নিসর্গের কলরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলে লেখা কবিতা’, শিল্পী: আনিসুজ্জামান
‘জলে লেখা কবিতা’, শিল্পী: আনিসুজ্জামান

তাঁরা এই সময়ের পাঁচজন চিত্রকর। তাঁদের প্রদর্শনী দেখে মনে হলো, বাহ, এ তো নিসর্গের কলরব! ‘নিসর্গে প্রত্যাবর্তন’ শিরোনামে প্রদর্শনীটি বর্তমানে চলছে ঢাকার প্রগতি সরণির গ্যালারি অ্যাথেনায়।
আনিসুজ্জামান, আবদুস সাত্তার, বিশ্বজিৎ গোস্বামী, শহিদ কাজী ও সুমন ওয়াহিদ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পাঁচ শিক্ষকের এই প্রদর্শনীর ছবিতে শুধু যে নিসর্গের অনুভব পাওয়া গেল তা নয়, প্রকৃতির সঙ্গে বোঝাপড়া এবং প্রকৃতি নিয়ে এই সময়ের আঁকিয়েদের চিন্তাভাবনাও প্রতিফলিত হয়েছে এসব চিত্রে।
সরাসরি প্রবেশ করা যাক ছবির আলোচনায়। ছাপচিত্রশিল্পী হিসেবে পরিচিত আনিসুজ্জামান জলরং মাধ্যমেও সমান দক্ষ। তিনি তাঁর কাজের শিরোনাম দিয়েছেন ‘জলে লেখা কবিতা’। তো জল দিয়ে লেখা আনিসুজ্জামানের ছবিতে কী আছে? সূর্যমুখী-শোভিত বাগান, জলে ভাসা ডিঙি নৌকা, দূরের দিগন্তে কোষা নৌকার বহর। অনেকটা প্রাচ্যকলার জলরঙের ঢঙে আঁকা তাঁর নিসর্গচিত্রগুলো অঙ্কন, প্রয়োগদক্ষতা ও কৌশলের গুণে ভালো লাগা জাগায় দর্শকের মনে। উপরন্তু চিত্রপটে তিনি এমনভাবে বর্ণ প্রয়োগ করেন, মনে হয় দৃশ্যটি যেন কুয়াশার চাদরে ঢাকা। ছবিতে অতটা তীব্র নয় আলোছায়ার বৈপরীত্য, বরং এটি মৃদু ও সহনীয় হওয়ায় চোখের পক্ষে তা হয় আরামদায়ক।
অন্য শিল্পীদের মধ্যে আবদুস সাত্তার ও বিশ্বজিৎ গোস্বামী এঁকেছেন নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি। ভরা বর্ষায় স্ফীত নদীতে নানা রকম নৌকার চলাচল, বেদেবহর, নদী পারাপার, নদীর জলে আকাশের ছায়া—নদী-নিসর্গের এমন সব চেনা বিষয়-আশয়ই ফুটে উঠেছে আবদুস সাত্তারের ক্যানভাসে। উজ্জ্বল বর্ণের ব্যবহার লক্ষ করা যায় তাঁর কাজে।
তাঁর ছবির মধ্যে ‘কীর্ত্তনখোলায় নৌকা’, ‘নদী পারাপার’—এগুলো বিশেষভাবে উল্লেখ্য। ‘নদী পারাপার’ চিত্রে নীল রং এমনভাবে প্রয়োগ করেছেন, আকাশ আর জলের রং আনতে নীল কালির দোয়াত উল্টে দিয়েছেন যেন চিত্রপটে।
অন্যদিকে বিশ্বজিৎ গোস্বামীর ছবিতে যে নদীবিধৌত বাংলাদেশকে দেখি, সেখানে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে দেখা যায় ‘গতিময়তা’। বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীতে চলমান নৌকা, ভ্যাসেল, জাহাজ—এসব নিয়ে তিনি সৃষ্টি করেছেন গতিময় চিত্রমালা। গতিময়তার সঙ্গে সাযুজ্যপূর্ণ অঙ্কন এবং নৌযানের চলাচলে নদীর বুকে তার যে ছায়াপাত ঘটে, জলের মধ্যে যে কম্পন সঞ্চারিত হয়—এই সবকিছু মিলিয়েই গড়ে ওঠে এ শিল্পীর ছবি। বিশ্বজিতের ছবিগুলো যেন নতুন এক বিশ্বজিৎকে হাজির করে আমাদের সামনে।

‘নদীর দৃশ্য’, শিল্পী: বিশ্বজিৎ গোস্বামী
‘নদীর দৃশ্য’, শিল্পী: বিশ্বজিৎ গোস্বামী

নিসর্গ খুঁজতে নদীর কাছে যাননি শহিদ কাজী। তিনি দৃষ্টি নিবদ্ধ করেছেন পাহাড়ি সৌন্দর্য, ঘর-গেরস্তি আর বৃক্ষসম্পদের দিকে। ক্যানভাস-কাগজে অ্যাক্রিলিক দিয়ে অনেকটা তেলরঙের মতো ভারী করে বর্ণ প্রয়োগ করেছেন তিনি। রং চাপানোর গতিময় কৌশল আর আলোছায়ার বৈপরীত্য মনোহর হয়ে উঠেছে এই চিত্রকরের চিত্রপট।
শহিদ তাঁর সিরিজ চিত্রকর্মের শিরোনাম দিয়েছেন ‘অপরূপ বাংলাদেশ’। এর এক নম্বর ছবিতে দেখা যায়, মিতালি গড়েছে পাহাড় আর আকাশ। তিন নম্বর চিত্রটি তো অপরূপ। এখানে বর্ণিল গতিময় তুলি চালনায় পাহাড়ে গড়ে ওঠা বাড়ির রৌদ্রকরোজ্জ্বল উঠোনে দেখতে পাই দুই মোরগের ছোটাছুটি। ছবিটি প্রাণকে স্নিগ্ধ করে যেন-বা।
এ দলের কনিষ্ঠতম সুমন ওয়াহিদ তাঁর ছবিতে তুলে ধরেছেন নগরজীবনের নিত্যকার বাজারঘাটের বাস্তবতা। এঁকেছেন মাছের বাজার ও কসাইয়ের দোকান। কসাইরা মাংস কাটছেন, ক্রেতারা ভিড় করছেন। এর মধ্যেই জবাইয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কয়েকটি গরু। সব মিলিয়ে তাঁর ছবিগুলোকে ঠিক নিসর্গকেন্দ্রিক বলা যাবে না। এ চিত্রাবলি শতবর্ষ আগের ফরাসি বাস্তববাদকেই মনে করিয়ে দেয়। জলরঙের দক্ষ প্রয়োগ, অঙ্কনশৈলী ও স্বচ্ছ বর্ণ প্রয়োগে সুমন শক্তিমান। তা সত্ত্বেও প্রশ্নের উদ্রেক করে তাঁর ছবি: অন্য শিল্পীদের রোমান্টিক নিসর্গের পাশে সুমনের নির্মম বাস্তবতার ছবি খুব কি মানানসই হলো? নিসর্গে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে নিসর্গ হরণের এই চিত্রগুলো শেষ বিচারে দর্শককে ধাক্কাই দিয়েছে বোধ হয়।
প্রদর্শনীটি চলবে ৯ জুন পর্যন্ত।