নিষ্পাপ বন্দিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোলো বছর বয়সে খুন করা হয় আমাকে। ওই সময় আমেরিকাজুড়ে বিদেশি যেসব মেয়েদের খুন করা হয়েছিল, তারা বেশির ভাগই ছিল আমার বয়সী কিংবা আমার চেয়ে ছোট। তাদের ছিল ভরাট মুখ, গায়ের রং আধো ফরসা, মাথায় বব করা কালো চুল। তবে আমার চুল ছিল বেশ লম্বা আর বেণি করা।আমার খুনি লোকটা আমাদেরই এক প্রতিবেশী। সেদিন আমার প্র্যাকটিক্যাল ক্লাস, তাই স্কুল থেকে বেরুতে একটু দেরি হয়ে যায়। পথ সংক্ষেপ করার জন্যে ভুট্টা খেতের ভেতর দিয়ে দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরছিলাম। ততক্ষণে চারদিক অন্ধকার হয়ে এসেছে। মিস্টার হার্ভে যেখানে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে ছয় ফুট দূরে তখন আমি, তুষারকণার স্বাদ নেওয়ার জন্য জিবের ডগা বের করেছি।‘আমাকে দেখে আবার চমকে উঠো না যেন,’ নরম সুরে বলল মিস্টার হার্ভে। ভুট্টা খেতে, ও রকম অন্ধকারে, আমি তো চমকাবই। ‘তুমি গাঙ্গুলিদের বড় মেয়ে, তাই না?’‘হ্যাঁ।’‘তোমার মা-বাবা কেমন আছেন?’‘ভালো,’ বললাম আমি।‘ওদিকে আমি একটা জিনিস বানিয়েছি,’ বলল মিস্টার হার্ভে। ‘তুমি দেখলে আমি খুশি হই। চলে এসো।’‘কই, কিছু তো দেখছি না,’ বললাম আমি। খেয়াল করলাম, আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে লোকটা। গা থেকে ছেলেবেলার চর্বি ঝরে যাওয়ার পর থেকে বয়স্ক লোকজন আমার দিকে এ রকম দৃষ্টিতে তাকায়। ‘কী ওখানে?’ জিজ্ঞেস করলাম আমি।‘এসো, দেখে যাও।’মাথা নুইয়ে, শরীর বাঁকা করে ভেতরে ঢোকাটা ভারি অস্বস্তিকর। আমি সিধে হয়ে দাঁড়াতে পারলেও, পাতালঘরটা এত নিচু যে মিস্টার হার্ভেকে কুঁজো হয়ে থাকতে হচ্ছিল। আমি বোধহয় ভেবেছি, যে লোক বাড়ি থেকে মাত্র আধা মাইল দূরে মাটি খুঁড়ে পাতালঘর বানাতে পারে, তার মাথার নাট-বল্টু খানিকটা ঢিলে হওয়ারই কথা।এখানেই আমি ভয়ংকরভাবে নির্যাতিত ও খুন হলাম। তিন দিন পর ফিলিপাদের কুকুর যখন আমার কনুইটা খুঁজে পেল, ভুট্টার খানিকটা খড় লেগে থাকা সেই কনুই মুখে করে নিজেদের বাড়িতে নিয়ে গেল, তার আগেই হার্ভে লোকটা মাটি দিয়ে ওই পাতালঘর ভরে ফেলেছে।অদৃশ্যলোক থেকে আমার কাছে বার্তা পৌঁছল, তোমার গন্তব্য স্বর্গ, আর দেরি না করে তুমি রওনা হয়ে যাও। কথাটা আমি কানে তুলিনি। কোথাও যাবার আগে আমাকে প্রতিশোধ নিতে হবে।পৃথিবীর চারদিকে আমার মতো অতৃপ্ত আত্মার কোনো অভাব নেই। তারা আমার কাছে এল। সব শোনার পর তারা আমাকে বুদ্ধি দিল, কীভাবে জীবিত কাউকে ভয় দেখাতে হয়। যেমন, আয়না আর হার্ভের মাঝখানে কোনো আত্মা দাঁড়ালে, নিজেকে হার্ভে আয়নায় দেখতে পাবে না। দেখিয়ে দিল, অন্ধকার, কুয়াশা আর ধোঁয়ার ভেতরে আত্মারা আকৃতি ধারণ করতে পারে।এখানেই শেষ নয়। হার্ভের কানের ফুটো ধরে খুলির ভেতর ঢুকে তার দূষিত মগজে কারিগরি ফলানো সম্ভব। এতে সফলতা পেতে পাঁচ-সাত বছরের কঠিন সাধনা লাগে। উপকরণ হিসেবে লাগে শ্মশানের লাশ পোড়ানো এবং না পোড়ানো অবস্থায়—তারপর পুজোর মাধ্যমে ডেকে আনতে হয় এক দেবীকে।আমি পাঁচ বছর অপেক্ষা করতে পারব না।তবে ওরা আমাকে জানাল, এ ব্যাপারে সাহায্য করতে পারবে, এমন কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে। তারা এলেই শুরু হয়ে যাবে তেলেসমাতি কাণ্ড।সেই থেকে আমি আমার মতো করে মাঝেমধ্যেই ভয় দেখাবার চেষ্টা করছি হার্ভেকে। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। শয়তান লোকটার ভেতর ভয়ডর বলে কিছু নেই। শুধু লাভ হয়েছে এই যে, আমার কারণে দাড়ি কামাতে পারছে না সে।আয়না আর তার সামনে দাঁড়াই আমি। নিজেকে দেখতে না পাওয়ায় দাড়ি কামাবে কীভাবে? সামনে অদৃশ্য কোনো বাধা আছে, বুঝতে পেরে সামনে হাত বাড়িয়ে হাতড়ায়। ঘষে ঘষে আয়নার কাচ পরিষ্কার করে। আমার আত্মাকে ওর নোংরা হাত স্পর্শ করতে পারে না, তবে প্রচণ্ড ঠান্ডার একটা ছ্যাঁকা খায়। কী আশ্চর্য, তাতেও লোকটা এতটুকু ঘাবড়ায় না, বা ভয় পায় না। শুধু ভ্রু কুঁচকে নিজের হাতের দিকে একবার তাকায়। তবে এ রকম কয়েক দিন হওয়ার পর আয়নার সামনে দাঁড়ানো বন্ধ করে দিল সে।কিছুদিন পর ওই বিদেহী আত্মারা আমাকে এবার শেখাল কীভাবে অন্ধকার, ধোঁয়া আর কুয়াশাকে ব্যবহার করতে হয়।কৌশলটা শিখে একদিন কাজে লাগালাম। কুয়াশার ভেতর আরও গাঢ় কুয়াশার মূর্তি ধারণ করে দাঁড়িয়ে থাকলাম হার্ভের বাড়ির কাছাকাছি। যথাসম্ভব চেষ্টা করেছি মূর্তিটা দেখতে, যেন আমার বোন সোনামণির মতো হয়। একসময় বাড়ি থেকে বেরিয়ে অস্পষ্টভাবে আমাকে দেখতে পেল লোকটা।আমাকে নতুন শিকার ভেবে লোভে চকচক করে উঠল তার চোখ। হন হন করে আমার দিকে হেঁটে আসতে লাগল। আমাকে যখন প্রায় ধরে ফেলবে, এই সময় চোখের পলকে আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। ব্যাপারটা ব্যাখ্যা করতে না পারলেও, ধর্ষণ আর খুন করার নেশা আরও বেড়ে গেল তার। বলতে লাগল, ‘কাছে এসো, সোনামণি। তোমাকে আমি সার্কাস দেখাতে ওয়াটারওয়ার্কস শহরে নিয়ে যাব। কী যে সব মজার কাণ্ড হচ্ছে সেখানে!’চালাকি করে লোকটাকে আমি আমাদের বাড়ির দিকে টেনে আনছি। দিব্যি আমার পিছু পিছু চলে এল। খোলা বারান্দায় উঠে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতর ঢুকছি না। আসলে আমি অপেক্ষা করছি, বাড়ি থেকে আমাদের কেউ বেরুক, বেরিয়ে দেখতে পাক হার্ভেকে। স্বভাবতই জিজ্ঞেস করা হবে, এখানে কী করছে সে। আমি শুনতে চাই, কী উত্তর দেয়। যাই বলুক, ভুলভাল হবেই। তাকে দিয়ে এ রকম আরও কিছু ভুল করাতে পারলে দুয়ে দুয়ে চার হয়ে যাবে, চোখ খুলে যাবে পুলিশের।বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, জানালা দিয়ে একটা ছায়ামূর্তিকে ঘুর ঘুর করতে দেখে সদর দরজা খুলল আমার মা। কুয়াশার মধ্যে হার্ভেকে চিনতে একটু দেরি হলো। ইতস্তত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে লোকটা। ‘মিস্টার হার্ভে? কাকে চান?’‘হ্যাঁ, আমি,’ অমায়িক হেসে বলল হার্ভে। ‘কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলবে মনে করে আপনার মেজ মেয়ে সোনামণিকে পৌঁছে দিলাম। মেয়ে ঘরে ঢুকেছে, এখন তা হলে আমি যাই?’‘মেয়ে ঘরে ঢুকেছে? পৌঁছে দিলেন? কী আবোলতাবোল বকছেন! সোনামণি তো এক ঘণ্টা হলো কিচেনে আমাকে সাহায্য করছে।’‘হে হে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন...’ বলতে বলতে ঘুরে নিজের বাড়ির দিকে হাঁটা দিল হার্ভে। আপনমনে শিস বাজাচ্ছে সে। হে ভগবান, এ লোককে আমি ভয় দেখাব কীভাবে?তার গমনপথের দিকে হাঁ করে তাকিয়ে থাকল মা।পরদিন আবারও আমি দেখা দিলাম হার্ভেকে। চিন্তাভাবনা করার পর নিজের ভুল বুঝতে পেরে সাবধান হয়ে গেছে সে। তা ছাড়া, আজ আমি নিজের কাঠামোয় দেখা দিচ্ছি। বলাই বাহুল্য, যে পরিচ্ছদগুলোও কুয়াশার তৈরি, খুন হওয়ার সময় আমার পরনে ওগুলোই ছিল। ভাবলাম আজ তাকে ভয় পেতেই হবে। কিন্তু কী আশ্চর্য! আমাকে দেখেও একবিন্দু ভয় পেল না বেজন্ম খুনিটা। সে যেন জানে, আমার আত্মা তাকে বিরক্ত করবে, সে জন্যে মানসিক প্রস্তুতিও নেওয়া আছে তার। কোনো কাজ হচ্ছে না দেখে দিনে দিনে আমার হতাশা বাড়তে লাগল। কী করা যায়, ভাবছি; এই সময় আরও কিছু আত্মা আমার সঙ্গে দেখা করতে এল। শয়তান হার্ভে আরও অনেক মেয়েকে খুন করেছে, কেউ তারা পৃথিবীর মায়া ত্যাগ করে স্বর্গে যেতে রাজি হয়নি, ঠিকানাবিহীন এদিক-সেদিক ছোটাছুটি করছিল। কীভাবে যেন খবর পেয়ে আমার সঙ্গে এসে যোগ দিল তারা—ইলা, সামান্থা, পলিন, কেয়া, ময়না আর রেশমা। আমরা সাত কিশোরী এক হলাম। প্ল্যান করছি, বেজন্মাটাকে কীভাবে উচিত সাজা দেওয়া যায়।খ্রিস্টমাসের দুদিন আগে খুনি লোকটাকে একটা বই পড়তে দেখলাম আমি। বিদেহী আত্মাদের নিয়ে লেখা বই। এক অতীন্দ্রিয় গবেষক লিখেছে। তাতে বলা হয়েছে, কোনো এক আদিবাসীরা দুষ্ট আত্মা তাড়াবার জন্য বাড়ির বাইরে তাঁবু বানিয়ে রাত্রিযাপন করত। এটুকু পড়েই লোকটা ভাবল, চেষ্টা করে দেখা যাক অশরীরী উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় কি না।নিজ বাড়ির পেছনের উঠানে ব্যস্ত হয়ে ঘুরে বেড়ানোর সময় আমার বাবা তাকে দেখতে পেল ওখানে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, অথচ হার্ভের গায়ে শুধু একটা শার্ট।‘কী এটা?’ জিজ্ঞেস করল বাবা। দেখল, গোলপোস্টের মতো কিছু একটা তৈরি করছে হার্ভে।‘তাঁবু।’ এক সেকেন্ডের জন্য বাবার দিকে তাকাল লোকটা, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে উঠল। কয়েক মুহূর্ত চুপচাপ কাটল। লোকটা যখন বুঝতে পারল বাবা সহজে ওখান থেকে নড়বে না, জিজ্ঞেস করল, ‘একটু সাহায্য করবেন নাকি?’ফাঁপা আর লম্বা অ্যালুমিনিয়াম রড পরস্পরের সঙ্গে জোড়া দিয়ে কাঠামো তৈরি করল ওরা। বাবাকে বলা হলো, বিদঘুটে নামের আদিবাসীরা অশরীরী উপদ্রব দূর করার জন্য এ রকম তাঁবু বানায়।কথাটা শুনে বাবা নিশ্চিত হলো, তাদের এই প্রতিবেশী লোকটা মোটেও স্বাভাবিক নয়। ‘আপনার ওপর সে রকম উপদ্রব হচ্ছে নাকি?’‘জেনেশুনে ন্যাকামি করবেন না,’ বিড়বিড় করল হার্ভে।বাবা শুনতে পায়নি। ‘কী বললেন?’‘আমার পেছনে জ্যান্ত আর মরা, দুই মেয়েকেই তো লেলিয়ে দিয়েছেন!’ আবার ফিসফিস করল লোকটা।‘কী বলছেন? এত আস্তে কথা বললে শুনব কীভাবে!’‘ইলা, সামান্থা, পলিন, কেয়া, ময়না, রেশমা,’ আরও নিচু গলায় বলল হার্ভে। ‘আপনার মেয়েই তো ওদের ফিরিয়ে এনেছে। কিন্তু এসবে আমি ভয় পাই না। ওরা আমার কিছুই করতে পারবে না।’‘এ রকম বিড়বিড় করা ভালো লক্ষণ নয়,’ বলল বাবা। ‘আপনার কি মানসিক কোনো সমস্যা দেখা দিয়েছে?’হাসল হার্ভে। স্পষ্ট করে বলল, ‘আরে, না!’কাঠামো তৈরি করতে এক ঘণ্টা লেগে গেল। বাবাকে কিছু না বলেই নিজের বাড়ির দিকে ফিরে গেল হার্ভে। বাবা ধরে নিল, বিশ্রাম নিতে গেছে। হয়তো এক কাপ চা বা কফি খাবে।বাবার ধারণা ভুল। বাড়িতে ফিরে দোতলায় উঠল লোকটা বিশেষ একটা উদ্দেশে, বাঁকা ছুরিটা পরীক্ষা করবে। নিজের বেডরুমে লুকিয়ে রেখেছে, একটা বস্তার ভেতর টুকিটাকি হাজারটা জিনিসের সঙ্গে। দেখলাম ফলায় এখনো আমার শুকনো রক্ত লেগে রয়েছে। ওটা হাতে নিয়ে দিবাস্বপ্ন দেখছে সে। পাতালঘরে কীভাবে এই ছুরি আমার শরীরে চালিয়েছিল, আমার গলা দিয়ে কী রকম গোঙানি বেরিয়েছিল, গোটা ব্যাপারটা কী মজা করে উপভোগ করেছিল।তুষারকণার ভেতর দিয়ে আমি লক্ষ করলাম, সবুজ বাড়িটার দিকে নতুন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাবা। লোকটাকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে।‘তারপুলিন নিয়ে এলাম,’ ফিরে এসে বলল লোকটা। বাবাকে একপ্রস্থ তারপুলিন দেওয়ার সময় তার হাতের ছোঁয়া লাগল আঙুলে। বাবা যেন বৈদ্যুতিক ধাক্কা খেল।আবার কাজে হাত দিল ওরা।গম্বুজ আকৃতির কাঠামোর ওপর তারপুলিন টাঙানো হলো। ইতিমধ্যে তুষার পড়ার মাত্রা আরও বেড়েছে। উপলব্ধি করলাম, বাঘাকে নিয়ে একছুটে বাড়ি থেকে আর কোনো দিন তুষারের মধ্যে বেরিয়ে আসা হবে না আমার। আর কখনো পেছন থেকে ধাক্কা দিয়ে সোনামণির স্লেজটাকে আমি চালাব না। আমার ছোট্ট সোনা ভাইটিকে শেখাব না, কীভাবে হাতের তালুতে তুষার নিয়ে ইচ্ছেমতো আকৃতি দেওয়া যায়।হঠাৎ কাজ থামিয়ে বাবাকে হার্ভে বলল, ‘আপনি এবার বাড়ি ফিরে যাচ্ছেন না কেন?’কী বলা দরকার, চিন্তা করছে বাবা। প্রায় নিজের অজান্তেই ফস করে বলল, ‘আপনি কিছু জানেন।’এক হপ্তা পর বাবার অনুরোধে দ্বিতীয়বার হার্ভেকে জেরা করতে গেলেন ডিটেকটিভ নাথান ডোনালি। প্রথমবার ওই বাড়িতে সন্দেহ করার মতো কিছু পাননি তিনি। লোকটা একা থাকে। মিনি টয় হাউস তৈরি করে সাপ্লাই দেয় কিছু দোকানে। না, কারও সঙ্গে মেলামেশা করে না। বন্ধুত্ব না থাকলেও তার প্রতি সহানুভূতি আছে প্রতিবেশীদের।‘শুনলাম মিস্টার অজিত গাঙ্গুলির সঙ্গে আপনার দেখা হয়েছে।’‘হ্যাঁ। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি?’ জিজ্ঞেস করল হার্ভে, চোখ কুঁচকে তাকিয়ে আছে ডিটেকটিভের দিকে।কথা না বলে লোকটাকে খুঁটিয়ে দেখছেন ডিটেকটিভ।এই সময় হার্ভে তার দুই কানে আঙুল ঢুকিয়ে ঘোরাল বারকয়েক। আবার বলল, ‘দাঁড়ান, চশমাটা নিয়ে আসি। দ্বিতীয় সাম্রাজ্য নিয়ে সূক্ষ্ম কিছু কাজ করছিলাম আমি।’‘দ্বিতীয় সাম্রাজ্য?’‘আঠারো শ বাহান্ন থেকে আঠারো শ সত্তর সাল পর্যন্ত ফ্রান্সে নেপোলিয়ানের শাসনকাল,’ বলল হার্ভে।তার সঙ্গে বাড়ির পেছন দিকে চলে গেলেন ডিটেকটিভ ডোনালি। ডাইনিং রুমে ঢুকে দেখলেন, টেবিলটা ঠেলে দেয়ালে ঠেকানো হয়েছে। সেটার ওপর দামি ওক কাঠের অনেকগুলো চেয়ার দেখা যাচ্ছে। সারি সারি সাজিয়ে রাখা, প্রতিটির আকার এক-দেড় ইঞ্চির বেশি নয়।একটু অদ্ভুত, ভাবলেন ডিটেকটিভ ডোনালি, তবে সেজন্য একজন লোককে খুনি বলে ধরে নেওয়া যায় না।ওদের পিছু নিয়ে আমিও ভেতরে ঢুকে পড়েছি, এখনো জানি না, কী বিস্ময় অপেক্ষা করছে আমার জন্য।চোখে চশমা পরে আবার মুখ খুলল হার্ভে, ‘হ্যাঁ, মিস্টার গাঙ্গুলি তাঁবু খাটাতে সাহায্য করেছেন আমাকে।’‘আপনি ওখানে তাঁবু খাটাচ্ছিলেন কেন?’‘ইয়ে, উপরি বাতাস থেকে সুরক্ষা পাবার চেষ্টা আর কি। চারদিকে অশুভ আত্মারা ঘুরে বেড়াচ্ছে তো।’‘অশুভ আত্মা?’‘এই যে, যাদের আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন, তাদের কথা বলছি।’‘আমি আবার কখন, কাদের সঙ্গে করে আনলাম?’ আকাশ থেকে পড়লেন ডিটেকটিভ। ‘কী বলছেন আপনি?’‘আমার কান সুড়সুড় করছে কেন?’ প্রথমে ডান কান, তারপর বাম কানে আঙুল ঢুকিয়ে আবার এদিক-ওদিক পাক খাওয়াল হার্ভে।‘মিস্টার হার্ভে, আপনি সুস্থ তো?’‘আমার কান, ডিটেকটিভ, আমার কান!’ অস্থির হয়ে উঠল হার্ভে, আবার আঙুল ঢোকাল। ‘বললে বিশ্বাস করবেন না, আমার দুই কানেই ঢুকে পড়েছে ওরা।’একটু পিছু হটলেন ডিটেকটিভ। মোবাইল ফোন বের করে ডায়াল করছেন থানার নম্বরে; একা হয়তো সামলাতে পারবেন না, আরও লোকজন দরকার তাঁর।হঠাৎ তিক্ত একটু হাসল হার্ভে। বলল, ‘লোকজন ডাকার দরকার নেই। কারণ আমি এখন চাইলেও কাউকে খুন করতে পারব না। কে যেন চাবি ঘুরিয়ে আমাকে নরম কাদা বানিয়ে ফেলেছে। এখন আমি একটা বোকা চিংড়ি মাছ, রক্তহীন; আমার ভেতর থেকে হিংসা-দ্বেষ, লোভ, ঘৃণা, এমনকি আমার সেক্স পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনি লিখুন, স্বীকারোক্তিমূলক, না কী যেন বলে না, আমি এখন ও রকম একটা জবানবন্দি দেব। একা শুধু দিশা নয়, সবগুলো খুনের দায় স্বীকার করব আমি।’‘হোয়াট?’‘দাঁড়ান, প্রথমে মার্ডার উইপনটা আপনার হাতে তুলে দিই।’ বেডরুম থেকে বাঁকা ছুরিটা নিয়ে এল হার্ভে, ওটায় এখনো আমার রক্ত লেগে রয়েছে। ‘প্রত্যেককে আমি এটা দিয়েই কেটে টুকরো টুকরো করেছি।’ডিটেকটিভকে কিছু বুঝতে না দিয়ে বাম হাতটা টেবিলের ওপর রেখে ধারালো ছুরিটা সবেগে সেটার ওপর নামিয়ে আনল হার্ভে। এক কোপে তিনটে আঙুল প্রায় গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ল মেঝেতে। যেন সদ্য ডাঙায় তোলা জ্যান্ত মাছ, অনবরত লাফাচ্ছে।চোখে অবিশ্বাস নিয়ে ডিটেকটিভ দেখলেন, শান্তশিষ্ট হার্ভে হাসছে।‘এ রকম নৃশংস একটা কাজ করছি, অথচ আমি হাসছি কেন, বলুন তো? শুনুন, আমার ব্যথাবোধ কেড়ে নেওয়া হয়েছে। আমি যে হাসছি, এটাও সত্যি নয়, আমাকে আসলে হাসানো হচ্ছে। এই যে আমি কথা বলছি, এ-ও আমার কথা নয়—ওরা যেমন বলাচ্ছে, আমি তেমনি বলতে বাধ্য হচ্ছি। দেখুন, কী বিচ্ছিরি একটা কাজ করতে বলছে আমাকে। আমি এখন পেশাব করব, আর সেই পেশাব নিজে খাব। তারপর একটা জিনিস কাটব...উপায় নেই, কাটতে আমাকে হবেই...’বিদেশি গল্প অবলম্বনে