নৃ-গোষ্ঠী সমাজের রূপ-তরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলে নৃ-তাত্ত্বিক ও ক্ষুদ্র জনগোষ্ঠী— মাহফুজুর রহমান \ ইত্যাদি, ঢাকা \ প্রচ্ছদ: সব্যসাচী হাজরা \ ফেব্রুয়ারি ২০০৯ \ ১৭৬ পৃষ্ঠা \ ১৬০ টাকাবিভিন্ন নৃ-তাত্ত্বিক জাতিসত্তার রক্তধারা ও বিচিত্র সংস্কৃতির মেলবন্ধনে বর্ণিল হয়ে আছে বাংলাদেশ। এ দেশের সমতল ও পাহাড়ি আরণ্যক জনপদে যুগ যুগ ধরে ছাউনি পেতে বসবাস করছে বহু লঘু নৃ-গোষ্ঠী, সাধারণের কাছে যাদের পরিচয় ‘উপজাতি’ নামের অসম্মানজনক অভিধায়। সবুজ চা-পাতাঘেরা বৃহত্তর সিলেট অঞ্চলেই বসবাস করছে ৩৮টি নৃ-গোষ্ঠী। প্রকৃতির নিবিড় সান্নিধ্য আর জীবনের আবশ্যিক অনুষঙ্গরূপে কৃত্যাচারের অদ্বৈত সূত্রে গ্রোথিত তাদের সাংস্কৃতিক পরিমণ্ডল কত না রং-রস-গন্ধে ভরপুর। যেমন—বৈষ্ণব ঘরানার অনুসারী মণিপুরি সম্প্রদায়ের রামলীলাতে রাতভর শাস্ত্রীয় নৃত্যের কলতান অথবা মাতৃতান্ত্রিক খাসিয়া সম্প্রদায়ের সমাজ গোত্রে বিবাহের দুই প্রকার রীতি-পদ্ধতি—এসব সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারাচিত্র যে গ্রন্থের মাধ্যমে উন্মোচিত হয়েছে, তার নাম সিলেট অঞ্চলে নৃ-তাত্ত্বিক ও ক্ষুদ্র জনগোষ্ঠী। মাহফুজুর রহমান রচিত বইটির পুরোটাজুড়ে আছে সিলেট অঞ্চলের ৩০টি নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের খবরাখবর। এ ছাড়া ‘মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের আদিবাসী চা-শ্রমিকদের একটি তালিকাও গ্রন্থে সংযোজিত হয়েছে; যা পরবর্তী সময় গবেষণার পথকে সুগম করতে পারে। বইটির ‘উপক্রমণিকা’ শীর্ষক অংশে নৃ-গোষ্ঠীর উৎপত্তির বৃত্তান্ত, তাদের জীবন-জীবিকার ভূমিকাপত্র লেখক আগেভাগে জানিয়ে দিয়েছেন। ফলে সিলেট অঞ্চল ছাড়াও বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন নৃ-গোষ্ঠীর তত্ত্ব-তালাশ পাওয়া যেতে পারে এই অংশে। পাশাপাশি সাধারণ পাঠকের জন্য এটি হতে পারে নৃ-গোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি অধ্যয়নের প্রবেশদ্বারও। গ্রন্থে লেখক নৃ-গোষ্ঠীভুক্ত মানুষকে ‘ক্ষুদ্র জাতিসত্তা’ শব্দবন্ধে চিহ্নিত করেছেন। তাঁর ভাষ্যে, ‘ক্ষুদ্র জাতিসত্তা শব্দটি এ কারণে প্রযোজ্য যে, একটি রাষ্ট্রের ভেতর বহু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থান থাকতে পারে। আবার এ জাতিগোষ্ঠীর অবস্থানে বৃহৎ জাতীয় অবস্থান থাকতে পারে। কাজেই “বিতর্কিত উপজাতি” শব্দটি ব্যবহার না করে ওই স্থলে “ক্ষুদ্র জাতি” শব্দটি প্রয়োগ অধিকতর অর্থবোধক মনে করছি।’ এভাবে নৃ-গোষ্ঠীর সত্তার স্বরূপ বিশ্লেষণের প্রচেষ্টা দৃশ্যমান হয়েছে বইটিতে। সাদা চোখে আমরা যেসব নৃ-গোষ্ঠীর সমাজব্যবস্থার খোঁজখবর জানি, তার মধ্যে চাকমা, মারমা ও গারো সম্প্রদায়ই বেশি। আলোচ্য গ্রন্থের মাধ্যমে লেখক অপেক্ষাকৃত কম আলোচিত নৃ-গোষ্ঠীর দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন। সিলেটের ভূমিচিত্র আমাদের মনে ভেসে উঠলে মুহূর্তেই চোখের সামনে সারি সারি চা-বাগানের সবুজগুচ্ছ যেন প্রতীতরূপে দাঁড়িয়ে যায়। আর এই অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর বিচিত্রনামা সংস্কৃতির মধ্যে মণিপুরি, খাসিয়া, সাঁওতাল, ত্রিপুরা, মুন্ডা প্রভৃতি নৃ-সম্প্রদায় ব্যতিরেকে অপেক্ষাকৃত ছোট এবং বর্তমানে বিলুপ্তপ্রায় কুশিয়ারি, গড় কিংবা কাহার সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিধিও আলোচিত হয়েছে এখানে। সিলেটের চা-বাগানের শ্রমিক হিসেবে কর্মরত গড় সম্প্রদায় যেমন হিন্দুধর্মের আচার-ব্যবস্থাপনায় অভ্যস্ত, তেমনি এরা শিব পূজাকে অধিক গুরুত্বসহকারে উদ্যাপন করে। অন্যদিকে আলোচ্য বই পাঠে ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের ওপর সাংস্কৃতিক আগ্রাসনের চিত্রাবলিও বিবৃত হয়েছে। বিভিন্ন নৃ-গোষ্ঠী জনমানসের আদি উৎস বিবাহ, ধর্মাচার, অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সময়ে তাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন এবং সামাজিক নিপীড়নসহ বইটিতে আলোচিত হয়েছে বিশ্লেষণী দৃষ্টিতে নয়, সরল বিবরণের মহিমায়। ফলে সিলেট অঞ্চলে নৃ-তাত্ত্বিক ও ক্ষুদ্র জনগোষ্ঠী শিরোনামের স্বল্পায়তন পুস্তক থেকে পাঠকেরা নৃ-গোষ্ঠী সমাজের সাধারণ রূপ-তরঙ্গের খবর হাজির করতে পারবেন খুব সহজেই।