
মাহবুবুল হককে ভাস্কর হিসেবেই জানতাম। এরপর তাঁকে পেয়েছি গ্রাফিক ডিজাইনার হিসেবে। চিত্রশিল্পী হিসেবে তাঁকে আমরা তেমনভাবে দেখিনি। কিন্তু পত্রিকার পাতায় তাঁর আঁকা অলংকরণ দেখার সুযোগ হয়েছে মাঝেমধ্যে। তবে কয়েক দিন আগে একটা সুযোগ পাওয়া গেল ব্রাউনিয়া ক্যাফে অ্যান্ড গ্যালারিতে মাহবুবুল হকের ছবি দেখার।
ক্যাফে গ্যালারিতে ছবির প্রদর্শনী—কেমন যে হয়, প্রথমে ছিল এ দ্বিধা। কিন্তু প্রদর্শনীতে গিয়ে মনে হলো, আমাদের আসাটা ব্যর্থ হয়নি। গ্যালারিতে ছবি দেখার ব্যবস্থা বেশ ভালো। আলো ব্যবস্থাপনাও মন্দ নয়। সর্বোপরি বেশ ঘরোয়া একটা পরিবেশ—অনেকটা লিভিংরুমে বসে ছবি দেখার মতো।
এটি মাহবুবের প্রথম একক প্রদর্শনী। শিরোনাম ‘নীল মেঘের কাব্য’।
প্রদর্শনীতে ঢুকতেই মনে প্রশ্ন এল, মাহবুব যেভাবে নিজেকে দেখেন সেখানে তাঁর তৃতীয় নয়ন কতটা জাগ্রত? প্রশ্নে উত্তর খুঁজতে এখন শিল্পীর কয়েকটি কাজের বর্ণনায় যাওয়া যাক।
কাজের শিরোনাম ‘চাকরি’। এখানে অ্যাক্রিলিকে করা একই বৃত্তে ঘুরপাক খাওয়া এক মানুষকে দেখি আমরা। শিল্পীর তৃতীয় নয়ন কী রূপান্তরিত হয়েছে এই চিত্রকর্মের মুখে! তৃতীয় নয়ন বা চোখ মাহবুবের ছবির একটি বিশেষ মেটাফর হিসেবে ঘুরেফিরে বারবারই এসেছে। তবে এই কাজটিতে যে চরিত্রটিকে তিনি সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি ভাস্কর্য গুণও দেখা যায়।
অন্য একটি চিত্রকর্মের শিরোনাম ‘গাছ হওয়ার চেষ্টা’। মন যখন সন্ন্যাসের পথে ধাই, সে আশ্রয় চায় গাছের কাছে; কিন্তু নাগরিক কি গাছ হতে পারে? মূলত তিনটি ফর্ম নির্মাণের মধ্য দিয়ে রচিত হয়েছে এ চিত্রের গল্পের বুনন।
আরও একটি চিত্রকর্ম ‘চাঁদের যাত্রা’। শিল্পীর ঝোঁক এখানে ফ্যান্টাসির দিকে। সঙ্গে আছে কবিত্বময় দৃষ্টি—দুয়ে মিলে তৈরি হয়েছে এই ছবি। ছবির মধ্যে ভাসমান মনভূমি নতুনরূপে প্রকাশিত। গোটা ছবিতে চাঁদ অবলোকনে রত ঊর্ধ্বমুখী এক মানবকে দেখি আমরা।
মাহবুবের এই কাজগুলোর ভেতর ভাস্কর্যের চিত্ররূপ নির্মাণের উপাদান লক্ষ করা যায়। এ ছাড়া ‘কাগজের নৌকা’ শিরোনামে কাজটিতে দেখা যায় সমতল পটে কাগজ লাগিয়ে রিলিফ করে ভিন্ন আঙ্গিকে চিত্র রচনার প্রয়াস। আরও বেশ কিছু কাজে এ রকম দেখা গেলেও এই কাজটিতে টেকনিকের মুনশিয়ানার সফলতা বেশ লক্ষণীয়।
প্রদর্শনীতে এসব কাজ দেখে একজন দর্শক তো বলেই ফেললেন, আরে এসব তো ইলাস্ট্রেশন—বেশ ভাবনায় পড়লাম। আসলেই কি তাই, এটা কি কোনো ভাষা নির্মাণের প্রচেষ্টা নয়? এ প্রশ্নের উত্তর সময়ের হাতেই থাক। আমার বিবেচনায় মাহবুবুল হক একটি নতুন ভাষা নির্মাণের পথে অনুশীলনরত। অপার এক সম্ভাবনার পথে পাল তুলেছেন তিনি। মোট ২২টি চিত্রকর্ম নিয়ে গত ২১ মার্চ শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ১০ এপ্রিল।
