: তার মানে, উপন্যাসটার প্রভাব কমেনি?
: কমেনি। এবং প্রভাবটা সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রত্যাশিত খাতে প্রবাহিত হতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, সেটাকে আর প্রভাব হিসেবে শনাক্ত করার উপায় থাকল না। আমি আমার প্রসঙ্গে ফিরে আসি। বলেছি, আমি একটা সংঘের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এখন নেই। নেই, কেননা এসব বুদ্ধিবৃত্তিক কসরত আমাকে তুষ্ট করতে পারছিল না। আমি আদি প্রশ্নটা কিছুতেই ভুলতে পারছিলাম না।
: ‘উপন্যাসটা কেন নিষিদ্ধ করা হলো’?
: ইয়েস। কিন্তু আমি টের পেলাম, প্রশ্নটাকে এইভাবে রেখে দিলে কোনো দিনও জবাব পাওয়া যাবে না। তাই প্রশ্নটাকে ঘুরিয়ে দিলাম আমি: ‘উপন্যাসটাকে কীভাবে নিষিদ্ধ করা হলো?’
: তাতে কী দাঁড়াল?
: তাতে দাঁড়াল এই যে, এবার আমি কতগুলো প্রসিডিউরে গিয়ে পৌঁছতে পারব—কতগুলো কংক্রিট, পাপপেবল প্রসিডিউর। আমি অনুসন্ধান শুরু করলাম, কখন, কীভাবে, কারা উদ্যোগটা নিয়েছে, কে কাকে নির্দেশ দিয়েছে। মানে, আমি আমার চিন্তার ওরিয়েন্টেশনটা বদলে দিলাম। আমি টের পেলাম, রহস্য সমাধানের চাবিকাঠি উপন্যাসটার ভেতরে নেই। সেটাকে খুঁজতে হবে উপন্যাসের বাইরে। সরকারের সঙ্গে উপন্যাসটার সম্পর্কের মধ্যে।
: দ্যাট মেকস সেন্স।
: আমি এবার আপনাকে সুনির্দিষ্ট একটা প্রশ্ন করি: উপন্যাসটাকে নিষিদ্ধ করার প্রস্তাব কোথা থেকে এসেছিল?
: কথা বলতে বলতে লক্ষ করলাম, আবছা কিছু জিনিস এখনো মনে আছে আমার। যদ্দুর মনে পড়ছে, হোম মিনিস্ট্রি থেকে একটা ডিও লেটার এসেছিল।
: কার কাছ থেকে?
: স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতে সেটা পাঠানো হয়েছিল কালচারাল মিনিস্ট্রিতে। সেখান থেকে আমাদের মিনিস্ট্রিতে ফরোয়ার্ড করা হয়। দ্যাট শোওজ, এটা টপ প্রায়োরিটি ছিল।
: আমি শুনেছি, মন্ত্রিসভার বৈঠকে এটা নিয়ে আলাপ হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তিন পৃষ্ঠার একটা নোট পড়েছিলেন—উপন্যাসটার ব্যাপারে। নথি শুনে সবার মুখ হাঁ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ কেউ কথা বলতে পারেনি। এবং তক্ষুনি উপন্যাসটার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। সেই তিন পৃষ্ঠার নথির কোনো হদিস আমি পাইনি। এমনকি সেটার কোনো উল্লেখই কোথাও নেই।
: আমার যদ্দুর মনে পড়ছে, মন্ত্রিসভা নয়, একটা আন্তমন্ত্রণালয় বৈঠকে উঠেছিল প্রসঙ্গটা। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক সম্ভবত। সিদ্ধান্ত সেখানেই হয়। ক্যাবিনেট ডিভিশন বা পিএম অফিস হ্যাড নাথিং টু ডু উইথ ইট। পিএমও-তে একটা নথি পাঠানো হয়েছিল শুধু। সেটা রেট্রো।
: আমি সেই নথিটাও পাইনি। সম্ভবত সেটা সরিয়ে ফেলা হয়েছে।
: আমার কিছু বলার নেই।
: মন্ত্রিসভার বৈঠকেই হোক, আর আন্তমন্ত্রণালয় বৈঠকেই হোক, একটা ডিপোজিশন, একটা টেস্টিমোনি তো ছিল—লিখিত বা ওরাল। আর বোঝা যাচ্ছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীই দিয়েছিলেন। এখন কথা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ডিপোজিশনে অন্তত দুটো বিষয় যে ছিল, এটা আমরা অনায়াসে কল্পনা করে নিতে পারি—একটা হলো অতিথি নামের এই উপন্যাস প্রসঙ্গ মানে দ্য ফিজিক্যাল বুক ইটসেলফ এবং আরেকটা হলো রাষ্ট্রের নিরাপত্তা। কোনো এক অদ্ভুত যুক্তির জালে এই দুটোকে একই কাঠামোর মধ্যে টেনে আনতে পেরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তেেল আর জেল মিলিয়ে দিতে পেরেছিলেন। এবং সেটা করতে পেরেছিলেন খুবই কনভিন্সিং পন্থায়। সেই ডিপোজিশন নিঃসন্দেহে একটা তুখোড় বুদ্ধিবৃত্তিক নির্মাণ ছিল—একটা পারফেক্ট ওয়ার্ক অব আর্ট। আর কল্পনা করছি, সেটা খুব সূক্ষ্মও ছিল না। এতগুলো মন্ত্রী আর সরকারের প্রশাসনযন্ত্রের ওপরের অংশকে কনভিন্স করার উপযোগী ছিল সেটা।
: নিঃসন্দেহে।
: আবার পুরো ব্যাপারটা এমনভাবে লুকিয়ে ফেলা হয়েছে, কোথাও কোনো ট্রেস নেই।
: মোটিভটা কী?
: এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। উদ্দেশ্যটা কী। কী সেই অভিপ্রায়। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইনট্রিগিং পার্ট। অন্তত পনেরোটা হাইপোথিসিস দাঁড় করাতে পেরেছি আমি। সেখান থেকে একটা একটা করে খারিজ করেছি।
: ডিডাকশন?
: না। রিডাকশন। খারিজ করে করে এমন একটা জায়গায় এসেছি, এখন হাতে শুধু একটাই হাইপোথিসিস। এটার জন্য আমাদের একেবারে উল্টো প্রান্তে চলে যেতে হবে। লক্ষ করুন, আমাদের এতক্ষণকার আলোচনায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কেন্দ্রীয় লোকটাকেই বাদ দিয়ে রেখেছি। তার কথা একবারও তুলিনি। লোকটার নাম সিহাবুদ্দীন তালিশ। অতিথি উপন্যাসের লেখক। আগেই বলেছি, ওই উপন্যাস লেখার আগে এই লেখক পাঠকমহলে পরিচিত ছিলেন না। কিন্তু এরপর থেকে লোকটা আলোচিত হতে থাকেন। তাঁর আরও তিনটি উপন্যাস বেরিয়েছে। সব কটি ভালো চলেছে। আমি বলব না সেগুলো উচ্চমার্গীয় কিছু। অনুমান করা যায়, অতিথি উপন্যাসকে ঘিরে আলোচনা, গুঞ্জন পরবর্তী উপন্যাসগুলোর প্রতি পাঠককে কৌতূহলী করে তুলেছে।
: তাহলে তো একটা ক্লিয়ার মোটিভ পাওয়া যাচ্ছে। মানে সিহাবুদ্দীন তালিশই...
: অতি সরলীকরণ। ঠু নাইভ। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর কী স্বার্থ?
: তাকে প্রলুব্ধ করা হয়ে থাকতে পারে। মন্ত্রীরা তো প্রলুব্ধ হন। হন না?
: নট ভেরি কনভিন্সিং। সিহাবুদ্দীনের যেটা ঘাটতি, সেটা কল্পনাশক্তি। প্রশাসনকে ওইভাবে কনভিন্স করার মতো কল্পনাশক্তি লোকটার নেই।
: তাহলে আপনার হাঞ্চ কী?
: বলছি। অতিথি লেখার আগে আরও দুটো উপন্যাস বেরিয়েছিল সিহাবুদ্দীনের। সেগুলো কোনোটাই রহস্যকাহিনি নয়। রহস্যকাহিনি লিখতে এক বিশেষ ধরনের শৈলীগত ওরিয়েন্টেশন দরকার হয়। সেটা যে সিহাবুদ্দীনের ছিল, এমন কোনো প্রমাণ কখনো পাইনি। এমনকি অতিথি নিষিদ্ধ হওয়ার পরের তিনটি উপন্যাসেও সিহাবুদ্দীন ওই ঘরানার দিকে পা বাড়াননি। অর্থাৎ অতিথি সিহাবুদ্দীন ক্যানোনে হংস মাঝে বক যথা।
: স্ট্রেঞ্জ! তাহলে ওটা কে লিখল?
: আমি কতগুলো জিনিস আপনাকে দেখাই। পুরোনো আমলের কতগুলো পাল্প ম্যাগাজিন। কতগুলো বাজারি ক্রাইম থ্রিলার। সত্তরের দশকে বাংলাবাজারের ফুটপাতে এগুলো পাওয়া যেত। লক্ষ করুন, আহমেদ জুলকারনাইন নামে একজন লেখকের বেশ কয়েকটি গল্প ছাপা হয়েছে ম্যাগাজিনগুলোয়। বেশ কয়েকটি পাল্প নভেলাও বের হয়েছে এই লেখকের নামে। আমাদের অতিথি উপন্যাসের ভাষাশৈলীর সঙ্গে জুলকারনাইনের ভাষাশৈলী এবং প্লট নির্মাণ প্রবণতার আশ্চর্য মিল। আগেই বলেছি, অতিথি উপন্যাসটি আমি সত্তরবার পড়েছি। এর প্রতিটা শব্দ, দাঁড়ি-কমা আমার মুখস্থ। ফলে আমার চেয়ে ভালো কে আর মিলটা ধরতে পারবে!
: তাহলে কে এই জুলকারনাইন? আমাদের রহস্যের কোথায় কোন কগের সঙ্গে সে খাপে খাপে লেগে যাচ্ছে?
: আহমেদ জুলকারনাইন একটা ছদ্মনাম। আসল লেখককে কেউ চেনে না। শুনেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কৈশোর ও তারুণ্যে কিছু লেখালেখির চেষ্টা করেছিলেন। তিনি যদি কোনো এক পর্যায়ে আহমেদ জুলকারনাইন ছদ্মনামে লিখে থাকেন, অবাক হওয়ার কিছু থাকবে না।
: মাই গড! কিন্তু সেটার সঙ্গে একটা উপন্যাস নিষিদ্ধ করার কী সম্পর্ক?
: ওই যে বললাম, আমার সূক্ষ্ম হাঞ্চ। আবছা অনুমান। কিন্তু সেটাই আমার একমাত্র কংক্রিট হাইপোথিসিস। দেখুন, লেখক হওয়ার একটা সুপ্ত কিন্তু তীব্র বাসনা থেকে গিয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে। তিনি আবার এ-ও টের পেয়েছিলেন, তাঁর পক্ষে বড় লেখক হওয়া সম্ভব নয়। জনরা রাইটিং তাঁর শেষ সীমানা। ওটা ডিঙিয়ে লিটারারি উপন্যাস তাঁর পক্ষে লেখা সম্ভব নয়। তাঁর লেখা সিরিয়াস পাঠক নেবে না। ব্যর্থ লেখকদের মধ্যে একধরনের জিঘাংসা থাকে। একধরনের বিকৃত প্রতিশোধস্পৃহা। সেই থেকে প্লটটা তাঁর মাথায় আসে। নিখুঁত প্লট। পুরো সাহিত্যজগতের দিকে একটা বিকট অট্টহাসি ছুড়ে দিয়েছেন তিনি। একটা অব্যর্থ প্রতিশোধ। সিহাবুদ্দীন তালিশের সঙ্গে হাত মেলানো কঠিন হয়নি। ছাপোষা লোকটা কোনো আপত্তিই তোলেননি। কেননা তাঁর দিক থেকে এটা উইন উইন সিট্যুয়েশন।
: মাই গড!
: তবে আমি বলব, অতিথি একটা গড়পড়তা ক্লিশে উপন্যাস হতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, ওরফে আহমেদ জুলকারনাইন এক অতুলনীয় প্রতিভাধর শিল্পী। আর তাঁর সবচেয়ে বড় শিল্পকর্মটি হলো মন্ত্রিসভার বৈঠকে, অথবা ইন্টার মিনিস্ট্রিয়াল বৈঠকে, তাঁর তিন পৃষ্ঠার অথবা তিন মিনিটের সেই অভিভাষণ। এর চেয়ে চৌকস আর কিছু সাহিত্য জগতে তৈরি হয়নি।
: কিন্তু আপনি আমাকে এসব বলছেন কেন?
: বলছি, কেননা আমি একটা মামলা করতে যাচ্ছি। আপনার বিরুদ্ধে।
: অভিযোগ?
: জালিয়াতি। প্রতারণা। ভয় পাবেন না, আপনার বিরুদ্ধে আমি কিছুই প্রমাণ করতে পারব না। বিষয়টাকে কোর্টের দরজা পর্যন্ত টেনে নিয়ে যাওয়াই আমার উদ্দেশ্য। ওপেন কোর্টে ট্রায়াল হবে। প্রেস থাকবে। তার মানে একবার ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে আনতে পারলে বাকিটা প্রেসের কাজ। আর আমি জানি, প্রেসকে কীভাবে খাওয়াতে হয়।
: সাবধান, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখনো ক্ষমতায়। একটানা।
: আমি আটঘাট বেঁধেই নামছি। শুধু আপনি যদি সাহায্য করতে রাজি থাকেন।
: আমি রাজি।