নীরব যোদ্ধা
কবি, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ আনোয়ার পাশা—তাঁর বিখ্যাত উপন্যাস রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধের উপন্যাস। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর আরও অনেক বুদ্ধিজীবীর সঙ্গে পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হন আনোয়ার পাশাও। ১৫ এপ্রিল ছিল তাঁর জন্মদিন। আনোয়ার পাশার অপ্রকাশিত চিঠি, ডায়েরি, গ্রন্থিত ও অগ্রন্থিত লেখার আলোকে নীরব এই যোদ্ধাকে নিয়ে লিখেছেন কাজল রশীদ‘অনেক রাতে সুদীপ্ত শুতে গেলেন। মেঝেতে ঢালাও বিছানা। সারি সারি তাঁরা শুয়েছেন যতজনের শোয়া সম্ভব। আর তাঁদের একজনকেও তিনি চেনেন না।...নব পরিচয়ের সূত্রপাত হয়েছে। পুরোনো জীবনটা সেই পঁচিশের রাতেই লয় পেয়েছে। আহা, তা-ই সত্য হোক। নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত। সে আর কত দূরে। বেশি দূরে হতে পারে না। মাত্র এই রাতটুকু তো। মা ভৈঃ কেটে যাবে।’ রাইফেল রোটি আওরাত-এর নায়ক সুদীপ্ত শাহিনের জীবনে সত্যি সত্যি রাতটুকু মাভৈ কেটে গেছে। কিন্তু স্রষ্টা আনোয়ার পাশার জীবনে রাতটুকু কাটেনি। রাত শেষে সূর্যের আলো ওঠার আগেই একাত্তরের ১৪ ডিসেম্বর তিনি শহীদ হয়েছেন। ১৬ ডিসেম্বরের বিজয়ের আলোয় উদ্ভাসিত স্বদেশে আমরা তাঁর নামের সঙ্গে শহীদের তকমা লাগিয়েছি। ‘শহীদ’—পবিত্র এই শব্দের প্রতি তাঁর বিন্দুমাত্র লোভ ছিল না। জীবনভর ছিলেন যোদ্ধা। মানবতা, প্রগতি আর আদর্শের পথে ছিলেন বিরলপ্রজ এক নায়ক। মানুষের প্রতি ভালোবাসা আর দেশপ্রেমের প্রশ্নে জীবন বাজি রাখতে কখনো কুণ্ঠা বোধ করেননি। একইভাবে ভালোবাসা নিবেদিত ছিল জীবন ও শিল্পের প্রতি।যার বিরল ব্যতিক্রমী উদাহরণ রাইফেল রোটি আওরাত। একাত্তরের ভূলুণ্ঠিত মানবতার দগদগে মুহূর্তগুলোতেও তাঁর কলম থেমে থাকেনি। লেখালেখি ও মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা—দুটোই করেছেন সব্যসাচীর ভূমিকায়।একাত্তরের দিনগুলোতেও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছেন দেশপ্রেমে। তিনি জানতেন, তাঁর এই ভূমিকা বিপদ ডেকে আনতে পারে। এসব জেনে-বুঝেও আনোয়ার পাশা মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছিলেন। আনোয়ার পাশার স্ত্রী মসিনা খাতুন বলেন, ‘যুদ্ধের দিনগুলোতে জান বাঁচানোর মতোই রাইফেল রোটি আওরাত-এর পাণ্ডুলিপি রক্ষা করেছি। বাড়ি তল্লাশি করতে পারে। ভয় হতো, যদি খুঁজে পায়! এ কারণে টয়লেটের ফ্লাশের ওপর কাঠচাপা দিয়ে রাখার চেষ্টা করেছি। জায়গাটা নিরাপদ নয় ভেবে আলমিরার পায়ের নিচে পেপার দিয়ে জড়িয়ে রাখা হয়।’মানুষের জন্য অন্তঃপ্রাণ আনোয়ার পাশা জন্মগ্রহণ করেন ১৯২৮ সালের ১৫ এপ্রিল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার রাঙ্গামাটি চাঁদপাড়া ইউনিয়নের ডাবকাই গ্রামে। বাবা হাজি মকরম আলী ছিলেন রাজনীতিবিদ; মা সাবেরা খাতুন গৃহিণী। লেখাপড়া করেছেন এপার বাংলা-ওপার বাংলা মিলিয়ে। সর্বশেষ ১৯৫৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রজীবনেও তিনি সোচ্চার ছিলেন অসাম্প্রদায়িক চেতনায়, সত্য প্রতিষ্ঠায়, সব দাবিদাওয়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তিনি কারমাইকেল হোস্টেলে থাকতেন। এই ছাত্রাবাসটি মুসলমান ছাত্রদের জন্য সংরক্ষিত ছিল। তিনি অন্যান্য মুসলিম ছাত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাসকেই ‘কসমোপলিটন’ হোস্টেলে পরিণত করার দাবিতে আন্দোলনে যোগ দিয়েছিলেন।রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আনোয়ার পাশার দ্ব্যর্থহীন উচ্চারণ ছিল: রবীন্দ্রনাথ ছাড়া আমাদের মুক্তি নেই।...রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রায় সবখানি অধিকার করে আছেন, তাঁকে বাদ দিতে গেলে সম্পূর্ণ আমার এই ‘আমি’টাই না হয়ে যাবে। রবীন্দ্রনাথ বাঙালির আত্মার আত্মীয়। রবীন্দ্রপ্রেম ও জন্মশত বার্ষিকী অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হওয়ার ‘অপরাধে’ পূর্ব পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র বিভাগের নির্দেশে তাঁর পাসপোর্ট ছয় বছরের জন্য স্থগিত রাখা হয়েছিল।আনোয়ার পাশার মনে প্রশ্ন ছিল, হিন্দুর দেশ যদি হয় হিন্দুস্তান (ভারত) আর মুসলমানের দেশ পাকিস্তান, তাহলে মানুষের দেশ কোনটি? এ কারণে আমৃত্যু তাঁর যুদ্ধ ছিল মানুষের দেশ অন্বেষণে কায়মনে বাঙালি হওয়ার গৌরব অর্জনে। সন্তানদের প্রতি ভালোবাসা ছিল তাঁর প্রগাঢ়। বড় ছেলে মাসারুল আফতাবকে লেখা চিঠিতে তার সাক্ষ্য মেলে: ‘খোকা, অর্থাৎ মাসারুল আফতাব যদি এইচএসসি পার্ট ওয়ান অথবা টু-এর; অথবা পার্ট ওয়ান অ্যান্ড টু-এর পরীক্ষায় শতকরা ৮০ নম্বর পায়, তবে আমি আনন্দিত হইব এবং খোকা পাঁচ শো টাকার মধ্যে যে উপহার চাহিবে, তাহা তিন দিনের মধ্যে কিনিয়া দিব।’ আনোয়ার পাশার লেখালেখিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজের উপস্থিতি ছিল প্রবল। এ ক১ারণে সুদীপ্ত শাহিন যে তিনি নিজে, তা বুঝতে বেগ পেতে হয় না। তাঁর লেখালেখিতে সুদীপ্তর একাধিক উপস্থিতি দেখা যায়। কেননা, তিনি নিজেকেই প্রকাশ করেন অন্যের আড়ালে। লেখালেখিতে নিজের এ রকম উপস্থিতি প্রসঙ্গে তাঁর সাক্ষ্য হলো: হাসানের নীড়সন্ধানী উপন্যাসের নায়ক-জীবনের কয়েকটি ঘটনা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। আমি ওখানে কোনো কলেজে দরখাস্ত করে কখনো ইন্টারভিউ কার্ড পাইনি। হাসান একবার পেয়েছিল দেখিয়েছি। আমি একবার সাব-ডিভিশনাল পাবলিসিটি অফিসার পদের জন্য ইন্টারভিউ কার্ড পেয়েছিলাম। ওতে ওরা লোক চেয়েছিল আইএ পাস, আমি এমএ পাস দরখাস্ত করেছিলাম। ইন্টারভিউর জন্য দয়া করে ডেকেছিল মাত্র, চাকরি দেয়নি।...কারমাইকেল হোস্টেল প্রসঙ্গ একেবারে বাস্তব—ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেলটিকে হিন্দু হোস্টেলে রূপান্তরিত করতে চাইছিল। আমরা তখন নানাভাবে চেষ্টা করে হোস্টেলটিকে রক্ষা করেছিলাম। সংক্ষেপে সত্য ঘটনাটুকুই উপন্যাসে তুলে ধরেছি। আরও কিছু খুঁটিনাটি প্রসঙ্গ বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া।আনোয়ার পাশা অন্তর্মুখী ছিলেন, তাঁর নায়কেরা যেমন। অনুভূতি ছিল প্রবল, যদিও কথা বলতেন কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, সতীর্থ ও শিক্ষার্থী সবার কাছেই তিনি বাঙালি, প্রগতিশীল এবং যুক্তিনির্ভর ব্যক্তি হিসেবে চিহ্নিত ছিলেন। তাঁর চেতনা ছিল ক্ষুরধারসম্পন্ন, যার প্রকৃষ্ট প্রভাব তাঁর লেখালেখিতে প্রতিফলিত। অগ্রন্থিত কবিতা ‘দীপগুলি’তে তাঁর উপস্থিতি স্পষ্ট: যে আগুন আলো দেবে/ সে আগুন কই মা?/ তোরই তারা-চোখে যাদু/ তোরই চাঁদ-মুখে সে! যে আগুন প্রাণ দেবে/ সে আগুন কই মা?/ সে যে তোর বুকে যাদু/ তোরই পাটা-বুকে সে:/ আমাদের দীপগুলি আম্মা গো/ তুলো ধরো এই ভরা আগুনে \ যে আহ্বান একদা তিনি কবিতায় করেছিলেন, নিজেই তার উদাহরণ হলেন। ’৫২ সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লিখেছিলেন এই কবিতা। আর একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি নিজেই হলেন প্রাণ দেওয়া আগুন। ১৪ ডিসেম্বর সকালে আলবদর বাহিনীর লোকজন তাঁকে নীলক্ষেতের শিক্ষকদের আবাসিক ভবন থেকে উঠিয়ে নিয়ে যায়। সঙ্গে নিয়ে গিয়েছিল প্রিয় বন্ধু রাশিদুল হাসানকেও। তারপর ঘাতকচক্র তাঁকে নির্মমভাবে হত্যা করে। দেশ স্বাধীনের পরে অন্য কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর সঙ্গে তাঁর লাশও মেলে মিরপুরের বধ্যভূমিতে। পরবর্তী সময়ে প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে আনোয়ার পাশাকে সমাধিস্থ করা হয়। আনোয়ার পাশা একদা ডায়েরিতে লিখেছিলেন: ‘এটা ভাবতে অবাক লাগে যে আমি বেঁচে নেই। ভাবতে কেমন অবাক ঠেকছে যে, এই পৃথিবীতে কিছুকাল পর আমি আর থাকব না...আমার কথা একবারও ভাববে না।’ ঋণস্বীকার: আনোয়ার পাশার জীবন কথা: ওয়াকিল আহমদআনোয়ার পাশা: ভুঁইয়া ইকবালআনোয়ার পাশার পরিবারদাঙ্গারণেশ মৈত্র একটি ঘটনার কথা উল্লেখ করেছেন, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। আনোয়ার পাশা তখন পাবনা এডওয়ার্ড কলেজের বাংলার শিক্ষক। ঘটনাটি ১৯৬২ সালের ২৮ এপ্রিলের। সেদিন রাতে পাবনা শহরে ভয়াবহ এক দাঙ্গা সংঘটিত হয়, যাতে তিনি পালন করেছিলেন অসমসাহসী মানবিক এক ভূমিকা, যা সম্মুখসমরের যোদ্ধার বীরত্বগাথার সমতুল্য। দাঙ্গার ওই রাতে আনোয়ার পাশা ছুটে গিয়েছিলেন কলেজের হিন্দু হোস্টেলে, হিন্দু ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। এসে দেখেন, তারা প্রাণভয়ে অস্থির। কলেজ অধ্যক্ষের বাসায় গিয়ে তারা প্রাণে বাঁচানোর আকুতিও জানিয়েছে। কিন্তু অধ্যক্ষ সাড়া দেননি, কোনো ভূমিকা নেননি। এমতাবস্থায় তাদের প্রাণে বাঁচানোর দায়িত্ব নেন জুনিয়র অধ্যাপক আনোয়ার পাশা। নাইটগার্ডের বাসায় গিয়ে তাঁকে ডেকে নিয়ে এসে ক্লাসরুম খুলে হিন্দু ছাত্রদের ওই রুমে থাকার ব্যবস্থা করেন এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেন। শুধু কি তা-ই, নিজের পকেটের টাকা দিয়ে রাতে ছাত্রদের কলা-রুটি খাওয়ার ব্যবস্থাও করেন। সেদিন রাতে দাঙ্গাকারীরা ঠিকই হিন্দু হোস্টেলে আসে এবং তাদের না পেয়ে ভাঙচুর করে চলে যায়।এই নিয়ে আনোয়ার পাশার কোনো আত্ম-অহমিকা ছিল না। তিনি বিশ্বাস করতেন, শিক্ষক তো ছাত্রদের কাছে পিতার মতোই। তিনি শুধু পিতার ভূমিকা পালন করেছেন, আর কিছু নয়।