নৃতাত্ত্বিক নিসর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান এভিনিউতে একটি বহুজাতিক ব্যাংকের সদর দপ্তরের অভ্যন্তরে দেড় শ বর্গফুটের একচিলতে জায়গায় গ্যালারি ইম্প্রেশন। বছর তিনেক ধরে সচল এই গ্যালারি মূলত তরুণ প্রতিভাবান শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর জন্য উন্মুক্ত। এখন এখানে চলছে শিল্পী নাসিমা খানম কুইনির চতুর্থ একক চিত্র প্রদর্শনী। ২৪টি চিত্রকর্মের এ প্রদর্শনীর শিরোনাম—এক্সিস্টেন্স।কুইনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক হয়েছেন ১৯৮৬ সালে। এরপর ১৯৯৫ সালে নিউইয়র্কে অধ্যাপক জন ফোটের অধীনে স্কুল অব ভিজ্যুয়াল আর্ট থেকে বেসিক ড্রয়িং-এর একটি কোর্স করেছেন। ২০০৭ সালে তিনি চারুকলায় স্নাতকোত্তর করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। এরপর থেকেই তিনি ছবি আঁকায় প্রায় নিয়মিত হয়ে উঠেছেন।প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত এই দেশের শিল্পীকুল স্বভাবতই বেশি আঁকেন প্রকৃতি নিয়ে। এখানকার শিল্পশিক্ষার ধরনটাই এমন যে—শিক্ষার্থী শিল্পীকে তার অনুশীলনের জন্য ঢুকে পড়তে হয় প্রকৃতির পর্দার ভেতরে-বাইরে। অনুশীলন প্রক্রিয়ার মধ্য দিয়েই শিল্পীসত্তায় ঢুকে পড়ে নিসর্গের বিপুল বৈচিত্র্যের ভান্ডার। এই প্রাকৃতিক ঐশ্বর্য প্রকাশের দায় যে শিল্পীর অনুভূতিতে আছে, তার কাজ দর্শক দৃষ্টিকে মোহাবিষ্ট করে। কুইনি প্রকৃতির ভেতরকার সৌন্দর্যকে অনুভব করে তাকে তুলে ধরেন পরিশীলিতভাবে। আমাদের প্রকৃতির সবুজময়তার নানা বৈচিত্র্যকে তিনি তুলে আনেন তাঁর চিত্রপটে প্রাকৃতিক বৈশিষ্ট্যকে প্রায় অক্ষুণ্ন রেখেই। যেমন ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা গ্রিন মস চিত্রটি যেন কাদামাটির বুকে শেওলা সবুজের রূপ ধারণ করে। ঘন সবুজের গহন গভীরের সামনে কলাপাতা বর্ণের বিচ্ছুরণ ঘটেছে শিল্পীর আরেকটি চিত্রকর্মে। শুধু সবুজাভাই কেন, বৃক্ষসারির গেরুয়া সৌন্দর্য ধরা পড়েছে ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা ‘ট্রিস রোজারি’ শীর্ষক চিত্রে। শুধু নিসর্গের সৌন্দর্যই নয়—শিল্পী মাঝে মাঝে পা বাড়িয়েছেন নিসর্গলোকের আরও গভীরে নৃতাত্ত্বিকের দৃষ্টি নিয়ে। এ ক্ষেত্রের উদাহরণ হচ্ছে—নেকলেস অব ফসিল, সিম্ফনি অব বোনস প্রভৃতি।পুরোনো নগর নিয়েও এঁকেছেন কুইনি। ইট-কাঠ-কড়ি বরগার প্রায় বিধ্বস্ত চেহারা তুলে ধরেছেন। মহাকালের গহ্বর নিয়ে এঁকেছেন স্ক্র্যাচড সারফেস। আরও এঁকেছেন—সিম্ফনি অব রে, দেয়ার হ্যাবিট্যাট, স্পিরিট, অ্যাজিং শীর্ষক ছবি। তাঁর কাজের ধরন কখনো কখনো স্পেন-প্রবাসী শিল্পী মনিরুল ইসলামের মতো। আবার বর্ণলেপনে শহীদ কবিরের কাজের কৌশল মনে করিয়ে দেয়।একক এ প্রদর্শনীটি শেষ হচ্ছে ১৪ জুলাই।