নিসর্গের মায়ায়
শিল্পী রেজাউন নবী নিসর্গে অবগাহন করে তার রূপমাধুর্যে মজেছেন, প্রকৃতির প্রেমে আকুল হয়ে এঁকেছেন ছবি। তাঁর প্রকৃতিবন্দনার এসব চিত্রকর্মের সমাহার প্রদর্শিত হচ্ছে ঢাকার বেঙ্গল শিল্পালয়ে।২ জুলাই শুক্রবার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। প্রদর্শনীর শিরোনাম ‘নিসর্গে অবগাহন’। ছবিগুলো কাগজে ও ক্যানভাসে অ্যাক্রিলিক আর জলরঙে আঁকা।শিল্পী রেজাউন নবীর জন্ম ঢাকায় ১৯৫৬ সালে। ঢাকাতেই তিনি বড় হয়েছেন, লেখাপড়াও এখানে। কিন্তু তাঁর মন ছুটে চলে মাতৃভূমির সবুজে, গ্রামীণ আবহে। সমুদ্রের ঊর্মিমুখরতা, নদীবিধৌত সুন্দরবনের কাদা-জলমাখা সবুজ, হ্রদ আর পাহাড়বেষ্টিত রাঙামাটির সৌন্দর্য শিল্পী তুলে ধরেছেন বর্ণের বিচিত্র বিভায়।জলরং শিল্পীর প্রিয় মাধ্যম হওয়ায় অ্যাক্রিলিক রঙের প্রয়োগেও তিনি জলরঙের স্বচ্ছতা বজায় রেখে এগোতে চেয়েছেন।আমাদের প্রকৃতির বিস্তৃতি প্রধানত আনুভূমিক। রেজাউন নবীর কাজগুলোও এমন। উল্লম্ব বিন্যাসে তাঁর আগ্রহ কম। চিত্রতলে অনিশ্চয়তার টেনশনের খানিকটা রেশ যেন থেকে যায় কতক ক্ষেত্রে। যেমন ‘ফুলগুলো’ শিরোনামের চিত্রকর্মের গড়ন উল্লম্ব, তবু সে আনুভূমিক টোন ও রেখার সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় এক ধরনের টেনশন সৃষ্টি করে।নিসর্গ বর্ণের বিচিত্র রূপের উৎস। তার পরও তাঁর চিত্রপটে কালো রঙের বেশ প্রয়োগ দেখা যায়। রাতের সমুদ্রের গভীরতা, অন্ধকারের জমাটবাঁধা রূপ প্রকাশে কালো রঙের আশ্রয় যেমন শিল্পী নিয়েছেন, তেমনি চিত্রের ওজন বাড়াতেও এর সহায়তা নিয়েছেন। ভারী বর্ণের গভীরতায় তিনি খুঁজেছেন সুন্দরের মহিমা। আছে সবুজ, হলুদ, বেগুনি, নীলও। এই বর্ণগুলো মিলেমিশে আরও কতক বর্ণরূপ তৈরি হয়, যা আরও বর্ণিল করে তুলেছে শিল্পী রেজাউন নবীর চিত্রপট। ‘ঐক্যতান’-এ গোধূলিলগ্নের রূপের সঙ্গে এসে মিশেছে দূর গ্রামের আবহ। ‘মাছরাঙা’ ছবিতে হলুদাভ উজ্জ্বলতার চোখ ধাঁধানো উষ্ণতাকে শিল্পী খানিকটা সবুজ বর্ণের শীতলতায় স্বস্তি দিয়েছেন। চিত্রতলে নানা পরত প্রয়োগে দক্ষতা দেখিয়েছেন শিল্পী ছাপচিত্রীর মতো। জল, স্থল, আকাশ—এসব বিভাজনে এই বর্ণপরত প্রয়োগ বেশ কাজে লেগেছে, আলোকসম্পাতেও তা দারুণ কার্যকর হয়েছে।মিশ্র মাধ্যমে ছোট আকারের চিত্রপটে আঁকা চিত্রকর্মগুলোতে অনেক ইমেজ ও টেক্সবারের উপস্থিতি। এসব চিত্রের কোথাও কোথাও নিসর্গের বিচিত্র রূপের হাট বসেছে। কোথাও কোথাও মানবিক অবয়বের রেখাও উঠে এসেছে। প্রকৃতি চর্চা করতে করতে প্রকৃতির সন্তানেরা যেন জানান দিয়েছে নিজেদের অস্তিত্ব।পর্যটক-শিল্পীর চিত্রপটে একে একে উঠে এসেছে মালয়েশিয়ার পেনাং, বাংলাদেশের টেকনাফ, সুন্দরবন আর শিল্পীর পিতৃভূমি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর সৈকত। দর্শকেরাও তাঁর নিসর্গ দর্শনের শরিক হবেন।প্রদর্শনী চলবে ১৩ জুলাই পর্যন্ত।