নীল পুদুচেরি
ক্যানভাসে ডিজিটাল প্রিন্টে করা একটি ছবির শিরোনাম ‘থ্রি থিংস আই হেট অ্যাবাউট ইউ’। ছবিটি পাকিস্তানি শিল্পী আমবার হামাদের করা। ছবির বিষয়বস্তু হলো পরপর সাজানো তিনটি বৃত্তে তিনজন নারীর প্রোফাইল পোর্ট্রেট। প্রথমজনের মাথায় পাগড়ি, দ্বিতীয়জনের মাথায় রাজমুকুট এবং তৃতীয়জনের মাথায় আর্মি ক্যাপ। ছবিটি নিখুঁতভাবে আমাদের মনে করিয়ে দেয় সমকালীন পাকিস্তানকে।চিত্রকলার ভাষা জনপদভেদে ভিন্ন হয়। দক্ষিণ এশীয় চিত্রকলার সাম্প্রতিক রীতি সম্পর্কে একটি সার্বিক ধারণা থাকা শিল্পসমঝদারির জন্য জরুরি। কারণ, এ রকম ধারণার ভিত্তিতেই আমরা কোনো জনপদের ছবির মর্মবাণী সহজে বুঝতে পারি।দক্ষিণ এশীয় চিত্রকলার সাম্প্রতিক হালচাল বুঝতে খুব সহায়ক হবে—এমন একটি প্রদর্শনী এখন ঢাকায় চলছে। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, ভারতীয় হাইকমিশন ও ঢাকার যৌথ আয়োজনে ২৪ জানুয়ারি ‘পুদুচেরি ব্লু’ প্রদর্শনীটি শুরু হয়েছে। এতে দক্ষিণ এশিয়ার নয়টি দেশের প্রতিনিধিত্বশীল ৩২ জন শিল্পীর ৩২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।এই প্রদর্শনীর ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। ২০১০ সালের মার্চ মাসে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ ও শের ভারতের পুদুচেরিতে দক্ষিণ এশীয় শিল্পীদের নিয়ে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করে। দক্ষিণ এশিয়ার নয়টি দেশ থেকে আসা ৩২ জন শিল্পী পুদুচেরির অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। নাতিশীতষ্ণ আবহাওয়া, সুনির্মল আকাশ আর নীল বঙ্গোপসাগর শিল্পীদের মুগ্ধ করে। এখান থেকেই স্বতঃস্ফূর্তভাবে আর্ট ক্যাম্পের নাম হয়ে যায় ‘পুদুচেরি ব্লু’।ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা নানা বয়সের শিল্পীরা প্রথমে একটু জড়সড় ছিলেন। অস্বস্তি কাটছিল না। কিন্তু দুদিনেই তাঁরা সহজভাবে সৃষ্টিযজ্ঞে মেতে ওঠেন। সারা দিন কাজ আর রাতে বসে তাঁদের আড্ডা—এভাবেই কেটে যায় সাত দিন। এ সময় প্রত্যেক শিল্পীই একাধিক শিল্পকর্ম সম্পন্ন করেন। এর মধ্য থেকে ৩২টি শিল্পকর্ম বাছাই করা হয় ভ্রাম্যমাণ প্রদর্শনী পুদুচেরি ব্লুর জন্য। প্রদর্শনীটিতে অংশগ্রহণকারী নয়টি দেশেই ছবিগুলো প্রদর্শিত হবে। সম্প্রতি মিয়ানমারে প্রদর্শনী শেষ করে এসে আমাদের দেশে এটা চলছে।অংশগ্রহণকারী নয়টি দেশ হলো—বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন শিল্পী রফিকুন নবী ও অলকেশ ঘোষ।প্রদর্শনীর প্রতিটি ছবিই স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার, ছবির মাধ্যমেও আছে বৈচিত্র্য। ভারতীয় শিল্পী অজয় রাজগারহিয়ার ছবিটি আর্কাইভাল পেপারের ওপরে ফটোগ্রাফ।ছবির বিষয়বস্তুতে প্রতিটি দেশের শিল্পীদের তাঁদের দেশীয় ঐতিহ্য ও সমকালীন বাস্তবতায় প্রশ্নের সন্ধান করতে দেখা যায়।ভুটানের শিল্পী কর্ম জাংমো তাঁদের ঐতিহ্যবাহী চিত্র গুরুতাংখা এঁকেছেন প্রাকৃতিক রঙের মিশ্রণে তৈরি পাওয়ার কালার দিয়ে।শিল্পী সঞ্জীবকুমার দাস শ্রীলঙ্কার ঐতিহ্য হাতিকে প্রতীকী রূপে ব্যবহার করেছেন। যেখানে ছয় পাবিশিষ্ট হাতি পাখার মাধ্যমে ওড়ার চেষ্টা করছে। এ ছবি শ্রীলঙ্কার বিবদমান পরিস্থিতিতে গোটা জাতি মিলেমিশে চলতে পারে, তার প্রতীক। অলকেশ ঘোষের ‘প্রকৃতি’ বাংলার আবহমান গ্রামের চিত্র। মিশ্র মাধ্যমে তৈরি ‘টাইমপ্রুফ’ ছবিটি ভারতীয় শিল্পী আর বালার করা। ছবিতে ব্যবহূত গ্রাফাইট কন্টেইনার এবং এর স্কাল্পচারাল প্রিন্টের কারণে একে ভাস্কর্যের মতো মনে হয়।প্রদর্শনীর সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো, এখানকার প্রতিটি ছবিতেই আছে নিজস্ব বৈশিষ্ট্য। পাশাপাশি প্রদর্শনীটি একবার ঘুরে এলে দক্ষিণ এশীয় শিল্পের একটা সামগ্রিক পরিচয় পাওয়া যায়।প্রদর্শনী চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।